০৭:২৯ পি.এম
ঢাকা, ৯ নভেম্বর, ২০২৬ : দুর্যোগ এবং অগ্নিকাণ্ডের মোকাবিলায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর উদ্ধার সরঞ্জাম ও বাস্তব সক্ষমতা বিবেচনায় নিয়ে কার্যকর প্রস্তুতি নিশ্চিত করার জন্য ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের (ডিএসসিসি) প্রশাসক বীর মুক্তিযোদ্ধা মো. আবদুস সালাম নির্দেশনা প্রদান করেছেন।
তিনি উল্লেখ করেন, দুর্যোগকালীন জরুরি পরিস্থিতিতে নগরবাসীর জানমালের সুরক্ষায় ফায়ার সার্ভিস, পুলিশ, রেড ক্রিসেন্টসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে দায়িত্ব পালন করতে হবে। কেবল কাগজে-কলমে দায়িত্ব বণ্টন করলেই হবে না, বাস্তবে উদ্ধার কার্যক্রম পরিচালনার সক্ষমতাও নিশ্চিত করতে হবে।
আজ সোমবার বিকেলে নগর ভবনের অডিটোরিয়ামে অনুষ্ঠিত ‘ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির পঞ্চম সভায়’ সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
আরও পড়ুন: এমপি শাওন নিজের বাড়ির প্রাচীর ভেঙে সড়কের জন্য জায়গা ছাড়লেন
ডিএসসিসি প্রশাসক আরও বলেন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের অধিকাংশ এলাকা অপরিকল্পিতভাবে গড়ে উঠেছে। এর ফলে ভবনধস, অগ্নিকাণ্ড, রাসায়নিক ও বৈদ্যুতিক সরঞ্জামের বিস্ফোরণ এবং ভূমিকম্পের মতো দুর্যোগের ঝুঁকি বিদ্যমান। এসব ঝুঁকি মোকাবিলায় সংশ্লিষ্ট সব সংস্থাকে সমন্বিতভাবে কাজ করতে হবে।
তিনি দুর্যোগ মোকাবিলায় নিয়মিত মহড়া, জনসচেতনতামূলক সেমিনার আয়োজন এবং ফায়ার সার্ভিসের সহযোগিতায় শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে অগ্নিনিরাপত্তা বিষয়ে তরুণদের সচেতন করার ওপর গুরুত্বারোপ করেন।
সম্প্রতি পুরান ঢাকার মৌলভীবাজারে ঘটে যাওয়া অগ্নিকাণ্ডের ঘটনা উল্লেখ করে আবদুস সালাম বলেন, ওই এলাকায় সরু রাস্তা, পানির সংকট এবং দোকানপাট ও হকারদের অবস্থানের কারণে ফায়ার সার্ভিসের গাড়ি ঘটনাস্থলে পৌঁছাতে বিলম্ব হয়। এ ধরনের পরিস্থিতি এড়াতে বহুতল ভবন ও ব্যবসাপ্রতিষ্ঠানে প্রাথমিক অগ্নিনির্বাপণ ব্যবস্থা এবং ফায়ার হাইড্রেন্ট স্থাপন বাধ্যতামূলক করতে হবে।
তিনি শহরের ঝুলন্ত ক্যাবল ও বৈদ্যুতিক তার মাটির নিচে নেওয়ার প্রয়োজনীয়তার কথা উল্লেখ করে বলেন, অগ্নিনির্বাপণে পর্যাপ্ত পানির সংস্থান নিশ্চিত করতে হবে। এ লক্ষ্যে ধোলাইখালসহ নগরীর পুকুর ও জলাধারগুলো সংরক্ষণ করতে হবে।
আরও পড়ুন: ভাষা সৈনিক মোশাররফ হোসেন আখুঞ্জি ৮৮ বছর বয়সে মারা গেছেন
সভাটি পরিচালনা করেন ডিএসসিসির প্রধান নির্বাহী কর্মকর্তা মো. খয়বর রহমান। সভায় সরকারি-বেসরকারি প্রতিষ্ঠান, সামাজিক সংস্থা ও এনজিওর ৫৭ জন প্রতিনিধি অংশগ্রহণ করেন।
সভায় দুর্যোগের পূর্বপ্রস্তুতি, দুর্যোগকালীন উদ্ধার ও জরুরি কার্যক্রম এবং দুর্যোগ-পরবর্তী ব্যবস্থাপনায় সংশ্লিষ্ট সংস্থাগুলোর দায়িত্ব ও ভূমিকা নিয়ে বিস্তারিত আলোচনা অনুষ্ঠিত হয়।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন