প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
ইতালিতে শিক্ষাব্যবস্থায় একটি বিতর্কিত সংস্কার বিল পাস হয়েছে, যার আওতায় দেশের স্কুলগুলোতে মুখ ঢাকা পোশাক নিষিদ্ধ করা হয়েছে এবং প্রথম বর্ষের শ্রেণিকক্ষে বিদেশি বংশোদ্ভূত শিক্ষার্থীর সংখ্যা সর্বোচ্চ ৩০ শতাংশ নির্ধারণ করা হয়েছে। বিরোধী দলগুলো সরকারের এই পদক্ষেপকে বৈষম্যমূলক আখ্যা দিয়ে তীব্র প্রতিবাদ জানিয়েছে।
ইতালির পার্লামেন্টের নিম্নকক্ষে 'চেম্বার অব ডেপুটিজ'-এ ১৪২-১১২ ভোটে সংস্কার বিলটি অনুমোদিত হয়; এ সময় চারজন সদস্য ভোটদানে বিরত ছিলেন। নতুন এই আইনে যেসব বিদেশি শিক্ষার্থীর ইতালীয় শিক্ষাব্যবস্থার সাথে মানিয়ে নিতে অসুবিধা হচ্ছে, তাদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখার কোর্সের ব্যবস্থা রাখা হয়েছে।
'দেক্রেতো স্কুওলা' নামে পরিচিত এই আইনটি এর আগে গত ২০ নভেম্বর দেশটির উচ্চকক্ষ সিনেটে অনুমোদিত হয়েছিল। এটি মূলত ২০২৬ সালের ৩০ সেপ্টেম্বরের 'ডিক্রি-ল ১৭০'-এর একটি অংশ, যা ২০২৬-২৭ শিক্ষাবর্ষের কার্যক্রম সুষ্ঠুভাবে শুরু করা, 'ন্যাশনাল রিকভারি অ্যান্ড রেজিলিয়েন্স প্ল্যানের' (পিএনআরআর) অধীনে গৃহীত উদ্যোগগুলোকে সহায়তা করা এবং বিদেশি শিক্ষার্থীদের মূলধারায় একীভূত করার লক্ষ্যে প্রণয়ন করা হয়েছে।
নতুন এই নিয়মের ফলে মুসলিম ছাত্রীরা শ্রেণিকক্ষে বোরকা ও নিকাব পরতে পারবেন না। তবে বিদেশি বংশোদ্ভূত যেসব শিক্ষার্থী ইতোমধ্যে ইতালীয় ভাষায় পর্যাপ্ত দক্ষতা অর্জন করেছে, তাদের ক্ষেত্রে শ্রেণিকক্ষে ৩০ শতাংশের এই কোটা প্রযোজ্য হবে না।
নিম্নকক্ষে চূড়ান্ত ভোটাভুটির সময় বিরোধী আইনপ্রণেতারা তীব্র বিক্ষোভ প্রদর্শন করেন। এ সময় পার্লামেন্ট কক্ষে তাদের হাতে ‘স্কুলে কেউ বিদেশি নয়’ লেখা প্ল্যাকার্ড দেখা যায়।
নতুন শিক্ষা সংস্কারে যা প্রস্তাব করা হয়েছে
অ-ইতালীয় শিক্ষার্থীদের সংখ্যা ৩০ শতাংশে সীমাবদ্ধ রাখার বিষয়টি একেবারে নতুন নয়। ২০১০ সালে তৎকালীন শিক্ষামন্ত্রী মারিয়াস্তেলা গেলমিনি একটি মন্ত্রিপরিষদ বিজ্ঞপ্তির মাধ্যমে একই ধরনের বিধিনিষেধ জারি করেছিলেন। তবে স্থানীয় জনসংখ্যাগত পরিস্থিতি এবং নমনীয়তার অভাবে-বিশেষ করে শহরের উপকণ্ঠগুলোতে-তা প্রায়শই কার্যকর করা সম্ভব হয়নি।
সর্বশেষ এই আইনে বিদেশি অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শিক্ষার কোর্সের বিধান রাখা হয়েছে, বিশেষ করে যাদের সন্তানরা জাতীয় স্কুল ব্যবস্থার সাথে মানিয়ে নিতে গুরুতর সমস্যার সম্মুখীন হচ্ছে।
চলতি বছরের শুরুর দিকে প্রধানমন্ত্রী জর্জিয়া মেলোনি ঘোষণা করেছিলেন যে, তার সরকার স্কুলে বোরকা ও নিকাব নিষিদ্ধ করা, শ্রেণিকক্ষে বিদেশি শিক্ষার্থীর সংখ্যা সীমিত করা এবং একীভূত হতে সমস্যায় পড়া শিশুদের অভিভাবকদের জন্য ইতালীয় ভাষা শেখা বাধ্যতামূলক করতে আইন প্রণয়নের প্রস্তুতি নিচ্ছে।
নিজের দল 'ব্রাদার্স অব ইতালি'র যুব শাখা 'জিওভেন্তু নাজিওনালে' আয়োজিত এক সমাবেশে প্রস্তাবিত এই বিধিনিষেধের পক্ষে যুক্তি দিয়ে মেলোনি বলেছিলেন, ইতালীয় শিক্ষার্থীরা তাদের নিজেদের শ্রেণিকক্ষে সংখ্যালঘু হয়ে পড়ুক, তা হতে দেওয়া যায় না।
তিনি বলেন, ‘ইতালীয় শ্রেণিকক্ষে ইতালীয় শিশুরা সংখ্যালঘু হয়ে যাওয়ার কারণে কোণঠাসা বোধ করবে—এটা কোনোভাবেই মেনে নেওয়া যায় না। এটি চলতে দেওয়া হবে না।’ তিনি আরও যোগ করেন, ‘এই পুরো বিষয়টিকে 'একীভূতকরণ' বলে চালিয়ে দেওয়া আরেকটি মিথ্যাচার-যারা আদর্শের বুলি আওড়ে জীবিকা নির্বাহ করেন এবং নিজেদের ড্রয়িংরুমে বসে আমাদের উপদেশ দিয়ে নিজের সন্তানদের এমন স্কুলে পাঠান যেখানে এই সমস্যার কোনো অস্তিত্বই নেই, এটি তাদের জন্য একটি সুবিধাজনক মিথ্যা।’
ইউরোপজুড়ে মুখ ঢাকা পোশাকের ওপর বাড়ছে বিধিনিষেধ
ইউরোপের বেশ কয়েকটি দেশে মুখ ঢাকা পোশাকের ওপর চলমান বিধিনিষেধের ধারাবাহিকতায় ইতালি এই পদক্ষেপ নিল। ফ্রান্স এবং বেলজিয়াম ইতোমধ্যে জনসমক্ষে মুখ ঢেকে রাখার ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করেছে এবং অস্ট্রিয়া শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে এ বিষয়ে কঠোর বিধিনিষেধ আরোপ করেছে।
ইতালির এই আইনে বিশেষভাবে বোরকা ও নিকাবকে লক্ষ্যবস্তু করা হয়েছে। প্রথাগতভাবে বোরকায় পুরো শরীর ঢাকা থাকে এবং চোখের অংশে জালির মতো পর্দা থাকে; অন্যদিকে নিকাবে কেবল চোখ দুটি খোলা রেখে পুরো মুখ ঢেকে রাখা হয়। এর বিপরীতে হিজাবে চুল ও গলা ঢাকা থাকলেও মুখমণ্ডল খোলা থাকে।
২০১১ সালের এপ্রিলে ফ্রান্স জনসমক্ষে মুখ ঢাকা পোশাকের ওপর দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি করে, যা পরবর্তীতে ইউরোপীয় মানবাধিকার আদালতেও বহাল থাকে। একই বছরের জুলাইয়ে বেলজিয়ামও অনুরূপ নিষেধাজ্ঞা জারি করে এবং আইন লঙ্ঘনের ক্ষেত্রে জরিমানা ও কারাদণ্ডের বিধান রাখে।
বুলগেরিয়ায় ২০১৬ সালের সেপ্টেম্বর থেকে সরকারি, প্রশাসনিক এবং শিক্ষাপ্রতিষ্ঠানে পুরো মুখ ঢাকা পর্দা নিষিদ্ধ করা হয়েছে। অস্ট্রিয়ায় ২০১৭ সালের অক্টোবরে জনসমক্ষে মুখ দৃশ্যমান রাখার বাধ্যবাধকতা দিয়ে আইন পাস হয়। এছাড়া ২০২৬ সালের সেপ্টেম্বর থেকে স্কুলে ১৪ বছর বয়স পর্যন্ত মেয়েদের ইসলামি রীতি অনুযায়ী মাথা ঢাকা পর্দা পরাও নিষিদ্ধ করা হচ্ছে।
২০১৮ সালের আগস্টে ডেনমার্কে দেশব্যাপী নিষেধাজ্ঞা জারি হয়, যেখানে বারবার আইন ভাঙলে জরিমানার পরিমাণ বাড়ানোর বিধান রয়েছে। ২০১৯ সালের আগস্টে নেদারল্যান্ডস স্কুল, হাসপাতাল, সরকারি অফিস এবং গণপরিবহনে আংশিক নিষেধাজ্ঞা কার্যকর করে।
জাতীয় গণভোটের পর ২০২৩ সালে সুইজারল্যান্ডে জনসমক্ষে মুখ ঢাকা পোশাকের ওপর ফেডারেল নিষেধাজ্ঞা কার্যকর হয়। ২০২৬ সালের আগস্টে পর্তুগালও জনসমক্ষে মুখ ঢাকা নিষিদ্ধ করে এবং আর্থিক জরিমানার বিধান রেখে আইন প্রণয়ন সম্পন্ন করে।
অন্যদিকে, জার্মানিতে দেশব্যাপী কোনো নিষেধাজ্ঞা না থাকলেও সরকারি কর্মচারী, বিচারক, সশস্ত্র বাহিনীর সদস্য এবং গাড়িচালকদের জন্য মুখ ঢাকার ওপর বিধিনিষেধ রয়েছে। এছাড়া দেশটির বেশ কয়েকটি অঙ্গরাজ্যে স্কুল ও বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী এবং শিক্ষকদের জন্য পুরো মুখ ঢাকা পর্দা নিষিদ্ধ।
নির্বাচন সামনে রেখে অভিবাসন বিতর্ক তুঙ্গে
আগামী বছর ইতালিতে সাধারণ নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে এবং দেশটির রাজনীতিতে অভিবাসন এখন একটি অত্যন্ত বিতর্কিত ও বিভাজনমূলক ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এমন প্রেক্ষাপটেই এই শিক্ষা সংস্কার বিলটি পাস হলো।
অবসরপ্রাপ্ত জেনারেল রবার্তো ভান্নাচ্চি রাজনীতিতে প্রবেশ করার পর মেলোনির দলের ডানপন্থী শিবিরে প্রতিযোগিতা আরও তীব্র হয়েছে। ভান্নাচ্চি অভিবাসনের বিরুদ্ধে আরও কঠোর পদক্ষেপ নেওয়ার পক্ষে ওকালতি করে আসছেন। মেলোনির সরকারও তাদের রাজনৈতিক এজেন্ডার কেন্দ্রে অভিবাসন নিয়ন্ত্রণ এবং মূলধারায় কথিত একীভূতকরণের বিষয়টিকে ক্রমশ সামনে নিয়ে আসছে, যার সর্বশেষ প্রতিফলন ঘটল দেশটির শিক্ষাব্যবস্থায়।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন