০৭:১২ পি.এম
দেশের পোশাক কারখানাগুলোর উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত কমে গেছে, যা নিরবচ্ছিন্ন গ্যাস ও বিদ্যুৎ সরবরাহের অভাব এবং জ্বালানির তীব্র সংকটের কারণে ঘটেছে। এর ফলে আন্তর্জাতিক বাজার থেকে ক্রেতারা ক্রয়াদেশ বাতিল করছেন, ফলে শিল্পটি চরম ক্ষতির মুখে পড়েছে।
এই পরিস্থিতির প্রেক্ষিতে, সংসদে সাধারণ আলোচনার জন্য নোটিশ দিয়েছে বিরোধী দল, যাতে কারখানা চালু রাখা ও জাতীয় অর্থনীতি রক্ষার বিষয়টি গুরুত্ব পেয়েছে। পাবনা-১ আসনের সংসদ সদস্য মোহাম্মদ নাজিবুর রহমান সোমবার (৯ নভেম্বর) জাতীয় সংসদ সচিবালয়ে এই আলোচনা সংক্রান্ত নোটিশটি পেশ করেন।
নোটিশে উল্লেখ করা হয়েছে, তৈরি পোশাক (আরএমজি) খাত বাংলাদেশের অর্থনীতির মূল ভিত্তি, যা দেশের মোট রপ্তানি আয়ের ৮০ শতাংশেরও বেশি জোগান দেয়। এই খাতে প্রায় ৪০ লাখ শ্রমিক কর্মরত আছেন এবং অনেক মানুষ প্রত্যক্ষ ও পরোক্ষভাবে এই খাতের ওপর নির্ভরশীল। ফলে, তৈরি পোশাক খাতের স্থায়িত্ব দেশের অর্থনৈতিক প্রবৃদ্ধি, বৈদেশিক মুদ্রা অর্জন, কর্মসংস্থান সৃষ্টি এবং সামাজিক নিবিড়তার সঙ্গে গভীরভাবে জড়িত। বর্তমানে, তীব্র জ্বালানি সংকটের কারণে এই শিল্প মারাত্মক হুমকির মুখে পড়েছে।
আরও পড়ুন: ডিএমপি কমিশনারের হাতে ১০ সহকারী পুলিশ কমিশনারের র্যাঙ্ক ব্যাজ পরানো
নিরবচ্ছিন্ন বিদ্যুৎ ও গ্যাস সরবরাহের অভাব, গ্যাসের নিম্নচাপ, মধ্যপ্রাচ্যের বৈশ্বিক বিভ্রাট এবং ডিজেল সরবরাহের সীমাবদ্ধতার কারণে কারখানাগুলোর উৎপাদনশীলতা ও সক্ষমতা ব্যাপকভাবে কমে গেছে। সাম্প্রতিক তথ্য অনুযায়ী, এই সংকটের কারণে পোশাক খাতের উৎপাদন সক্ষমতা ২৫ থেকে ৩০ শতাংশ পর্যন্ত হ্রাস পেয়েছে। এর ফলে বিদেশি ক্রেতারা তাদের আন্তর্জাতিক ক্রয়াদেশ বাতিল করতে বাধ্য হচ্ছেন, যা শিল্প মালিকদের আর্থিক ক্ষতিতে ফেলছে এবং আন্তর্জাতিক বাজারে দেশের ভাবমূর্তি ও নিরাপত্তা ঝুঁকি বাড়িয়ে তুলছে।
জ্বালানি সংকটের পাশাপাশি শ্রমিক অসন্তোষের বিষয়টিও নোটিশে তুলে ধরা হয়েছে। শ্রমিকরা তাদের ন্যায্য মজুরি, জীবনযাত্রার বর্ধিত ব্যয় এবং কর্মক্ষেত্রের বৈষম্য ও দাবির কারণে আন্দোলনে নামছেন। এতে অনেক ক্ষেত্রেই শান্তিপূর্ণ আলোচনা ব্যর্থ হচ্ছে এবং মালিকপক্ষ কারখানা বন্ধ করতে বাধ্য হচ্ছে। আন্তর্জাতিক পরিমণ্ডলে বাংলাদেশকে রাজনৈতিকভাবে নেতিবাচকভাবে দেখার চেষ্টা চালানো হতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করা হয়েছে।
নোটিশে সতর্ক করে বলা হয়েছে, শ্রমিকদের ন্যায্য দাবি-দাওয়া ও চলমান অসন্তোষকে পুঁজি করে স্বার্থান্বেষী ও ফ্যাসিবাদী গোষ্ঠী শিল্প খাতকে অস্থিতিশীল করার চেষ্টা চালাতে পারে। তাই, শ্রমিকদের অধিকার ও দাবির প্রতি সংবেদনশীল থাকার পাশাপাশি যেকোনো ধরনের উসকানি বন্ধে সরকার, মালিক ও শ্রমিক পক্ষকে ঐক্যবদ্ধ হয়ে দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।
এছাড়াও, বাংলাদেশকে স্বল্পোন্নত দেশ (এলডিসি) থেকে উত্তরণের জন্য তিন বছরের যে সময়সীমা ও সুযোগ দেওয়া হয়েছে, সেটিকে সঠিকভাবে কাজে লাগানোর ওপর গুরুত্ব আরোপ করা হয়েছে। পোশাক শিল্পের সক্ষমতা বাড়ানো, পণ্যের বহুমুখীকরণ, নতুন বাজার অনুসন্ধান, প্রযুক্তিগত উন্নয়ন এবং আন্তর্জাতিক বিনিয়োগ আকর্ষণের মাধ্যমে নতুন সম্ভাবনার পথ উন্মোচন করা সম্ভব। এই লক্ষ্য অর্জনের জন্য আগামী তিন বছরের জন্য একটি সুপরিকল্পিত ও টেকসই জাতীয় কর্মপরিকল্পনা প্রণয়ন করা জরুরি।
আরও পড়ুন: মহিলা দল নেত্রীর রাস্তা দখল করে গাছ রোপণ, বিএনপি নেতারা মুক্ত করল
নোটিশে আরও বলা হয়েছে, অর্থনীতির প্রাণকেন্দ্র পোশাক খাতের সংকট কাটিয়ে উঠতে, শ্রমিকদের জাতীয় কর্মসংস্থান ও নিরাপত্তা নিশ্চিত করতে, নিরবচ্ছিন্ন জ্বালানি ব্যবস্থাপনা গড়ে তুলতে এবং এলডিসি উত্তরণ-পরবর্তী চ্যালেঞ্জগুলো দক্ষতার সঙ্গে মোকাবিলা করার জন্য সুনির্দিষ্ট লক্ষ্য নির্ধারণ করা প্রয়োজন। সার্বিক জনস্বার্থ বিবেচনা করে জাতীয় সংসদে অবিলম্বে একটি বিস্তারিত সাধারণ আলোচনা আয়োজনের জন্য নোটিশে আনুষ্ঠানিকভাবে আহ্বান জানানো হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন