বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০২:৫৪ পি.এম
নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে হংকংয়ের বিরুদ্ধে অনুষ্ঠিত ম্যাচে আম্পায়ারের সিদ্ধান্ত নিয়ে অসন্তোষ প্রকাশ করার কারণে শাস্তির সম্মুখীন হয়েছেন পাকিস্তানের ওপেনিং ব্যাটার গুল ফিরোজা। আচরণবিধি লঙ্ঘনের জন্য তাকে ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা করা হয়েছে। পাশাপাশি, তিনি একটি ডিমেরিট পয়েন্টও অর্জন করেছেন।
ম্যাচের পঞ্চম ওভারে হংকংয়ের বাঁহাতি স্পিনারের বলের বিরুদ্ধে সুইপ করতে গিয়ে এলবিডব্লিউ হন ফিরোজা। আম্পায়ার আউট দেওয়ার পর রিভিউয়ের সুযোগ না থাকায় তাকে মাঠ ছাড়তে হয়। তবে সাজঘরে ফেরার সময় তিনি ব্যাটের দিকে ইশারা করে জানান যে বলটি ব্যাটে লেগেছে। এই সময় পাকিস্তানি এই ব্যাটার আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষও প্রকাশ করেন।
ইসিসির আচরণবিধির অনুচ্ছেদ ২.৮ অনুযায়ী, আম্পায়ারের সিদ্ধান্তের প্রতি অসন্তোষ প্রকাশ করা একটি অপরাধ হিসেবে গণ্য করা হয়। এই ধারায় দোষী সাব্যস্ত হয়েছেন ফিরোজা। গত ২৪ মাসের মধ্যে এটি তার দ্বিতীয় অপরাধ হওয়ায়, তার শৃঙ্খলা রেকর্ডে মোট ডিমেরিট পয়েন্ট এখন দুইটি।
চলতি এশিয়া কাপে পাকিস্তানের দ্বিতীয় খেলোয়াড় হিসেবে শাস্তি পেলেন ফিরোজা। এর আগে ভারতের বিপক্ষে ম্যাচে শেফালি বর্মাকে আউট করে উইকেটের দিকে ইশারা করে উদযাপন করায় পাকিস্তানের অধিনায়ক ফাতেমা সানাকেও ম্যাচ ফির ১০ শতাংশ জরিমানা ও একটি ডিমেরিট পয়েন্ট দেওয়া হয়েছিল।
এদিকে, হংকংকে ৭২ রানে পরাজিত করে সেমিফাইনালে জায়গা করে নিয়েছে পাকিস্তান। শেষ চারের লড়াইয়ে তাদের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। অন্য সেমিফাইনালে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভারত।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
লক্ষ্মীপুরে একটি প্রতিষ্ঠানে অভিযান পরিচালনা করে ৩৫৫ কেজি নকল ঘি জব্দ করা হয়েছে, যা বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো ছিল। এ ঘটনায় ভ্রাম্যমাণ আদালত প্রতিষ্ঠানের স্বত্ত্বধিকারী নিপন চন্দ্র দাসকে ১ লাখ টাকা জরিমানা করেছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) দুপুরে জাতীয় গোয়েন্দা সংস্থা (এনএসআই) লক্ষ্মীপুর পৌর শহরের উত্তর মজুপুর এলাকায় ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সহযোগিতায় অভিযান চালায়।
অভিযানে সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ অভিযুক্ত ব্যবসায়ীকে ১ লাখ টাকা জরিমানা করেন। পাশাপাশি জব্দ করা নকল ঘি বিনষ্ট করা হয়েছে।
অর্থদণ্ডপ্রাপ্ত নিপন সদর উপজেলার চররুহিতা ইউনিয়নের রসুলগঞ্জ এলাকার বাসিন্দা এবং পৌর শহরের উত্তর মজুপুর এলাকার প্রত্যয় ট্রেডার্সের স্বত্ত্বধিকারী।
ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা গেছে, প্রত্যয় ট্রেডার্স নামক প্রতিষ্ঠানটি পৌর শহরের উত্তর মজুরপুর এলাকায় আল মদিনা, মা মনি ও এপি নামের নকল ঘি বাজারে বিক্রি করে আসছিল। এনএসআইয়ের তথ্যের ভিত্তিতে ভ্রাম্যমাণ আদালত ও নিরাপদ খাদ্য কর্তৃপক্ষ যৌথভাবে অভিযান পরিচালনা করে। অভিযানে ৩৫৫ কেজি বিভিন্ন ব্র্যান্ডের মোড়ক লাগানো নকল ঘি জব্দ করা হয়।
অভিযানে জেলা নিরাপদ খাদ্য কর্মকর্তা সুমধু চক্রবর্তী এবং লক্ষ্মীপুর পৌরসভার নিরাপদ খাদ্য পরিদর্শক আব্দুল্লাহ হিল হাকিম উপস্থিত ছিলেন।
সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সঞ্জয় ঘোষ মন্তব্য করেন, নিপন চন্দ্র দাস বাজারে নকল ঘি সরবরাহ করে আসছিলেন। অভিযানে আমরা ঘটনার সত্যতা পেয়েছি। নকল ঘি জব্দ করে পরে বিনষ্ট করা হয়েছে। জনস্বার্থে আমাদের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) ফেনীর ছাগলনাইয়া সীমান্ত এলাকায় মাদকবিরোধী একটি বিশেষ অভিযান পরিচালনা করে ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করেছে।
এ তথ্য বুধবার (৯ সেপ্টেম্বর) ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) পক্ষ থেকে প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়।
বিজিবি জানায়, সীমান্ত এলাকায় মাদক ও চোরাচালান প্রতিরোধের জন্য নিয়মিত অভিযানের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্তে এই বিশেষ অভিযান চালানো হয়। অভিযানের ফলস্বরূপ ৩৪ কেজি ভারতীয় গাঁজা জব্দ করা হয়। জব্দকৃত গাঁজার পরবর্তী আইনগত কার্যক্রম সম্পন্ন করার জন্য স্থানীয় থানায় জমা দেওয়ার প্রক্রিয়া চলছে।
ফেনী ব্যাটালিয়নের (৪ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান বলেন, "সীমান্তে চোরাচালান ও মাদকদ্রব্যের বিস্তার রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত, সীমান্তের সার্বিক নিরাপত্তা নিশ্চিতকরণ এবং যেকোনো ধরনের সীমান্ত অপরাধ দমনে বিজিবি সর্বদা সজাগ, সতর্ক ও তৎপর রয়েছে।"
তিনি আরও বলেন, "সীমান্ত এলাকায় চোরাচালান প্রতিরোধে বিজিবির নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে। মাদকের বিরুদ্ধে বিজিবির ‘জিরো টলারেন্স’ নীতি বাস্তবায়নে সীমান্তে সর্বাত্মক ও কার্যকর ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।"
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রাথমিক ও গণশিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ জানিয়েছেন, প্রাথমিকের নতুন কারিকুলামে শিক্ষার্থীদের শ্রবণ (লিসেনিং) ও কথন (স্পিকিং) দক্ষতার বিষয়টি সুনির্দিষ্টভাবে অন্তর্ভুক্ত করা হবে। পড়া ও লেখার পাশাপাশি শিক্ষার্থীদের শুনে বোঝা, সঠিকভাবে কথা বলা এবং নিজের ভাবনা প্রকাশের দক্ষতা গড়ে তোলার জন্য কারিকুলামে প্রয়োজনীয় অনুশীলন ও কার্যক্রম রাখা হবে।
আজ বুধবার ঢাকা পিটিআইয়ে আয়োজিত ‘বাংলাদেশ টিএমটিই (ট্রেনিং অব মাস্টার ট্রেনার্স ইন ইংলিশ) সদস্য সম্মেলন ২০২৬’-এ প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
প্রতিমন্ত্রী উল্লেখ করেন, ভাষা শিক্ষার চারটি মৌলিক দক্ষতা- শুনে বোঝা, বলে প্রকাশ করা, পড়ে বোঝা এবং লিখে প্রকাশ করা, সমানভাবে গুরুত্ব দেওয়া প্রয়োজন। বিশেষ করে প্রাথমিক পর্যায়ে শিক্ষার্থীদের ‘শুনে বোঝার’ দক্ষতা তৈরির ওপর অধিক গুরুত্ব দেওয়া প্রয়োজন। কারণ ভাষা শেখার ক্ষেত্রে শ্রবণ ও অনুশীলন অত্যন্ত গুরুত্বপূর্ণ।
তিনি বলেন, একজন বিজ্ঞানী, চিকিৎসক বা প্রকৌশলীর জন্য নিজ নিজ বিষয়ে দক্ষতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে বিজ্ঞানী, চিকিৎসক ও প্রকৌশলী তৈরি হয় শিক্ষাব্যবস্থার মধ্য দিয়ে। তাই শিক্ষার্থীদের বৈশ্বিক জ্ঞানের সঙ্গে যুক্ত করতে প্রয়োজনীয় ভাষাগত দক্ষতা অর্জনের সুযোগও তাদের দিতে হবে। বিশেষ করে ইংরেজি ভাষায় যে বিপুল বৈজ্ঞানিক ও প্রযুক্তিগত জ্ঞান সংরক্ষিত রয়েছে, সেই জ্ঞানে শিক্ষার্থীদের প্রবেশাধিকার নিশ্চিত করা জরুরি।
প্রতিমন্ত্রী আরও বলেন, শুধু সাক্ষরতার হার বাড়ালেই শিক্ষিত সমাজ তৈরি হয় না। আমাদের এমন একটি শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে হবে, যেখানে শিক্ষার্থীরা জ্ঞান অর্জন করবে, সেই জ্ঞান প্রয়োগ করতে পারবে এবং বিশ্বজ্ঞান থেকে প্রয়োজনীয় তথ্য গ্রহণ করতে পারবে।
তিনি বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী শিক্ষা হতে হবে সবার অধিকার এবং সবার দুয়ারে পৌঁছে দিতে হবে। একই সঙ্গে শিক্ষা হতে হবে দক্ষতাভিত্তিক, ক্যারিয়ারমুখী ও নৈতিকতাসম্পন্ন। এই লক্ষ্য অর্জনে ভাষা শিক্ষাকে শিক্ষাব্যবস্থার গুরুত্বপূর্ণ উপাদান হিসেবে বিবেচনা করতে হবে।
প্রতিমন্ত্রী আরও জানান, প্রাথমিক শিক্ষায় শুধুমাত্র পাঠ্যবইনির্ভর শিক্ষাদান যথেষ্ট নয়। শিক্ষার্থীদের শেখানোর ক্ষেত্রে ভিডিও, ওয়ার্কবুক, ডিজিটাল কনটেন্ট, খেলা ও অন্যান্য আধুনিক শিক্ষণ-উপকরণ কীভাবে কার্যকরভাবে ব্যবহার করা যায়, তা নিয়ে শিক্ষকদের সুনির্দিষ্ট প্রস্তাব দিতে হবে।
ববি হাজ্জাজ বলেন, আমরা পরিবর্তন চাই। কিন্তু সেই পরিবর্তন হতে হবে সুনির্দিষ্ট, বাস্তবভিত্তিক এবং ফলাফলনির্ভর। আপনারা কী চান, সেটি স্পষ্টভাবে বলুন; প্রয়োজনীয় পরিবর্তন নিয়ে আমরা আলোচনা করব এবং বাস্তবায়নের উদ্যোগ নেব।
টিএমটিই বাংলাদেশের প্রধান সমন্বয়ক রিয়াজ পারভেজের সভাপতিত্বে অনুষ্ঠিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় প্রাথমিক শিক্ষা একাডেমির (নেপ) মহাপরিচালক ফরিদ আহমদ, প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক মো. আব্দুর রহিম এবং বাংলাদেশে ব্রিটিশ কাউন্সিলের উপপরিচালক মারিয়া রেহমান। অনুষ্ঠানে টিএমটিই বাংলাদেশের সদস্যবৃন্দসহ সংশ্লিষ্ট কর্মকর্তা ও প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে একটি অবৈধ সার কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে এবং কারখানাটি সিলগালা করেছে।
কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের গদারবাগে অবস্থিত এই কারখানায় অবৈধভাবে ভেজাল টিএসপি ও ডিএপি সার উৎপাদনের দায়ে মালিক মো. জামালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে সব মালামাল জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে।
গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।
এ বিষয়ে সহকারী কমিশনার বাসস’কে জানান, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কারখানা মালিক মো. জামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন যে, তিনি কোনো প্রকার অনুমোদন বা সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে টিএসপি ও ডিএপিসহ বিভিন্ন সার তৈরি করে আসছিলেন। পরে এসব সার দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো, যা মূলত: কৃষি ও মৎস্য খাতে ব্যবহৃত হতো।
তিনি আরও বলেন, অনুসন্ধানে জানা গেছে, বাজারে এসব অনুমোদিত সারের মূল্য বস্তা প্রতি ১ হাজার ৩৫০ টাকা হলেও তিনি মাত্র ৪৫০ টাকায় ভেজাল সার বিক্রি করে প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের সাথে প্রতারণা করে আসছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কেরানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার প্রসিকিউশন দাখিল করলে ‘সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইনে আসামিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে সমুদয় মালামাল উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তরের নির্দেশ দেয়া হয়।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, র্যাব-১০ এবং গোয়েন্দা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি ও মৎস্য খাত রক্ষায় ভেজাল বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ