ঢাকা শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০১ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শনিবার, ১৭ই অক্টোবর, ২০২৬ইং ০১ই কার্তিক, ১৪৩৩বাং

ইউক্রেনের ড্রোন হামলায় বিপাকে রুশ বাহিনী


ইউক্রেনের ড্রোন হামলায় বিপাকে রুশ বাহিনী

ইউক্রেনের ড্রোন হামলার ফলে রাশিয়ার একটি এমআই-২৮ হেলিকপ্টার ভূপাতিত হয়েছে।

বুধবার ইউক্রেনের আনম্যানড সিস্টেম ফোর্সেসের কমান্ডার রবার্ট মাদিয়ার এ তথ্যটি প্রদান করেন।

সামাজিক যোগাযোগমাধ্যমে একটি পোস্টে তিনি উল্লেখ করেন, রাশিয়ার বেলগোরোদ অঞ্চলে ইউক্রেনের ৪২৭তম পৃথক মানববিহীন সিস্টেম রেজিমেন্টের সদস্যরা ড্রোনের মাধ্যমে হেলিকপ্টারটিতে হামলা চালায়।

আরও পড়ুন: ‘নেতানিয়াহু মিথ্যাবাদী, ফিলিস্তিনি শিশুদের রক্ত তার হাতে’

পোস্টের সঙ্গে যুক্ত করা একটি ভিডিওতে দেখা যায়, একটি ড্রোন আকাশে উড়ন্ত হেলিকপ্টারটিকে অনুসরণ করছে। এর কিছু সময় পর ভিডিওর সংযোগ বিচ্ছিন্ন হয়ে যায়। ব্রোভদির দাবি, ড্রোনের সফল আঘাতে এমআই-২৮ হেলিকপ্টারটি মাটিতে বিধ্বস্ত হয়।

কিন্তু ইউক্রেনের এই দাবি স্বাধীনভাবে যাচাই করতে পারেনি কিয়েভ ইন্ডিপেনডেন্ট। ড্রোনের মাধ্যমে উড়ন্ত হেলিকপ্টার ভূপাতিত করা অনেক বছর আগে প্রায় অকল্পনীয় ছিল। প্রথমবার এমন একটি ঘটনা সামনে আসে ২০২৪ সালের ৬ আগস্ট, যখন ইউক্রেন একটি রুশ এমআই-২৮ হেলিকপ্টার ড্রোন দিয়ে ভূপাতিত করার দাবি করে। ঘটনাটি তখন সামরিক প্রযুক্তির ক্ষেত্রে একটি ঐতিহাসিক নজির হিসেবে আলোচনায় আসে।

এর আগে ২০২৪ সালের ৩১ জুলাইও ইউক্রেনের পক্ষ থেকে আরেকটি রুশ এমআই-৮ পরিবহন হেলিকপ্টার ড্রোন হামলায় ধ্বংসের দাবি করা হয়। সে সময় ফোর্বস রুশ সামরিক ব্লগারদের তথ্যের ভিত্তিতে জানায়, ডোনেটস্কের দখলকৃত আকাশসীমায় হেলিকপ্টারটি ভূপাতিত হয়। কিন্তু ওই পরিস্থিতিতেও স্বাধীন কোন দৃশ্যমান প্রমাণ প্রকাশিত হয়নি।

সাম্প্রতিক এই দাবি যদি পুরোপুরি নিশ্চিত হওয়া যায়, তবে যুদ্ধক্ষেত্রে ড্রোনের সক্ষমতা এবং আকাশযুদ্ধের কৌশলে এটি আসন্ন আরেকটি গুরুত্বপূর্ণ মাইলফলক হিসেবে বিবেচিত হতে পারে বলে অনুমান করা হচ্ছে।

আরও পড়ুন: মিশিগানে মেয়র নির্বাচিত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত মুহিত মাহমুদ

সূত্র: কিয়েভ ইন্ডিপেন্ডেন্ট

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জ্ঞাত আয়বহির্ভূত আয়, ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত স্থগিত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৩ পি.এম


জ্ঞাত আয়বহির্ভূত আয়, ডিসি অফিসের কর্মচারীর বিরুদ্ধে দুদকের মামলার তদন্ত স্থগিত

জ্ঞাত আয়বহির্ভূত সম্পদ অর্জন ও সম্পদের তথ্য গোপন করার অভিযোগে ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের এক কর্মচারী এবং তার স্ত্রীর বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) করা পৃথক দুটি মামলার তদন্ত কার্যক্রম বর্তমানে আটকে আছে। আসামিদের করা রিটের পরিপ্রেক্ষিতে হাইকোর্টের দেয়া স্থগিতাদেশের কারণে তদন্ত প্রতিবেদন দাখিল করা সম্ভব হয়নি, এমনটাই আদালতকে জানিয়েছেন মামলার তদন্তকারী কর্মকর্তা।

বুধবার (১৫ জুলাই) আদালত সূত্রে জানা যায়, মামলার তদন্ত প্রতিবেদন দাখিল না হওয়ার ঘটনায় গত ৩০ মার্চ ঠাকুরগাঁওয়ের সিনিয়র স্পেশাল জজ আদালত তদন্তকারী কর্মকর্তাকে কারণ ব্যাখ্যা করতে নির্দেশ দেন। ওই নির্দেশনার পরিপ্রেক্ষিতে গত ১৭ জুন বিস্তারিত লিখিত ব্যাখ্যা দাখিল করেন দুর্নীতি দমন কমিশন সমন্বিত জেলা কার্যালয় ঠাকুরগাঁওয়ের উপ-সহকারী পরিচালক ও মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম।

দুদক কর্মকর্তার জমা দেয়া লিখিত ব্যাখ্যা থেকে জানা যায়, প্রথম মামলাটি (নম্বর-০৩/২০২৩) ২০২৩ সালের ১৯ অক্টোবর দুদকের সমন্বিত জেলা কার্যালয় থেকে দায়ের করা হয়। এই মামলার আসামি শহিদুল ইসলাম ঠাকুরগাঁও জেলা প্রশাসক কার্যালয়ের অফিস সহকারী কাম-কম্পিউটার মুদ্রাক্ষরিক ছিলেন। বর্তমানে তিনি হরিপুর উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে একই পদে কর্মরত রয়েছেন।

মামলার তদন্ত চলাকালে শহিদুল ইসলাম তার মামলার বৈধতা চ্যালেঞ্জ করে ২০২৪ সালের ৩ জানুয়ারি হাইকোর্টে রিট পিটিশন (নম্বর-৩১০/২০২৪) দায়ের করেন। শুনানি শেষে ২০২৪ সালের ১৬ জানুয়ারি হাইকোর্ট রুল জারি করেছেন এবং মামলাটির সব কার্যক্রমের ওপর স্থগিতাদেশ দিয়েছেন। এরপর দুদকের প্রধান কার্যালয় থেকে ২০২৪ সালের ১৬ ফেব্রুয়ারি ও ৩১ জুলাই পৃথক নির্দেশনায় হাইকোর্টের আদেশ অনুসরণ করে পরবর্তী কার্যক্রম গ্রহণের নির্দেশ দেয়া হয়। ফলস্বরূপ, মামলাটির তদন্ত কার্যক্রম এখন স্থগিত রয়েছে।

অন্যদিকে, শহিদুলের স্ত্রী কামরুন নাহারের বিরুদ্ধে দ্বিতীয় মামলাটি (নম্বর-০৬/২০২৪) ২০২৪ সালের ১ অক্টোবর একই আইনে দায়ের করা হয়। এই মামলাটির তদন্তও স্বাভাবিক নিয়মে চলছিল। কিন্তু কামরুন নাহারও মামলার বৈধতা চ্যালেঞ্জ করে হাইকোর্টে রিট (নম্বর-১৫০৫৮/২০২৪) দায়ের করেছেন। এরপর থেকে এই মামলার তদন্ত কার্যক্রমও বন্ধ রয়েছে।

ব্যাখ্যায় আরও উল্লেখ করা হয়, মামলার বর্তমান অবস্থা নিয়মিতভাবে মাসিক অগ্রগতি প্রতিবেদন তৈরির মাধ্যমে দুদকের প্রধান কার্যালয়ে জানানো হচ্ছে। পাশাপাশি চলতি বছরে ৩১ মার্চ মহাপরিচালক (লিগ্যাল অ্যান্ড প্রসিকিউশন) বরাবর পাঠানো এক চিঠিতে হাইকোর্টে বিচার কার্যক্রম স্থগিত থাকা মামলাগুলোর স্থগিতাদেশ প্রত্যাহারে প্রয়োজনীয় আইনগত উদ্যোগ গ্রহণের জন্য অনুরোধ করা হয়েছে।

স্থানীয়দের অভিযোগ হচ্ছে, ডিসি অফিসের কর্মচারী শহিদুল সরল মানুষদের ভুল বুঝিয়ে সরকারি কাজে অধিগ্রহণের জন্য নির্ধারিত জমি কম দামে কিনে নিতেন। পরে এই জমি সরকারি প্রকল্প বাস্তবায়নের সময় উচ্চমূল্যে বিক্রি করতেন। এছাড়া টিসিবির পণ্যের টাকা লুটপাট ও অনিয়ম-দুর্নীতির ব্যাপক অভিযোগও রয়েছে তার বিরুদ্ধে।

স্থানীয়রা জানান, এসব অনিয়মের মাধ্যমে মাত্র এক বছরের মধ্যে শহিদুল কয়েক কোটি টাকার মালিক বনে গেছেন। তিনি শহরে বিলাসবহুল বাড়িও গড়ে তুলেছেন। হঠাৎ প্রচুর সম্পদের মালিক হওয়ায় শহরজুড়ে আলোচনা এবং সমালোচনা শুরু হয়েছে।

এসব বিষয়ে বক্তব্য জানার জন্য অভিযুক্ত শহিদুল ইসলাম এবং তার স্ত্রী কামরুন নাহারের সাথে একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাদের কোন বক্তব্য পাওয়া যায়নি।

মামলার তদন্তকারী কর্মকর্তা মো. জাহাঙ্গীর আলম বলেন, 'আসামিপক্ষের করা রিটের কারণে তদন্ত কার্যক্রম স্থগিত আছে। যদি স্থগিতাদেশ প্রত্যাহার করা হয়, তাহলে কমিশনের অনুমোদন সাপেক্ষে দ্রুত তদন্ত শেষ করে আদালতে অভিযোগপত্র দাখিল করা হবে।'

দুদকের আইনজীবী অ্যাডভোকেট সফিউজ্জামান সুমন জানান, 'মামলা দুটির ফাইনাল রিপোর্ট আদালতে জমা হলেই কার্যক্রম চালানো যেতে পারে।'

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সুনামগঞ্জে বিনার নতুন জাত সম্পর্কে শিক্ষার্থীদের দিক নির্দেশনা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৪ পি.এম


সুনামগঞ্জে বিনার নতুন জাত সম্পর্কে শিক্ষার্থীদের দিক নির্দেশনা

সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের চতুর্থ বর্ষের শিক্ষার্থীরা বাংলাদেশ কৃষির অতীত, বর্তমান, ভবিষ্যৎ সম্ভাবনা ও বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইনস্টিটিউট (বিনা) উদ্ভাবিত জাত ও প্রযুক্তিসমূহের বিষয়ে বিনার বিভিন্ন জাতের পরিদর্শন করেছেন। 

আজ বুধবার সকালে শহরের হাসান নগর এলাকায় অবস্থিত সুনামগঞ্জ বিনা উপকেন্দ্রের হলরুমে বিনা উপকেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা মাহমুদুল হাসান মানিক শিক্ষার্থীদের বিনা বিভিন্ন জাত নিয়ে বিস্তারিত আলোচনা করেন এবং চাষাবাদের বিষয়ে দিকনির্দেশনা দেন। 

আলোচনা পরবর্তী সময়ে শিক্ষার্থীরা বিনা উপকেন্দ্রের লেবুর বাগানসহ বিনার বিভিন্ন জাতের নতুন ধান বীজ সম্পর্কে মাঠ পরিদর্শন করে নতুন বীজ সম্পর্কে অবগত হন। 

মাঠ পরিদর্শন শেষে শিক্ষার্থীরা জানান, বাংলাদেশের কৃষিতে অনেক নতুন প্রযুক্তির আবিষ্কার হচ্ছে। একই সাথে, বিনা বিভিন্ন ধরনের নতুন জাত আবিষ্কার করছে যা বাংলাদেশের কৃষিতে গুরুত্বপূর্ণ অবদান রাখবে। তরুণদের মধ্যে যারা এই নতুন জাত সম্পর্কে অজানা, তারা যদি এই জাতের সম্ভাবনা জানিয়ে দিতে পারেন তবে আগামীতে বাংলাদেশ কৃষি আরও নির্ভরশীল হবে।

এ সময় উপস্থিত ছিলেন সুনামগঞ্জ সরকারি কলেজের উদ্ভিদবিজ্ঞান বিভাগের প্রভাষক ও বিভাগীয় প্রধান মো.উজ্জল মিয়া, প্রভাষক মান্নাফ আহম্মেদ মুন্না, অতিথি শিক্ষক রেজওয়ানা জেবিনসহ শিক্ষক ও শিক্ষার্থীরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ব্যক্তিগত অর্থায়নে বারইয়ারহাট–শান্তিরহাট সড়ক সংস্কার করলেন সিআইপি ফখরুল ইসলাম

আন্তর্জাতিক ডেস্ক

সাকিব চৌধুরী, (চট্টগ্রাম)

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৬ পি.এম


ব্যক্তিগত অর্থায়নে বারইয়ারহাট–শান্তিরহাট সড়ক সংস্কার করলেন সিআইপি ফখরুল ইসলাম

চট্টগ্রামের মীরসরাই উপজেলার জোরারগঞ্জ থানার অন্যতম গুরুত্বপূর্ণ বারইয়ারহাট–শান্তিরহাট সড়কের বেহাল দশা দূর করতে অনন্য উদ্যোগ নিয়েছেন বিশিষ্ট শিল্পপতি ও সমাজসেবক ফখরুল ইসলাম খান, সিআইপি। দীর্ঘদিন ধরে চলাচলের অনুপযোগী হয়ে থাকা এই সড়কটির ক্ষতিগ্রস্ত অংশ নিজ উদ্যোগে এবং সম্পূর্ণ ব্যক্তিগত অর্থায়নে সংস্কার করে দিয়েছেন তিনি। ফখরুল ইসলাম খান সংযুক্ত আরব আমিরাত প্রবাসী কল্যাণ সংস্থার প্রতিষ্ঠাতা ও সভাপতি এবং মীরসরাইয়ের কৃতি সন্তান।
স্থানীয় সূত্রে জানা গেছে, গত কয়েক বছর ধরে সড়কটির বিভিন্ন স্থানে বড় বড় গর্ত ও খানাখন্দের সৃষ্টি হয়েছিল। বিশেষ করে বর্ষা মৌসুমে কাদা ও পানি জমে সড়কটি দিয়ে সাধারণ মানুষ, শিক্ষার্থী, ব্যবসায়ী এবং চালকদের যাতায়াত প্রায় অসম্ভব হয়ে পড়ে। দীর্ঘদিন ধরে সড়কটি সংস্কারের দাবি উঠলেও দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি। দুর্ভোগের এই চিত্র জানতে পেরে ফখরুল ইসলাম খান নিজস্ব অর্থায়নে সড়কটির খানাখন্দ ভরাট ও চলাচলের উপযোগী করার ব্যবস্থা করেন।
সড়কটি সংস্কারের ফলে বারইয়ারহাট ও শান্তিরহাট এলাকার হাজারো মানুষের দীর্ঘদিনের ভোগান্তি লাঘব হয়েছে। বর্তমানে এই রুটে যানবাহন ও পথচারীরা স্বাচ্ছন্দ্যে এবং নিরাপদে চলাচল করতে পারছেন।
এ বিষয়ে খান কল্যাণ ট্রাস্টের ম্যানেজার দীন মোহাম্মদ বলেন, "প্রতিদিন হাজার হাজার মানুষ এই সড়কটি ব্যবহার করেন। রাস্তার বেহাল অবস্থার কারণে মানুষের কষ্ট হচ্ছিল। আমাদের চেয়ারম্যান শিল্পপতি ফখরুল ইসলাম খান, সিআইপি মানবিক বিবেচনা থেকে নিজস্ব অর্থায়নে সড়কটি সংস্কার করে দিয়েছেন। তিনি সব সময়ই বন্যাকবলিত মানুষসহ অসহায়দের পাশে দাঁড়ান এবং জনকল্যাণমূলক কাজে যুক্ত থাকেন।"
উপকারভোগী সিএনজিচালক সমিতির পক্ষ থেকে মো. মিয়া খান কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন, "রাস্তার গর্ত আর কাদার জন্য আমাদের গাড়ি চালানো কঠিন ছিল, প্রায়ই দুর্ঘটনা ঘটতো। রাস্তাটি সংস্কার হওয়ায় এখন যাত্রী পরিবহন অনেক সহজ ও নিরাপদ হয়েছে। আমরা উনার প্রতি কৃতজ্ঞ।"
ব্যক্তিগত উদ্যোগে এই সাময়িক সংস্কারে এলাকাবাসী স্বস্তি পেলেও, সড়কটির দীর্ঘমেয়াদী স্থায়িত্বের জন্য দ্রুত সরকারি উদ্যোগে স্থায়ী উন্নয়ন ও আধুনিকায়নের দাবি জানিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আবু সাঈদের সেই দৃশ্য ছিল জাতির ভয়জয়ের প্রতীক: প্রধানমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

বুধবার, ১৫ই জুলাই, ২০২৬ ইং

০৮:৫৮ পি.এম


আবু সাঈদের সেই দৃশ্য ছিল জাতির ভয়জয়ের প্রতীক: প্রধানমন্ত্রী

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে শহীদ আবু সাঈদের দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা সেই অমলিন দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না। এটি ছিল গণতান্ত্রিক অধিকারবঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক। প্রধানমন্ত্রী তারেক রহমান এ মন্তব্য করেছেন।

১৬ জুলাই ঐতিহাসিক ‘জুলাই শহীদ দিবস’ উপলক্ষে বুধবার (১৫ জুলাই) রাতে তিনি নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে এমন কথা বলেন। বাণীতে প্রধানমন্ত্রী শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা, শোক ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং দেশের সর্বক্ষেত্রে গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দেয়ার অঙ্গীকার ব্যক্ত করেন।

প্রধানমন্ত্রী উল্লেখ করেন, ২০২৪ সালের এই দিনে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রংপুরে পুলিশের গুলিতে শহীদ হন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের শিক্ষার্থী আবু সাঈদ, চট্টগ্রামে কলেজ শিক্ষার্থী মোহাম্মদ ওয়াসিম আকরামসহ কমপক্ষে ৬ জন শহীদ। রংপুরে শহীদ আবু সাঈদ দুই হাত প্রসারিত করে পুলিশের সামনে বুক পেতে দিয়েছিলেন। পুলিশের গুলি করার দৃশ্য গণতন্ত্রকামী জনগণের মনে তীব্র ক্ষোভের সঞ্চার করে। কোটা সংস্কারের দাবি ফ্যাসিস্ট সরকারের পতনের আন্দোলনে মোড় নেয়। সেই আন্দোলনের ধারাবাহিকতায় বীর ছাত্র-জনতার গণ-অভ্যুত্থানে স্বৈরাচার দেশ ছেড়ে পালাতে বাধ্য হয়েছিল।

প্রধানমন্ত্রী ১৬ জুলাইয়ের সব শহীদের মাগফেরাত কামনা করে বলেন, ‘১৬ জুলাই আমাদের জাতীয় ইতিহাসের এক অবিস্মরণীয় সন্ধিক্ষণ।’ এদিন রাষ্ট্রীয় নিপীড়ন, প্রাণঘাতী শক্তির নির্মম প্রয়োগ এবং ভয়ভীতির রাজনীতির বিরুদ্ধে নিরস্ত্র অথচ অদম্য সাহসী বীর ছাত্র-জনতা যে প্রতিরোধ গড়ে তুলেছিলেন, তা জাতির বিবেককে জাগ্রত করেছিল। বিশেষ করে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের প্রাঙ্গণে দুই হাত প্রসারিত করে অন্যায়ের বিরুদ্ধে বুক চিতিয়ে দাঁড়িয়ে থাকা আবু সাঈদের দৃশ্য কেবল একটি মুহূর্ত ছিল না; সেটি ছিল গণতান্ত্রিক অধিকারবঞ্চিত একটি জাতির ভয় জয়ের প্রতীক।

তারেক রহমান বলেন, জুলাইয়ের সে গণ-অভ্যুত্থান কেবল একটি আন্দোলনই ছিল না, এটি ছিল দীর্ঘ দেড় দশক ধরে জনগণের ওপর চাপিয়ে দেয়া ফ্যাসিবাদ, প্রাতিষ্ঠানিক দুর্নীতি, লুণ্ঠন, গুম, খুন, দমন-পীড়ন এবং ভোটাধিকার হরণের বিরুদ্ধে সমগ্র জাতির ঐক্যবদ্ধ প্রতিরোধ। সেই আত্মত্যাগ ও সংগ্রামের শক্তিতে বাংলাদেশের মানুষ তাদের মর্যাদা, অধিকার এবং গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে নতুন করে প্রতিষ্ঠার সুযোগ লাভ করেছে। ঐতিহাসিক সে গণ-অভ্যুত্থানের দুই বছর পর, আজ বর্তমান সরকার শহীদের পবিত্র আত্মত্যাগের মর্যাদা রক্ষায় দৃঢ়প্রতিজ্ঞ।

প্রধানমন্ত্রী শহীদদের রক্ত কখনও বৃথা যেতে পারে না উল্লেখ করে বলেন, ‘জুলাই গণ-অভ্যুত্থানের অমর চেতনা আমাদের জন্য কেবল ইতিহাসের গৌরব নয়, এটি ভবিষ্যৎ নির্মাণের প্রেরণা।’ রাষ্ট্র এবং সমাজে মানুষের অধিকার প্রতিষ্ঠা করতে গিয়ে যারা শহীদ হয়েছেন, সেসব অকুতোভয় শহীদের গৌরবময় আত্মত্যাগের পথ ধরে বর্তমানে দেশ গণতন্ত্রের পথে যাত্রা শুরু করেছে।

প্রধানমন্ত্রী আরও বলেন, ‘সব নাগরিকের জন্য একটি নিরাপদ, মানবিক, স্বনির্ভর ও গণতান্ত্রিক বাংলাদেশ বিনির্মাণের মাধ্যমে আমরা গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলনে শহীদদের রক্তের ঋণ পরিশোধের চেষ্টা করতে পারি।’

বাণীতে তিনি আবারও আল্লাহর দরবারে সব শহীদের রুহের মাগফেরাত কামনা করেন এবং গণ-অভ্যুত্থানে আহতদের দ্রুত আরোগ্য কামনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৬ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৩
মাগরিব ০৫:৩১
ইশা ০৬:৪২
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%