০৬:১৩ এম
সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এবং ঢাকা জেলা বিএনপির সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নিপুন রায় চৌধুরী বলেছেন, ‘স্কুলের মাঠ কাউকেই অবৈধভাবে দখল করতে দেওয়া হবে না। শিক্ষা প্রতিষ্ঠানের জায়গা অবশ্যই শিক্ষার স্বার্থেই ব্যবহার করতে হবে।
শিক্ষা প্রতিষ্ঠানের সম্পদ নিরাপত্তা বিধানে সবাইকে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।’
আরও পড়ুন: নাহিদ ইসলামকে ২৪ ঘণ্টার মধ্যে পদত্যাগের আহ্বান রাশেদ খাঁনের
তিনি আরও উল্লেখ করেন, ‘সরকার বাংলাদেশকে সিঙ্গাপুর নয়, বরং একটি স্বনির্ভর বাংলাদেশ হিসাবে গড়ে তুলতে চায়। দেশের নিজস্ব সম্পদ, কৃষি, শিক্ষা এবং তরুণদের মেধাকে কাজে লাগিয়েই উন্নয়নের পথকে সুগম করতে হবে।’
রবিবার (২৬ জুলাই) সকালে কেরানীগঞ্জ মডেল থানাধীন আগানগর উচ্চ বিদ্যালয়ের নবগঠিত অ্যাডহক কমিটিকে সংবর্ধনা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেবার সময় তিনি এসব কথা বলেন।
আগানগর উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণে অনুষ্ঠিত সংবর্ধনা অনুষ্ঠানটি অ্যাডহক কমিটির সভাপতি মোহাম্মদ বাশার আহমেদের সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে দক্ষিণ কেরানীগঞ্জ থানা বিএনপি ও বিভিন্ন ইউনিয়ন বিএনপির নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। তাছাড়া বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরাও অনুষ্ঠানে অংশগ্রহণ করেন।
বক্তব্যের সময় নিপুন রায় চৌধুরী বলেন, আগানগর উচ্চ বিদ্যালয়ের শিক্ষা-পরিবেশ, ঐতিহ্য ও সম্পদ রক্ষায় সবাইকে একসঙ্গে কাজ করতে হবে। নবগঠিত অ্যাডহক কমিটির প্রতি আস্থা রেখে তিনি বিদ্যালয়ের সার্বিক উন্নয়ন, শিক্ষার মানোন্নয়ন এবং সুশৃঙ্খল শিক্ষাবান্ধব পরিবেশ নিশ্চিত করতে নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালনের আহ্বান জানান।
আরও পড়ুন: মার্কিন নিষেধাজ্ঞা সত্ত্বেও আন্তর্জাতিক আদালত এগিয়ে যাচ্ছে: ডেপুটি প্রসিকিউটর
অনুষ্ঠান শেষে নবগঠিত অ্যাডহক কমিটির সদস্যদের ফুলেল শুভেচ্ছা ও সম্মাননা ক্রেস্ট প্রদান করা হয়। এসময় বিএনপির অঙ্গ সংগঠনের নেতারাও উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন