বুধবার, ৯ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৩:০০ পি.এম
ঢাকার কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নে একটি অবৈধ সার কারখানায় অভিযান পরিচালনা করে ভ্রাম্যমাণ আদালত ১ লক্ষ টাকা জরিমানা আরোপ করেছে এবং কারখানাটি সিলগালা করেছে।
কেরানীগঞ্জের কালিন্দি ইউনিয়নের গদারবাগে অবস্থিত এই কারখানায় অবৈধভাবে ভেজাল টিএসপি ও ডিএপি সার উৎপাদনের দায়ে মালিক মো. জামালকে ১ লক্ষ টাকা জরিমানা করা হয়। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে সব মালামাল জব্দ করা হয়েছে।
উপজেলা প্রশাসন বুধবার দুপুরে এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য প্রকাশ করে।
গতকাল মঙ্গলবার রাত ৮টা থেকে রাত ১১টা পর্যন্ত যৌথ অভিযান পরিচালনা করে উপজেলা প্রশাসন।
অভিযানে নেতৃত্ব দেন কেরানীগঞ্জ মডেল উপজেলার সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সাইফুল ইসলাম ভূঞা।
এ বিষয়ে সহকারী কমিশনার বাসস’কে জানান, অভিযান চলাকালে ঘটনাস্থল থেকে কারখানা মালিক মো. জামালকে আটক করা হয়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে আসামি স্বীকার করেন যে, তিনি কোনো প্রকার অনুমোদন বা সরকারি নিয়ম-নীতির তোয়াক্কা না করে অবৈধভাবে টিএসপি ও ডিএপিসহ বিভিন্ন সার তৈরি করে আসছিলেন। পরে এসব সার দেশের বিভিন্ন স্থানে বিক্রি করা হতো, যা মূলত: কৃষি ও মৎস্য খাতে ব্যবহৃত হতো।
তিনি আরও বলেন, অনুসন্ধানে জানা গেছে, বাজারে এসব অনুমোদিত সারের মূল্য বস্তা প্রতি ১ হাজার ৩৫০ টাকা হলেও তিনি মাত্র ৪৫০ টাকায় ভেজাল সার বিক্রি করে প্রান্তিক কৃষক ও মৎস্যজীবীদের সাথে প্রতারণা করে আসছিলেন।
নির্বাহী ম্যাজিস্ট্রেট জানান, কেরানীগঞ্জ উপজেলা কৃষি অফিসার প্রসিকিউশন দাখিল করলে ‘সার (ব্যবস্থাপনা) (সংশোধন) আইনে আসামিকে ১ লক্ষ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে। একই সঙ্গে কারখানাটি সিলগালা করে সমুদয় মালামাল উপজেলা কৃষি কর্মকর্তার জিম্মায় হস্তান্তরের নির্দেশ দেয়া হয়।
কেরানীগঞ্জ মডেল থানা পুলিশ, র্যাব-১০ এবং গোয়েন্দা বাহিনীর একটি দল অভিযানে সার্বিক সহায়তা প্রদান করে।
উপজেলা প্রশাসন জানায়, কৃষি ও মৎস্য খাত রক্ষায় ভেজাল বিরোধী এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নোয়াখালীর সুবর্ণচর উপজেলায় ছাগলে শিমগাছ খাওয়াকে কেন্দ্র করে কুলছুমা (৩০) নামে এক নারীর শরীরে ফুটন্ত গরম ভাতের মাড় ঢেলে ঝলসে দেওয়ার অভিযোগ উঠেছে। এ ঘটনায় পুলিশ দুই নারীকে গ্রেপ্তার করেছে। গুরুতর আহত কুলছুমা বর্তমানে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকালে ভুক্তভোগীর বাবা মো. জামসেদ বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা দায়ের করেন। এর আগে, গত রোববার বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মোহাম্মদপুর গ্রামে এ ঘটনা ঘটে।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, প্রথম স্ত্রী মারা যাওয়ার পর আব্দুল গনি কুলছুমাকে বিয়ে করেন। গনির আগের সংসারের ছেলে সাইফুলের একটি ছাগল কয়েকদিন আগে কুলছুমার রোপণ করা একটি শিমগাছ খেয়ে ফেলে। এ নিয়ে কুলছুমা প্রতিবাদ করলে সাইফুল ও তার বোনদের সঙ্গে তার ঝগড়া হয়। ঝগড়ার একপর্যায়ে কুলছুমার শরীরে ফুটন্ত গরম ভাতের মাড় ঢেলে দেয় সাইফুল ও তার বোনেরা। এতে তার পিঠসহ শরীরের বিভিন্ন অংশ মারাত্মকভাবে ঝলসে যায়।
ঘটনার পর অভিযুক্তরা বিষয়টি কৌশলে পুলিশ বা স্থানীয় কাউকে না জানিয়ে গোপন রাখার চেষ্টা করেন। তারা গোপনে চিকিৎসা করানোর প্রলোভন দেখিয়ে প্রথমে ৫ হাজার টাকা দেয় এবং পরে আরও ২০ হাজার টাকা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঘটনাটি চেপে যেতে বলে। তবে প্রতিশ্রুত টাকা না দেওয়া এবং কুলছুমার শারীরিক অবস্থার অবনতি ঘটলে ঘটনাটি জানাজানি হয়।
চরজব্বর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হাসান বলেন, ঘটনার কয়েকদিন পার হলেও বিষয়টি পুলিশকে জানিয়ে গোপন রাখা হয়েছিল। খবর পেয়ে মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে নাজমা ও আকলিমা নামে দুই অভিযুক্ত নারীকে গ্রেপ্তার করা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অর্থের অভাবে কারও শিক্ষা ও চিকিৎসাসেবা বন্ধ হবে না, এ কথা বলেছেন মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রী অধ্যাপক ডা. এ জেড এম জাহিদ হোসেন। তিনি উল্লেখ করেছেন, "যে কোনও অসুস্থ মানুষকে সেবা দেওয়া সরকারের মৌলিক দায়িত্ব।"
বুধবার রাজধানীর বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটে ‘বিশ্ব সিস্টিক ফাইব্রোসিস দিবস-২০২৬’ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে তিনি এসব মন্তব্য করেন। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার। এ সময় মন্ত্রী আরও জানান, সরকার একটি অন্তর্ভুক্তিমূলক ও মানবিক বাংলাদেশ গড়ার লক্ষ্যে কাজ করছে, যেখানে সমাজের প্রতিটি নাগরিকের স্বাস্থ্যসেবা ও জীবনযাত্রার মানোন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
মন্ত্রী বলেন, "শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের হাত ধরে বাংলাদেশ শিশু হাসপাতালের যাত্রা শুরু হয়েছিল।" তিনি জানান, পর্যায়ক্রমে সেবার পরিধি বাড়িয়ে প্রতিষ্ঠানটি বর্তমানে দক্ষিণ এশিয়ার অন্যতম বৃহৎ শিশু হাসপাতালে পরিণত হয়েছে। শিশু হাসপাতালে বিরল এ রোগের আধুনিক ‘স্টেম সেল থেরাপি’ কার্যক্রম চালু করায় সংশ্লিষ্ট কর্তৃপক্ষ ও চিকিৎসকদের আন্তরিক ধন্যবাদ জানান তিনি।
স্বাস্থ্য খাতে বাজেট বরাদ্দের প্রসঙ্গে মন্ত্রী বলেন, "বাংলাদেশ রাষ্ট্রের জন্মের পর এবারই স্বাস্থ্য খাতে সর্বোচ্চ বাজেট বরাদ্দ দেওয়া হয়েছে।" তিনি উল্লেখ করেন, নির্বাচনে বিএনপি কোনো গতানুগতিক ইশতেহার দেয়নি। বরং দীর্ঘ গবেষণা ও সময়ের সমন্বয় করে জাতিসংঘের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রার (এসডিজি) সঙ্গে সামঞ্জস্য রেখে প্রতিটি দফা প্রণয়ন করা হয়েছে।
মন্ত্রী আরও বলেন, দেশের প্রতিটি বিভাগীয় শহরে আন্তর্জাতিক মানদণ্ড বজায় রেখে এফবিআই (এফবিআই) স্ট্যান্ডার্ডের ডিএনএ ল্যাব চালু করা হবে। এর মাধ্যমে আঞ্চলিক পর্যায়েই হত্যা, ধর্ষণ কিংবা অজ্ঞাত মরদেহ শনাক্তকরণের মতো জটিল মামলার নির্ভুল আলামত পরীক্ষা দ্রুত সম্পন্ন করা সম্ভব হবে।
অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে স্বাস্থ্য বিষয়ক বিশেষ সহকারী ডা. এস এম জিয়াউদ্দিন হায়দার স্বাস্থ্য খাতে বর্তমান সরকারের বাজেট বাড়ানোর কথা উল্লেখ করেন। তিনি একই সঙ্গে গবেষণার ওপর আরও বেশি গুরুত্ব দেওয়ার আহ্বান জানান। তিনি আশা প্রকাশ করেন, গবেষণা ও পেশাগত দক্ষতা অর্জনের ক্ষেত্রে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউট আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
অনুষ্ঠানে সিস্টিক ফাইব্রোসিস রোগ বিষয়ে বিশেষজ্ঞরা জানান, বর্তমানে বিশ্বের ৯৬টি দেশে আনুমানিক দুই লাখ মানুষ প্রাণঘাতী ‘সিস্টিক ফাইব্রোসিস’ (সিএফ) রোগে আক্রান্ত। তবে তাদের মাত্র ৫৯ শতাংশের রোগ নির্ণয় সম্ভব হয়েছে।
বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেন যে, জীবন রক্ষাকারী আধুনিক ‘ইটিআই’ (ইটিআই) চিকিৎসার সুযোগ পাচ্ছেন মোট রোগীর মাত্র ২৭ শতাংশ। রোগ শনাক্ত না হওয়া ব্যক্তিদের বড় একটি অংশই নিম্ন ও মধ্যম আয়ের দেশগুলোতে বসবাস করছেন।
তাদের মতে, রোগ নির্ণয়ের অপ্রতুলতা এবং ব্যয়বহুল চিকিৎসার সুযোগ সীমিত থাকায় এসব অঞ্চলের আক্রান্ত ব্যক্তিরা মারাত্মক স্বাস্থ্যঝুঁকির মুখে রয়েছেন। অনুষ্ঠানে বাংলাদেশ শিশু হাসপাতাল ও ইনস্টিটিউটের সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসক, গবেষক, কর্মকর্তা এবং চিকিৎসা বিজ্ঞানের বিভিন্ন স্তরের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সন্দ্বীপের আজিমপুর-রহমতপুর এলাকার দীর্ঘদিনের ভাঙাচোরা রাস্তা সংস্কারে ব্যক্তিগত অর্থায়নে এগিয়ে এসেছেন কামরুজ্জামান আলতাফ।
স্থানীয়দের দুর্ভোগের কথা বিবেচনা করে তিনি নিজ উদ্যোগে এলাকার ক্ষতিগ্রস্ত রাস্তা সংস্কারের কাজ শুরু করেছেন। পাশাপাশি দীর্ঘদিন ধরে বিভিন্ন সামাজিক ও সেবামূলক কার্যক্রমে ব্যক্তিগতভাবে সহযোগিতা করে আসছেন তিনি।
কামরুজ্জামান আলতাফ মরহুম হাজী আব্দুল হান্নান মেম্বারের পরিবারের সদস্য। তিনি আজিমপুর ইউনিয়ন বিএনপির সভাপতি ও সাবেক চেয়ারম্যান আনোয়ার হোসেন রিপনের ছোট ভাই।
স্থানীয় সূত্রে জানা যায়, আজিমপুর ও রহমতপুর এলাকার বিভিন্ন স্থানে দীর্ঘদিন ধরে রাস্তার বেহাল অবস্থার কারণে সাধারণ মানুষকে দুর্ভোগ পোহাতে হচ্ছিল। বিষয়টি বিবেচনায় নিয়ে কামরুজ্জামান আলতাফ ব্যক্তিগত উদ্যোগ ও অর্থায়নে রাস্তা সংস্কারের কাজে এগিয়ে আসেন।
এলাকাবাসী জানান, জনপ্রতিনিধি নির্বাচিত হওয়ার আগেই তিনি বিভিন্ন সময় এলাকার মানুষের সমস্যা সমাধান এবং সামাজিক ও মানবিক কর্মকাণ্ডে সহযোগিতা করে আসছেন।
স্থানীয়দের প্রত্যাশা, ভবিষ্যতেও তিনি এলাকার উন্নয়ন ও জনকল্যাণমূলক কর্মকাণ্ডে আরও সক্রিয় ভূমিকা রাখবেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলাম মন্তব্য করেছেন যে, বিদেশের মাটিতে গণতন্ত্রে বিশ্বাসী এবং নতুন বাংলাদেশের পক্ষে অবস্থানরত ব্যক্তিদের ওপর মব করে হামলা ও নির্যাতন কোনোভাবেই সরকার বা বাংলাদেশের নাগরিকদের সমর্থন করে না।
তিনি বুধবার বাংলা একাডেমি মেলা প্রাঙ্গণে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জিয়া স্মৃতি পাঠাগার কর্তৃক আয়োজিত জিয়া স্মৃতি বইমেলা ২০২৬ এর আলোচনা সভায় এ কথা বলেন।
এসময়, ইতালিতে অভিনেত্রী আজমেরী হক বাঁধনের ওপর হেনস্তার নিন্দা জানিয়ে প্রতিমন্ত্রী বলেন, দেশে এবং বিদেশে মব রাজনীতি, মব কালচার এবং অকারণে সন্ত্রাস সৃষ্টি কোনোভাবেই কাম্য নয়। নতুন বাংলাদেশে স্বচ্ছ, সুস্থ এবং মানবিক রাজনীতি প্রতিষ্ঠা করা প্রয়োজন।
শামা ওবায়েদ আরও বলেন, গত ১৭ বছরে বিএনপির নেতাকর্মীদের ওপর ব্যাপক নিপীড়ন ও নির্যাতন হয়েছে। ছাত্রদল, যুবদলসহ দলের হাজার হাজার নেতাকর্মী গ্রাম পর্যন্ত ত্যাগ করেছেন। অনেককে বাড়িতে থাকতে দেওয়া হয়নি এবং গাছের নিচে কিংবা বিভিন্ন জায়গায় ঘুরে বেড়াতে হয়েছে। পুলিশের নির্যাতনের কারণে জেলে থাকতে হয়েছে এবং হাজার হাজার মামলা নিয়ে তাদের ঘুরতে হয়েছে। গণতন্ত্রের জন্য লড়াই করতে গিয়ে অনেকে খুন ও গুম হয়েছেন। তাদের এবং তাদের পরিবারের কথা আমাদের স্মরণ করতে হবে।
তিনি বলেন, যারা নির্যাতিত হয়েছেন, তাদের আজ দেশ গড়ার কাজে ও উন্নয়নের কাজে সম্পৃক্ত করতে হবে। তাদের আত্মত্যাগ ভুলে গেলে রাজনৈতিক কর্মী হিসেবে আমাদের বিবেকের কাছে দায়ী থাকতে হবে।
শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের রাজনৈতিক দর্শনের কথা তুলে ধরে তিনি বলেন, শহীদ জিয়া আমাদের উৎপাদনের রাজনীতি, উন্নয়নের রাজনীতি, জনসেবা ও গণসেবার রাজনীতি এবং ধৈর্য ও সহনশীলতার রাজনীতি শিখিয়েছেন। এ আদর্শ প্রত্যেক নেতাকর্মীর মধ্যে নিহিত রয়েছে।
পররাষ্ট্র প্রতিমন্ত্রী আরও বলেন, গত ১৭ বছরে দেশনেত্রী খালেদা জিয়া ও জিয়া পরিবারের ওপর যে অত্যাচার ও নির্যাতন হয়েছে, সেটিও আমাদের স্মরণ করতে হবে। দীর্ঘ আন্দোলন-সংগ্রাম ও আত্মত্যাগের মধ্য দিয়ে দেশে গণতন্ত্র ফিরে এসেছে। এ গণতন্ত্র প্রতিষ্ঠায় যারা আত্মাহুতি দিয়েছেন, তাদের কথা ভুলে গেলে চলবে না।
আলোচনা সভায় জিয়া স্মৃতি পাঠাগারের আহ্বায়ক সৈয়দা ফাতেমা সালামের সভাপতিত্বে এসময় আরও উপস্থিত ছিলেন স্থায়ী কমিটির সদস্য ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান, সংসদ সদস্য নিলোফার চৌধুরী মনিসহ বিএনপি ও ছাত্রদলের নেতাকর্মীরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ