১১:০১ এম
ম্যানচেস্টার ইউনাইটেডের পর্তুগিজ মিডফিল্ডার ব্রুনো ফার্নান্দেজ এবার সতীর্থ ফুটবলারদের ভোটে বর্ষসেরা নির্বাচিত হয়েছেন। এটি প্রিমিয়ার লিগের মৌসুমসেরা ফুটবলারের পুরস্কার জেতার পর তার জন্য একটি নতুন অর্জন।
৩১ বছর বয়সী এই তারকা গত মৌসুমে দুর্দান্ত পারফরম্যান্সের জন্য প্রফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশন (পিএফএ) বর্ষসেরা খেলোয়াড়ের পুরস্কার লাভ করেছেন। গত মৌসুমে ফার্নান্দেজ ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রেকর্ড ২১টি অ্যাসিস্ট করার পাশাপাশি ৯ গোলও করেছেন। মাইকেল ক্যারিকের কোচিংয়ে দলটি প্রিমিয়ার লিগে তৃতীয় স্থান অর্জন করে এবং চ্যাম্পিয়নস লিগে জায়গা নিশ্চিত করে।
ফার্নান্দেজের এই পারফরম্যান্সের সুবাদে তিনি প্রিমিয়ার লিগের মৌসুমসেরা ফুটবলারের পুরস্কারও জিতেছিলেন। এবার সতীর্থদের ভোটে পিএফএ বর্ষসেরা হয়ে তার অর্জনের তালিকায় যোগ হলো আরেকটি গুরুত্বপূর্ণ স্বীকৃতি।
আরও পড়ুন: রেকর্ড পরিমাণ আয় করেও ৪৩ মিলিয়ন পাউন্ড লোকসানে ইউনাইটেড
ম্যানচেস্টার ইউনাইটেডের জন্য ফার্নান্দেজের এই পুরস্কার জয়ের ফলে নতুন একটি রেকর্ড সৃষ্টি হয়েছে। ইংল্যান্ড ও ওয়েলসে সর্বাধিক ১২ জন ফুটবলার পিএফএ বর্ষসেরা হওয়ার কৃতিত্ব এখন ক্লাবটির।
ফার্নান্দেজ পিএফএ বর্ষসেরা হওয়া দ্বিতীয় পর্তুগিজ ফুটবলার। এর আগে ২০০৭ ও ২০০৮ সালে ক্রিশ্চিয়ানো রোনালদো টানা দুইবার এই পুরস্কার জিতেছিলেন।
মাইকেল ক্যারিকের অধীনে ফার্নান্দেজের পারফরম্যান্সও উল্লেখযোগ্য ছিল। আক্রমণভাগের খেলোয়াড়দের আরও স্বাধীনভাবে খেলার সুযোগ দেওয়ার কৌশলে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন ইউনাইটেড অধিনায়ক।
২০২০ সালে স্পোর্তিং সিপি থেকে ম্যানচেস্টার ইউনাইটেডে যোগ দেওয়ার পর থেকে ক্লাবটির হয়ে ৩১৪ ম্যাচে ১১০ গোল ও ১০৬ অ্যাসিস্ট করেছেন ফার্নান্দেজ। প্রিমিয়ার লিগ যুগে ইউনাইটেডের হয়ে ২০০ গোল-অবদানে পৌঁছাতে তার চেয়ে দ্রুত ছিলেন কেবল ক্লাব কিংবদন্তি ওয়েইন রুনি।
আরও পড়ুন: মালয়েশিয়ায় বাংলাদেশিসহ সাত দেশের ৩১২ অভিবাসীর বিচার
পিএফএ উইমেন’স প্লেয়ার অব দ্য ইয়ার নির্বাচিত হয়েছেন ম্যানচেস্টার সিটির ফরোয়ার্ড খাদিজা মনিফা শ। গত মৌসুমে উইমেন’স সুপার লিগে ২১ গোল করে সর্বোচ্চ গোলদাতা হন ২৯ বছর বয়সী এই জ্যামাইকান ফরোয়ার্ড। ২০২৪ সালেও একই পুরস্কার জিতেছিলেন তিনি।
পিএফএ বর্ষসেরা তরুণ ফুটবলার হয়েছেন ম্যানচেস্টার সিটির ২১ বছর বয়সী লেফট-ব্যাক নিকো ও’রাইলি। প্রিমিয়ার লিগের সেরা তরুণ খেলোয়াড়ের পুরস্কারও অর্জন করেছেন তিনি।
উইমেন’স ইয়াং প্লেয়ার অব দ্য ইয়ার হয়েছেন আর্সেনালের ২২ বছর বয়সী স্ট্রাইকার অলিভিয়া স্মিথ। টানা দ্বিতীয়বারের মতো এই পুরস্কার জিতেছেন তিনি।
পিএফএ বর্ষসেরা একাদশ
আরও পড়ুন: স্কুলছাত্রী যুথির হত্যাকাণ্ডে জড়িতদের শাস্তির দাবিতে মানববন্ধন
গোলকিপার: দাভিদ রাইয়া (আর্সেনাল)
রক্ষণভাগ: গাব্রিয়েল মাগালায়েস (আর্সেনাল), নিকো ও’রাইলি (ম্যানচেস্টার সিটি), উইলিয়াম সালিবা (আর্সেনাল), জুরিয়েন টিম্বার (আর্সেনাল)
মাঝমাঠ: ব্রুনো ফার্নান্দেজ (ম্যানচেস্টার ইউনাইটেড), ডেক্লান রাইস (আর্সেনাল), রায়ান শের্কি (ম্যানচেস্টার সিটি)
আক্রমণভাগ: আর্লিং হলান্ড (ম্যানচেস্টার সিটি), আন্তোয়ান সেমেনিও (ম্যানচেস্টার সিটি), ইগো চিয়াগো (ব্রেন্টফোর্ড)
আরও পড়ুন: আবুধাবি টি-টেন লিগে খেলবেন পাকিস্তানি ক্রিকেটাররা, রফাদফা ২৫ কোটি টাকা
বর্ষসেরা একাদশে সবচেয়ে বেশি পাঁচজন খেলোয়াড় জায়গা পেয়েছেন প্রিমিয়ার লিগ চ্যাম্পিয়ন আর্সেনাল থেকে। রানার্সআপ ম্যানচেস্টার সিটির রয়েছেন চারজন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন