ঢাকা শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ২৮শে কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ০২ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৩ই নভেম্বর, ২০২৬ইং ২৮শে কার্তিক, ১৪৩২বাং

রানওয়ে সম্প্রসারণে বাঁকড়া মসজিদ: আদালতে বিমানবন্দর কর্তৃপক্ষ


রানওয়ে সম্প্রসারণে বাঁকড়া মসজিদ: আদালতে বিমানবন্দর কর্তৃপক্ষ

নামাজ আদায়ের জন্য নির্দিষ্ট কোনো মসজিদ থাকা বাধ্যতামূলক নয় বলে জানানো হয়েছে। জাতীয় নিরাপত্তা এবং বিমান চলাচলের নিরাপত্তার স্বার্থে সরকারি জমিতে অবস্থিত ধর্মীয় স্থাপনা বাধা হয়ে দাঁড়াতে পারে না।

কলকাতা বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের বিষয়ক বাঁকড়া মসজিদ মামলায় আদালতে বিমানবন্দর কর্তৃপক্ষ ও কেন্দ্রীয় সরকারের পক্ষ থেকে এমন দাবি করা হয়েছে।

বুধবার মামলার শুনানিতে বিমানবন্দর কর্তৃপক্ষের আইনজীবী সৌমিন্দ্রনাথ মুখার্জি বলেন, "বিতর্কিত জমিটি সরকারি জমি। নামাজের জন্য নির্দিষ্ট একটি মসজিদ থাকা বাধ্যতামূলক নয়। অন্য যেকোনো স্থানেও নামাজ আদায় করা সম্ভব। দেশের নিরাপত্তা ও বিমান চলাচলের নিরাপত্তার মতো বৃহত্তর জনস্বার্থের বিষয়কে অগ্রাধিকার দেওয়া প্রয়োজন।"

আরও পড়ুন: ডেঙ্গু নিয়ন্ত্রণে সিটি কর্পোরেশন ও নাগরিকদের সমান দায়িত্বের আহ্বান

আদালতকে জানানো হয়েছে, বিমানবন্দরের রানওয়ে সম্প্রসারণের জন্য ওই জমি ১৯৬১ সালের ৭ ফেব্রুয়ারির বিজ্ঞপ্তির মাধ্যমে আইন অনুযায়ী অধিগ্রহণ করা হয়েছিল। বিমানবন্দর কর্তৃপক্ষের দাবি, জমি অধিগ্রহণের সময় সংশ্লিষ্ট বাসিন্দাদের যথাযথ ক্ষতিপূরণ প্রদান করা হয়েছিল। পুনর্বাসন ও যাতায়াতের ব্যবস্থাও করা হয়েছিল।

আইনজীবী আরও জানান, ওই জমিতে অবস্থিত মসজিদের কারণে বিমান চলাচলের নিরাপত্তায় সমস্যা তৈরি হচ্ছে।

গত ১৩ মে বেসামরিক বিমান চলাচল দপ্তর থেকে বিমানবন্দরের নিরাপত্তা-সংক্রান্ত ত্রুটি নিয়ে একটি চিঠি দেওয়া হয়। এরপর ২৩ মে মসজিদ কমিটির সদস্যসহ সংশ্লিষ্ট সব পক্ষকে নিয়ে বৈঠক অনুষ্ঠিত হয়।

কর্তৃপক্ষের দাবি, ৮ জুলাইয়ের বৈঠকে নিরাপত্তার বিষয়টি বিবেচনা করে বিমানবন্দরের একটি নির্দিষ্ট প্রবেশপথ বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। তাদের বক্তব্য, সিদ্ধান্তটি হঠাৎ নেওয়া হয়নি। সংশ্লিষ্ট সব পক্ষের বক্তব্য শোনার পর জাতীয় নিরাপত্তা ও বিমান চলাচলের বিষয়টি বিবেচনা করেই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

আরও পড়ুন: ভূমি ব্যবস্থাপনায় পরিবর্তন, ঘরে বসেই মিলবে নামজারি

কেন্দ্রীয় সরকারের আইনজীবী ধীরজ ত্রিবেদীও আদালতে বলেন, "সংবিধানে জমি অধিগ্রহণের ক্ষেত্রে ধর্মীয় স্থাপনার জন্য কোনো বিশেষ ছাড়ের কথা বলা হয়নি।" তাঁর দাবি, বৃহত্তর জনস্বার্থ বা জাতীয় নিরাপত্তার প্রয়োজন হলে জমি অধিগ্রহণে কোনো ধর্মীয় কাঠামো বাধা হতে পারে না।

আদালতে আরও জানানো হয়, ২০১৯ সালে প্রধানমন্ত্রীর কার্যালয় থেকেও একটি প্রতিবেদন দেওয়া হয়েছিল। সেখানে বর্তমান পরিস্থিতিতে বিমানবন্দরের সম্প্রসারণকাজে সমস্যা হওয়ার বিষয়টি উল্লেখ করা হয়।

অন্যদিকে মামলাকারীর আইনজীবী দাবি করেন, "প্রায় ১৩৬ বছর ধরে ওই মসজিদে নামাজ ও ধর্মীয় আচার পালন হয়ে আসছে। এত বছর ধরে সেখানে কোনো সমস্যা হয়নি।"

রাজ্য সরকারের পক্ষ থেকে আদালতে বলা হয়েছে, কোনো মসজিদ ভেঙে অন্য ধর্মীয় স্থানে পরিণত করার চেষ্টা হচ্ছে না। পাশাপাশি জনবহুল ও সংবেদনশীল এলাকায় সব ক্ষেত্রে মৌলিক অধিকারের দাবি একইভাবে প্রযোজ্য নয় বলেও জানানো হয়েছে।

আরও পড়ুন: ‘সাগর হুজুরকে’ মৃত্যুদণ্ড, ‘শিশুমাতার’ পরিবার সন্তোষ প্রকাশ

দীর্ঘ শুনানির পর বুধবার আদালত কোনো অন্তর্বর্তী স্থগিতাদেশ দেননি। আগামী ৯ অক্টোবর মামলাটির পরবর্তী শুনানি অনুষ্ঠিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বাংলাদেশ-ইইউ সম্পর্কের গভীরতা বাড়ানোর আশা মাইকেল মিলারের

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৬ পি.এম


বাংলাদেশ-ইইউ সম্পর্কের গভীরতা বাড়ানোর আশা মাইকেল মিলারের

বাংলাদেশের রাষ্ট্রীয় পতাকাবাহী বিমান সংস্থা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের এয়ারবাস কেনার চুক্তি বাংলাদেশ ও ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) মধ্যে বাণিজ্য ও বিনিয়োগ সম্পর্ককে আরও গভীর করবে বলে মন্তব্য করেছেন বাংলাদেশে নিযুক্ত ইইউ রাষ্ট্রদূত ও প্রতিনিধি দলের প্রধান মাইকেল মিলার। তিনি উল্লেখ করেন, এয়ারবাস বেছে নেওয়ার সিদ্ধান্ত বাংলাদেশের অর্থনৈতিক আধুনিকায়ন, নিরাপত্তা, আন্তর্জাতিক প্রতিযোগিতা এবং অর্থের যথাযথ ব্যবহারের বিষয়গুলোকে গুরুত্ব দেওয়ার প্রতিফলন ঘটায়।

বুধবার রাতে রাজধানীর র‌্যাডিসন বøæ ঢাকা ওয়াটার গার্ডেন হোটেলে বিমান বাংলাদেশ এয়ারলাইনস ও ইউরোপীয় উড়োজাহাজ নির্মাতা প্রতিষ্ঠান এয়ারবাসের মধ্যে চুক্তি সই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার সময় তিনি এসব কথা বলেন।

মাইকেল মিলার বলেন, এয়ারবাস কেনার চুক্তিতে স্বাক্ষর বাংলাদেশের জন্য একটি গুরুত্বপূর্ণ মুহূর্ত। এটি বাংলাদেশ ও ইউরোপের মধ্যে আরও শক্তিশালী বাণিজ্যিক ও বিনিয়োগ সম্পর্কের দিকে একটি কৌশলগত পদক্ষেপ। এই চুক্তিতে আন্তর্জাতিক প্রতিযোগিতা, উদ্ভাবন ও নির্ভরযোগ্যতার পাশাপাশি অর্থনৈতিক আধুনিকায়ন, নিরাপত্তা এবং অর্থের যথাযথ মূল্য পাওয়ার বিষয়গুলো গুরুত্ব পেয়েছে।

এয়ারবাস বেছে নেওয়ার মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ইউরোপের সম্পর্ক আরও জোরালো হবে উল্লেখ করে তিনি বলেন, এই সিদ্ধান্ত এমন একটি অংশীদারত্বে বিনিয়োগের প্রতিফলন, যা বাংলাদেশের অর্থনৈতিক সাফল্যে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে। আস্থা, সহযোগিতা ও দীর্ঘমেয়াদি সমৃদ্ধির অভিন্ন লক্ষ্যকে ভিত্তি করে এই অংশীদারত্ব আরও এগিয়ে যাবে। বাংলাদেশের অর্থনীতিকে আরও বড় পরিসরে এগিয়ে নেওয়ার লক্ষ্য নিয়েও কথা বলেন মাইকেল মিলার।

তিনি বলেন, আগামী কয়েক বছরের মধ্যে বাংলাদেশকে ট্রিলিয়ন ডলারের অর্থনীতিতে পরিণত করার যে লক্ষ্য, ইউরোপীয় ইউনিয়ন তা সমর্থন করে। ২০৩০ সালের মধ্যে বিশ্বের শীর্ষ ৩০ অর্থনীতির একটি হওয়ার লক্ষ্যও বাংলাদেশের এই অগ্রযাত্রার অংশ হতে পারে। এই লক্ষ্য অর্জনে এভিয়েশন খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলেও মন্তব্য করেন ইইউ রাষ্ট্রদূত।

বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রায় সরকারের নেওয়া উদ্যোগগুলোর প্রতিও ইইউর সমর্থনের কথা জানিয়ে মাইকেল মিলার আরও বলেন, বাংলাদেশের স্বাভাবিক এলডিসি উত্তরণেও ইইউ সমর্থন করছে। পাশাপাশি বাংলাদেশ ও ইইউর মধ্যে মুক্ত বাণিজ্য চুক্তি (এফটিএ) নিয়ে অনুসন্ধানমূলক আলোচনা শুরুর কথাও উল্লেখ করেন তিনি।

অনুষ্ঠানে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটনমন্ত্রী এম রশিদুজ্জামান মিল্লাত, পররাষ্ট্র মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী হুমায়ুন কবির, ইনভেস্ট বাংলাদেশের নির্বাহী চেয়ারম্যান আশিক চৌধুরী এবং এয়ারবাস ইন্ডিয়া ও দক্ষিণ এশিয়ার প্রেসিডেন্ট ও ব্যবস্থাপনা পরিচালক জুর্গেন ওয়েস্টারমায়ার উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সৈয়দপুরে মুন্সিপাড়ার রেলওয়ে কোয়ার্টার থেকে ট্রান্সফরমার উদ্ধার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


সৈয়দপুরে মুন্সিপাড়ার রেলওয়ে কোয়ার্টার থেকে ট্রান্সফরমার উদ্ধার

নীলফামারীর সৈয়দপুরে একটি ট্রান্সফরমারের মালিকানা নিয়ে বিরোধের কারণে পুলিশ সেটি উদ্ধার করেছে। বুধবার (৭ অক্টোবর) শহরের মুন্সিপাড়া এলাকার একটি রেলওয়ে কোয়ার্টারে অভিযান পরিচালনা করে ট্রান্সফরমারটি উদ্ধার করে থানায় নিয়ে যাওয়া হয়।

পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, মালিকানা নিয়ে পরস্পরবিরোধী দাবি থাকায় আপাতত ট্রান্সফরমারটি থানার হেফাজতে রাখা হয়েছে। প্রয়োজনীয় কাগজপত্র যাচাইয়ের পর প্রকৃত মালিকের কাছে এটি হস্তান্তরের সিদ্ধান্ত নেওয়া হবে। এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা হয়নি।

থানা সূত্রে জানা গেছে, ট্রান্সফরমারটি উদ্ধারের বিষয়ে লিখিত অভিযোগ করেছেন শাহীন পারভেজ। তাঁর অভিযোগ, স্বামী পারভেজ আলমের মৃত্যুর পর তাঁদের মালিকানাধীন কাঠি কোম্পানির ব্যবসায়িক কার্যক্রম অংশীদারদের মধ্যে ভাগ হয়ে যায়। পরে ব্যবসার দায়িত্বে থাকা শাহীন পারভেজ ব্যবসায়িক পরিস্থিতির অবনতির কারণে কোম্পানির একটি ট্রান্সফরমার বিক্রি করেন। কিন্তু পরবর্তীতে সেটি মুন্সিপাড়ার একটি রেলওয়ে কোয়ার্টারে রাখা হয়েছে বলে অভিযোগ করেন তিনি।

এই অভিযোগের পর পুলিশ কোয়ার্টারটিতে তল্লাশি চালায়। সেখান থেকে ট্রান্সফরমারটি উদ্ধার করে সৈয়দপুর থানায় নিয়ে যাওয়া হয়।

স্থানীয় সূত্রে জানা গেছে, ওই রেলওয়ে কোয়ার্টারটি সাজু খানের দখলে রয়েছে বলে অভিযোগ রয়েছে। তবে ট্রান্সফরমারটির মালিকানা নিয়ে তাঁদের পক্ষ থেকেও দাবি রয়েছে।

সাজু খানের ভাষ্য অনুযায়ী, পুলিশ যে ট্রান্সফরমারটি উদ্ধার করেছে সেটি তাঁরই। তিনি জানান, কয়েকদিন আগে তাঁর ট্রান্সফরমারটি চুরি হয়েছিল। পরে লোকজনের মাধ্যমে তারাগঞ্জ এলাকা থেকে সেটি উদ্ধার করে সৈয়দপুরে নিয়ে আসেন তিনি। তবে পুলিশ সেটি থানায় নিয়ে যাওয়ার বিষয়ে তিনি কোনো মন্তব্য করতে চাননি।

সৈয়দপুর থানার ওসি মো. রেজাউল করিম রেজা বলেন, ট্রান্সফরমারটির বিষয়ে উভয় পক্ষই থানায় অভিযোগ করেছে। তাঁদের সঙ্গে বসে কাগজপত্র যাচাই করা হবে। যাচাইয়ে বৈধ কাগজপত্র যার অনুকূলে পাওয়া যাবে, ট্রান্সফরমারটি তাঁর কাছে হস্তান্তর করা হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৭ পি.এম


ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে চুক্তি ‘কালো চুক্তি’ হিসাবে চিহ্নিত হবে

জনমতকে উপেক্ষা করে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে এই চুক্তি ইতিহাসে একটি কালো চুক্তি হিসেবে চিহ্নিত হবে, এমন মন্তব্য করেছেন বন্দর রক্ষা কমিটি।

বুধবার (৭ অক্টোবর) গণমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে সংগঠনটির পক্ষ থেকে এই বক্তব্য তুলে ধরা হয়।

বিবৃতিতে জানানো হয়, বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাত সরকারের নামে প্রচারিত আমন্ত্রণপত্রে সরকারি-বেসরকারি অংশীদারিত্বের আওতায় নিউমুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্পের চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানের আয়োজনের কথা উল্লেখ করা হয়েছে। কিন্তু জাতীয় স্বার্থের সঙ্গে সরাসরি সম্পর্কিত এই চুক্তির শর্ত, পরিচালনার অধিকার, আর্থিক দায় এবং শ্রমিকদের অধিকার সম্পর্কে জনগণকে স্পষ্টভাবে অবহিত না করে স্বাক্ষরের আয়োজন করা গভীর উদ্বেগের বিষয়। জনমত উপেক্ষা করে উন্নয়ন ও বিনিয়োগের কথা বলে এই প্রক্রিয়াকে গ্রহণযোগ্য করা যাবে না।

গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকার হলেও, জনগণের মতামত উপেক্ষা করে জাতীয় সম্পদ নিয়ে একতরফা চুক্তি করার অধিকার এই সরকারের নেই, এমন দাবি করেছেন তারা। চট্টগ্রাম বন্দর দেশের জনগণের সম্পদ এবং জনগণের কাছে জবাবদিহি এড়িয়ে এই বন্দরের ভবিষ্যৎ নির্ধারণের প্রচেষ্টা গণতান্ত্রিক নীতির পরিপন্থী। জনগণের আপত্তিকে অগ্রাহ্য করে চুক্তি চাপিয়ে দেওয়া হলে, দেশের মানুষ তা মেনে নেবে না। ইতিহাসে এই চুক্তি ‘কালো চুক্তি’ হিসেবেই চিহ্নিত হবে।

বিবৃতিতে নিউমুরিং কনটেইনার টার্মিনাল প্রকল্প নিয়ে ডিপি ওয়ার্ল্ডের সঙ্গে ৮ অক্টোবর চুক্তি স্বাক্ষরের আয়োজনের বিরুদ্ধে তীব্র ক্ষোভ ও নিন্দা প্রকাশ করা হয়েছে। দেশের গুরুত্বপূর্ণ জাতীয় সম্পদ নিয়ে জনগণের মতামত উপেক্ষা করে একতরফা সিদ্ধান্ত চাপিয়ে দেওয়ার এই উদ্যোগ কোনোভাবেই গ্রহণযোগ্য নয় বলে জানানো হয়।

এছাড়া, জনমত উপেক্ষা করে চুক্তি স্বাক্ষরের পথে এগোলে তার বিরুদ্ধে বৃহত্তর গণতান্ত্রিক আন্দোলন গড়ে তোলার হুঁশিয়ারি দিয়েছেন সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শতবর্ষী মায়ের আদালতে ছেলের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৭ই অক্টোবর, ২০২৬ ইং

১১:৩৮ পি.এম


শতবর্ষী মায়ের আদালতে ছেলের বিরুদ্ধে সম্পত্তি আত্মসাতের অভিযোগ

চাঁপাইনবাবগঞ্জে জমি-সংক্রান্ত মামলার কথা বলে শতবর্ষী মা ও বাবার টিপসই নিয়ে প্রায় ১২ বিঘা কৃষিজমি, আমবাগান ও বসতভিটাসহ পারিবারিক সম্পত্তি নিজের নামে লিখে নেওয়ার অভিযোগ উঠেছে বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের (বুয়েট) এক কর্মকর্তার বিরুদ্ধে।

অভিযুক্ত মো. মুখতারুজ্জামান বুয়েটের সিনিয়র টেকনিক্যাল অফিসার। তার বিরুদ্ধে পৈতৃক বাড়ি ছেড়ে দেওয়ার জন্য চাপ এবং জরাজীর্ণ ঘর মেরামতে বাধা দেওয়ারও অভিযোগ করেছেন তার ১০০ বছর বয়সী মা রহিমা খাতুন ওরফে মনোয়ারা রেফুল।

রহিমা খাতুন চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা মাঝপাড়া গ্রামের বাসিন্দা। স্বামী মৃত এসলাম হোসেন। সাত সন্তানের মধ্যে মুখতারুজ্জামান দ্বিতীয়। স্বামীর মৃত্যুর পর ছোট ছেলে ইসমাইল হোসেনের সঙ্গে পৈতৃক বাড়িতে বসবাস করছেন তিনি।

পরিবারের সদস্যদের অভিযোগ, রহিমা খাতুন যে ঘরে বসবাস করেন সেটি বর্তমানে জরাজীর্ণ। টিনের চাল ফুটো হয়ে বৃষ্টির পানি পড়ে। ঘরের বিভিন্ন স্থানে ফাটল ধরেছে, কাঠেও ধরেছে ঘুন। ঘরটি মেরামতের উদ্যোগ নিলে মুখতারুজ্জামান বাধা দেন বলেও অভিযোগ তাদের।

রহিমা খাতুনের দাবি, জমি নিয়ে মামলা চলছে এমন কথা বলে তার ও তার প্রয়াত স্বামীর কাছ থেকে টিপসই নেওয়া হয়। পরে তিনি জানতে পারেন, ওই টিপসই ব্যবহার করে তাদের সম্পত্তি মুখতারুজ্জামানের নামে রেজিস্ট্রি করা হয়েছে।

শতবর্ষী এই নারী বলেন, কোনো সন্তানকে স্বেচ্ছায় সম্পত্তি লিখে দেননি তিনি। এখন তাকে ও ছোট ছেলে ইসমাইলকে বাড়ি থেকে বের করে দেওয়ার জন্য চাপ দেওয়া হচ্ছে।

অভিযোগের প্রতিকার পেতে স্থানীয়ভাবে একাধিকবার সালিশের পাশাপাশি থানায় অভিযোগ এবং জেলা লিগ্যাল এইডেরও দ্বারস্থ হন রহিমা খাতুন। তবে এতে কোনো সমাধান হয়নি বলে দাবি তার।

ছোট ছেলে ইসমাইল হোসেনের দাবি, তাদের বাবা-মায়ের প্রায় ১২ বিঘা ধান ও আমের জমি এবং বসতবাড়ি রয়েছে। এসব সম্পত্তি মুখতারুজ্জামানের নামে লিখে নেওয়া হয়েছে। তিনি বলেন, সামান্য আয় করে মায়ের দেখাশোনা করছেন তিনি। বাড়িটি বসবাসের অনুপযোগী হয়ে পড়লেও মেরামত করতে দেওয়া হচ্ছে না। উল্টো বাড়ি খালি করার জন্য চাপ দেওয়া হচ্ছে।

পরিবারের সদস্য আলিম হোসেন ও খাইরুল হোসেনও একই অভিযোগ করেছেন। তাদের দাবি, সাত ভাই-বোনের মধ্যে বাকি ছয়জনকে সম্পত্তির অংশ থেকে বঞ্চিত করা হয়েছে।

বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আতাউল হক কমল বলেন, সম্পত্তি নিয়ে বিরোধের বিষয়ে একাধিকবার গ্রাম্য সালিশ হয়েছে। বিষয়টি সমাধানে বিভিন্ন পরামর্শ দেওয়া হলেও অভিযুক্ত তা মানেননি।

তিনি বলেন, দলিলপত্র অনুযায়ী আইনগতভাবে তার পিতার সম্পত্তির মালিক এখন মুখতারুজ্জামান। তবে প্রতারণা করে বা যেভাবেই হোক সম্পত্তি নেওয়ার অভিযোগ রয়েছে। সালিশে রহিমা খাতুন বারবার জানিয়েছেন, তিনি কোনো সন্তানকে সম্পত্তি লিখে দেননি।

এদিকে সম্পত্তির অধিকার ও বসতভিটা রক্ষার দাবিতে গত ৩১ আগস্ট চাঁপাইনবাবগঞ্জের যুগ্ম জেলা জজ প্রথম আদালতে মামলা করেছেন রহিমা খাতুন। মামলায় একমাত্র আসামি করা হয়েছে ছেলে মো. মুখতারুজ্জামানকে।

বাদীপক্ষের আইনজীবী মো. সোহরাব আলী মামলা দায়েরের বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, মামলার অভিযোগ অনুযায়ী, মুখতারুজ্জামান তার বাবাকে ভুল তথ্য দিয়ে চাঁপাইনবাবগঞ্জ রেজিস্ট্রি অফিসে নিয়ে যান এবং টিপসইয়ের মাধ্যমে জমি নিজের নামে রেজিস্ট্রি করান। পরে একই কৌশলে মায়ের কাছ থেকেও টিপসই নিয়ে সম্পত্তি নিজের নামে লিখে নেওয়া হয়েছে বলে মামলায় অভিযোগ করা হয়েছে।

তবে এসব অভিযোগের বিষয়ে মো. মুখতারুজ্জামানের কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৩
জোহর ১১:৪৪
আসর ০৩:৩৮
মাগরিব ০৫:১৪
ইশা ০৬:২৭
সূর্যোদয় : ০৬:১১ সূর্যাস্ত : ০৫:১৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%