বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০৩:০০ পি.এম
মুম্বাই সন্ত্রাসী হামলার ১৮তম বর্ষপূর্তি আজ। ২০০৮ সালের ২৬ নভেম্বর এই হামলার ঘটনা ঘটে। এই দিনটিকে স্মরণ করার পাশাপাশি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াইয়ে গত কয়েক বছরে আসা পরিবর্তনগুলোও পর্যালোচনা করছে দেশটি।
ভারত একসময় সন্ত্রাসবাদ মোকাবিলায় অপেক্ষাকৃত নিষ্ক্রিয় ও নমনীয় কৌশল অনুসরণ করলেও বর্তমানে ‘সন্ত্রাসবাদের প্রতি শূন্য সহনশীলতা’ নীতি গ্রহণ করেছে। দেশটি সন্ত্রাসীদের পাশাপাশি তাদের অর্থায়ন ও সহায়তার নেটওয়ার্ক ধ্বংসে গুরুত্ব দিচ্ছে। এর উদাহরণ হিসেবে ২০২৫ সালের ৭ থেকে ১০ মে পাহালগাম হামলার জবাবে ‘অপারেশন সিঁদুর’ পরিচালনার উল্লেখ করা হয়েছে। এই অভিযানে ৮৮ ঘণ্টা ধরে পাকিস্তানের নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে হামলা চালানো হয়।
গত ১৯ নভেম্বর দিল্লিতে অনুষ্ঠিত এক সন্ত্রাসবাদবিরোধী সম্মেলনে ভারতের স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ দাবি করেন, নিরাপত্তা বাহিনী দেশের ভেতরে সক্রিয় সর্বশেষ পরিচিত সন্ত্রাসী লতিফ ভাটকে নির্মূল করেছে। তিনি আরও দাবি করেন, এর ফলে কাশ্মীর এখন ভারত-জাত সন্ত্রাসীদের প্রভাবমুক্ত। সন্ত্রাসবিরোধী অভিযান অব্যাহত রাখতে নিরাপত্তা বাহিনীর সক্ষমতা বাড়ানোর ওপরও তিনি গুরুত্ব দেন।
‘সাউথ এশিয়া টেরোরিজম পোর্টাল’-এর তথ্য অনুযায়ী, ভারতে সন্ত্রাসী নিহত হওয়ার সংখ্যা ২০০১ সালে ছিল ৩ হাজার ৫ জন এবং ২০০৮ সালে ১ হাজার ২৩২ জন, কিন্তু চলতি বছর তা কমে ২৫ জনে দাঁড়িয়েছে। একই সময়ে নিরাপত্তা বাহিনীর সদস্য নিহত হয়েছেন চারজন এবং বেসামরিক নাগরিক নিহত হয়েছেন দুজন। ২০০৮ সালে এই সংখ্যা ছিল যথাক্রমে ৩৬৬ ও ৯১৫ জন।
তাহলে কি বলা যায়, সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারত প্রায় জয়ী হয়েছে? এখন কি দেশটি প্রচলিত সামরিক হুমকিসহ অন্যান্য নিরাপত্তা চ্যালেঞ্জ মোকাবিলায় বেশি মনোযোগ দিতে পারবে? ভারতের সন্ত্রাসবিরোধী কৌশল কি আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদের মূল উৎপাটন করতে পেরেছে? এসব প্রশ্নের সহজ কোনো হ্যাঁ-না উত্তর নেই।
তাহলে আগেভাগে বিজয় ঘোষণা করা ঠিক হবে না। এতে সন্ত্রাসবাদের বিরুদ্ধে লড়াইয়ে ভারতীয় সশস্ত্র বাহিনীর দীর্ঘদিনের পরিশ্রম ও আত্মত্যাগ খাটো হতে পারে। বরং ভারতের সন্ত্রাসবিরোধী কৌশল কীভাবে বদলেছে, তা বিশ্লেষণ করলেই এসব প্রশ্নের কিছু উত্তর পাওয়া যেতে পারে।
ভারতের দুর্বল প্রতিক্রিয়া
ভারতের অর্থনৈতিক রাজধানী মুম্বাইয়ে ২০০৮ সালের ২৬ নভেম্বরের সন্ত্রাসী হামলাকে প্রায়ই যুক্তরাষ্ট্রের ৯/১১ হামলার সঙ্গে তুলনা করা হয়। তবে ভারতের সন্ত্রাসবিরোধী লড়াই শুরু হয়েছিল আরো আগে, নব্বইয়ের দশকের শুরুতে, যখন কাশ্মীর উপত্যকায় পাকিস্তান থেকে আন্তঃসীমান্ত সন্ত্রাসবাদ ছড়িয়ে পড়ে।
এর আগে পাকিস্তানের সম্পৃক্ততার কিছু প্রমাণ পাওয়া গেলেও ১৯৯৯ সালের ২৪ ডিসেম্বর ইন্ডিয়ান এয়ারলাইন্সের ‘আইসি-৮১৪’ উড়োজাহাজ ছিনতাইয়ের ঘটনায় বিষয়টি আরও স্পষ্ট হয়ে ওঠে। জিম্মিদের মুক্ত করতে তীব্র জনমত ও আন্তর্জাতিক চাপের মুখে ভারত শেষ পর্যন্ত মাসুদ আজহার ও আহমেদ ওমর শেখসহ কয়েকজন পাকিস্তানভিত্তিক সন্ত্রাসীকে মুক্তি দিতে বাধ্য হয়। বিনিময়ে ১৬০ জনের বেশি জিম্মিকে উদ্ধার করা সম্ভব হয়।
এরপর ২০০১ সালের ১৩ ডিসেম্বর ভারতের সংসদ ভবনে পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী সংগঠন জইশ-ই-মোহাম্মদের (জেএম) হামলা দেশটিকে ক্ষুব্ধ করে তোলে। এর জবাবে ভারত ‘অপারেশন পরাক্রম’-এর আওতায় বড় ধরনের সামরিক প্রস্তুতি নেয়। তবে ভারত ও পাকিস্তান উভয় দেশই পারমাণবিক অস্ত্রের অধিকারী হওয়ায় আন্তর্জাতিক চাপের মুখে প্রায় দুই বছর পর এই অচলাবস্থার অবসান ঘটে।
শেষ পর্যন্ত পাকিস্তানের বিরুদ্ধে সরাসরি কোনো সামরিক পদক্ষেপ নেয়নি ভারত। ভারতে ২০০২ সালে অক্ষরধাম মন্দিরে হামলা, ২০০৬ সালে বারাণসীতে ধারাবাহিক বিস্ফোরণ এবং ২০১০ সালে পুনের জার্মান বেকারিতে বোমা হামলাসহ বেশ কয়েকটি সন্ত্রাসী হামলা ঘটে।
২০০৫ সালে দিল্লির সরোজিনী নগর ও পাহাড়গঞ্জে বোমা হামলায় ৫৯ জন নিহত হন। ২০০৮ সালের সেপ্টেম্বরে কনট প্লেস, গ্রেটার কৈলাস ও করোল বাগেও একাধিক বিস্ফোরণ ঘটে। এরপর ২০১১ সালের ৭ সেপ্টেম্বর দিল্লি হাইকোর্টের বাইরে বোমা হামলায় ১২ জন নিহত হন। হরকত-উল-জিহাদ আল-ইসলামি (হুজি) নামের একটি পাকিস্তানভিত্তিক সন্ত্রাসী গোষ্ঠী ওই হামলার দায় স্বীকার করে।
তবে ২০০৮ সালের ২৬/১১-এর মুম্বাই হামলা ছিল এক নজিরবিহীন সন্ত্রাসী হামলা। পাকিস্তানে প্রশিক্ষণ নেওয়া ১০ জন ভারী অস্ত্রধারী সন্ত্রাসী সমুদ্রপথে মুম্বাইয়ে প্রবেশ করে শহরের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে হামলা চালায়। টানা ৬০ ঘণ্টা ধরে তারা তাজমহল প্যালেস হোটেল, ওবেরয়-ট্রাইডেন্ট হোটেল, ছত্রপতি শিবাজী টার্মিনাস, নরিমান হাউস ও কামা হাসপাতালে হামলা চালায়।
হামলার অবসান ঘটার পর দেখা যায়, ১৬৬ জন নিহত হয়েছেন। নিহতদের মধ্যে বিদেশি নাগরিক ও নিরাপত্তা বাহিনীর সদস্যরাও ছিলেন। এই হামলা ভারতের সন্ত্রাসবিরোধী প্রস্তুতির দুর্বলতা স্পষ্ট করে দেয়। বিশেষ করে সমুদ্রপথে সন্ত্রাসীদের প্রবেশ ঠেকাতে দেশটির নিরাপত্তাব্যবস্থার ঘাটতি সামনে আসে।
এর আগে ও পরেও পাকিস্তানের মদতের অভিযোগে বিভিন্ন সন্ত্রাসী হামলার ঘটনা ঘটলেও ভারত দেশটির বিরুদ্ধে সরাসরি কঠোর পদক্ষেপ নেয়নি। তবে ২৬/১১-এর পর ভারতের সন্ত্রাসবিরোধী কৌশলে কী পরিবর্তন আসে এবং কখন থেকে সেই পরিবর্তন শুরু হয়, তা গুরুত্বপূর্ণ প্রশ্ন হয়ে ওঠে।
সক্রিয় বা ‘কাইনেটিক’ কৌশল
২০১৪ সালের মে মাসে নরেন্দ্র মোদির নেতৃত্বাধীন সরকার ক্ষমতায় আসার পর ভারতের সন্ত্রাসবিরোধী কৌশলে বড় পরিবর্তন আসে। আগে ভারত সন্ত্রাসী হামলার তথ্য-প্রমাণ সংগ্রহ করে পাকিস্তান ও আন্তর্জাতিক মহলের কাছে তুলে ধরত। তবে নতুন সরকার শুধু কূটনৈতিক প্রতিবাদের মধ্যে সীমাবদ্ধ না থেকে সরাসরি সামরিক পদক্ষেপের দিকে এগোয়।
২০১৬ সালের ১৮ সেপ্টেম্বর কাশ্মীরের উরিতে সেনাবাহিনীর একটি ক্যাম্পে জইশ-ই-মোহাম্মদের (জেইএম) হামলার পর ভারত প্রথমবারের মতো সীমান্ত পেরিয়ে ‘সার্জিক্যাল স্ট্রাইক’ চালায়। এতে পাকিস্তান-অধিকৃত কাশ্মীরের কয়েকটি সন্ত্রাসী ঘাঁটি ও স্থাপনায় হামলা চালানো হয়। এর মধ্য দিয়ে সন্ত্রাসী হামলার জবাবে ভারতের সামরিক পদক্ষেপ নেওয়ার কৌশলে পরিবর্তন আসে।
তবে এরপরও সীমান্তপারের সন্ত্রাসী হামলা বন্ধ হয়নি। ২০১৯ সালের ১৪ ফেব্রুয়ারি কাশ্মীরের পুলওয়ামায় জইশ-ই-মোহাম্মদের আত্মঘাতী হামলায় ভারতের নিরাপত্তা বাহিনীর ৪০ সদস্য নিহত হন।
এর জবাবে ২৬ ফেব্রুয়ারি ভারতীয় বিমানবাহিনী পাকিস্তানের বালাকোটে জইশ-ই-মোহাম্মদের একটি প্রশিক্ষণকেন্দ্রে বিমান হামলা চালায়। এই প্রথম সন্ত্রাসী ঘাঁটিতে হামলা চালাতে ভারতীয় যুদ্ধবিমান পাকিস্তানের আকাশসীমায় প্রবেশ করে। এর মধ্য দিয়ে সন্ত্রাসবাদ মোকাবিলায় ভারতের সামরিক কৌশলে আরও বড় পরিবর্তন দেখা যায়।
২০২৫ সালের ২২ এপ্রিল কাশ্মীরের পাহালগামে সন্ত্রাসী হামলায় ২৬ জন বেসামরিক নাগরিক নিহত হন। হামলাকারীরা ধর্মীয় পরিচয় যাচাই করে হিন্দু পুরুষদের লক্ষ্য করে হত্যা করে। এ ঘটনায় ভারতজুড়ে তীব্র ক্ষোভ ছড়িয়ে পড়ে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সন্ত্রাসীদের পৃথিবীর শেষ প্রান্ত পর্যন্ত খুঁজে বের করার অঙ্গীকার করেন।
এর জবাবে ৭ মে ভারতীয় সশস্ত্র বাহিনী ‘অপারেশন সিঁদুর’ শুরু করে। এ অভিযানে পাকিস্তান ও পাকিস্তান-অধিকৃত কাশ্মীরে সন্ত্রাসী অবকাঠামো হিসেবে চিহ্নিত নয়টি স্থাপনায় হামলা চালানো হয়।
পরবর্তী সময়ে পাকিস্তানের সামরিক স্থাপনা, বিমানঘাঁটি ও রাডারকেন্দ্রেও পাল্টাপাল্টি হামলার ঘটনা ঘটে। ১০ মে দুই দেশের মধ্যে সামরিক অভিযান বন্ধে সমঝোতা হয়। তবে কি সন্ত্রাসবাদের বিরুদ্ধে ভারতের লড়াই শেষ হয়েছে?
সাম্প্রতিক বছরগুলোতে সন্ত্রাসবাদ বড় ধরনের চ্যালেঞ্জের মুখে পড়েছে। আগে সন্ত্রাসী হামলার পর প্রতিক্রিয়া জানানোর মধ্যেই ভারতের নীতি সীমাবদ্ধ থাকলেও এখন দেশটি আরো সক্রিয় ও কঠোর অবস্থান নিয়েছে। বিশ্বজুড়েও সন্ত্রাসবিরোধী লড়াইয়ে ভারতের ভূমিকা ও অবস্থান জোরালো হয়েছে।
‘অপারেশন সিঁদুরের’ মাধ্যমে ভারত পাকিস্তানকে স্পষ্ট বার্তা দিয়েছে, ভবিষ্যতে সন্ত্রাসী কর্মকাণ্ডে মদত দিলে দেশটিকে বড় ধরনের পরিণতির মুখে পড়তে হতে পারে।
ভারত মূলত তিনটি বিষয় স্পষ্ট করেছে। প্রথমত, সন্ত্রাসী হামলার জবাবে আর শুধু সংযম দেখানো হবে না, পাকিস্তানকে সরাসরি জবাব দেওয়া হবে। দ্বিতীয়ত, পাকিস্তানের মাটি থেকে পরিচালিত আন্তঃসীমান্ত সন্ত্রাসী কর্মকাণ্ডকে যুদ্ধের শামিল হিসেবে বিবেচনা করা হবে। তৃতীয়ত, পাকিস্তানের পারমাণবিক অস্ত্র ব্যবহারের হুমকি ভারতের পাল্টা পদক্ষেপ নেওয়ার পথে বাধা হবে না।
২০২৬ সালের ২৩ ফেব্রুয়ারি ভারত ‘প্রহার’ নামে একটি জাতীয় সন্ত্রাসবিরোধী কাঠামো চালু করে। এর লক্ষ্য সন্ত্রাসবাদ ও উগ্রবাদ মোকাবিলায় সরকার, নিরাপত্তা সংস্থা ও সমাজের মধ্যে সমন্বয় বাড়ানো। সাতটি স্তম্ভের এই কৌশলে গোয়েন্দা তথ্য বিনিময়, গুরুত্বপূর্ণ স্থাপনার নিরাপত্তা এবং কেন্দ্র ও রাজ্যের নিরাপত্তা বাহিনীর মধ্যে দ্রুত সমন্বয়ের ওপর গুরুত্ব দেওয়া হয়েছে।
ভারত সন্ত্রাস দমনকে জাতীয় নিরাপত্তার প্রধান অগ্রাধিকার হিসেবে দেখছে। তবে সীমান্তের ওপার থেকে মদত ও দেশের ভেতরে সমর্থন থাকায় সন্ত্রাসবাদ পুরোপুরি নির্মূল করা কঠিন। দেশটির দাবি, সন্ত্রাসীদের সহায়তাকারী নেটওয়ার্কগুলো এখন বড় ধরনের চাপে রয়েছে। একসময় অর্থের প্রলোভন দেখিয়ে তরুণদের সন্ত্রাসী গোষ্ঠীতে যুক্ত করা হতো।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
নওগাঁর বদলগাছী উপজেলার সদর ইউনিয়নের ফতেজঙ্গপুর ইসলামি দাখিল মাদ্রাসার উদ্যোগে অভিভাবক ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর) সকাল ১১টায় মাদ্রাসা প্রাঙ্গণে এ সমাবেশের আয়োজন করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাদ্রাসার সভাপতি মো. মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরী। এ সময় মাদ্রাসার শিক্ষক, অভিভাবক, শিক্ষার্থী ও এলাকার সুধীজন উপস্থিত ছিলেন।
সমাবেশে অভিভাবকদের মধ্যে বক্তব্য দেন হাফেজ মো. মুক্তার হোসেন। তিনি বলেন, আরবি ভাষা ও ধর্মীয় শিক্ষার পাশাপাশি বাংলা, ইংরেজি ও গণিত শিক্ষাও অত্যন্ত জরুরি। আধুনিক শিক্ষার সঙ্গে দ্বীনি শিক্ষার সমন্বয় ঘটাতে কওমি ও হিফজ মাদ্রাসার পাশাপাশি আলিয়া মাদ্রাসায় পড়াশোনার গুরুত্ব রয়েছে।
সমাজসেবক মো. সাঈদ আল সাহাফ বলেন,আমি এই মাদ্রাসার একজন সাবেক শিক্ষার্থী। বাংলা শিক্ষার পাশাপাশি আরবি ও ধর্মীয় শিক্ষার জন্য আলিয়া মাদ্রাসার বিকল্প নেই।তিনি শিক্ষার্থীদের মানসম্মত শিক্ষা গ্রহণের ওপর গুরুত্বারোপ করেন।
মাদ্রাসার সুপার মাওলানা গোফফার হোসেন অভিভাবকদের উদ্দেশে বলেন, সন্তানদের শিক্ষিত করে গড়ে তোলার দায়িত্ব শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিতভাবে পালন করতে হবে। শিক্ষার্থীদের নিয়মিত পড়াশোনা, নৈতিকতা ও শৃঙ্খলার বিষয়ে অভিভাবকদের সচেতন থাকার আহ্বান জানান তিনি।
প্রধান অতিথি মাদ্রাসার সভাপতি মো. মোস্তফা অলি আহমেদ রুমি চৌধুরী বলেন, অনেক অভিভাবক সন্তানদের মাদ্রাসায় পড়াশোনা করাতে আগ্রহী হলেও আলিয়া মাদ্রাসার শিক্ষাব্যবস্থা সম্পর্কে যথাযথ ধারণা রাখেন না। অথচ আলিয়া মাদ্রাসায় বাংলা, ইংরেজি ও গণিতের পাশাপাশি কোরআন, হাদিস, ফিকহ ও আরবি শিক্ষা দেওয়া হয়। ফলে শিক্ষার্থীরা দ্বীনি শিক্ষার পাশাপাশি সাধারণ শিক্ষায়ও দক্ষতা অর্জনের সুযোগ পায়।
তিনি অভিভাবকদের প্রতি অন্তত একজন সন্তানকে আলিয়া মাদ্রাসায় ভর্তি করিয়ে দ্বীনি ও সাধারণ শিক্ষার সমন্বয়ে শিক্ষিত করে গড়ে তোলার আহ্বান জানান।
সমাবেশে বক্তারা বলেন, শিক্ষক ও অভিভাবকদের সম্মিলিত প্রচেষ্টা শিক্ষার মানোন্নয়ন এবং শিক্ষার্থীদের উজ্জ্বল ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। শিক্ষক-অভিভাবকের সম্মিলিত শক্তি শিক্ষা বয়ে আনবে সমৃদ্ধি ও মুক্তি”—এ প্রত্যয় ব্যক্ত করেন তাঁরা।
শেষে বিশেষ মোনাজাতের মধ্য দিয়ে অভিভাবক ও সুধী সমাবেশের সমাপ্তি হয়
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যশোরের কেশবপুরে জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ-২০২৬-এর উদ্বোধন বিভিন্ন আয়োজনের মাধ্যমে সম্পন্ন হয়েছে। বৃহস্পতিবার (২৬ নভেম্বর ২০২৬) সকালে উপজেলা প্রশাসন, উপজেলা প্রাণিসম্পদ দপ্তর এবং ভেটেরিনারি হাসপাতালের সহযোগিতায় একটি বর্ণাঢ্য শোভাযাত্রা ও আলোচনা সভার আয়োজন করা হয়।
‘রপ্তানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যকে সামনে রেখে উপজেলা পরিষদ চত্বর থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। এরপর উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) সভাকক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা তৌহিদুল ইসলাম। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন কেশবপুরের সহকারী কমিশনার (ভূমি) মো. আব্দুর রহমান শেখ।
আলোচনা সভায় পৌর বিএনপির সভাপতি ও সাবেক মেয়র আব্দুস সামাদ বিশ্বাস, উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুর রাজ্জাক এবং কেশবপুর পৌর জামায়াতের আমির জাকির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ ও খামারিরা বক্তব্য দেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশফেরত কর্মীদের জন্য ঋণের সুযোগ প্রদান করছে, যা প্রবাসে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে ব্যবসা, শিল্পকারখানা অথবা অন্যান্য উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। মেয়াদি, চলতি এবং তলবি তিন ধরনের ঋণের মাধ্যমে বৈধ ব্যবসায় বিনিয়োগের সুযোগ রয়েছে। চলতি বছরের ১ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচির আওতায় ১ হাজার ৩৬৬ জনকে মোট ৩৯ কোটি ২৬ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, বার্ষিক ৯ শতাংশ সরল সুদে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পরিশোধ করা যাবে। নিয়মিত কিস্তি পরিশোধকারীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান এশিয়া পোস্টকে জানান, নিয়মিত ঋণ পরিশোধে উৎসাহিত করার জন্য সুদের ওপর ১ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে। এর ফলে নিয়মিত গ্রাহকদের কার্যকর সুদের হার ৮ শতাংশে দাঁড়াবে।
ঋণের ক্ষেত্রে ৩ লাখ টাকা পর্যন্ত জামানত প্রয়োজন হবে না। তবে এর বেশি ঋণের জন্য সহজ জামানত দিতে হবে। ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতা বা জামিনদারের মালিকানাধীন স্থাবর সম্পত্তি ব্যাংকের অনুকূলে রেজিস্ট্রি বন্ধক রাখতে হবে।
ঋণ প্রাপ্তির জন্য প্রসেসিং ও ডকুমেন্টেশন ফি বাবদ ঋণের ০.৫০ শতাংশ দিতে হবে, তবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা নেওয়া যাবে। এ খাতে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে। আলাদা সার্ভিস চার্জ নেওয়ার সুযোগ নেই। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর সবকিছু ঠিক থাকলে ১৫ দিনের মধ্যে ঋণ ছাড় করা হয়।
যে এলাকায় ব্যবসা বা প্রকল্প গড়ে তোলা হবে, সেখানকার প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় আবেদন করতে হবে। আবেদনকারীর ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বর্তমান ও স্থায়ী ঠিকানার সনদ এবং বিদেশ থেকে ফেরার প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া হালনাগাদ ট্রেড লাইসেন্স, প্রকল্পের বিবরণ, ঠিকানা, আগের দুই বছরের আয়-ব্যয়ের হিসাব এবং নিজস্ব বিনিয়োগের ঘোষণাপত্র প্রয়োজন হবে।
যদি প্রকল্পের জায়গা ভাড়া বা লিজ নেওয়া হয়, তাহলে চুক্তিপত্র ও লেটার অব ডিসক্লেইমার এবং নিজস্ব জমি হলে মালিকানার কাগজ দিতে হবে। প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতার সনদ থাকলে সেটিও যুক্ত করা যাবে।
জামিনদার হিসেবে ঋণ পরিশোধে সক্ষম মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, নিকটাত্মীয় বা অন্য কোনো সচ্ছল ব্যক্তিকে রাখা যাবে। সরকারি চাকরিজীবী হওয়া বাধ্যতামূলক নয়, তবে তাঁর সিআইবি প্রতিবেদন সন্তোষজনক হতে হবে।
এছাড়া আবেদনকারী ও জামিনদারের নামে সচল ব্যাংক হিসাব, তিনটি করে স্বাক্ষরিত এমআইসিআর চেক এবং হিসাব বিবরণী জমা দিতে হবে। অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা এনজিও থেকে ঋণ নেওয়া থাকলে ঘোষণার মাধ্যমে তা জানাতে হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জামায়াতে ইসলামীর সেক্রেটারি জেনারেল ও সাবেক এমপি মিয়া গোলাম পরওয়ার খুলনায় সাম্প্রতিক সময়ে এবং চলতি বছরজুড়ে সন্ত্রাসী হামলায় নাগরিকদের হতাহত হওয়া এবং মানুষের চরম নিরাপত্তাহীনতায় গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বৃহস্পতিবার তিনি এক বিবৃতিতে আইনশৃঙ্খলা বাহিনীর ব্যর্থতার নিন্দা ও প্রতিবাদ জানান।
বিবৃতিতে তিনি উল্লেখ করেন, খুলনা মহানগরী, জেলা ও আশপাশের অঞ্চলে সম্প্রতি ডাকাতি, সন্ত্রাস ও দুর্বৃত্তপনা ব্যাপকভাবে বেড়ে যাওয়ায় নাগরিক জীবন বিপন্ন হয়ে পড়েছে। মানুষ নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছে, এবং সন্ত্রাসীরা এ অঞ্চলকে খুনের অভয়ারণ্যে পরিণত করেছে। তার অভিযোগ, আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল সংস্থাগুলো পরিকল্পিত ও যথাযথ পদক্ষেপ না নেওয়ায় পরিস্থিতির চরম অবনতি হয়েছে এবং উন্নতির কোনো লক্ষণও দেখা যাচ্ছে না, যা জনমনে গভীর উদ্বেগ তৈরি করেছে। তিনি সব ধরনের হত্যাকাণ্ড, খুন ও ডাকাতির পাশাপাশি আইনশৃঙ্খলা বাহিনী ও দায়িত্বশীল কর্তৃপক্ষের ভূমিকার নিন্দা জানান।
গোলাম পরওয়ার বলেন, ২৪ নভেম্বর সকাল থেকে রাত পর্যন্ত খুলনা মহানগরীর সদর, সোনাডাঙ্গা, দৌলতপুর, লবণচরা, খানজাহান আলী ও আড়ংঘাটা থানা এলাকাসহ সাতটি স্থানে গুলির ঘটনা ঘটে। এর মধ্যে দৌলতপুরের কল্পতরু মার্কেট এলাকায় একজন নিহত হন। তার মতে, এটি খুলনা অঞ্চলের আইনশৃঙ্খলা পরিস্থিতির চরম অবনতির প্রমাণ। হতাহতদের ন্যায়বিচার নিশ্চিত ও ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দেওয়ার দাবি জানান তিনি।
গণমাধ্যমের খবর উদ্ধৃত করে তিনি বলেন, ২২ অক্টোবর থেকে ১২ নভেম্বর পর্যন্ত মাত্র ২২ দিনে খুলনায় শুধু গুলিতেই ছয়জন নিহত এবং আরো ছয়জন আহত হয়েছেন। এ সময়ে অন্তত ১৩ বার গুলির ঘটনা ঘটেছে। চলতি বছরের ১২ নভেম্বর পর্যন্ত নগরীতে ৩৯টি ও জেলায় ৪০টি মিলিয়ে মোট ৭৯টি হত্যাকাণ্ড ঘটেছে। এর মধ্যে ৫ নভেম্বর প্রধানমন্ত্রী তারেক রহমানের খুলনা সফরের দিনই ডুমুরিয়া উপজেলায় দুর্বৃত্তের গুলিতে একজন নিহত হন। কিছু হত্যাকাণ্ড প্রকাশ্য দিবালোকে ঘটায় সাধারণ মানুষের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পড়ছে বলেও উল্লেখ করেন তিনি।
জামায়াতের সেক্রেটারি জেনারেল অভিযোগ করেন, বিএনপি সরকার ক্ষমতায় আসার পর পতিত ফ্যাসিস্ট শক্তি, সন্ত্রাসী ও দুর্বৃত্তদের মোকাবিলায় আইনশৃঙ্খলা বাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে কার্যকরভাবে কাজে লাগাতে ব্যর্থ হয়েছে। অতিমাত্রায় দলীয়করণ, দখলবাজি, চাঁদাবাজি, টেন্ডারবাজি ও অভ্যন্তরীণ কোন্দলের কারণে বহু সাধারণ মানুষ ভুক্তভোগী হচ্ছেন। সরকারের ভূমিকা এবং কিছু ক্ষেত্রে শাসক দলের নেতাকর্মীদের দলীয় সন্ত্রাসে প্রশ্রয় দেওয়ার তৎপরতায় তারা অত্যন্ত উদ্বিগ্ন বলে জানান তিনি। প্রতিটি হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত করে অপরাধীদের কঠোর শাস্তি নিশ্চিত করার দাবি জানানোর পাশাপাশি পতিত স্বৈরাচারের প্রেতাত্মাদের পুনর্বাসনে প্রত্যক্ষ বা পরোক্ষ যেকোনো উদ্যোগ থেকে সরে আসার আহ্বান জানান তিনি।
গোলাম পরওয়ার বলেন, খুলনাসহ সারা দেশের মানুষের জানমালের নিরাপত্তায় আইনশৃঙ্খলা বাহিনীকে আরো সক্রিয় করতে হবে, প্রয়োজনে লজিস্টিক সহায়তা বাড়াতে হবে এবং সন্ত্রাস ও ডাকাতিপ্রবণ এলাকায় বিশেষ অভিযান জোরদার করে অপরাধীদের নির্মূল করতে হবে। তা না হলে সব হত্যাকাণ্ড ও সন্ত্রাসের মদদদাতা হিসেবে সরকার দায় এড়াতে পারবে না বলে সতর্ক করেন তিনি। স্থিতিশীল সমাজ ও রাষ্ট্রব্যবস্থা গড়তে সব ধরনের সন্ত্রাস ও দুর্বৃত্তপনার বিরুদ্ধে কার্যকর পদক্ষেপ নিতে সরকারের প্রতি আহ্বান জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ