০১:১৬ পি.এম
রাজশাহী, ২৮ নভেম্বর, ২০২৬ : ভূমিমন্ত্রী মো. মিজানুর রহমান মিনু ভূমি কর্মকর্তাদের কাছে আহ্বান জানিয়েছেন যে, তারা যেন স্বচ্ছতা ও জবাবদিহিতা নিশ্চিত করে দায়িত্ব পালন করেন।
আজ শনিবার বেলা ১১টায় রাজশাহী জেলা প্রশাসকের সম্মেলনকক্ষে জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) কর্তৃক আয়োজিত ‘অটোমেটেড ভূমি সেবা সিস্টেমে ভূমি তথ্য সন্নিবেশ ও সংরক্ষণ কার্যক্রম’ শীর্ষক অবহিতকরণ কর্মশালায় প্রধান অতিথি হিসেবে তিনি এ আহ্বান জানান।
ভূমিমন্ত্রী উল্লেখ করেন, ভূমিদস্যুদের প্রতি কোনো ধরনের প্রশ্রয় দেওয়া উচিত নয়। ভূমি অফিসগুলোতে যেন ভূমিদস্যুরা কোনো সুযোগ-সুবিধা গ্রহণ করতে না পারে, সে বিষয়ে কর্মকর্তাদের সতর্ক থাকতে হবে। সাধারণ সেবাপ্রত্যাশীদের অগ্রাধিকার দেওয়ার বিষয়টি নিশ্চিত করতে হবে।
আরও পড়ুন: শেখ হাসিনার আইনজীবী পরিবর্তনের আহ্বান ব্যারিস্টার মাহবুব উদ্দিন খোকনের
তিনি আরও বলেন, সরকার ভূমি সম্পর্কিত জটিলতা ও হয়রানি দূর করতে কাজ করছে। আজকের কর্মশালা সেই উদ্যোগের একটি অংশ হিসেবে অনুষ্ঠিত হচ্ছে।
মন্ত্রী কর্মশালায় অংশগ্রহণকারী কর্মকর্তাদের প্রতি মনোযোগ সহকারে প্রশিক্ষণ গ্রহণের আহ্বান জানান এবং অর্জিত জ্ঞান ভবিষ্যতে কাজে লাগানোর জন্য উৎসাহিত করেন।
তিনি বলেন, অন্যায় ও অনিয়মের জন্য শুধু এই দুনিয়াতেই নয়, পরকালেও জবাবদিহি করতে হবে। যারা অন্যায় ও অনিয়মের মাধ্যমে অর্থ-সম্পদের মালিক হয়েছেন, তাদের জীবনে শান্তি নেই। এমনকি মৃত্যুর আগে তাদের কষ্ট ভোগ করতে হয়।
ভূমিমন্ত্রী সকলের প্রতি আহ্বান জানান যে, তারা যেন স্বচ্ছতা ও জবাবদিহিতার সাথে দায়িত্ব পালন করেন। ভূমি মন্ত্রণালয়ের অধীন সব প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীদের নিষ্ঠার সাথে কাজ করে দেশের অগ্রগতিতে অবদান রাখার জন্য তিনি উৎসাহিত করেন।
আরও পড়ুন: নওগাঁর ধামইরহাট সীমান্তে বিজিবির কঠোর অবস্থান অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে
রাজশাহীর জেলা প্রশাসক মো. কাজী শহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন অতিরিক্ত বিভাগীয় কমিশনার মো. রেজাউল আলম সরকার এবং ইউএনডিপির আবাসিক প্রতিনিধি সোনালি দয়ারত্নে।
কর্মশালায় রাজশাহী জেলার নয়টি উপজেলার উপজেলা নির্বাহী কর্মকর্তা, সহকারী কমিশনার (ভূমি) এবং সংশ্লিষ্ট অন্যান্য কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন