১০:৪৩ পি.এম
কুমিল্লার ব্রাহ্মণপাড়ায় একটি ডোবায় শালুক তুলতে গিয়ে পানিতে ডুবে মো. রাশেদ (৫) নামের এক শিশুর মৃত্যু ঘটেছে।
বুধবার (১৮ নভেম্বর) দুপুর ১২টার দিকে উপজেলার চান্দলা ইউনিয়নের বড়ধুশিয়া গ্রামে এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে। নিহত রাশেদ ওই গ্রামের শাহীন চেয়ারম্যান বাড়ির মো. আরিফ হোসেন তাহেরের পুত্র।
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে শিশুটি বাড়ির পাশে একটি ডোবায় শালুক তুলতে যায়। এক সময় অসাবধানতার কারণে সে ডোবার গভীর পানিতে তলিয়ে যায়। পরে স্থানীয়রা তাকে পানিতে ভাসতে দেখে দ্রুত উদ্ধার করেন। স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় রাশেদকে ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন: নুহা হত্যার ৯ দিনেও গ্রেপ্তার নেই, ২৪ ঘণ্টার আলটিমেটাম
ব্রাহ্মণপাড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের চিকিৎসক ডা. নাজমুস সাকিব জানিয়েছেন, শিশুটিকে হাসপাতালে আনার পর পরীক্ষা-নিরীক্ষা করে মৃত অবস্থায় পাওয়া যায়। হাসপাতালের পৌঁছানোর আগেই তার মৃত্যু ঘটে।
চান্দলা ইউনিয়ন পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান সাহাব উদ্দিন মুরাদ ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, শিশুটির আকস্মিক মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে। তিনি এ ধরনের অনাকাঙ্ক্ষিত দুর্ঘটনা এড়াতে বাড়ির আশপাশের জলাশয় ও ডোবা সম্পর্কে শিশুদের অভিভাবকদের আরো সতর্ক থাকার আহ্বান জানান।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন