ঢাকা বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ইং ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল স্পেসএক্স, উদ্বিগ্ন বিজ্ঞানীরা


মহাকাশে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি পেল স্পেসএক্স, উদ্বিগ্ন বিজ্ঞানীরা

মহাকাশে তথ্যকেন্দ্র স্থাপনের উদ্দেশ্যে ইলন মাস্কের প্রতিষ্ঠান স্পেসএক্সকে ১০ লাখ স্যাটেলাইট পাঠানোর অনুমতি দিয়েছে যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা। এই উপগ্রহগুলো কৃত্রিম বুদ্ধিমত্তার জন্য বিশাল পরিমাণ তথ্য প্রক্রিয়াকরণের কাজে ব্যবহৃত হবে। তবে এই পরিকল্পনার বাস্তবায়ন নিয়ে বিজ্ঞানীদের মধ্যে উদ্বেগ রয়েছে।

বৃহস্পতিবার (২৬ নভেম্বর) বার্তা সংস্থা এপি র এক প্রতিবেদনে এ তথ্য প্রকাশিত হয়েছে।

যুক্তরাষ্ট্রের যোগাযোগ নিয়ন্ত্রক সংস্থা (U.S. Federal Communications Commission- FCC) জানায়, স্পেসএক্সের ‘স্টারমাইন্ড’ নামের স্যাটেলাইটগুলো মহাকাশে তথ্য প্রক্রিয়াকরণ করে পৃথিবীতে পাঠাবে। তাদের মতে, এই অনুমোদন কৃত্রিম বুদ্ধিমত্তার উন্নয়নের জন্য নতুন সম্ভাবনার সৃষ্টি করবে। অনুমোদনের শর্ত অনুযায়ী, ২০৩৩ সালের মধ্যে অন্তত একটি স্যাটেলাইট পাঠাতে হবে। এরপর ২০৪০ সালের মধ্যে ধাপে ধাপে আরও স্যাটেলাইট পাঠানোর সুযোগ থাকবে।

আরও পড়ুন: জেট এয়ারওয়েজের কর্মীদের আদালতে জয়, পাবেন ৪৮০ কোটি রুপির বকেয়া

তবে বিজ্ঞানীরা সতর্ক করেছেন, মহাকাশে এত বিপুলসংখ্যক স্যাটেলাইট পাঠানো অত্যন্ত ব্যয়বহুল এবং প্রযুক্তিগতভাবে চ্যালেঞ্জিং। উপগ্রহগুলো থেকে উৎপন্ন তাপ নির্গত করা একটি বড় সমস্যা হতে পারে। এছাড়া মহাকাশের আবর্জনার মধ্যে সংঘর্ষ ঘটার সম্ভাবনা রয়েছে, যা মহাকাশে ধ্বংসাবশেষ ছড়িয়ে দিতে পারে এবং আবহাওয়া ও যোগাযোগ স্যাটেলাইটের জন্য ঝুঁকি সৃষ্টি করবে।

যুক্তরাষ্ট্রের জ্যোতির্বিজ্ঞান সমিতিও এ সিদ্ধান্তের বিরুদ্ধে উদ্বেগ প্রকাশ করেছে। তাদের আশঙ্কা, এত বড় ও উজ্জ্বল স্যাটেলাইট রাতের আকাশ পর্যবেক্ষণ এবং জ্যোতির্বিজ্ঞানের গবেষণায় বাধা সৃষ্টি করবে। তবে নিয়ন্ত্রক সংস্থা জানিয়েছে, প্রস্তাবিত স্যাটেলাইটগুলো মহাকাশের ধ্বংসাবশেষ সংক্রান্ত নিয়মাবলীর সঙ্গে সামঞ্জস্যপূর্ণ এবং জনস্বার্থে কাজ করবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন শুরু ৩০ নভেম্বর

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৭ পি.এম


সমাজকল্যাণ মন্ত্রণালয়ে চাকরির সুযোগ, এসএসসি পাসেই আবেদন শুরু ৩০ নভেম্বর

সমাজকল্যাণ মন্ত্রণালয় কর্তৃক জনবল নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এই বিজ্ঞপ্তিতে মন্ত্রণালয়ের রাজস্ব খাতভুক্ত শূন্য পদে সরাসরি নিয়োগের উদ্দেশ্যে সাতটি ভিন্ন ক্যাটাগরিতে মোট ৩৩ জনকে নিয়োগ দেওয়া হবে।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, প্রকৃত বাংলাদেশি নাগরিকগণ এই নিয়োগের জন্য আবেদন করতে পারবেন। শিক্ষাগত যোগ্যতা ও অন্যান্য শর্ত পূরণ সাপেক্ষে এসএসসি পাস প্রার্থীরাও আবেদন করার সুযোগ পাবেন।

আগ্রহী প্রার্থীদের অনলাইনের মাধ্যমে আবেদন করতে হবে। আবেদন প্রক্রিয়া আগামী ৩০ নভেম্বর সকাল ১০টা থেকে শুরু হবে।

এক নজরে বিস্তারিত নিয়োগ বিজ্ঞপ্তি

পদভিত্তিক বিবরণ, গ্রেড, বেতন স্কেল ও যোগ্যতা (জাতীয় বেতন স্কেল ২০২৬ অনুযায়ী)

১. সাঁটমুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর: ৪টি

গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড (২৪,০০০–৫৮,০০০ টাকা)।

যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক বা সমমানের ডিগ্রি সহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। সাঁটলিপিতে প্রতি মিনিটে ইংরেজিতে ৭০ শব্দ ও বাংলায় ৪৫ শব্দ এবং কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতি থাকতে হবে। এ ছাড়া কম্পিউটারে ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

২. কম্পিউটার অপারেটর: ২টি

গ্রেড ও বেতন স্কেল: ১৩তম গ্রেড (২৪,০০০–৫৮,০০০ টাকা)।

যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বিজ্ঞান বিভাগে স্নাতক (সম্মান) বা সমমানের ডিগ্রি থাকতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ৩০ শব্দ ও বাংলায় ২৫ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৩. ক্যাশিয়ার: ১টি

গ্রেড ও বেতন স্কেল: ১৪তম গ্রেড (২৩,৫০০–৫৬,৮০০ টাকা)।

যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে বাণিজ্য বিভাগে স্নাতক ডিগ্রি থাকতে হবে। পাশাপাশি কম্পিউটার ওয়ার্ড প্রসেসিংসহ কম্পিউটার চালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৪. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক: ৫টি

গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)।

যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে সর্বনিম্ন গতি প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দ হতে হবে। এ ছাড়া ওয়ার্ড প্রসেসিংসহ ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৫. অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক (হিসাব কোষের জন্য সংরক্ষিত): ১টি

গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)।

যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাসসহ কম্পিউটার প্রশিক্ষণপ্রাপ্ত হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতিসহ ওয়ার্ড প্রসেসিং, ই–মেইল ও ফ্যাক্স পরিচালনায় দক্ষতা ও অভিজ্ঞতা থাকতে হবে।

৬. ডাটা এন্ট্রি/কন্ট্রোল অপারেটর: ১টি

গ্রেড ও বেতন স্কেল: ১৬তম গ্রেড (২১,৯০০–৫২,৯০০ টাকা)।

যোগ্যতা ও দক্ষতা: স্বীকৃত বোর্ড থেকে এইচএসসি বা সমমান পাস হতে হবে। কম্পিউটার মুদ্রাক্ষরে প্রতি মিনিটে ইংরেজিতে ২০ শব্দ ও বাংলায় ২০ শব্দের গতিসহ সংশ্লিষ্ট বিষয়ে স্ট্যান্ডার্ড অ্যাপ্টিটিউড টেস্টে উত্তীর্ণ হতে হবে।

৭. অফিস সহায়ক: ১৯টি

গ্রেড ও বেতন স্কেল: ২০তম গ্রেড (২০,০০০–৪৮,৪০০ টাকা)।

যোগ্যতা: স্বীকৃত বোর্ড থেকে এসএসসি বা সমমানের পরীক্ষায় উত্তীর্ণ হতে হবে।

বয়সসীমা

১ ডিসেম্বর ২০২৬ তারিখে সব পদের প্রার্থীর বয়সসীমা ১৮ থেকে ৩২ বছরের মধ্যে হতে হবে। তবে ১ ও ৪ নম্বর ক্রমিকের পদের বিভাগীয় প্রার্থীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়সসীমা ৪০ বছর পর্যন্ত শিথিলযোগ্য। বয়স প্রমাণের ক্ষেত্রে অ্যাফিডেভিট গ্রহণযোগ্য নয়।

আবেদন ফি

টেলিটক প্রি–পেইড মোবাইল নম্বরের মাধ্যমে এসএমএস করে আবেদন ফরম সাবমিট করার ৭২ ঘণ্টার মধ্যে ফি জমা দিতে হবে।

১ থেকে ৬ নম্বর ক্রমিকের পদের জন্য আবেদন ফি ১০০ টাকা ও সার্ভিস চার্জ ১২ টাকাসহ মোট ১১২ টাকা (অফেরতযোগ্য)।

৭ নম্বর ক্রমিকের (অফিস সহায়ক) জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা (অফেরতযোগ্য)।

ক্ষুদ্র জাতিগোষ্ঠী, শারীরিক প্রতিবন্ধী ও তৃতীয় লিঙ্গের প্রার্থীদের ক্ষেত্রে সব গ্রেডের পদের জন্য আবেদন ফি ৫০ টাকা ও সার্ভিস চার্জ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা নির্ধারিত রয়েছে।

আবেদন যেভাবে

আগ্রহী প্রার্থীদের এই ওয়েবসাইটে প্রবেশ করে অনলাইনে আবেদনপত্র পূরণ করতে হবে। পূর্ণাঙ্গ বিজ্ঞপ্তিটি সমাজকল্যাণ মন্ত্রণালয়ের ওয়েবসাইট ও টেলিটকের জব পোর্টালে পাওয়া যাবে ।

বিজ্ঞপ্তিতে বিশেষভাবে উল্লেখ করা হয়েছে, একই দিন ও একই সময়ে পরীক্ষা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা থাকায় একাধিক পদে আবেদন করার ক্ষেত্রে প্রার্থীদের নিরুৎসাহিত করা হয়েছে।

গুরুত্বপূর্ণ তারিখ

অনলাইন আবেদন ও ফি জমাদান শুরু: ৩০ নভেম্বর ২০২৬, সকাল ১০টা।

অনলাইন আবেদনপত্র জমাদানের শেষ সময়: ২০ ডিসেম্বর ২০২৬, বিকেল ৫টা পর্যন্ত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬৫ বছর বয়সে মারা গেলেন ডুরান ডুরানের গিটারিস্ট অ্যান্ডি টেলর

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


৬৫ বছর বয়সে মারা গেলেন ডুরান ডুরানের গিটারিস্ট অ্যান্ডি টেলর

ব্রিটিশ পপ-রক ব্যান্ড ডুরান ডুরানের প্রাক্তন গিটারিস্ট অ্যান্ডি টেলর মারা গেছেন। ৬৫ বছর বয়সে গত সোমবার (২৩ নভেম্বর) তিনি নিজ বাড়িতে শেষনিশ্বাস ত্যাগ করেন। দীর্ঘ সময় ধরে প্রোস্টেট ক্যানসারে ভুগছিলেন এই সংগীতশিল্পী। বুধবার (২৫ নভেম্বর) তার পরিবারের পক্ষ থেকে এবং ব্যান্ডের প্রাক্তন সদস্যদের সহযোগিতায় এক যৌথ বিবৃতিতে মৃত্যুর খবরটি জানানো হয়।

অ্যান্ডির স্ত্রী ট্রেসি টেলর এক আবেগঘন বার্তায় স্বামীকে স্মরণ করেছেন। তিনি বলেন, "পরিবারের কাছে অ্যান্ডি ছিলেন সবচেয়ে ভালো স্বামী, স্নেহশীল বাবা ও গর্বিত দাদা। পরিবারের মূল ভরসা ছিলেন তিনি।" সংগীতজীবনে অনেক অভিজ্ঞতা অর্জন করলেও, পরিবারের গুরুত্ব তার কাছে সব সময় সবার আগে ছিল। ১৯৮২ সালে অ্যান্ডি ও ট্রেসি বিয়ে করেন। তাদের চার সন্তান—জর্জিনা, ইসাবেলা, বেথানি ও অ্যান্ড্রু।

২০১৮ সালে অ্যান্ডির শরীরে চতুর্থ পর্যায়ের মেটাস্ট্যাটিক প্রোস্টেট ক্যানসার শনাক্ত হয়। ২০২২ সালে ডুরান ডুরানকে রক অ্যান্ড রোল হল অব ফেমে অন্তর্ভুক্ত করার অনুষ্ঠানে তার অসুস্থতার কথা প্রকাশ্যে আসে। শারীরিক অবস্থার কারণে তিনি ওই অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি। পরে এক সাক্ষাৎকারে রোগটির সঙ্গে লড়াইয়ের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা কথা বলেন এই সংগীতশিল্পী।

অসুস্থতার মধ্যেও সংগীত থেকে দূরে সরে যাননি অ্যান্ডি। তিনি গান তৈরি, রেকর্ডিং ও মঞ্চে পরিবেশনা চালিয়ে গেছেন। এক সাক্ষাৎকারে তিনি জানিয়েছিলেন, "অসুস্থতার বাস্তবতা মেনে নিয়েও সংগীত তাকে জীবন উপভোগ করার প্রেরণা দিয়েছে।"

১৯৮০ সালে ডুরান ডুরানে যোগ দেন অ্যান্ডি টেলর। তার গিটার বাজানোর দক্ষতা ব্যান্ডটির জনপ্রিয়তা তৈরিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। ‘হাংরি লাইক দ্য উলফ’ ও ‘রিও’র মতো জনপ্রিয় গানে তার অবদান রয়েছে। ১৯৮৫ সালে ফিলাডেলফিয়ায় অনুষ্ঠিত লাইভ এইড কনসার্টেও ব্যান্ডের সঙ্গে পারফর্ম করেন তিনি।

১৯৮৬ সালে ডুরান ডুরান ছেড়ে একক ক্যারিয়ার শুরু করেন অ্যান্ডি। ১৯৮৭ সালে প্রকাশ করেন নিজের প্রথম একক অ্যালবাম ‘থান্ডার’। ২০০০ সালে ব্যান্ডটির পুরোনো সদস্যদের সঙ্গে আবারও যুক্ত হন তিনি। ২০০৬ সালে দ্বিতীয়বারের মতো দল ছাড়লেও ২০২৩ সালে প্রকাশিত ডুরান ডুরানের অ্যালবাম ‘ড্যান্স ম্যাকাব্রে’তে তার অবদান ছিল।

সংগীতজগতে দীর্ঘ ক্যারিয়ারে নিজের স্বতন্ত্র গিটার বাজানোর ধরন দিয়ে শ্রোতাদের মনে জায়গা করে নিয়েছিলেন অ্যান্ডি টেলর। তার মৃত্যুতে শোক প্রকাশ করেছেন ব্যান্ডের সদস্য ও সংগীতভক্তরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মুল্ডার এখন নিজেকে ‘বিশ্বসেরা’ ভাবতে পারেন: কোচের বিশ্বাস

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৮ পি.এম


মুল্ডার এখন নিজেকে ‘বিশ্বসেরা’ ভাবতে পারেন: কোচের বিশ্বাস

১৬ মাস আগে ব্রায়ান লারার ৪০০ রানের টেস্ট রেকর্ড ভাঙার সুযোগ সামনে আসলেও উইয়ান মুল্ডার সেই চেষ্টা থেকে সরে দাঁড়িয়েছিলেন। এবার তিনি এমন এক কীর্তি গড়েছেন, যেখানে তার সঙ্গী বলতে নেই কেউই।

টেস্ট ক্রিকেটে ট্রিপল সেঞ্চুরি করার পাশাপাশি এক ইনিংসে ৭ উইকেট নেওয়া একমাত্র ক্রিকেটার এখন মুল্ডার। গ্যারি সোবার্স ও মাইকেল ক্লার্ক ট্রিপল সেঞ্চুরি করার পাশাপাশি এক ইনিংসে ৬ উইকেট নিয়েছিলেন। তবে মুল্ডার তাদের ছাড়িয়ে অনন্য উচ্চতায় পৌঁছেছেন। একই টেস্টে সেঞ্চুরি ও এক ইনিংসে ৭ উইকেট নেওয়া একমাত্র দক্ষিণ আফ্রিকানও তিনিই। পাশাপাশি টেস্টে সেঞ্চুরি ও পাঁচ উইকেট নেওয়া দক্ষিণ আফ্রিকার ছয় ক্রিকেটারের সংক্ষিপ্ত তালিকায়ও জায়গা করে নিয়েছেন মুল্ডার। এ কীর্তি দুবার আছে জ্যাক ক্যালিসের।

তবে নিজের এই কীর্তি এখনও বিশ্বাস করতে পারছেন না মুল্ডার। সাংবাদিকের কাছে শুনে বিস্মিত মুল্ডারের পাল্টা প্রশ্ন, ‘আমি? আমার নাম গ্যারি সোবার্সের সঙ্গে একই বাক্যে উচ্চারিত হচ্ছে?’ এরপর তিনি বলেন, ‘না, না! এটা হতে পারে না। এটা একবারের ঘটনা। তারা বহু বছর ধরে এসব করেছেন।’

এত অর্জনের পরও নিজের অবস্থান নিয়ে মুল্ডার বেশ নির্লিপ্ত। তার কাছে রেকর্ডের চেয়ে দলের জয়ই বেশি গুরুত্বপূর্ণ। তিনি বলেন, ‘রেকর্ড আমার কাছে খুব একটা গুরুত্বপূর্ণ নয়। আমি জিততে চাই।’

দক্ষিণ আফ্রিকা এখন জয়ের ধারায় অভ্যস্ত। সর্বশেষ ১৯ টেস্টের মধ্যে ১৭টিতেই জিতেছে তারা। এর মধ্যে ১৬টি ম্যাচেই খেলেছেন মুল্ডার। এই সময়ের মধ্যে হাঁকিয়েছেন পাঁচটি টেস্ট সেঞ্চুরি। চার উইকেট বা তার বেশি নেওয়ার সব কটি কীর্তিও এই সময়ের মধ্যে।

আইসিসি র‍্যাঙ্কিং ও মুল্ডার নিজেও সতীর্থ মার্কো ইয়ানসেনকে বিশ্বের সেরা বলে স্বীকৃতি দেন। তবে এমন একজনও ছিলেন, যিনি বরাবরই মুল্ডারকে সেরাদের কাতারে দেখেছেন এবং তাকে সেই বিশ্বাসের কথা জানিয়েছেন। তিনি দক্ষিণ আফ্রিকার প্রধান কোচ শুকরি কনরাড।

মুল্ডার বলেন, ‘শুকস (কনরাড) সব সময় আমাকে সমর্থন করেছেন, দায়িত্ব যেটাই হোক না কেন।’ কনরাড নিজেও সেই গল্প নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘ক্যারিবীয় সফরে বিষয়টির শুরু, সেখানে মার্কো ইয়ানসেন ছিল না। ওয়িয়ান এমন কিছু বোলিং স্পেল করেছিল, যা আমাদের একটি টেস্ট জিততে সাহায্য করে। এরপর আমরা বাংলাদেশে গেলাম, সেখানে সে সেঞ্চুরি করল। ধীরে ধীরে সে নিজের সামর্থ্য জানান দিচ্ছিল।’

‘এরপর এ বছর ডারবানে আমি ওর সঙ্গে বসে বললাম, “আমার মনে হয়, তুমিই বিশ্বের সেরা অলরাউন্ডার।” ওয়িয়ান বরাবরই বিনয়ী। আমি কথাটা বলার আগ পর্যন্ত সে নিজেকে এভাবে ভাবেনি। আমি তাকে বললাম, “বেন স্টোকস তো অবসর নিয়েছে। তোমার মতো আর কোন অলরাউন্ডার আছে, যে ভালো গতিতে বোলিং করতে পারে এবং সেঞ্চুরিও করতে পারে?” এরপর একে একে সব দলের অলরাউন্ডারদের নিয়ে আলোচনা করলাম। তখন সে বুঝতে শুরু করল, হয়তো আমি ভুল বলছি না। বিষয়টি আসলে বিশ্বাস এবং ধৈর্য ধরে সেই বিশ্বাস ধরে রাখার।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ’র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং-এর বৈঠক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং

০২:৪৯ পি.এম


স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে ইউএনএফপিএ’র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং-এর বৈঠক

ঢাকা, ২৬ নভেম্বর, ২০২৬ : স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী সরদার মো. সাখাওয়াত হোসেন বাংলাদেশে ইউএনএফপিএ’র প্রতিনিধি ক্যাথরিন ব্রিন কামকং-এর সঙ্গে একটি বৈঠক করেন।

আজ বৃহস্পতিবার সচিবালয়ে স্বাস্থ্যমন্ত্রীর অফিসকক্ষে এই বৈঠকটি অনুষ্ঠিত হয়।

বৈঠকের সময় ‘নারী স্বাস্থ্য কর্মসূচি’ বাস্তবায়নের অগ্রগতি এবং ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ ও পদায়নের প্রস্তাবিত পরিকল্পনা নিয়ে আলোচনা করা হয়।

মন্ত্রী এ সময় বাংলাদেশের যৌন ও প্রজনন স্বাস্থ্য ও অধিকার (এসআরএইচআর) এজেন্ডা এগিয়ে নেওয়ার বিষয়ে ইউএনএফপিএ’র অব্যাহত অংশীদারিত্ব ও সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন, যাতে নারীদের জন্য মানসম্মত, সমতাভিত্তিক ও সমন্বিত স্বাস্থ্যসেবা নিশ্চিত করা যায়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০১
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২০ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%