০৯:০০ এম
বরিশালের গৌরনদী উপজেলায় ঢালাই কাজ শেষ হতে না হতেই খালের পানিতে ধসে পড়েছে একটি নির্মাণাধীন ব্রিজের পাটাতন। গত বুধবার দুপুরে উপজেলার খাঞ্জাপুর ইউনিয়নের আহমেদকাঠী গ্রামে এই ঘটনা ঘটে। তবে বিষয়টি বৃহস্পতিবার বিকেলে এলাকায় জানাজানি ও প্রকাশ্যে আসে।
দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের অর্থায়নে প্রায় ৩৫ লাখ টাকা ব্যয়ে বাস্তবায়নাধীন এই ব্রিজটির নির্মাণকাজ পরিচালনা করছিলেন সাব-ঠিকাদার আবুল ফয়েজ শরীফ।
স্থানীয় বাসিন্দাদের তীব্র অভিযোগ, নির্মাণকাজে চরম অবহেলা ও নিম্নমানের উপকরণ ব্যবহার করা হয়েছে। সাটারিংয়ের কাজে পুরোনো, পচা ও অত্যন্ত দুর্বল বাঁশ-কাঠ ব্যবহার করায় ঢালাইয়ের অতিরিক্ত ওজন ও চাপ সহ্য করতে পারেনি কাঠামোটি। ফলে পুরো সাটারিং ভেঙে ঢালাইসহ ব্রিজের অংশটি খালের পানিতে তলিয়ে যায়।
আরও পড়ুন: পূর্বধলায় মেয়েকে অপহরণের অভিযোগ, প্রতিবাদে বাবা-চাচার সংবাদ সম্মেলন
"কাজে শুরু থেকেই অনিয়ম হচ্ছিল। পুরোনো বাঁশ দিয়ে সাটারিং করায় আমরা আগেই আশঙ্কা করেছিলাম। ঢালাই শেষ হতে না হতেই পুরো ব্রিজ ধসে পড়লো। এটা সরকারি টাকার চরম অপচয় ও ঠিকাদারি প্রতিষ্ঠানের চরম গাফিলতি।"
তবে সাটারিং তৈরিতে নিম্নমানের সামগ্রী ব্যবহারের অভিযোগ অস্বীকার করেছেন অভিযুক্ত সাব-ঠিকাদার আবুল ফয়েজ শরীফ। তিনি দাবি করেন, "নিচের মাটির অংশ বা মূল স্ট্রাকচারটি দুর্বল থাকার কারণেই আকস্মিকভাবে সাটারিং ভেঙে এই দুর্ঘটনা ঘটেছে।" দ্রুততম সময়ের মধ্যে নতুন করে মজবুত সাটারিং তৈরি করে ব্রিজের নির্মাণকাজ পুনরায় সম্পন্ন করা হবে বলে আশ্বাস দেন তিনি।
ঘটনাটি প্রকাশ্যে আসার পর থেকে স্থানীয়দের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়েছে। এলাকাবাসী ঘটনার সুষ্ঠু তদন্তসহ দায়ীদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
আরও পড়ুন: বরিশালে হাজী বিরিয়ানিতে গ্রাহকদের সঙ্গে দুর্ব্যবহারের ও প্রতারণার অভিযোগ,খাবারের পরিমাণ ও মাংসের মান নিয়ে প্রশ্ন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন