পারভীন আক্তার, নারায়ণগঞ্জ জেলা প্রতিনিধি
০৮:৪৪ পি.এম
২১ জুন ২০২৬, রবিবার:জেলা তথ্য অফিস, নারায়ণগঞ্জ-এর আয়োজনে “শিশু, কিশোর-কিশোরী ও নারী উন্নয়নে সচেতনতামূলক প্রচার কার্যক্রম” প্রকল্পের আওতায় এবং ইউনিসেফ বাংলাদেশের আর্থিক সহায়তায় মে–জুন ২০২৬ মেয়াদে Community Engagement and Social Behavior Change (CE-SBC) activities on Alternative Learning Pathways and empowerment of adolescents issues বিষয়ক কমিউনিটি ডায়ালগ অনুষ্ঠিত হয়।
স্থান: উজান গোবিন্দী বিনাইচর উচ্চ বিদ্যালয়, আড়াইহাজার, নারায়ণগঞ্জ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
শিক্ষা ও প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলনের সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার।
আজ রোববার সচিবালয়ে মন্ত্রণালয়ের তার অফিস কক্ষে এ সাক্ষাৎ অনুষ্ঠিত হয়েছে।
সাক্ষাৎকালে উভয় দেশের শিক্ষার সার্বিক উন্নয়ন, পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিষয় ও বিভিন্ন নতুন উদ্যোগ নিয়ে বিস্তারিত আলোচনা হয়েছে।
এ সময় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন বলেছেন, ‘বর্তমান সরকার দেশের বিশাল জনসংখ্যাকে দক্ষ মানবসম্পদে পরিণত করতে নিরলসভাবে কাজ করে যাচ্ছে। এই দক্ষতার মানোন্নয়নে ইতোমধ্যে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষাকে মূল পাঠ্যক্রমে কার্যকরভাবে অন্তর্ভুক্ত করার বিশেষ উদ্যোগ নেওয়া হয়েছে। এ ধরনের দক্ষতা উন্নয়নমূলক শিক্ষাক্ষেত্রে বাংলাদেশ ও পাকিস্তানের একসাথে কাজ করার ব্যাপক সুযোগ রয়েছে।’
পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার শিক্ষাক্ষেত্রে বর্তমান সরকারের গৃহীত বিভিন্ন সময়োপযোগী উদ্যোগের ভূয়সী প্রশংসা করেন। তিনি বলেন, ‘পাকিস্তান ও বাংলাদেশ দুই দেশই শিক্ষার গুণগত মান উন্নয়নে একত্রে কাজ করছে। বিশেষ করে কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষার ক্ষেত্রে বাংলাদেশের সাথে পাকিস্তানের অভিজ্ঞতা ও সহযোগিতা বিনিময়ের বড় সুযোগ রয়েছে।’
এ সময় তিনি পাকিস্তানের কারিগরি ও বৃত্তিমূলক শিক্ষা এবং প্রশিক্ষণ (টিভিইটি) কার্যক্রমের সার্বিক অগ্রগতি সরেজমিনে পরিদর্শন করার জন্য বাংলাদেশের প্রতিনিধি দলকে আহ্বান জানান।
সাক্ষাৎ অনুষ্ঠানশেষে পাকিস্তানের হাইকমিশনার ইমরান হায়দার বাংলাদেশের স্কুল ও কলেজের শিক্ষার্থীদের খেলাধুলার মানোন্নয়ন ও শারীরিক বিকাশের লক্ষ্যে ১ হাজার ফুটবল মন্ত্রীর হাতে উপহার হিসেবে তুলে দেন।
সাক্ষাৎকালে আরও উপস্থিত ছিলেন শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা অধিদপ্তরের (মাউশি) মহাপরিচালক প্রফেসর ড. খান মইনুদ্দিন আল মাহমুদ সোহেল এবং পাকিস্তানের ডেপুটি হাইকমিশনার মুহাম্মদ ওয়াজিফ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
গাজীপুরের একটি মসজিদে জুমার নামাজে দান করার সময়, এক ব্যক্তি ৫০০ টাকার দুটি জাল নোট ধরিয়ে ৮০০ টাকা ফেরত নিতে গিয়ে ধরা পড়েছেন। তিনি নিজেকে সাংবাদিক বলেও পরিচয় দিয়েছিলেন, যাতে উদ্ভূত পরিস্থিতি থেকে বাঁচতে পারেন।
শনিবার (২০ জুন) সকালে তাকে জাল টাকাসহ আদালতে পাঠায় পুলিশ।
এর আগে, শুক্রবার (১৯ জুন) মহানগরীর গাছা থানার অধীন ৩৫ নম্বর ওয়ার্ডের বোর্ড বাজার কেন্দ্রীয় জামে মসজিদে জুমার নামাজের সময় মুসল্লিরা তাকে আটক করে।
আটক ব্যক্তি হলেন ব্রাহ্মণবাড়িয়া সদর উপজেলার কাওয়াতুল গ্রামের মৃত ফুল মিয়ার ছেলে হানিফ মিয়া। বর্তমানে তার বাসস্থান ঢাকার তেজগাঁও শিল্পাঞ্চল থানার পূর্ব নাখালপাড়া এলাকায়।
প্রত্যক্ষদর্শীরা জানিয়েছেন, হানিফ মিয়া দুটি ৫০০ টাকার নোট দিয়ে ২০০ টাকা দান করেন এবং বাকি ৮০০ টাকা ফেরত চান। এসময় এক মুসল্লির সন্দেহ হলে তিনি নোট দুটি ভালোভাবে পরীক্ষা করেন। পরে আরও কয়েকজন যাচাই করে নিশ্চিত হন, নোট দুটি জাল। এরপর সঙ্গে সঙ্গে তাকে আটক করা হয় এবং পুলিশে খবর দেওয়া হয়।
গাছা থানার পুলিশ খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাকে থানায় নিয়ে যায়। মসজিদের মুয়াজ্জিন এ ঘটনায় গাছা থানায় একটি লিখিত অভিযোগ করেন।
গাজীপুর মেট্রোপলিটন গাছা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ওয়াহিদুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আটক ব্যক্তির কাছ থেকে সাতটি ৫০০ টাকার জাল নোট উদ্ধার করা হয়েছে। তার বিরুদ্ধে নিয়মিত মামলা রুজু করা হয়েছে এবং আদালতের মাধ্যমে তাকে কারাগারে পাঠানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
অবৈধ পকেট কমিটি গঠন এবং মাদক ব্যবসায়ী, ইভটিজিংকারী, অছাত্র ও টিকটকারদের কমিটিতে স্থান দেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ছাত্রদলের একাংশ রাজশাহী সিটি কলেজে। আন্দোলনকারীরা নতুন কমিটিকে সম্পূর্ণ অবাঞ্ছিত ঘোষণা করে কলেজ ক্যাম্পাসে তাদের প্রবেশ কঠোরভাবে নিষিদ্ধ করেছেন।
রোববার (২১ জুন) বেলা ১২টায় সিটি কলেজ প্রাঙ্গণ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়। মিছিলটি কলেজের বিভিন্ন ক্লাসরুম ও অফিস কক্ষের বারান্দা প্রদক্ষিণ করে ক্যাম্পাস চত্বরে এসে সংক্ষিপ্ত সমাবেশের মাধ্যমে শেষ হয়।
বিক্ষোভ সমাবেশ থেকে মহানগর ও কেন্দ্রীয় কমিটির কাছে এই নতুন কমিটি গঠন প্রক্রিয়া নিয়ে সঠিক ও সুষ্ঠু তদন্ত করার জোর আহ্বান জানান বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।
সমাবেশে বক্তারা বলেন, সম্প্রতি সিটি কলেজে গঠিত নতুন কমিটিকে ঘিরে বিগত আন্দোলন-সংগ্রামের ত্যাগী নেতাকর্মীদের মাঝে তীব্র ক্ষোভ ও অসন্তোষ সৃষ্টি হয়েছে। আন্দোলনকারী ছাত্রদল নেতাদের অভিযোগ, নতুন কমিটির সদস্যদের সাধারণ শিক্ষার্থীরা চেনেই না এবং বিগত গণ-আন্দোলনের মাঠে তাদের কোনো উপস্থিতি ছিল না। উল্টো, কমিটিতে এমন ব্যক্তিদের স্থান দেওয়া হয়েছে যারা মাদক ব্যবসার সাথে জড়িত এবং টিকটকার।
নেতাকর্মীরা আরও অভিযোগ করেন, অভিযুক্তদের বিরুদ্ধে নারীবিদ্বেষী আচরণ এবং নারীদের নামে কটূক্তি করার সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে। এছাড়া সদস্যদের মধ্যে বিবাহিত এবং সন্তানের বাবারাও রয়েছেন, যা ছাত্র রাজনীতির সাধারণ নিয়মের পরিপন্থী।
নেতাকর্মীরা প্রশ্ন তোলেন, অযোগ্য ব্যক্তিদের কীভাবে কমিটিতে আনা হলো এবং এর নেপথ্যে কারা রয়েছে তা তদন্ত করতে হবে। যারা দলের জন্য জেল-জুলুম ও নির্যাতনের শিকার হয়েছেন, তাদের সঠিক মূল্যায়ন চান তারা। নতুন কমিটির নেতাদের সাধারণ শিক্ষার্থীদের সাথে মাঠে নেমে যোগ্যতা প্রমাণ করার চ্যালেঞ্জ ছুঁড়ে দিয়ে তারা বলেন, যোগ্যতা প্রমাণ করতে না পারলে তাদের অবিলম্বে পদত্যাগ করতে হবে।
বিক্ষোভকারীরা তাদের দলের শীর্ষ নেতৃত্ব ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের প্রতি গভীর আস্থা প্রকাশ করে বলেন, দলের মারাত্মক ক্ষতি এড়াতে তিনি যেন ব্যক্তিগতভাবে বিষয়টি খতিয়ে দেখেন। একই সাথে কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি ও সাধারণ সম্পাদকের কাছে সুষ্ঠু তদন্তের মাধ্যমে সিটি কলেজে একটি গ্রহণযোগ্য ও সুন্দর কমিটি উপহার দেওয়ার আহ্বান জানানো হয়।
বিক্ষোভ সমাবেশে উপস্থিত ছিলেন রাজশাহী সিটি কলেজ ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বিশাল রহমান, যুগ্ম আহ্বায়ক তাফাকুল ইসলাম সৈকত, যুগ্ম আহ্বায়ক আবু সুফিয়ান চন্দন এবং ১১নং ওয়ার্ড ছাত্রদলের সভাপতি ও সিটি কলেজের ছাত্রনেতা আন নাফি খান মনসহ অন্যান্য সাধারণ শিক্ষার্থীবৃন্দ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
মৌখিক পরীক্ষা শেষ হওয়ার পর সরকারি কর্ম কমিশন (পিএসসি) ৪৭তম বিসিএসের ফলের অপেক্ষায় রয়েছে চাকরিপ্রার্থীরা। পিএসসি থেকে পাওয়া সূত্র জানাচ্ছে যে, চলতি সপ্তাহের মধ্যে এ ফল প্রকাশের পরিকল্পনা রয়েছে।
পিএসসি সূত্র আরও জানিয়েছে, ফল প্রকাশের সম্পূর্ণ প্রস্তুতি শেষ হওয়ার পর ফুল কমিশন সভা ডাকা হবে। এবং ওই সভায় মূলত ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হবে।
এ সপ্তাহেই ৪৭তম বিসিএসের ফল প্রকাশের সম্ভাবনা রয়েছে বলে জানা গেছে। সবকিছু ঠিক থাকলে আগামী বুধবার অথবা বৃহস্পতিবার ফুল কমিশন সভা ডাকা হতে পারে। উক্ত সভায় ফল প্রকাশের সিদ্ধান্ত নেয়া হবে। যদি কোনো কারণে এই সপ্তাহে ফল প্রকাশ সম্ভব না হয়, তাহলে আগামী সপ্তাহের প্রথম দিন ফল প্রকাশিত হবে।
২০২৪ সালের ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করেছিল পিএসসি। এর পর ২০২৫ সালের ১৯ সেপ্টেম্বর ৪৭তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে। পরীক্ষার মাত্র ৯ দিন পর ফল প্রকাশ করে পিএসসি রেকর্ড গড়েছিল। একই বছরের ২৭ নভেম্বর থেকে ১৮ ডিসেম্বর পর্যন্ত লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হয়। এরপর আগামী ৭ এপ্রিল পিএসসি ৪৭তম বিসিএসের লিখিত পরীক্ষার ফলাফল প্রকাশ করে, যেখানে সাময়িকভাবে ৩ হাজার ৬৩১ জন উত্তীর্ণ হয় এবং তাদের মৌখিক পরীক্ষা শেষ হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, এ বিসিএসের অধীনে ক্যাডার ও নন-ক্যাডার মিলিয়ে মোট ৩ হাজার ৬৮৮ জনকে নিয়োগ দেয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ