ঢাকা বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৬ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২২শে অক্টোবর, ২০২৬ইং ০৬ই কার্তিক, ১৪৩৩বাং

মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ


মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক ঘাঁটিতে ইরানের ক্ষেপণাস্ত্র আক্রমণ

একযোগে মধ্যপ্রাচ্যের তিন দেশ কুয়েত, বাহরাইন ও জর্ডানে ব্যাপক হামলা চালিয়েছে ইরান।

ইরানের ইসলামি বিপ্লবী গার্ড বাহিনী (আইআরজিসি) দাবি করেছে, তারা কুয়েত, বাহরাইন ও জর্ডানে যুক্তরাষ্ট্র-সংশ্লিষ্ট সামরিক ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা পরিচালনা করেছে। অপরদিকে কুয়েত ও বাহরাইন জানিয়েছে, তাদের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় রয়েছে। একই সময়ে দক্ষিণ ইরানের বন্দর আব্বাসেও শক্তিশালী বিস্ফোরণের খবর পাওয়া গেছে।

সংবাদমাধ্যম আল জাজিরা বলছে, কুয়েতের দুটি বিমানঘাঁটিতে হামলা চালানোর দাবি করেছে আইআরজিসি। এক বিবৃতিতে তারা জানায়, আলি আল-সালেম বিমানঘাঁটিতে থাকা জ্বালানি ট্যাংক ও প্যাট্রিয়ট আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সম্পূর্ণ ধ্বংস করা হয়েছে। একই সঙ্গে আহমেদ আল-জাবের বিমানঘাঁটিতে থাকা কৌশলগত এফপিএস রাডার ব্যবস্থা ধ্বংস করা হয়েছে বলেও দাবি করেছে তারা।

আরও পড়ুন: নোয়াখালীতে কিশোর গ্যাংবিরোধী অভিযানে ১২ জন আটক

আইআরজিসি জানায়, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযানের জবাবে তাদের অভিযানের তৃতীয় ধাপে মহাকাশ বাহিনী এই হামলা চালিয়েছে। বাহিনীটি আরও জানিয়েছে, তাদের অভিযান এখনও চলছে।

একই সঙ্গে হরমুজ প্রণালিতে যুক্তরাষ্ট্রের সামরিক সম্পৃক্ততার বিরুদ্ধেও সতর্ক করেছে আইআরজিসি। তারা বলেছে, এ সমুদ্রপথে বিদেশি সামরিক হস্তক্ষেপ অব্যাহত রাখতে দেবে না ইরান।

এদিকে কুয়েতের সেনাবাহিনীর জেনারেল স্টাফ জানিয়েছে, দেশটির আকাশসীমায় প্রবেশ করা ‘শত্রুপক্ষের প্রজেক্টাইল’ প্রতিহত করতে আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা কাজ করছে।

তারা জানায়, দেশটিতে বিস্ফোরণের যেসব শব্দ শোনা যাচ্ছে, সেগুলো আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে হামলা প্রতিহত করার কারণেই শোনা যাচ্ছে। একই সঙ্গে জনগণকে নিরাপত্তা নির্দেশনা মেনে চলার আহ্বান জানানো হয়েছে।

আরও পড়ুন: নোয়াখালীতে বিএনপির লিফলেট বিতরণ, সরকারের উন্নয়ন প্রচারণা ও গুজবের বিরুদ্ধে প্রতিবাদ

এছাড়া বাহরাইনেও হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি দাবি করেছে, প্রতিশোধমূলক অভিযানের দ্বিতীয় ধাপে তারা বাহরাইনের শেখ ইসা বিমানঘাঁটির কয়েকটি স্থাপনায় হামলা চালিয়েছে। বিবৃতিতে বলা হয়, ওই বিমানঘাঁটির হেলিকপ্টার রক্ষণাবেক্ষণ কেন্দ্র, পি-৮ বিমান রাখা একটি হ্যাঙ্গার এবং যুক্তরাষ্ট্রের সামরিক ড্রোনের কমান্ড ও নিয়ন্ত্রণকেন্দ্রে হামলা চালিয়েছে ইরানের মহাকাশ বাহিনী।

আইআরজিসি বলেছে, ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সামরিক অভিযান অব্যাহত থাকায় এ হামলা করা হয়েছে। তাদের প্রতিশোধমূলক অভিযান এখনও চলছে বলেও জানানো হয়েছে।

একইসঙ্গে জর্ডানের প্রিন্স হাসান বিমানঘাঁটিতেও হামলা চালিয়েছে ইরান। আইআরজিসি দাবি করেছে, জর্ডানের ওই বিমানঘাঁটিতে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে কয়েকটি জ্বালানি ডিপো এবং গোলাবারুদ সংরক্ষণাগারে আগুন ধরিয়ে দেয়া হয়েছে।

বাহিনীটি জানাচ্ছে, ইরানের উপকূলীয় সামরিক ঘাঁটিতে যুক্তরাষ্ট্রের হামলার জবাবে এটি ছিল তাদের অভিযানের প্রথম ধাপ।

আরও পড়ুন: প্রধানমন্ত্রীর জীবনের হুমকির পেছনে বিরোধী দলের উসকানি: রাশেদ খান

তারা আরও দাবি করেছে, হরমুজ প্রণালিতে দুটি জাহাজের গতিপথ বন্ধ করে দেয়ার আইআরজিসি নৌবাহিনীর অভিযানের পরই যুক্তরাষ্ট্র হামলা চালায়। ওই দুটি জাহাজ ট্র্যাকিং ব্যবস্থা বন্ধ রেখে অবৈধভাবে চলাচল করছিল এবং নৌ চলাচলের জন্য ঝুঁকি তৈরি করেছিল বলেও অভিযোগ করেছে আইআরজিসি।

বাহিনীটি জানিয়েছে, তাদের প্রতিশোধমূলক অভিযান অব্যাহত রয়েছে এবং পরবর্তী বিবৃতিতে এর ফলাফল জানানো হবে।

ইরানের নুর নিউজ এজেন্সি জানিয়েছে, ইরানের সেনাবাহিনী ও আইআরজিসি এই অঞ্চলের ‘শত্রু ঘাঁটিগুলোতে’ বড় পরিসরে ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়েছে।

একজন ইরানি সামরিক কর্মকর্তার বরাত দিয়ে সংবাদ সংস্থাটি জানায়, গত ৪৮ ঘণ্টায় ‘শত্রুপক্ষের গতিবিধি’ পর্যবেক্ষণের ভিত্তিতে চিহ্নিত লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়েছে। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের অব্যাহত হামলার জবাব হিসেবেই এ অভিযান শুরু হয়েছে দাবি করা হয়।

আরও পড়ুন: শিবালয়ে সেলফি বাসের চাপায় অটোরিকশার ২ যাত্রী নিহত, ৩ জন আহত

বাহরাইনের স্বরাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছে, দেশজুড়ে বিমান হামলার সতর্কতামূলক সাইরেন বাজানো হয়েছে। মন্ত্রণালয় জনগণকে জরুরি প্রয়োজন ছাড়া প্রধান সড়ক ব্যবহার বা সেগুলোতে বাধা সৃষ্টি না করার আহ্বান জানিয়েছে। পাশাপাশি পরে আরও নিরাপত্তা নির্দেশনা দেয়া হবে বলেও জানানো হয়েছে।

এর কিছুক্ষণ পর আবারও সাইরেন বাজানো হয়। স্বরাষ্ট্র মন্ত্রণালয় জনগণকে শান্ত থাকার এবং নিকটস্থ নিরাপদ স্থানে আশ্রয় নেয়ার আহ্বান জানায়।

এছাড়া ইরানের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা আইআরএনএ জানিয়েছে, সোমবার সকালে দেশটির দক্ষিণাঞ্চলীয় হরমোজগান প্রদেশের বন্দর আব্বাসে অন্তত দুটি শক্তিশালী বিস্ফোরণের শব্দ শোনা গেছে।

মার্কিন সামরিক বাহিনীর সেন্ট্রাল কমান্ড (সেন্টকম) ইরানে তাদের সর্বশেষ দফার হামলা শেষ হওয়ার ঘোষণা দেয়ার ঠিক আগে এ খবর প্রকাশ করা হয়।

আরও পড়ুন: হঠাৎ অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি আব্দুল মঈন খান

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় বৃদ্ধের মৃত্যুদণ্ড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৫ পি.এম


মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলায় বৃদ্ধের মৃত্যুদণ্ড

জয়পুরহাটে সপ্তম শ্রেণির এক (১৩) মাদরাসাছাত্রীকে ধর্ষণের মামলার রায়ে আলম মন্ডল (৫৫) নামে একজনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছে আদালত। একই সঙ্গে তাকে ১ লাখ টাকা জরিমানা প্রদান করা হয়েছে।

সোমবার (১৩ জুলাই) বিকেল সাড়ে তিনটার সময় শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল আদালতের বিচারক জেলা ও দায়রা জজ আবদুর রহমান এ রায় প্রদান করেন।

দণ্ডপ্রাপ্ত আলম মন্ডল আক্কেলপুর উপজেলার পালশা গ্রামের বাসিন্দা।

মামলার বিবরণে জানা যায়, ২০২৩ সালের ৯ অক্টোবর দুপুর ২টার সময় মাদরাসা থেকে বাড়ি ফিরে কাপড় পরিবর্তন করছিল ওই মাদরাসাছাত্রী। সে সময় বাড়িতে কেউ না থাকার সুযোগে প্রতিবেশী আলম মন্ডল ওই শিশুকে ধর্ষণ করেন। এ সময় মেয়েটি চিৎকার করলে স্থানীয়রা এগিয়ে এলে আলম মন্ডল পালিয়ে যান। পরে মেয়েটি তার পরিবারের সবাইকে ঘটনাটি খুলে বললে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এ ঘটনার দিনই, ১১ অক্টোবর, ভুক্তভোগীর বাবা আক্কেলপুর থানায় একটি মামলা করেন। এ মামলার দীর্ঘ শুনানি শেষে বিজ্ঞ আদালত এই রায় দেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হবিগঞ্জের দুর্গত এলাকায় বিজিবির মানবিক উদ্যোগ, চলছে চিকিৎসা ও ত্রাণ বিতরণ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:০৬ পি.এম


হবিগঞ্জের দুর্গত এলাকায় বিজিবির মানবিক উদ্যোগ, চলছে চিকিৎসা ও ত্রাণ বিতরণ

 

হবিগঞ্জে বন্যাদুর্গতদের মাঝে রান্না করা খাবার বিতরণ করছেন বিজিবি।

হবিগঞ্জে, সীমান্ত নিরাপত্তার পাশাপাশি বন্যাদুর্গত মানুষের পাশে দাঁড়িয়ে মানবিক কার্যক্রম পরিচালনা করা হয়েছে বিজিবির দ্বারা। সোমবার (১৩ জুলাই) হবিগঞ্জের বানিয়াচং উপজেলার সুজাতপুর ইউনিয়নের বন্যাকবলিত কয়েকটি গ্রামে বিনামূল্যে চিকিৎসাসেবা, ত্রাণ বিতরণ, গবাদিপশুর চিকিৎসা প্রদান, এবং ব্যতিক্রমী উদ্যোগ হিসেবে ড্রোনের মাধ্যমে দুর্গম এলাকায় খাদ্য ও নগদ সহায়তা পৌঁছে দেওয়া হয়েছে বাহিনীটির দ্বারা।

বিজিবির সদর দপ্তরের নির্দেশনায় পরিচালিত বিশেষ মেডিকেল ক্যাম্পে ৪০০টি পরিবারের সদস্যদের বিনামূল্যে চিকিৎসাসেবা, প্রয়োজনীয় ঔষুধ এবং স্বাস্থ্য পরামর্শ দেওয়া হয়েছে। পাশাপাশি ২০০টি পরিবারের মধ্যে ত্রাণসামগ্রী এবং আরও ২০০টি পরিবারের জন্য রান্না করা খাবার বিতরণ করা হয়েছে।

এছাড়া, বন্যায় ক্ষতিগ্রস্ত এলাকার প্রায় ১৫০টি গবাদিপশুর স্বাস্থ্য পরীক্ষা ও চিকিৎসা দিতে পশু বিশেষজ্ঞ চিকিৎসকদের একটি পৃথক দল সারাদিন ধরে কাজ করেছে।

মানবিক সহায়তাকে আরো দ্রুত ও কার্যকর করতে ৫৫ বিজিবি প্রথমবারের মতো ড্রোন প্রযুক্তি ব্যবহার করে দুর্গম ও পানিবন্দি এলাকায় শুকনা খাবার এবং নগদ অর্থ বিতরণ করেছে।

সংশ্লিষ্টরা জানিয়েছেন, এই প্রযুক্তির মাধ্যমে দুর্গম এলাকায় নিরাপদ ও দ্রুত সহায়তা পৌঁছানো সম্ভব হয়েছে।

পুরো কার্যক্রমে নেতৃত্ব দিয়েছেন হবিগঞ্জ ব্যাটালিয়ন (৫৫ বিজিবি)-এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, হবিগঞ্জের জেলা প্রশাসক ড. জি. এম. সরফরাজ। তিনি বিজিবির মানবিক ও প্রযুক্তিনির্ভর এই উদ্যোগের প্রশংসা করে বলেন, ‘এই কার্যক্রমের মাধ্যমে বন্যাকবলিত অসহায় মানুষ বিনামূল্যে চিকিৎসা, ওষুধ, স্বাস্থ্য পরামর্শ, ত্রাণ ও নগদ সহায়তা পেয়েছেন, যা তাদের দুর্ভোগ লাঘবে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।’

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন ৫৫ বিজিবির ভারপ্রাপ্ত উপ-অধিনায়ক ক্যাপ্টেন সাফায়েত হোসেন, ভারপ্রাপ্ত কোয়ার্টার মাস্টার সহকারী পরিচালক মোহাম্মদ হাবিবুর রহমান, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তি, বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিক এবং স্থানীয় বাসিন্দারা।

৫৫ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. তানজিলুর রহমান মন্তব্য করেছেন, ‘টানা ভারী বর্ষণে সৃষ্ট আকস্মিক বন্যা মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ পেশাদারিত্বের সঙ্গে কাজ করে যাচ্ছে। সীমান্ত সুরক্ষার পাশাপাশি উদ্ধার অভিযান, নিরাপদ আশ্রয় নিশ্চিতকরণ, খাদ্য ও বিশুদ্ধ পানি বিতরণ, জরুরি চিকিৎসাসেবা, ক্ষতিগ্রস্ত যোগাযোগ ব্যবস্থা পুনরুদ্ধার এবং ঝুঁকিপূর্ণ অবকাঠামো সুরক্ষায় বাহিনীর সদস্যরা মাঠে রয়েছেন।

তিনি জানিয়েছেন, জেলা প্রশাসনসহ সংশ্লিষ্ট সকল সংস্থার সঙ্গে সমন্বয় করে বন্যাদুর্গত মানুষের পাশে থেকে পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচলের আহ্বান চীনের

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


হরমুজ প্রণালীতে অবাধ ও নিরাপদ নৌ চলাচলের আহ্বান চীনের

হরমুজ প্রণালী হচ্ছে আন্তর্জাতিক নৌ-চলাচলের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ জলপথ। সেখানে মুক্ত ও নিরাপদভাবে চলাচল পুনরায় শুরু করা সকল দেশের স্বার্থ রক্ষা করবে বলেই দাবি করেছে বেইজিং।

সোমবার, চীনের রাজধানী বেইজিংয়ে, সাংবাদিকদের সঙ্গে কথা বলার সময় দেশটির পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র লিন জিয়ান উল্লেখ করেন, হরমুজ প্রণালী মাধ্যমে জাহাজ চলাচলের বিষয়টি ‘যথাযথভাবে নিষ্পত্তি’ করা উচিত।

সম্প্রতি, হরমুজ প্রণালীর নৌ-চলাচল রুট নিয়ে মতবিরোধের ফলে গত এক সপ্তাহ ধরে যুক্তরাষ্ট্র এবং ইরান একে অপরের ওপর পাল্টা হামলা চালানোর ঘটনার জন্য চীনের পক্ষ থেকে এই মন্তব্য উঠে এসেছে।

অন্যদিকে, বেইজিংয়ে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত জানিয়েছেন, হরমুজ প্রণালী অতিক্রমকারী জাহাজগুলোর কাছ থেকে নতুন ফি বা শুল্ক আদায় করা হবে। তবে তিনি এটি যুক্ত করেছেন যে, চীন এবং অন্যান্য ‘বন্ধুত্বপূর্ণ’ দেশগুলোকে এই ক্ষেত্রে বিশেষ সুবিধা প্রদান করবে ইরান।

মার্কিন যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে বর্তমানে উত্তেজনার মাত্রা চরম পর্যায়ে পৌঁছে গেছে। হরমুজ প্রণালীতে বাণিজ্যিক জাহাজের নিরাপত্তা নিয়ে উদ্বেগ ও মার্কিন ঘাঁটিতে হামলার প্রেক্ষিতে যুক্তরাষ্ট্র ইরানের সামরিক স্থাপনায় বড় ধরনের বিমান হামলা পরিচালনা করেছে। ইরানও পাল্টা হামলা করে মধ্যপ্রাচ্যের একাধিক মার্কিন সামরিক স্থাপনায় ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালিয়ে অঞ্চলটিতে বৃহত্তর যুদ্ধের ঝুঁকি সৃষ্টি করেছে।

উক্ত উত্তেজনা বৃদ্ধির কারণে মধ্যপ্রাচ্যের সামগ্রিক নিরাপত্তা ব্যবস্থাও হুমকির সম্মুখীন হয়েছে। বিশ্বের বাজারে এর সরাসরি প্রভাব হিসেবে জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি পেয়েছে এবং অর্থনৈতিক সূচকে অস্থিরতা দেখা দিয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতায় মডেল মসজিদগুলোতে কার্যক্রম চলছে: ধর্মমন্ত্রী

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

সোমবার, ১৩ই জুলাই, ২০২৬ ইং

০৬:১৩ পি.এম


ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতায় মডেল মসজিদগুলোতে কার্যক্রম চলছে: ধর্মমন্ত্রী

ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন প্রতিরোধে তরুণদের সচেতন করতে সরকার বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে।

বিশেষ করে ব্রাহ্মণবাড়িয়ার সরাইল-আশুগঞ্জ ও বিজয়নগর উপজেলার কিছু অংশে তরুণ সমাজকে ইসলাম ও নৈতিক শিক্ষায় উদ্বুদ্ধ করার লক্ষ্যে স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোতে সচেতনতামূলক কার্যক্রম পরিচালিত হচ্ছে।

আজ সোমবার (১৩ জুলাই) জাতীয় সংসদ অধিবেশনে ধর্মবিষয়কমন্ত্রী কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ এই তথ্য জানান। অধিবেশনের সভাপতিত্ব করেন ডেপুটি স্পিকার ব্যারিস্টার কায়সার কামাল। ধর্মমন্ত্রীর পক্ষে সংসদে প্রশ্নোত্তর উত্থাপন করেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমেদ।

বৈঠকে স্বতন্ত্র সংসদ সদস্য রুমিন ফারহানা জানতে চান, ব্রাহ্মণবাড়িয়া-২ আসনের সরাইল-আশুগঞ্জ এবং বিজয়নগর উপজেলার আংশিক এলাকায় ধর্মীয় উগ্রবাদ, গুজব ও সামাজিক বিভাজন প্রতিরোধে তরুণদের জন্য সচেতনতামূলক ধর্মীয় শিক্ষা এবং সম্প্রীতির কার্যক্রম গ্রহণে সরকার কী ধরনের উদ্যোগ নিয়েছে?

জবাবে ধর্মমন্ত্রী বলেন, সরকারের লক্ষ্য সামাজিক শান্তি, সম্প্রীতি ও অসাম্প্রদায়িক চেতনা অক্ষুণ্ণ রাখা। এ উদ্দেশ্যে ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে সংশ্লিষ্ট এলাকায় বহুমুখী সচেতনতামূলক কর্মসূচি বাস্তবায়ন চলছে।

তরুণ সমাজকে ধর্মীয় উগ্রবাদ, অপপ্রচার ও সামাজিক বিভাজন থেকে দূরে রেখে ইসলামের প্রকৃত শিক্ষা, সহনশীলতা ও নৈতিক মূল্যবোধে উদ্বুদ্ধ করার জন্য স্থানীয় মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রগুলোকে কার্যক্রমের মূল ভিত্তি হিসেবে ব্যবহার করা হচ্ছে।

একই প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, যুবসমাজের মধ্যে উগ্রবাদবিরোধী সচেতনতা গড়ে তুলতে স্থানীয় আলেম, ইমাম ও খতিবদের সম্পৃক্ত করা হয়েছে। তাদের মাধ্যমে জুমার খুতবা, নিয়মিত ধর্মীয় সেমিনার, আলোচনা সভা ও সম্প্রীতি সমাবেশের আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচিতে ধর্মের অপব্যাখ্যা, উগ্রবাদ, গুজব ও সামাজিক বিভেদের ক্ষতিকর দিক তুলে ধরে তরুণদের সচেতন করা হচ্ছে।

তিনি আরো বলেন, শুধু মুসলিম সম্প্রদায়ের মধ্যে নয়, বিভিন্ন ধর্মাবলম্বীর নেতাদের অংশগ্রহণে আন্তঃধর্মীয় সংলাপ ও সম্প্রীতি সভারও আয়োজন করা হচ্ছে। এসব কর্মসূচির মাধ্যমে পারস্পরিক শ্রদ্ধাবোধ, সহনশীলতা ও সামাজিক সম্প্রীতির পরিবেশ জোরদারের উদ্যোগ নেওয়া হয়েছে।

কাজী শাহ মোফাজ্জাল হোসাইন কায়কোবাদ বলেন, সংশ্লিষ্ট এলাকার সংসদ সদস্যের পরামর্শ ও সহযোগিতায় ভবিষ্যতে যুবসমাজের জন্য নৈতিক শিক্ষা, ধর্মীয় সচেতনতা ও সামাজিক সম্প্রীতি বিষয়ে কার্যক্রম আরো বিস্তৃত করার পরিকল্পনা রয়েছে।

তিনি জানান, ধর্মীয় সম্প্রীতি জোরদারে বিভিন্ন ধর্মীয় কল্যাণ ট্রাস্টও নিজ নিজ পরিসরে সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করছে। হিন্দু ধর্মীয় কল্যাণ ট্রাস্টের মাধ্যমে পুরোহিত ও সেবাইতদের প্রশিক্ষণ দেওয়া হচ্ছে, যেখানে সামাজিক সম্প্রীতি, নৈতিক মূল্যবোধ ও উগ্রবাদ প্রতিরোধের বিষয়গুলো গুরুত্ব পাচ্ছে।

অন্যদিকে খ্রিস্টান ধর্মীয় কল্যাণ ট্রাস্ট ছাত্র-যুবকদের জন্য নিয়মিত নীতি-নৈতিকতা, সামাজিক দায়িত্ববোধ ও সম্প্রীতি বিষয়ক কর্মশালা আয়োজন ও বাস্তবায়ন করছে।

ধর্মমন্ত্রী বলেন, সারা দেশে ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা আরো জোরদার করতে ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের আওতায় ‘ধর্মীয় সম্প্রীতি ও সচেতনতা বৃদ্ধিকরণ’ শীর্ষক একটি প্রকল্প গ্রহণের উদ্যোগ নেওয়া হয়েছে। প্রকল্পটি বাস্তবায়িত হলে উগ্রবাদ প্রতিরোধ, সামাজিক সম্প্রীতি বৃদ্ধি এবং তরুণদের নৈতিক মূল্যবোধ বিকাশে কার্যকর ভূমিকা রাখবে বলে আশা করছে সরকার।

সরকারি দলের সংসদ সদস্য খায়রুল কবির খোকনের প্রশ্নের জবাবে ধর্মমন্ত্রী জানান, বর্তমান সরকারের নির্বাচনী ইশতেহার অনুযায়ী দেশের সব ধর্মীয় প্রতিষ্ঠানের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, পুরোহিত, সেবাইত এবং বৌদ্ধ ধর্মীয় নেতাদের চলমান কর্মসূচির আওতায় আনার প্রক্রিয়া চলছে। ইতিমধ্যে ১৩ হাজার ৯৪৯ জনের অনুকূলে সম্মানি দেওয়া হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৫০
মাগরিব ০৫:২৭
ইশা ০৬:৩৮
সূর্যোদয় : ০৫:৫৯ সূর্যাস্ত : ০৫:২৭
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%