ঢাকা সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৭ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ০২ই নভেম্বর, ২০২৬ইং ১৭ই কার্তিক, ১৪৩২বাং

ভোলায় ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত, আপত্তিকর ভিডিও ভাইরাল


ভোলায় ইসলামী আন্দোলন নেতার সব পদ স্থগিত, আপত্তিকর ভিডিও ভাইরাল

ভোলায় সামাজিক যোগাযোগমাধ্যমে একটি ব্যক্তিগত আপত্তিকর ভিডিও ছড়িয়ে পড়ার ঘটনার পর ইসলামী আন্দোলন বাংলাদেশের ভোলা দক্ষিণ জেলা শাখার সেক্রেটারি মাওলানা আব্বাস উদ্দিনের সব সাংগঠনিক পদ স্থগিত করা হয়েছে। এই ঘটনার প্রেক্ষিতে দলটি একটি পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে।

রোববার (১১ অক্টোবর) ভোলা দক্ষিণ জেলা ইসলামী আন্দোলন বাংলাদেশের অফিসিয়াল ফেসবুক পেজে প্রকাশিত বিজ্ঞপ্তিতে এই সিদ্ধান্তের কথা জানানো হয়।

স্থানীয় সূত্র এবং সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্য অনুযায়ী, ভাইরাল ভিডিওতে আব্বাস উদ্দিনকে এক নারীর সঙ্গে ভিডিও কলে আপত্তিকর অবস্থায় কথা বলতে দেখা গেছে বলে অভিযোগ করা হচ্ছে। এই ঘটনার কারণে এলাকায় আলোচনা ও সমালোচনা শুরু হয়েছে।

আরও পড়ুন: বাকেরগঞ্জে মাদকের বিরুদ্ধে অবস্থান নেওয়ায় যুবদল ও ছাত্রদল নেতাদের হয়রানির অভিযোগ, সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সহযোগিতা কামনা

আব্বাস উদ্দিন চরফ্যাশন এলাকার একটি কওমি মহিলা মাদ্রাসা পরিচালনার সঙ্গে যুক্ত থাকায়, স্থানীয়দের কেউ কেউ প্রতিষ্ঠানটির পরিবেশ ও শিক্ষার্থীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন।

এদিকে, ভিডিওটি নিয়ে অনুশোচনা প্রকাশ করে আব্বাস উদ্দিন দাবি করেছেন, এটি কয়েক মাস আগের ঘটনা এবং ভিডিও কলে থাকা নারী তার স্ত্রী। তিনি জানান, ভিডিওটি তার মোবাইল ফোনে সংরক্ষিত ছিল। সম্প্রতি ফোনটি হারিয়ে যাওয়ার পর একটি চক্র অসৎ উদ্দেশ্যে সেটি উদ্ধার করে তাকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে দিয়েছে।

তবে মোবাইল ফোনে এ ধরনের সংবেদনশীল ভিডিও সংরক্ষণের ক্ষেত্রে অসতর্কতা ছিল বলে তিনি স্বীকার করেছেন। তার এসব দাবির বিষয়ে স্বাধীনভাবে নিশ্চিত হওয়া যায়নি।

ইসলামী আন্দোলন বাংলাদেশের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক উপাধ্যক্ষ মাওলানা মুহাম্মদ সিরাজুল ইসলাম জানিয়েছেন, দলীয় শৃঙ্খলা ও আদর্শের প্রশ্নে সংগঠন কঠোর অবস্থানে রয়েছে।

আরও পড়ুন: রাষ্ট্রপতির হাত থেকে জাতীয় যুব পুরস্কার পেলেন নেছারাবাদের শিরিন খানম

তিনি জানান, ভোলা দক্ষিণ জেলা শাখার সভাপতি প্রফেসর কামাল উদ্দিনের নেতৃত্বে পাঁচ সদস্যের তদন্ত কমিটি গঠন করা হয়েছে। কমিটির চূড়ান্ত প্রতিবেদনের ভিত্তিতে আব্বাস উদ্দিনের বিষয়ে পরবর্তী সিদ্ধান্ত নেওয়া হবে। তদন্তে অভিযোগ প্রমাণিত হলে তার বিরুদ্ধে চূড়ান্ত সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

তদন্ত শেষ না হওয়া পর্যন্ত আব্বাস উদ্দিনের সব সাংগঠনিক পদ স্থগিত থাকবে বলে দলীয় সূত্রে জানানো হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেরোবিতে বিশ্ববিদ্যালয় দিবসে ক্লাস, শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


বেরোবিতে বিশ্ববিদ্যালয় দিবসে ক্লাস, শিক্ষার্থীদের ক্ষোভ প্রকাশ

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের দিনেও ক্লাস অনুষ্ঠিত হয়েছে বিশ্ববিদ্যালয়ের ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের একজন শিক্ষকের দ্বারা। এই কারণে বিশ্ববিদ্যালয় দিবসের বর্ণাঢ্য র‍্যালিতে অংশগ্রহণ না করতে পারায় ক্ষোভ প্রকাশ করেছেন শিক্ষার্থীরা। একইভাবে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদেরও র‍্যালিতে উপস্থিতি দেখা যায়নি।

সোমবার (১২ অক্টোবর) বিশ্ববিদ্যালয়ের ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে সকাল ১০টায় একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। তবে র‍্যালিতে ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের মাত্র পাঁচজন শিক্ষার্থী উপস্থিত ছিলেন। বিভাগটির শিক্ষক, কর্মকর্তা বা কর্মচারীদের মধ্যে কেউ র‍্যালিতে অংশগ্রহণ করেননি।

জানা গেছে, র‍্যালির সময় সকাল ১০টায় ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের সহযোগী অধ্যাপক ড. মো. সজিব মিয়া একটি ক্লাস নেন। ফলে ওই ক্লাসের শিক্ষার্থীরা র‍্যালিতে অংশ নিতে পারেননি। এছাড়াও, একই শিক্ষকের দুপুর ২টায় আরও একটি ক্লাস রয়েছে।

নাম প্রকাশ না করার শর্তে বিভাগের এক শিক্ষার্থী মন্তব্য করেন, ‘আজ বিশ্ববিদ্যালয়ের একটি বিশেষ দিন। অথচ এ দিনেও আমাদের ক্লাস নেওয়া হয়েছে। বিশ্ববিদ্যালয় দিবসে ক্লাস বন্ধ থাকার কথা। বিভাগ থেকে আমাদের র‍্যালিতে অংশগ্রহণসহ বিশ্ববিদ্যালয় দিবস উদযাপনের সুযোগ থেকে বঞ্চিত করা হয়েছে।’

ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের কোর্স শিক্ষক ড. মো. সজিব মিয়া এ বিষয়ে বলেন, ‘আজকে ছুটি, ক্লাস-পরীক্ষা নেওয়া যাবে না, বিষয়টি আমার জানা ছিল না।’

বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্টাডিজ অনুষদের ডিন ও ফাইন্যান্স অ্যান্ড ব্যাংকিং বিভাগের বিভাগীয় প্রধান ড. নূর আলম সিদ্দিক জানান, এটি কোনো অফিসিয়াল ক্লাস নয়। তিনি আরও বলেন, “আর ক্লাস তো নেওয়ার কথা না। আমি বিভাগে যোগাযোগ করে বিষয়টি দেখব।”

র‍্যালিতে বিভাগের শিক্ষক ও কর্মচারীদের অংশগ্রহণ না করার বিষয়ে তিনি বলেন, ‘আমার নানী অসুস্থ। এ কারণে আমি এখানে আছি। বিষয়টি আমি বিভাগে খোঁজ নিয়ে দেখব।’

অন্যদিকে, অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের বিভাগীয় প্রধান ড. আপেল মাহমুদ জানান, ‘আমরা র‍্যালিতে ছিলাম। আমি ও আরেকজন এবং আমাদের একজন কর্মকর্তা উপস্থিত ছিলেন। কোনো শিক্ষার্থী ছিল না। এ কারণে শেষ পর্যন্ত আমরা র‍্যালিতে থাকতে পারিনি।’

বিশ্ববিদ্যালয় দিবস উদযাপন কমিটির আহ্বায়ক ও রেজিস্ট্রার অধ্যাপক ড. মো. ফেরদৌস রহমান বলেন, ছুটির দিনে ক্লাস নেওয়ার বিষয়টি খুবই দুঃখজনক। তিনি জানান, এ ব্যাপারে তারা বিভাগের সঙ্গে যোগাযোগ করবেন।

অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের শিক্ষার্থীদের র‍্যালিতে অংশগ্রহণ না করার বিষয়ে তিনি বলেন, ‘র‍্যালির ব্যানার তৈরি করে দেওয়ার পরও যদি তারা অংশগ্রহণ না করে, তাহলে তারা বিশ্ববিদ্যালয়কে ধারণ করে না। বিশ্ববিদ্যালয়ের প্রতি তাদের ভালোবাসা নেই, বিষয়টি তারই বহিঃপ্রকাশ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অজয়ের ভাগ্য বদলে দিল ‘দৃশ্যম ৩’, আয় ছাড়াল ৪৭৯ কোটি

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


অজয়ের ভাগ্য বদলে দিল ‘দৃশ্যম ৩’, আয় ছাড়াল ৪৭৯ কোটি

বলিউডে আবারও নিজের সাফল্যের প্রমাণ রেখেছেন অভিনেতা অজয় দেবগন। তাঁর অভিনীত বহুল প্রতীক্ষিত সিনেমা ‘দৃশ্যম ৩: দ্য কনক্লুশন’ বক্স অফিসে অসাধারণ সাড়া ফেলেছে। মুক্তির দশম দিনে ভারতে ৩০০ কোটি রুপির মাইলফলক অতিক্রম করে ছবিটি অজয়ের অভিনয়জীবনের সবচেয়ে বেশি আয় করা সিনেমার নতুন রেকর্ড গড়েছে।

বক্স অফিসের তথ্য অনুযায়ী, মুক্তির দশম দিনে ভারতে ১৪ হাজার ৮৭২টি প্রদর্শনী থেকে ছবিটি আয় করেছে ২২ কোটি ৫০ লাখ রুপি। এর ফলে দেশটির বাজারে সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৩৭০ কোটি ৮০ লাখ রুপি। একই দিনে বিদেশের বাজার থেকে এসেছে আরও ৬ কোটি রুপি। ফলে বিদেশে ছবিটির মোট আয় ১০৯ কোটি রুপিতে পৌঁছেছে।

সব মিলিয়ে বিশ্বব্যাপী সিনেমাটির মোট আয় দাঁড়িয়েছে ৪৭৯ কোটি ৮০ লাখ রুপি। ভারতীয় গণমাধ্যমের প্রতিবেদনের ভিত্তিতে, ২০২৬ সালে ৩০০ কোটি রুপি ক্লাবে প্রবেশ করা চতুর্থ হিন্দি সিনেমা হিসেবে এটি চিহ্নিত হয়েছে। এর আগে ‘ধুরন্ধর ২’, ‘বর্ডার ২’ ও ‘হনুমান অংশ’ এই মাইলফলক অর্জন করেছে।

অজয় দেবগনের ‘তানহাজি: দ্য আনসাং ওয়ারিয়র’ তাঁর ক্যারিয়ারের অন্যতম সফল সিনেমা হিসেবে পরিচিত ছিল। তবে ‘দৃশ্যম ৩’-এর সাফল্য সেই রেকর্ডকে ছাড়িয়ে গেছে। সিনেমাটিতে অজয়ের পাশাপাশি জয়দীপ আহলাওয়াতের অভিনয়ও দর্শক ও সমালোচকদের প্রশংসা অর্জন করেছে।

অভিষেক পাঠকের পরিচালনায় নির্মিত এই সিনেমায় আরও অভিনয় করেছেন টাবু, শ্রিয়া শরণ, রজত কাপুর, প্রকাশ রাজ ও ইশিতা দত্ত। ২০২২ সালে মুক্তি পাওয়া ‘দৃশ্যম ২’-এর পরবর্তী কাহিনি নিয়ে তৈরি হয়েছে ছবিটি। তবে আগের পর্বগুলোর তুলনায় এর গল্পে রয়েছে স্বতন্ত্রতা। বক্স অফিসে এমন সাফল্যের মধ্য দিয়ে অজয় দেবগনের ক্যারিয়ারে নতুন এক অধ্যায় যুক্ত হলো।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পুলিশ হেফাজতে সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের ৮ নেতা

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৪৯ পি.এম


পুলিশ হেফাজতে সোহেল আফ্রিদিসহ পিটিআইয়ের ৮ নেতা

পুলিশ হেফাজতে নেওয়া হয়েছে পিটিআইয়ের আট নেতাকে, যার মধ্যে রয়েছেন খাইবার পাখতুনখোয়ার মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদি। সোমবার পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, পাকিস্তান তেহরিক-ই-ইনসাফের (পিটিআই) অন্তত আটজন নেতা বর্তমানে পুলিশের সুরক্ষামূলক হেফাজতে রয়েছেন। তাদের মধ্যে সোহেল আফ্রিদি উল্লেখযোগ্য।

এছাড়া, পুলিশি হেফাজতে আছেন খাইবার পাখতুনখোয়া বিধানসভার স্পিকার বাবর সেলিম সোয়াতি এবং পিটিআইয়ের প্রাদেশিক সভাপতি জুনায়েদ আকবর।

রোববার, খাইবার পাখতুনখোয়া প্রদেশে সরকারের পতনের পর, সদ্য ক্ষমতা হারানো মুখ্যমন্ত্রী সোহেল আফ্রিদির অবস্থান সম্পর্কে কোনো তথ্য পাওয়া যাচ্ছিল না।

রোববার খাইবার পাখতুনখোয়ায় প্রাদেশিক সরকার ভেঙে দেওয়ার পর জরুরি অবস্থা ও গভর্নরের শাসন কার্যকর করা হয়।

সূত্র: জিও নিউজ

আরেএ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থী প্রার্থী রাফায়েল গ্লুকসম্যান

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

সোমবার, ১২ই অক্টোবর, ২০২৬ ইং

০১:৫০ পি.এম


ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থী প্রার্থী রাফায়েল গ্লুকসম্যান

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৬ : আগামী বছর ফ্রান্সে অনুষ্ঠিত হতে যাওয়া প্রেসিডেন্ট নির্বাচনে মধ্য-বামপন্থীদের প্রার্থী হিসেবে নির্বাচিত হয়েছেন ইউরোপীয় পার্লামেন্টের সদস্য রাফায়েল গ্লুকসম্যান। তিনি রোববার অনুষ্ঠিত প্রাথমিক নির্বাচনের প্রথম পর্বে উল্লেখযোগ্য ব্যবধানে জয় লাভ করেছেন। ভোটের আয়োজকেরা এই তথ্য প্রকাশ করেছেন।

খবর বার্তা সংস্থা এএফপি’র।

৪৬ বছর বয়সী গ্লুকসম্যান মধ্য-বামপন্থী দল প্লাস পাবলিকের নেতা। প্রাথমিক নির্বাচনে মোট ১ লাখ ২০ হাজার ৭৮৭ ভোটের মধ্যে তিনি ৬৬ শতাংশ ভোট পেয়ে বিজয়ী হন।

গ্লুকসম্যানের নিকটতম প্রতিদ্বন্দ্বী সমাজতান্ত্রিক দলের নেতা অলিভিয়ে ফোর পেয়েছেন মাত্র ১৪ শতাংশ ভোট। অন্য তিন প্রার্থীর প্রত্যেকেই ১০ শতাংশের কম ভোট অর্জন করেছেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে গ্লুকসম্যান মন্তব্য করেছেন, ‘এই ফলাফল একটি গুরুত্বপূর্ণ বার্তা দিচ্ছে। বামপন্থীরা নিজেদের আদর্শের প্রতি বিশ্বস্ত থেকে ঐক্যবদ্ধ হতে পারে, সরকার পরিচালনা করতে পারে এবং নির্বাচনে জয়ী হতে পারে।’

গ্লুকসম্যান ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল মাখোঁর নীতির বিকল্প হিসেবে নিজেকে উপস্থাপন করছেন। তিনি মনে করেন, কট্টর ডানপন্থীদের পরাজিত করা তার পক্ষে সম্ভব।

তবে বর্তমানে জনমত জরিপে তার সমর্থন ৯ থেকে ১৪ শতাংশের মধ্যে রয়েছে, যা শীর্ষ প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থী প্রার্থী মেরিন লে পেনের চেয়ে অনেক কম।

মাখোঁর অধীনে প্রধানমন্ত্রী হিসেবে দায়িত্ব পালন করা মধ্য-ডানপন্থী নেতা এদুয়ার ফিলিপ এবং কট্টর বামপন্থী নেতা জ্যঁ-লুক মেলঁশোঁর চেয়েও জরিপে পিছিয়ে রয়েছেন গ্লুকসম্যান। উল্লেখ্য, মেলঁশোঁর দল ফ্রান্স আনবোড নির্বাচনে অংশগ্রহণ করেনি।

গত আগস্টে প্রেসিডেন্ট নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা দিয়ে গ্লুকসম্যান নিজেকে ‘চিরাচরিত রাজনৈতিক’ বলয়ের বাইরে থাকা একজন ব্যক্তি হিসেবে তুলে ধরেন।

তিনি বিদেশে তার অতীত কর্মকাণ্ডের ওপর গুরুত্ব দিয়েছেন, যার মধ্যে রুয়ান্ডায় গণহত্যার পরবর্তী সময়ে কাজ করা এবং মস্কোবিরোধী অবস্থানের জন্য পরিচিত জর্জিয়ার সাবেক প্রেসিডেন্ট মিখাইল সাকাশভিলির উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন অন্তর্ভুক্ত রয়েছে।

২০১৯ সালে ইউরোপীয় পার্লামেন্টের সদস্য নির্বাচিত হওয়ার পর থেকে তিনি মানবাধিকার নিয়ে কাজ করছেন। ইউক্রেনের প্রতি তার দৃঢ় সমর্থনের জন্যও তিনি পরিচিত।

গ্লুকসম্যানের রাজনৈতিক অবস্থান সমাজতান্ত্রিক দলের তুলনায় বেশি সংস্কারপন্থী ও মধ্যপন্থী। অতীতে তিনি সমাজতন্ত্রীদের সঙ্গে নির্বাচনী জোট গঠনসহ বিভিন্ন বিষয়ে সহযোগিতা করেছেন।

এবারও ঐতিহ্যবাহী সমাজতান্ত্রিক দলের সাংগঠনিক শক্তি ও নির্বাচনী প্রচারযন্ত্রের সুবিধা নিতে তিনি দলের সঙ্গে কাজ করা লাভজনক মনে করতে পারেন।

তবে বামপন্থীদের মধ্যে অন্যতম প্রধান প্রতিদ্বন্দ্বী মেলঁশোঁর সঙ্গে কোনো ধরনের সহযোগিতার সম্ভাবনা তিনি নাকচ করে দিয়েছেন।

সমালোচকদের মতে, গ্লুকসম্যান ‘অতিরিক্ত প্যারিসকেন্দ্রিক’ এবং সাধারণ ফরাসি নাগরিকদের দৈনন্দিন বাস্তবতা থেকে বিচ্ছিন্ন। ফলে প্রেসিডেন্ট পদে বিশ্বাসযোগ্য প্রার্থী হয়ে ওঠা তার জন্য কঠিন হতে পারে।

জবাবে তিনি সংঘাতপূর্ণ অঞ্চলে মানবাধিকার নিয়ে কাজ করার অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

গ্লুকসম্যান বলেছেন, ‘বিশ্ব সম্পর্কে আমার দৃষ্টিভঙ্গি ও চিন্তাভাবনা ডাভোস কিংবা ওয়াশিংটনে গড়ে ওঠেনি; বরং এমন সব জায়গায় গড়ে উঠেছে, যেখানকার ধ্বংসযজ্ঞের গভীরতা আপনারা কল্পনাও করতে পারবেন কি না, তা নিয়ে আমার সন্দেহ রয়েছে।’

চলতি গ্রীষ্মে ফ্রান্সজুড়ে নির্বাচনী প্রচারের সময় তিনি এমন একটি বামপন্থী কর্মসূচি তুলে ধরেন, যেখানে পরিবেশগত রূপান্তরের সঙ্গে সামাজিক অগ্রগতির সমন্বয় ঘটানোর ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।

ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের প্রথম দফার ভোট আগামী বছর ১৮ এপ্রিল রোববার অনুষ্ঠিত হবে। দ্বিতীয় দফার ভোট এর দুই সপ্তাহ পর ২ মে অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২১শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:১৯
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%