০৫:১৫ পি.এম
ফরিদপুরের নগরকান্দায় অপহরণ মামলায় রুবেল খন্দকার (২০) নামের এক মাদরাসাছাত্রকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আদালতের পাশাপাশি তাকে ২০ হাজার টাকা অর্থদণ্ডও দেওয়া হয়েছে, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড ভোগ করতে হবে।
এ মামলার অপর আসামি, সোহেল মোল্লাকে আদালত খালাস দিয়েছেন।
বুধবার (১২ আগস্ট) ফরিদপুরের নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক (জেলা ও দায়রা জজ) শামীমা পারভীন এ রায় ঘোষণা করেছেন। এ সময় আসামি পলাতক থাকায় তাকে গ্রেপ্তারের নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: ডাকাতিয়ায় সেতু না থাকায় স্বেচ্ছাশ্রমে বাঁশের সাঁকো নির্মাণ
মামলার এজাহার এবং অভিযোগপত্র সূত্রে জানা যায়, নগরকান্দা থানাধীন একটি মাদরাসায় প্রায় ছয় মাস ধরে আবাসিকভাবে পড়াশোনা করছিল ১০ বছর বয়সী হেদায়েত উল্লাহ। ২০১৬ সালের ১৪ জানুয়ারি সন্ধ্যা সাড়ে ৬টার দিকে মাদরাসার সামনের পশ্চিম পাশে জুরদী বাসস্ট্যান্ডে যাওয়ার কথা বলে সহপাঠীদের সঙ্গে বের হয় হেদায়েত। এরপর সে মাদরাসায় ফিরে আসেনি।
পরে বিভিন্ন স্থানে খোঁজাখুঁজি করেও তাকে না পেয়ে মাদরাসার শিক্ষক ক্বারী মো. ইউনুস আলী তার পরিবারের কাছে বিষয়টি জানান। এরপর শিশুটির বাবা মো. কামাল খন্দকার নগরকান্দা থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেন।
এজাহারে উল্লেখ করা হয়েছে, শিশুটি নিখোঁজ হওয়ার পরদিন ১৫ জানুয়ারি দুপুরে একটি মোবাইল নম্বর থেকে ফোন করে তার বাবার কাছে পাঁচ লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়। টাকা না দিলে শিশুটিকে হত্যা করে ফেলার হুমকিও দেওয়া হয়। একই দিন রাতে আবারও ফোন করে মুক্তিপণের দাবি করা হয় এবং শিশুটির সঙ্গে কথা বলিয়ে দেওয়া হয়।
নগরকান্দা থানায় শিশুটির বাবার করা মামলার পর তদন্ত শেষে পুলিশ একই মাদরাসার ছাত্র রুবেল খন্দকার ও সোহেল মোল্লার বিরুদ্ধে অভিযোগপত্র দাখিল করে। মামলার নথিতে দেখা যায় রুবেলকে পলাতক আসামি হিসেবে উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: গাইবান্ধায় ডিবি পুলিশ পরিচয়ে প্রতারণার অভিযোগ, আতঙ্কে এলাকাবাসী
দীর্ঘ বিচারিক কার্যক্রম শেষে বুধবার (১২ আগস্ট) আদালত রুবেল খন্দকারকে দোষী সাব্যস্ত করে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড এবং ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেছেন। অর্থদণ্ড অনাদায়ে তাকে আরো তিন মাস কারাদণ্ড ভোগ করতে হবে। তবে অভিযোগ প্রমাণিত না হওয়ায় অপর আসামি সোহেল মোল্লাকে খালাস দেওয়া হয়েছে।
বিষয়টি নিশ্চিত করে নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের সরকারি কৌঁসুলি (পিপি) অ্যাডভোকেট গোলাম রব্বানী জানিয়েছেন, শিশু অপহরণের অভিযোগ প্রমাণিত হওয়ায় আদালত রুবেল খন্দকারকে পাঁচ বছরের সশ্রম কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন