ঢাকা বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
বৃহস্পতিবার, ১৯ই নভেম্বর, ২০২৬ইং ০৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ফেনীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও ৭ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা


ফেনীতে ‘সবার জন্য বাংলাদেশ’-এর মতবিনিময় সভা ও ৭ সদস্যের জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা

‘আর নয় বিদ্বেষ, সবার জন্য বাংলাদেশ’—এই স্লোগানকে সামনে রেখে ফেনীতে অরাজনৈতিক সংগঠন ‘সবার জন্য বাংলাদেশ’-এর উদ্যোগে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৮ নভেম্বর) বিকেল ৩টায় ফেনীর এসএসকে রোডের দ্যা রয়েল সালম রেস্ট্রুরেন্টে আয়োজিত এ সভায় আনোয়ার হোসেন মজনুকে আহ্বায়ক এবং জামাল হোসেন শামীমকে সদস্যসচিব করে সংগঠনটির ৭ সদস্যের ফেনী জেলা আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ‘সবার জন্য বাংলাদেশ’-এর কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য প্রকৌশলী রাকিবুল ইসলাম লিহি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির কার্যনির্বাহী সদস্য শারমিন সুলতানা চৈতি।

মতবিনিময় সভায় বক্তারা উগ্রবাদী মতাদর্শ, রাজনৈতিক সহিংসতা ও সাম্প্রদায়িক উস্কানিসহ দেশের বিভিন্ন সংকটের কথা তুলে ধরেন। বক্তারা বলেন, প্রতিটি মানুষের নিজস্ব মত প্রকাশের স্বাধীনতা রয়েছে। বাকস্বাধীনতা, নিজস্ব ধর্মীয় বিশ্বাস লালন এবং নিজস্ব সংস্কৃতি পালন মানুষের সংবিধানপ্রদত্ত অধিকার। একটি উগ্রবাদী গোষ্ঠীর কারণে মানুষের এই মৌলিক অধিকার বর্তমানে হুমকির মুখে রয়েছে। এই হুমকি মোকাবিলা করে সবার জন্য বাসযোগ্য ও নিরাপদ বাংলাদেশ গড়ে তুলতে তাঁরা সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা প্রত্যাশা করেন। এ সময় উপস্থিত বক্তারা ‘সবার জন্য বাংলাদেশ’ আন্দোলনের সাথে একাত্মতা প্রকাশ করে এটিকে সময়োপযোগী উদ্যোগ বলে মন্তব্য করেন।

আরও পড়ুন: পটুয়াখালী জেলা আওয়ামী লীগ সভাপতির বাড়িতে অগ্নিকাণ্ড

জেলা কোঅরডিনেটর আনোয়ার হোসেন মজনুর সভাপতিত্বে এবং মঞ্জুর বিন সুলতানের সঞ্চালনায় সভায় বক্তব্য রাখেন—ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি ও দৈনিক স্টারলাইনের সহযোগী সম্পাদক জসিম উদ্দিন মাহমুদ, ফেনী সদর উপজেলা হিন্দু বৈদ্য ঐক্যপরিষদের সাধারণ সম্পাদক এবং দৈনিক যুগান্তরের সাংবাদিক ও দৈনিক এবেলার সম্পাদক যতন মজুমদার, বোগদাদিয়া উচ্চ বিদ্যালয়ের সাবেক শিক্ষক মো. গিয়াস উদ্দিন মীর, এসএ টিভি ও যুগান্তরের উপজেলা প্রতিনিধি সাংবাদিক জাবেদ মামুন, ফেনী জেলা জজ কোর্টের অ্যাডভোকেট বোরহান উদ্দিন এবং দৈনিক ফেনীর শক্তির সম্পাদক শেখ ফরিদ রতন প্রমুখ।

এছাড়া সভায় উপস্থিত ছিলেন আব্দুল ওয়াহেদ মামুন, নুরুল আবছার সোহাগ, সিনিয়র শিক্ষক মো. এনামুল হক, আব্দুল কায়ুম চৌধুরী, ফেনী জেলা হেযবুত তওহীদের সাধারণ সম্পাদক মোহাম্মদ নুরুল আলম, ডা. এম.এ আলিম, সিনিয়র শিক্ষক নুরুল ইসলাম জেহাদি, সাংবাদিক হাসান মাহমুদ, সাংবাদিক আবু ইউসুফ মিন্টু, মানবাধিকার কর্মী পলাশ রায়, আজিম মিয়াজী, মোসলে উদ্দিন সবুজ, জামাল হোসেন শামীম, জামাল উদ্দিন রুবেল ও মোহাম্মদ কিবরিয়া, সাংবাদিক এসএস খোকন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অস্ত্র সংকটে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী: ওয়াল স্ট্রিট জার্নাল

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৭ পি.এম


অস্ত্র সংকটে মেয়াদোত্তীর্ণ ক্ষেপণাস্ত্র ব্যবহার করেছে মার্কিন নৌবাহিনী: ওয়াল স্ট্রিট জার্নাল

অস্ত্র সংকট বা ঘাটতির কারণে ইরানে হামলা চালাতে মার্কিন নৌবাহিনী আবারও মেয়াদোত্তীর্ণ বা আগের ব্যবহার অনুপযোগী হিসেবে চিহ্নিত অস্ত্র ব্যবহার করেছে। এসব অস্ত্রের মধ্যে টমাহক ক্রুজ ক্ষেপণাস্ত্রও অন্তর্ভুক্ত রয়েছে। মার্কিন সংবাদমাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের প্রতিবেদনে এই তথ্য প্রকাশিত হয়েছে।

মার্কিন নৌবাহিনীর প্রধান হিসেবে হাং কাওয়ের নিয়োগ সংক্রান্ত শুনানির সময় সামরিক বাহিনীর গুরুত্বপূর্ণ অস্ত্রের সংকটের বিষয়টি উঠে আসে। ওয়াল স্ট্রিট জার্নাল প্রতিবেদনে জানায়, অভিযানের বিষয়ে অবগত এক মার্কিন কর্মকর্তার উদ্ধৃতি দেওয়া হয়েছে।

এই তথ্য প্রকাশের মাধ্যমে যুক্তরাষ্ট্রের অস্ত্রভাণ্ডারের প্রকৃত অবস্থা সামনে এসেছে। চলমান সংঘাতের কারণে নির্ভুলভাবে লক্ষ্যবস্তুতে আঘাত হানতে সক্ষম অস্ত্রের মজুতের ওপর চাপ ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে।

ইরানের সঙ্গে চলমান সংঘাতের মধ্যে গত সেপ্টেম্বর মাসে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প মার্কিন নৌবাহিনীর পরবর্তী সচিব বা প্রধান হিসেবে নৌবাহিনীর ভারপ্রাপ্ত সচিব হাং কাওকে মনোনয়ন দেন।

মঙ্গলবার (১৭ নভেম্বর) সিনেটের সশস্ত্র বাহিনী বিষয়ক কমিটির সামনে নিয়োগ সংক্রান্ত শুনানিতে অংশগ্রহণ করেন হাং কাও। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, কাও বলেন, মেয়াদোত্তীর্ণ বা ব্যবহারের অনুপযোগী হিসেবে চিহ্নিত অস্ত্রগুলোর কার্যক্রম সংক্রান্ত কোড পরিবর্তন করে সেগুলো পুনরায় ব্যবহার উপযোগী করা হয়েছে।

ফেব্রুয়ারিতে শুরু হওয়া ‘অপারেশন এপিক ফিউরি’তে এসব অস্ত্র মোতায়েন করা হয়েছে বলেও জানান এই কর্মকর্তা। পুরনো অস্ত্রগুলোকে আবার ব্যবহারের উপযোগী করার প্রক্রিয়া বোঝাতে কাও একটি অস্বাভাবিক উদাহরণ দেন। তিনি মেয়াদোত্তীর্ণ রুটিকে আবার খাওয়ার উপযোগী করার সঙ্গে এর তুলনা করেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

খেলাফত মজলিসের আহ্বান: পতিত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক সরকার

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


খেলাফত মজলিসের আহ্বান: পতিত ফ্যাসিস্ট অপশক্তির বিরুদ্ধে কঠোর পদক্ষেপ নিক সরকার

খেলাফত মজলিস সরকারের প্রতি আহ্বান জানিয়েছে, পতিত ফ্যাসিবাদী অপশক্তির অপতৎপরতা রোধে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে আরও কঠোর পদক্ষেপ গ্রহণ করতে হবে। একই সঙ্গে তারা জুলাই সনদ বাস্তবায়ন, আওয়ামী ফ্যাসিবাদীদের বিচারাধীন মামলাগুলোর দ্রুত নিষ্পত্তি এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকরের জন্য প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার দাবি জানায়।

বুধবার সন্ধ্যা ৭টায় রাজধানীর পল্টনে খেলাফত মজলিসের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত সাপ্তাহিক কেন্দ্রীয় নির্বাহী বৈঠকে নেতৃবৃন্দ এসব দাবি তুলে ধরেন।

বৈঠকে নেতৃবৃন্দ গভীর উদ্বেগ প্রকাশ করে বলেন, সম্প্রতি পলাতক আওয়ামী ফ্যাসিবাদী অপশক্তি আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে। তারা গোপালগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে নাশকতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে। টুঙ্গিপাড়া থানায় অগ্নিসংযোগ করা হয়েছে, সরকারি স্থাপনা ধ্বংস করা হচ্ছে এবং সরকারদলীয় সংসদ সদস্যের বাড়িতে অগ্নিসংযোগের ঘটনা ঘটেছে। জুলাই যোদ্ধাদের ওপর হামলার ঘটনাও ঘটছে। দেশের স্থিতিশীলতা বিনষ্টের অপচেষ্টা চললেও সরকার এ ক্ষেত্রে ব্যর্থতার পরিচয় দিয়েছে।

নেতৃবৃন্দ আরও বলেন, পতিত ফ্যাসিবাদী অপশক্তি ও তাদের সহযোগীদের বিরুদ্ধে সরকার এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর পদক্ষেপ নিতে হবে। জুলাই সনদ বাস্তবায়নে উদ্যোগ গ্রহণ করতে হবে। আওয়ামী ফ্যাসিবাদীদের বিচারাধীন মামলাগুলো দ্রুত নিষ্পত্তি করতে হবে এবং দণ্ডপ্রাপ্ত অপরাধীদের রায় কার্যকরে সরকারকে প্রয়োজনীয় পদক্ষেপ নিতে হবে। পাশাপাশি জননিরাপত্তা নিশ্চিত করতে হবে এবং বিদ্যুৎ, গ্যাস সিলিন্ডারসহ নিত্যপ্রয়োজনীয় দ্রব্যমূল্য মানুষের ক্রয়ক্ষমতার মধ্যে আনতে হবে।

বৈঠকে আগামীকাল ১৯ নভেম্বর বাদ জোহর বায়তুল মোকাররম জাতীয় মসজিদের উত্তর গেটে ঢাকা মহানগর শাখার উদ্যোগে বিক্ষোভ কর্মসূচি পালনের ঘোষণা দেওয়া হয়।

খেলাফত মজলিসের নায়েবে আমির মাওলানা আহমদ আলী কাসেমীর সভাপতিত্বে এবং মহাসচিব ড. আহমদ আবদুল কাদেরের পরিচালনায় অনুষ্ঠিত বৈঠকে উপস্থিত ছিলেন যুগ্ম-মহাসচিব অ্যাডভোকেট জাহাঙ্গীর হোসাইন, মুহাম্মদ মুনতাসীর আলী, ড. মোস্তাফিজুর রহমান ফয়সাল, অধ্যাপক মো. আবদুল জলিল, সাংগঠনিক সম্পাদক অ্যাডভোকেট মিজানুর রহমান, অধ্যাপক কাজী মিনহাজুল আলম, প্রচার ও তথ্য সম্পাদক প্রকৌশলী আবদুল হাফিজ খসরু, কেন্দ্রীয় শ্রমবিষয়ক সম্পাদক প্রভাষক আবদুল করিম, আইনবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শায়খুল ইসলাম, খন্দকার শাহাবুদ্দিন আহমদ, মুফতি আবদুল হক আমিনী, অধ্যাপক মাওলানা আজিজুল হক, মাওলানা সাইফুদ্দিন আহমদ খন্দকার, হাজী নুর হোসেন ও মাওলানা আহমদ বিলাল।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও জেলা আ.লীগ কার্যালয়ে আগুন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৮ পি.এম


সিরাজগঞ্জে সাবেক এমপির বাড়ি ও জেলা আ.লীগ কার্যালয়ে আগুন

সিরাজগঞ্জে সাবেক সংসদ সদস্য হাবিবে মিল্লাত মুন্না এবং জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার ঘটনা ঘটেছে।

বুধবার বিকেলে শহরের এসএস রোডে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন লাগানোর ঘটনা ঘটে। এর পর সন্ধ্যায় সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতে আগুন দেওয়ার ঘটনা ঘটে, যিনি নিষিদ্ধ ঘোষিত জেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।

স্থানীয় সূত্রে জানা যায়, বিকেলে জেলা আওয়ামী লীগের কার্যালয়ে আগুন দেওয়ার পাশাপাশি হাতুড়ি দিয়ে কার্যালয়টির বিভিন্ন অংশ ভাঙচুর করা হয়। এ সময় ঘটনাস্থলে ছাত্রদলের কয়েকজন নেতা-কর্মীকে দেখা গেছে বলে জানান তাঁরা। পরে সন্ধ্যার দিকে সাবেক এমপি হাবিবে মিল্লাত মুন্নার বাড়িতেও আগুন দেওয়া হয়। এই দুটি ঘটনার ভিডিও ইতিমধ্যে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।

এদিকে, আওয়ামী লীগের ঘোষিত ১৯ নভেম্বরের লকডাউন কর্মসূচিকে কেন্দ্র করে সম্ভাব্য নাশকতা ও বিশৃঙ্খলা ঠেকাতে সিরাজগঞ্জে মোটরসাইকেল শোডাউন করেছে বিএনপি ও অঙ্গ সংগঠনের নেতা-কর্মীরা।

অপর দিকে, নাশকতার অভিযোগে সিরাজগঞ্জ সদর উপজেলার কাওয়াকোলা ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের আহবায়ক ও ইউপি চেয়ারম্যান জিয়া মুন্সি সহ চার জনকে গ্রেপ্তার করেছে পুলিশ।

আগুন দেওয়ার ঘটনা ও সার্বিক পরিস্থিতি সম্পর্কে জানতে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রাকিবুল হাসানের মোবাইল ফোনে যোগাযোগের চেষ্টা করা হলেও তিনি ফোন ধরেননি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বুটেক্সের আবাসিক হলে তীব্র গ্যাসসংকট, শিক্ষার্থীরা ভোগান্তিতে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ১৮ই নভেম্বর, ২০২৬ ইং

১০:৪৯ পি.এম


বুটেক্সের আবাসিক হলে তীব্র গ্যাসসংকট, শিক্ষার্থীরা ভোগান্তিতে

রাজধানীসহ দেশের বিভিন্ন এলাকায় জ্বালানি ও গ্যাসসংকটের প্রভাব পড়েছে। এর ধারাবাহিকতায় বাংলাদেশ টেক্সটাইল বিশ্ববিদ্যালয়ের (বুটেক্স) আবাসিক হলগুলোর ক্যান্টিন ও ডাইনিংয়ে তীব্র গ্যাসসংকট দেখা দিয়েছে। পর্যাপ্ত গ্যাস সরবরাহ না থাকায় বিকল্প হিসেবে লাকড়ি ও এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে। ফলে খাবার প্রস্তুত ও পরিবেশনে বিলম্বের পাশাপাশি খাবারের মান নিয়েও ভোগান্তিতে পড়ছেন আবাসিক শিক্ষার্থীরা।

হলগুলোতে সরকারি গ্যাস সংযোগের একই লাইন থেকে ডাইনিং ও ক্যান্টিনে গ্যাস সরবরাহ করা হয়। তবে শহীদ আজিজ হলের ক্যান্টিন পরিচালক অভিযোগ করেছেন যে, ডাইনিংয়ে রান্নার কাজ শেষ হওয়ার পর অগ্রাধিকার ভিত্তিতে ক্যান্টিনে গ্যাস সরবরাহ করা হয়। তিনি জানান, গ্যাসের পর্যাপ্ত চাপ না থাকায় সকাল থেকে দুপুরের খাবার প্রস্তুত করতে সমস্যা হচ্ছে। এ কারণে বিকল্প হিসেবে এলপিজি সিলিন্ডার কিনে রান্না করতে হচ্ছে তাঁকে।

ফলে খাবারের পদের সংখ্যা কমানোর পাশাপাশি পরিবেশনেও ধীরগতি দেখা যাচ্ছে। এ বিষয়ে শহীদ আজিজ হলের বাবুর্চি মোহাম্মদ রোমান বলেন, ভোরবেলায় গ্যাসের চাপ খুব কম থাকায় রান্না করতে বেশি সময় লাগছে। খাবার ঠিকমতো সিদ্ধ না হওয়ায় মান বজায় রাখাও কঠিন হয়ে পড়েছে। একটি গ্যাস লাইন দিয়ে প্রায় দেড় শ শিক্ষার্থীর খাবার রান্না করার পর ডাইনিংয়ে গ্যাসের সংযোগ স্থানান্তর করা হয়।

জি. এম. এ. জি. ওসমানী হলের ডাইনিং ও ক্যান্টিনও একই পরিস্থিতির মুখোমুখি হয়েছে। হল কর্তৃপক্ষ জানায়, ওসমানী হল ও সৈয়দ নজরুল ইসলাম হলের গ্যাস সংযোগ একই লাইনে হওয়ায় ওসমানী হলে গ্যাসের চাপ তুলনামূলক কম থাকে। ফলে প্রায়ই রান্নার কাজে বিঘ্ন ঘটে। এ পরিস্থিতিতে গ্যাসের বিকল্প হিসেবে লাকড়ি ও এলপিজি সিলিন্ডার ব্যবহার করতে হচ্ছে।

ওসমানী হলের ক্যান্টিন পরিচালক জানান, দিনের অধিকাংশ সময় গ্যাস না থাকায় অতিরিক্ত সিলিন্ডার কিনতে হচ্ছে। পাশাপাশি ৬০০ টাকা মণ দরে লাকড়ি কিনে রান্না করতে হচ্ছে। এতে প্রতি মাসে কয়েক হাজার টাকা বাড়তি খরচ হচ্ছে। সময়মতো খাবার প্রস্তুত করতে না পারায় মাত্র পাঁচ দিনেই প্রায় আট হাজার টাকা লোকসান হয়েছে। দ্রুত গ্যাসসংকটের স্থায়ী সমাধান অথবা ক্যান্টিনের ভাড়া কমানোর বিষয়ে হল প্রশাসনের কার্যকর পদক্ষেপ চাই।

অন্যদিকে, সৈয়দ নজরুল ইসলাম হলে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতির কিছুটা উন্নতি হয়েছে বলে জানিয়েছেন হলটির ম্যানেজার মাহবুব মিয়া। তিনি বলেন, দীর্ঘ এক মাস ধরে হলে গ্যাসের সমস্যা ছিল। তবে গত কয়েক সপ্তাহ ধরে গ্যাস সরবরাহ পরিস্থিতি স্থিতিশীল রয়েছে। সংকটের সময় গ্যাসের সমস্যা মোকাবিলায় একটি মেশিন কেনা হয়েছিল।

তবে গ্যাসসংকটের কারণে লোকসানের মুখে পড়েছেন এই হলের ক্যান্টিন পরিচালক জিকুরুল ইসলাম জিকু। তিনি জানান, গত এক মাসে মোট পাঁচটি এবং চলতি মাসে আরও দুটি গ্যাস সিলিন্ডার কিনতে হয়েছে। এভাবে চলতে থাকলে ক্যান্টিন পরিচালনা করাই কঠিন হয়ে পড়বে। এ বিষয়ে হল ম্যানেজারের সঙ্গে কথা বলেও এখন পর্যন্ত কোনো কার্যকর সমাধান পাইনি। শুধু আশ্বাসই পেয়ে যাচ্ছি।

এ বিষয়ে জানতে চাইলে সৈয়দ নজরুল ইসলাম হলের প্রভোস্ট অধ্যাপক মো. মোতাকাব্বির হাসান তমাল বলেন, ‘ক্যান্টিন পরিচালক গ্যাসসংকট ও লোকসানের বিষয়ে আমাকে সরাসরি কোনো অভিযোগ জানাননি। হলের গ্যাসসংকট নিরসন ও শিক্ষার্থীদের স্বার্থে আমরা প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছি। এ ক্ষেত্রে ডাইনিংয়ের সমস্যাকে অবশ্যই অগ্রাধিকার দেওয়া হবে।’

শহীদ আজিজ হলের আবাসিক শিক্ষার্থী সুজয় রায় জানান, গ্যাসের তীব্র সংকটের কারণে খাবার রান্না ও পরিবেশনে স্বাভাবিকের তুলনায় অনেক বেশি সময় লাগছে। ফলে খাবারের জন্য দীর্ঘ সময় অপেক্ষা করতে হচ্ছে আমাদের। এর ফলে ক্লাসসহ দৈনন্দিন অন্যান্য কাজেও ব্যাঘাত ঘটছে। সব মিলিয়ে গ্যাসসংকটের কারণে আমাদের ভোগান্তি আগের চেয়ে অনেক বেড়েছে।

শহীদ আজিজ হলের প্রভোস্ট অধ্যাপক ড. আহসান হাবীব বলেন, গ্যাসসংকট এখন নিত্যদিনের সমস্যায় পরিণত হয়েছে। তবে ধীরে ধীরে গ্যাসের চাপ ও সরবরাহ বাড়লে আশা করি, খাবারের মানও উন্নত হবে। ক্যান্টিনে বিকল্প হিসেবে সিলিন্ডার গ্যাস ব্যবহার করা হচ্ছে।

গ্যাসসংকটের পাশাপাশি এলপিজি ও নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বাড়ায় ক্যান্টিন পরিচালনার ব্যয়ও বেড়েছে। তবে এসব প্রতিকূলতার মধ্যেও হলগুলোর ডাইনিং ও ক্যান্টিনে খাবারের দাম অপরিবর্তিত রয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৭
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৬
মাগরিব ০৫:১২
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৫ সূর্যাস্ত : ০৫:১২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%