১০:৪৩ এম
দক্ষিণ চীন সাগরের প্রাতাস দ্বীপপুঞ্জের জলসীমায়, তাইওয়ানের দাবি অনুযায়ী চীন প্রথমবারের মতো সমন্বিত অভিযান চালিয়েছে। দেশটির উপকূলরক্ষী বাহিনী শনিবার (০৬ জুন) এক বিবৃতিতে জানায়, তাইওয়ানকে উস্কানি দেওয়ার উদ্দেশ্যে একটি চীনা উপকূলরক্ষী জাহাজ ও একটি জরিপ জাহাজ যৌথভাবে এই অভিযান চালিয়েছে।
তাইওয়ান-নিয়ন্ত্রিত প্রাতাস দ্বীপপুঞ্জটি দক্ষিণ চীন সাগরের উত্তর প্রান্তে অবস্থিত। বেইজিংয়ের সার্বভৌমত্ব দাবির অংশ হিসেবে দ্বীপটি এখন চীন-তাইওয়ানের সামরিক ও আধা-সামরিক দ্বন্দ্বের নতুন কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। মূল তাইওয়ান দ্বীপ থেকে এর দূরত্ব ৪০০ কিলোমিটারেরও বেশি হওয়ায়, নিরাপত্তা বিশেষজ্ঞরা এই অঞ্চলটিকে চীনা আক্রমণের জন্য অত্যন্ত ঝুঁকিপূর্ণ মনে করছেন। তাইওয়ানের উপকূলরক্ষী বাহিনী জানিয়েছে, শুক্রবার (০৫ জুন) একটি চীনা উপকূলরক্ষী জাহাজ এবং শনিবার (০৬ জুন) একটি জরিপ জাহাজ প্রাতাস দ্বীপের জলসীমায় প্রবেশ করেছে।
অভিযানের সময় চীনা উপকূলরক্ষী জাহাজটি বেতার বার্তার মাধ্যমে জানায় যে, তারা সেখানে নিয়মিত আইন প্রয়োগকারী অভিযান চালাচ্ছে। তাঁরা এই সময় প্রচার করে বলেন, তাইওয়ানের ভবিষ্যৎ কেবল চীনের সাথে জাতীয় পুনর্মিলনের মধ্যেই নিহিত রয়েছে। পরে তাইওয়ানও দ্রুত নিজেদের জাহাজ পাঠায়। তাইওয়ানিজ জাহাজ থেকে পাল্টা বার্তায় বলা হয়, ‘শান্তি বিঘ্নিত করা বন্ধ করুন। আপনাদের ফিরে গিয়ে দেশে গণতন্ত্র প্রতিষ্ঠা করা উচিত—এটাই আপনাদের দেশের সেবা করার সঠিক পথ।’
আরও পড়ুন: কক্সবাজারের ইনানী সৈকতে ১৩টি অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান
এদিকে, তাইওয়ানের জাতীয় নিরাপত্তা পরিষদের মহাসচিব জোসেফ উ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্স-এ জাহাজ দুটির গতিপথের মানচিত্র প্রকাশ করে তীব্র ক্ষোভ জানান। তিনি চীনকে ‘অসুস্থ গুণ্ডা’ আখ্যা দিয়ে বলেন, বেইজিং এই অঞ্চলে অশান্তি সৃষ্টির চেষ্টা করছে। চীন প্রাতাস দ্বীপপুঞ্জকে নিজেদের ভূখণ্ড বলে দাবি করলেও, তাইওয়ান সরকার তা বরাবরই প্রত্যাখ্যান করে আসছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন