আঃ হামিদ মধুপুর( টাঙ্গাইল) প্রতিনিধি
০৫:৫১ পি.এম
টাঙ্গাইলের মধুপুরের-মির্জাবাড়ি শাখায় ব্র্যাকের উদ্যোগে ১১ জন সদস্যকে ভার্মি কম্পোস্ট প্রশিক্ষণ ও তাদের মাঝে উপকরণ বিতরণ করা হয়েছে।
টেকসই কৃষি উন্নয়ন এবং পরিবেশবান্ধব জৈব সারের ব্যবহার সম্প্রসারণের লক্ষ্যে বৃহস্পতিবার(১৮ জুন) মধুপুরের মির্জাবাড়ি শাখায় ১১ জন সদস্যকে নিয়ে দিনব্যাপী ‘ভার্মি কম্পোস্ট (কেঁচো সার) প্রশিক্ষণ ও বিতরণ’ কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। ব্র্যাকের উদ্যোগে আয়োজিত এই কর্মসূচিতে এলাকার প্রান্তিক কৃষকদের আধুনিক ও বৈজ্ঞানিক পদ্ধতিতে সার উৎপাদনের ওপর বিশেষ প্রশিক্ষণ প্রদান করা হয়।
অনুষ্ঠানে প্রধান প্রশিক্ষক হিসেবে উপস্থিত থেকে সদস্যদের ভার্মি কম্পোস্ট তৈরির বাস্তবমুখী কৌশল শেখান মধুপুর উপজেলা কৃষি সম্প্রসারণ কর্মকর্তা এ.বি.এম. খায়রুল আলম। এসময় তিনি বলেন, ভার্মি কম্পোস্ট একদিকে যেমন মাটির উর্বরতা বাড়ায়, অন্যদিকে কৃষকের উৎপাদন খরচ বহুলাংশে কমিয়ে আনে।
মাটির স্বাস্থ্য ও রাসায়নিক সারের অপকারিতা নিয়ে আলোচনা করেন মধুপুরের উপসহকারী উদ্ভিদ সংরক্ষণ অফিসার মো: মিজানুর রহমান। তিনি মাটির বিভিন্ন গুণাবলী ও জৈব উপাদানের গুরুত্ব তুলে ধরে বলেন, মাটির দীর্ঘমেয়াদী উর্বরতা ধরে রাখতে ভার্মি কম্পোস্টের কোনো বিকল্প নেই।
অনুষ্ঠানে ব্র্যাকের কৃষি বিষয়ক নানামুখী সেবা ও উদ্যোগ নিয়ে আলোচনা করেন ব্র্যাকের সম্প্রসারণ কর্মকর্তা মো: বাকিউর রহমান। এছাড়া সদস্যদের স্বাবলম্বী করতে ব্র্যাক মাইক্রোফাইন্যান্সের বিভিন্ন সম্ভাবনাময় আর্থিক প্রোডাক্ট ও সুযোগ-সুবিধা তুলে ধরেন মো: রঞ্জু আলম।
উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ব্র্যাক মাইক্রোফাইন্যান্স (দাবি)-এর এরিয়া ম্যানেজার মো: আবুল বাশার। তিনি তার সমাপনী বক্তব্যে ব্র্যাকের বিভিন্ন সামাজিক কার্যক্রম ও অর্থনৈতিক সহায়তার চিত্র তুলে ধরে বলেন, "প্রান্তিক মানুষের অর্থনৈতিক ও সামাজিক মুক্তি নিশ্চিত করতেই ব্র্যাক মাঠপর্যায়ে কাজ করে যাচ্ছে। এই প্রশিক্ষণের মাধ্যমে সদস্যরা নিজেদের ভাগ্য বদলানোর পাশাপাশি পরিবেশবান্ধব কৃষি ব্যবস্থা গড়ে তুলতে অবদান রাখবেন।
প্রশিক্ষণ শেষে উপস্থিত ১১ জন সদস্যের মাঝে ভার্মি কম্পোস্ট উৎপাদনের প্রয়োজনীয় উপকরণ বিতরণ করা হয়। নতুন এই প্রযুক্তি ও উপকরণ পেয়ে আনন্দ প্রকাশ করেন উপস্থিত সুবিধাভোগী সদস্যরা।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রাঘাতে দুজনের মৃত্যু হয়েছে।
এ সময় নৌকায় ছিলেন তাদের আরেক সঙ্গী, যিনি বজ্রাঘাতে আহত হয়ে পানিতে পড়ে যান। এর পর থেকে তিনি নিখোঁজ রয়েছেন।
নিহতদের মধ্যে রয়েছেন মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলার কালারবাজার এলাকার সাবির আলী (৪০) ও হামিদ মিয়া (৪৫)। নিখোঁজ ব্যক্তির নাম কাবিন মিয়া।
এই ঘটনা বৃহস্পতিবার, ১৮ জুন, সকাল ১১টার দিকে ফেঞ্চুগঞ্জ উপজেলার গয়াসি হাওরে সংঘটিত হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার মৌলভীবাজার জেলার রাজনগর উপজেলা থেকে তারা তিনজন মাছ ধরতে ফেঞ্চুগঞ্জে আসেন। এরপর গয়াসি হাওরে নৌকায় বসে বড়শি দিয়ে মাছ ধরার সময় বজ্রপাতে দুজন মারা যান। এ ঘটনায় কাবিন মিয়া বজ্রপাতের আঘাতে পানিতে পড়ে যান এবং নিখোঁজ হন।
পুলিশ খবর পেয়ে ঘটনা স্থলে গিয়ে নিহতদের মরদেহ উদ্ধার করে এবং নিখোঁজ ব্যক্তির সন্ধানে অভিযান শুরু করে।
ফেঞ্চুগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবু জাফর মোহাম্মদ মাহফুজুল কবির বলেন, ‘মৌলভীবাজার থেকে তিনজন ফেঞ্চुगঞ্জের গয়াসি হাওরে মাছ ধরতে আসেন। এ সময় বজ্রপাতে দুজন নিহত হন এবং একজন নিখোঁজ রয়েছেন। মরদেহ উদ্ধার করা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হবে। নিখোঁজ ব্যক্তির উদ্ধার অভিযান অব্যাহত রয়েছে। ফায়ার সার্ভিসের ডুবুরি দল গয়াসি হাওরে কাজ করছে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বৃহস্পতিবার জানিয়েছেন, যুক্তরাষ্ট্রের সঙ্গে দীর্ঘদিনের বাণিজ্য চুক্তি নিয়ে আলোচনায় ‘উল্লেখযোগ্য অগ্রগতি’ হয়েছে।
ট্রাম্পের সঙ্গে বৈঠকের পর প্রকাশিত এক বিবৃতিতে এই তথ্য জানানো হয়। পূর্বের দিন, বুধবার ফ্রান্সের এভিয়ানে অনুষ্ঠিত জি-৭ শীর্ষ সম্মেলনের ফাঁকে দুই নেতার বৈঠক অনুষ্ঠিত হয়। ২০২৫ সালের ফেব্রুয়ারিতে ওয়াশিংটনে সাক্ষাতের পর, এটিই ছিল তাদের প্রথম বৈঠক।
নয়াদিল্লি থেকে বার্তা সংস্থা এএফপি এই খবর জানিয়েছে। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বৈঠক-পরবর্তী বিবৃতিতে বলা হয়, ‘অন্তর্বর্তীকালীন দ্বিপক্ষীয় বাণিজ্য চুক্তির লক্ষ্যে চলমান আলোচনায় যে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে, তাতে দুই নেতা বিশেষ সন্তোষ প্রকাশ করেছেন।’
এভিয়ানে সাংবাদিকরা যুক্তরাষ্ট্র ও ভারত বাণিজ্য চুক্তির কতটা কাছাকাছি পৌঁছেছে জানতে চাইলে ট্রাম্প উল্লেখ করেন যে তারা ‘খুব কাছাকাছি’ অবস্থানে রয়েছে। মার্কিন প্রেসিডেন্ট মোদিকে ‘সবচেয়ে কঠিনদের একজন’ বলে মন্তব্য করেন।
ট্রাম্প বলেন, ‘তিনি দেখতে খুবই সুন্দর। তাকে খুব ভদ্র মনে হয়। তিনি যেন একজন ফেরেশতা, কিন্তু বাস্তবে তিনি একজন খুনী।’
বিবৃতিতে বলা হয়েছে, দুই নেতা তাদের কর্মকর্তাদের নির্দেশ দিয়েছেন যাতে তারা ‘যত দ্রুত সম্ভব বাণিজ্যিকভাবে অর্থবহ একটি চুক্তি’ সম্পন্ন করতে কাজ করেন। নতুন দফার আলোচনায় অংশ নিতে, আগামী সপ্তাহে যুক্তরাষ্ট্রের বাণিজ্য প্রতিনিধি জেমিসন গ্রিয়ার ভারত সফর করবেন।
ওয়াশিংটন ও নয়াদিল্লি ২০৩০ সালের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্যের পরিমাণ ৫০০ বিলিয়ন ডলারে উন্নীত করার লক্ষ্যে কাজ করছে। বাজারে প্রবেশাধিকার ও শুল্কসংক্রান্ত বিরোধ নিষ্পত্তিতে তারা একাধিক দফা আলোচনা চালিয়ে যাচ্ছে।
গত ফেব্রুয়ারিতে দুই দেশ বাণিজ্য চুক্তি নিয়ে একটি প্রাথমিক সমঝোতায় পৌঁছেছিল, কিন্তু ট্রাম্পের ব্যাপক শুল্ক আরোপের পদক্ষেপ যুক্তরাষ্ট্রের সুপ্রিম কোর্ট বাতিল করে দেওয়ার পর আলোচনা ধীর হয়ে যায়।
আদালতের ওই রায়ের পর, ট্রাম্প প্রশাসন ভারতসহ কয়েকটি দেশের বিরুদ্ধে অন্যায্য বাণিজ্য চর্চার অভিযোগ তদন্ত শুরু করে এবং একই সঙ্গে ১০ শতাংশ হারে সাধারণ শুল্ক আরোপ করা হয়।
ভারতের বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল জুনের শুরুতে বলেছিলেন, বাণিজ্য চুক্তির প্রথম ধাপের কাজ ‘প্রায় ৯৯ শতাংশ’ সম্পন্ন হয়েছে।
মধ্যপ্রাচ্যের যুদ্ধ অবসানে ইরান-যুক্তরাষ্ট্র চুক্তি বাস্তবায়নের অংশ হিসেবে, ট্রাম্পের প্রতি ভারতীয় নাবিকদের নিরাপত্তা নিশ্চিত করার আহ্বানও জানান মোদি।
গত ১০ জুন ওমান উপকূলে একটি বাণিজ্যিক জাহাজে মার্কিন হামলায় তিন ভারতীয় নাবিক নিহত হন। মধ্যপ্রাচ্যের সংঘাতে দক্ষিণ এশিয়ার দেশটি ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। ইরান হরমুজ প্রণালী বন্ধ করে দেওয়ায়, জ্বালানি সরবরাহে বড় ধরণের চাপ সৃষ্টি হয়েছে। তেল ও গ্যাস পরিবহনের জন্য এটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ হরমুজ প্রণালী।
বুধবার মোদি সতর্ক করে বলেন, যুদ্ধের প্রভাব কাটিয়ে উঠতে সময় লাগবে। তিনি এক বিবৃতিতে বলেন, ‘সংকটের কারণে জ্বালানি, সার ও খাদ্য সরবরাহ ব্যবস্থায় যে বিঘ্ন ঘটেছে, তা দীর্ঘ সময় ধরে বৈশ্বিক দক্ষিণের দেশগুলোর ওপর প্রভাব ফেলতে থাকবে।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান মন্তব্য করেছেন যে, সামরিক জীবনে ধর্মীয় মূল্যবোধের চর্চা ও ধর্মীয় অনুশাসন মেনে চলার গুরুত্ব অপরিসীম। তিনি আরও বলেন, ধর্মীয় অনুশাসন মেনে চলার মাধ্যমে একজন সেনাসদস্য কর্মক্ষেত্রে নিজেকে আদর্শবান, মর্যাদাবান এবং উন্নত চরিত্রের অধিকারী হিসেবে গড়ে তুলতে পারেন।
বৃহস্পতিবার (১৮ জুন) বাংলাদেশ মিলিটারি একাডেমির (বিএমএ) ৯০তম দীর্ঘমেয়াদি কোর্সের অফিসার ক্যাডেটদের কমিশন প্রাপ্তি উপলক্ষে আয়োজিত রাষ্ট্রপতি কুচকাওয়াজের প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান নবীন কর্মকর্তাদের স্মরণ করিয়ে দিয়ে বলেন, ‘মাতৃভূমির স্বাধীনতা ও সার্বভৌমত্ব অক্ষুণ্ণ রাখার জন্য একটি দক্ষ, আধুনিক ও দেশপ্রেমের চেতনায় উদ্বুদ্ধ সেনাবাহিনীর গুরুত্ব অপরিসীম। এই সেনাবাহিনীর নেতৃত্বের মূল দায়িত্ব অফিসারদের। প্রশিক্ষণ শেষে তোমরা যে নতুন জীবনে পদার্পণ করছ, সেখানে তোমাদের দায়িত্ব ও কর্তব্য অনেক বেশি।’
জেনারেল ওয়াকার-উজ-জামান বলেন, বাংলাদেশ সেনাবাহিনীতে নিবেদিতপ্রাণ, দক্ষ, চৌকস এবং একবিংশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলার উপযুক্ত নেতৃত্ব তৈরির লক্ষ্যে ১৯৭৪ সালে বাংলাদেশ মিলিটারি একাডেমি প্রতিষ্ঠিত হয়। আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন এই একাডেমি থেকে কমিশনপ্রাপ্ত অফিসারদের আনুগত্য, শৃঙ্খলা ও কর্তব্যবোধের কারণেই বাংলাদেশ সেনাবাহিনী আজ দেশের সীমানা পেরিয়ে বহির্বিশ্বের অনেক বিষয়েও উল্লেখযোগ্য অবদান রেখে চলেছে।
প্রশিক্ষণ সমাপনকারী ক্যাডেটদের উদ্দেশে সেনাপ্রধান বলেন, শপথ গ্রহণের মধ্য দিয়ে সদ্য কমিশনপ্রাপ্ত অফিসারদের ওপর দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার পবিত্র দায়িত্ব ন্যস্ত হলো।
দীর্ঘ তিন বছরের কঠোর সামরিক প্রশিক্ষণ শেষে এই কুচকাওয়াজের মাধ্যমে ৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের মোট ১৮৪ জন অফিসার ক্যাডেট বাংলাদেশ সেনাবাহিনীতে কমিশন লাভ করেছেন। তাদের মধ্যে ১৬৬ জন পুরুষ ও ১৮ জন নারী অফিসার রয়েছেন। এছাড়া ফিলিস্তিনের ৪ জন, তানজানিয়ার ১ জন, জাম্বিয়ার ১ জন এবং মালদ্বীপের ১ জনসহ মোট ৭ জন বিদেশি অফিসার ক্যাডেট এই একাডেমি থেকে সামরিক প্রশিক্ষণ সম্পন্ন করেছেন, যারা নিজ নিজ দেশের সেনাবাহিনীতে যোগ দেবেন।
৯০তম বিএমএ দীর্ঘমেয়াদি কোর্সের ব্যাটালিয়ন সিনিয়র আন্ডার অফিসার খায়রুল ইসলাম সেরা চৌকস ক্যাডেট হিসেবে অসামান্য গৌরবমণ্ডিত ‘সোর্ড অব অনার’ এবং সামরিক বিষয়ে শ্রেষ্ঠত্বের জন্য ‘সেনাবাহিনী প্রধান স্বর্ণপদক’ অর্জন করেন। পাশাপাশি সর্বশ্রেষ্ঠ বিদেশি ক্যাডেট হিসেবে ‘বিএমএ ট্রফি অব এক্সিলেন্স’ অর্জন করেন তানজানিয়ার সার্জেন্ট আবু বকর। কুচকাওয়াজ শেষে নবীন অফিসাররা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব রক্ষার আনুষ্ঠানিক শপথ নেন এবং অভিভাবকেরা তাদের র্যাঙ্ক-ব্যাজ পরিয়ে দেন।
এর আগে প্রধান অতিথি বিএমএ প্যারেড গ্রাউন্ডে এসে পৌঁছালে তাকে অভ্যর্থনা জানানো হয়। অনুষ্ঠানে সংসদ সদস্য, দেশি-বিদেশি উচ্চপদস্থ সামরিক ও অসামরিক কর্মকর্তা এবং নবীন কর্মকর্তাদের অভিভাবকেরা উপস্থিত ছিলেন।
পরবর্তীকালে সেনাবাহিনী প্রধান বিএমএতে প্রশিক্ষণরত ক্যাডেটদের পেশাগত দক্ষতা ও প্রশিক্ষণের সার্বিক মানোন্নয়নের লক্ষ্যে নবনির্মিত ‘২য় বাংলাদেশ ব্যাটালিয়ন’ উদ্বোধন করেন। এছাড়া তিনি বিএমএতে নবনির্মিত সম্মিলিত সামরিক হাসপাতাল (সিএমএইচ), ভাটিয়ারি; বিএমএ পার্ক; বিএমএ সুইমিং পুল এবং এমইএস অফিস কমপ্লেক্স প্রকল্পেরও উদ্বোধন করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বৃহস্পতিবার সদর উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী ফল মেলা শুরু হয়েছে। ‘করবো মোরা ফল চাষ, সংরক্ষণ করবো বারো মাস’ এ প্রতিপাদ্যে এই তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধন করা হয়েছে।
আজ বৃহস্পতিবার জেলা প্রশাসন ও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের আয়োজনে বেলা সাড়ে ১১ টায় সদর উপজেলা পরিষদ চত্ত্বরে তিন দিনব্যাপী ফল মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নড়াইল-২ আসনের সংসদ সদস্য আতাউর রহমান বাচ্চু।
বিশেষ অতিথির বক্তব্যে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের জেলা উপ-পরিচালক মুহাম্মদ আরিফুর রহমান সভাপতিত্ব করেন। জেলা পরিষদ প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মোস্তাফিজুর রহমান আলেক, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট লিংকন বিশ্বাস, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা টি.এম. রাহসিন কবির, জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মো. রাশেদুল হক সেখানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন।
বক্তারা বলেন, টেকসই উন্নয়নে পুষ্টি নিরাপত্তার প্রয়োজন। ফল খাদ্য ও পুষ্টির অন্যতম প্রধান উৎস। বাংলাদেশের ফল স্বাদে, গন্ধে, বর্ণে ও পুষ্টিমানে আকর্ষণীয় এবং বৈচিত্র্যময়। ফলদ বৃক্ষ পরিবেশের ভারসাম্য বজায় রাখার পাশাপাশি শরীরের জন্য প্রয়োজনীয় ভিটামিন ও খনিজ লবণের প্রধান উৎস হিসেবে কাজ করে।
তারা আরও বলেন, ক্ষুধা ও দারিদ্র্যমুক্ত বাংলাদেশ গড়তে খাদ্য নিরাপত্তা বিধান, পুষ্টির মান উন্নয়ন এবং টেকসই কৃষির ওপর জোর দিতে হবে। এ লক্ষ্যে দেশের মানুষের পুষ্টি ও স্বাস্থ্য সুরক্ষায় বছরে ফল চাষ এবং সঠিক সংরক্ষণ একটি যুগান্তকারী ভূমিকা রাখতে পারে। বক্তারা প্রত্যেকটি বাড়ির আঙিনায় ফলদ বৃক্ষ লাগানোর আহবান জানান।
মেলার উদ্বোধন শেষে প্রধান অতিথিসহ অন্যান্য অতিথিবৃন্দ ও দপ্তর প্রধানগণ বিভিন্ন ফলের স্টল পরিদর্শন করেন।
এ সময় সদর উপজেলা কৃষি কর্মকর্তা কৃষিবিদ মো. রোকনুজ্জামানসহ অন্যান্য কৃষি বিভাগের কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন। ফল মেলা উপলক্ষে গাছের চারা বিতরণ করা হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ