০৫:৪৯ পি.এম
আগামীকাল বুধবার চায়ের দেশ মৌলভীবাজারের শ্রীমঙ্গলে সফর করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। দুপুরে ভিক্টোরিয়া উচ্চ বিদ্যালয় মাঠে ফ্যামিলি কার্ড বিতরণ কর্মসূচির উদ্বোধন করবেন তিনি। এই কর্মসূচির আওতায় মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫টি পরিবারের মধ্যে কার্ড বিতরণ করা হবে।
একই সাথে ১২০ জনকে বিভিন্ন ধরনের সরকারি অনুদান ও সহায়তা প্রদান করা হবে। ফলে প্রধানমন্ত্রীর হাত থেকে মোট ২৭৫ উপকারভোগী সাহায্য গ্রহণ করবেন। ক্যানসার, কিডনি রোগ, লিভার সিরোসিস, প্যারালাইজড, হৃদরোগ ও থ্যালাসেমিয়া রোগীদের এককালীন আর্থিক অনুদান দেওয়া হবে। এর পাশাপাশি ক্ষুদ্র জাতিসত্তা ও নৃগোষ্ঠীর জীবনমান উন্নয়নের জন্য, শিক্ষার্থীদের শিক্ষাসহায়তা, চা-শ্রমিকদের টেকসই আবাসন সুবিধা, এবং দুস্থ, অসহায়, অসুস্থ, প্রতিবন্ধী ও গৃহহীন ব্যক্তিদের জন্য বিশেষ সহায়তা প্রদান করা হবে।
প্রধানমন্ত্রীর সফরটি সফল করতে স্থানীয় প্রশাসন, আইনশৃঙ্খলা বাহিনী, জনপ্রতিনিধি ও রাজনৈতিক নেতাকর্মীরা সমন্বিতভাবে কাজ করছেন। বিশেষ নিরাপত্তা ব্যবস্থার জন্য স্পেশাল সিকিউরিটি ফোর্স (এসএসএফ), বিভিন্ন গোয়েন্দা সংস্থা, পুলিশ, র্যাব, সেনাবাহিনীসহ সংশ্লিষ্ট সংস্থাগুলো নিরাপত্তাব্যবস্থা শক্তিশালী করেছে।
আরও পড়ুন: সৌদির বিমানবন্দরে হামলায় নিহত বাংলাদেশির মরদেহ দেশে পৌঁছেছে
মৌলভীবাজার-৪ (শ্রীমঙ্গল-কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী জানান, নির্বাচনি জনসভায় প্রধানমন্ত্রী তারেক রহমান মৌলভীবাজারে আসার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সরকার গঠনের চার মাসের মধ্যে তিনি ফ্যামিলি কার্ড কর্মসূচি নিয়ে শ্রীমঙ্গলে আসছেন, যা এলাকার মানুষের জন্য অত্যন্ত তাৎপর্যপূর্ণ।
তিনি বলেন, আমরা বৃহত্তর সিলেটের মধ্যে প্রধানমন্ত্রীকে সবচেয়ে বড় সংবর্ধনা দিতে চাই। সফর সফল করতে সর্বস্তরের মানুষকে সম্পৃক্ত করা হয়েছে। যদিও বৈরী আবহাওয়া কিছুটা চ্যালেঞ্জ তৈরি করতে পারে, তবে আমাদের প্রস্তুতি প্রায় সম্পন্ন।
ইউএনও মো. জিয়াউর রহমান জানিয়েছেন, প্রধানমন্ত্রীর সফরসূচি পাওয়ার পর থেকেই প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় সব প্রস্তুতি নেওয়া হয়েছে। মঞ্চ নির্মাণ, বসার ব্যবস্থা, নিরাপত্তা নিশ্চিতকরণ এবং সার্বিক সমন্বয়ের কাজ চলমান রয়েছে।
তিনি জানান, মির্জাপুর ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ডের ১৫৫ জন প্রকৃত সুবিধাভোগীর তালিকা যাচাই-বাছাই শেষে চূড়ান্ত করা হয়েছে। এছাড়া আরো ১২০ জন বিভিন্ন ধরনের সরকারি সহায়তা পাবেন। অনুষ্ঠানটি সুষ্ঠু, শান্তিপূর্ণ ও নির্বিঘ্নভাবে সম্পন্ন করার জন্য প্রশাসনের পক্ষ থেকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: সারের বস্তা থেকে বিএনপির বিরুদ্ধে সতর্কবার্তা দিলেন প্রধানমন্ত্রী
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন