প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
প্রবাসী কল্যাণ ব্যাংক বিদেশফেরত কর্মীদের জন্য ঋণের সুযোগ প্রদান করছে, যা প্রবাসে অর্জিত অভিজ্ঞতাকে কাজে লাগিয়ে দেশে ব্যবসা, শিল্পকারখানা অথবা অন্যান্য উদ্যোগ গড়ে তোলার লক্ষ্যে সর্বোচ্চ ৫০ লাখ টাকা পর্যন্ত দেওয়া হচ্ছে। মেয়াদি, চলতি এবং তলবি তিন ধরনের ঋণের মাধ্যমে বৈধ ব্যবসায় বিনিয়োগের সুযোগ রয়েছে। চলতি বছরের ১ মার্চ থেকে ১৭ নভেম্বর পর্যন্ত এই কর্মসূচির আওতায় ১ হাজার ৩৬৬ জনকে মোট ৩৯ কোটি ২৬ লাখ টাকা ঋণ প্রদান করা হয়েছে।
ব্যাংকটির তথ্য অনুযায়ী, বার্ষিক ৯ শতাংশ সরল সুদে সর্বোচ্চ ১০ বছর মেয়াদে ঋণ পরিশোধ করা যাবে। নিয়মিত কিস্তি পরিশোধকারীদের জন্য বিশেষ সুবিধা রয়েছে। প্রবাসী কল্যাণ ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক শহীদুর রহমান এশিয়া পোস্টকে জানান, নিয়মিত ঋণ পরিশোধে উৎসাহিত করার জন্য সুদের ওপর ১ শতাংশ ভর্তুকি দেওয়া হচ্ছে। এর ফলে নিয়মিত গ্রাহকদের কার্যকর সুদের হার ৮ শতাংশে দাঁড়াবে।
ঋণের ক্ষেত্রে ৩ লাখ টাকা পর্যন্ত জামানত প্রয়োজন হবে না। তবে এর বেশি ঋণের জন্য সহজ জামানত দিতে হবে। ৫ লাখ টাকার বেশি ঋণের ক্ষেত্রে ঋণগ্রহীতা বা জামিনদারের মালিকানাধীন স্থাবর সম্পত্তি ব্যাংকের অনুকূলে রেজিস্ট্রি বন্ধক রাখতে হবে।
ঋণ প্রাপ্তির জন্য প্রসেসিং ও ডকুমেন্টেশন ফি বাবদ ঋণের ০.৫০ শতাংশ দিতে হবে, তবে সর্বোচ্চ ১৫ হাজার টাকা নেওয়া যাবে। এ খাতে প্রযোজ্য ভ্যাট যুক্ত হবে। আলাদা সার্ভিস চার্জ নেওয়ার সুযোগ নেই। প্রয়োজনীয় কাগজপত্রসহ আবেদন জমা দেওয়ার পর সবকিছু ঠিক থাকলে ১৫ দিনের মধ্যে ঋণ ছাড় করা হয়।
যে এলাকায় ব্যবসা বা প্রকল্প গড়ে তোলা হবে, সেখানকার প্রবাসী কল্যাণ ব্যাংকের শাখায় আবেদন করতে হবে। আবেদনকারীর ছবি, পাসপোর্ট, জাতীয় পরিচয়পত্র, বর্তমান ও স্থায়ী ঠিকানার সনদ এবং বিদেশ থেকে ফেরার প্রমাণপত্র জমা দিতে হবে। এছাড়া হালনাগাদ ট্রেড লাইসেন্স, প্রকল্পের বিবরণ, ঠিকানা, আগের দুই বছরের আয়-ব্যয়ের হিসাব এবং নিজস্ব বিনিয়োগের ঘোষণাপত্র প্রয়োজন হবে।
যদি প্রকল্পের জায়গা ভাড়া বা লিজ নেওয়া হয়, তাহলে চুক্তিপত্র ও লেটার অব ডিসক্লেইমার এবং নিজস্ব জমি হলে মালিকানার কাগজ দিতে হবে। প্রশিক্ষণ বা কাজের অভিজ্ঞতার সনদ থাকলে সেটিও যুক্ত করা যাবে।
জামিনদার হিসেবে ঋণ পরিশোধে সক্ষম মা-বাবা, ভাই-বোন, স্বামী-স্ত্রী, নিকটাত্মীয় বা অন্য কোনো সচ্ছল ব্যক্তিকে রাখা যাবে। সরকারি চাকরিজীবী হওয়া বাধ্যতামূলক নয়, তবে তাঁর সিআইবি প্রতিবেদন সন্তোষজনক হতে হবে।
এছাড়া আবেদনকারী ও জামিনদারের নামে সচল ব্যাংক হিসাব, তিনটি করে স্বাক্ষরিত এমআইসিআর চেক এবং হিসাব বিবরণী জমা দিতে হবে। অন্য কোনো ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান বা এনজিও থেকে ঋণ নেওয়া থাকলে ঘোষণার মাধ্যমে তা জানাতে হবে।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন