ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

তামান্না কি সমস্যায় ভুগছিলেন?


তামান্না কি সমস্যায় ভুগছিলেন?

বয়ঃসন্ধির সময় মুখে ব্রণ হওয়া একটি অস্বাভাবিক ঘটনা নয়। হরমোনের পরিবর্তনের কারণে ত্বকে তেল নিঃসরণের পরিমাণ বৃদ্ধি পায়, ফলে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ দেখা দেয়। যদিও কৈশোরে মুখে ব্রণ হলে সাধারণত সেটিকে হরমোনের স্বাভাবিক পরিবর্তন হিসেবে ধরা হয়, কিন্তু সব সময় কি তাই? বলিউড অভিনেত্রী তামান্না ভাটিয়ার অভিজ্ঞতা ভিন্ন কথা বলছে। কখনো কখনো ত্বকের সমস্যার পেছনে অন্য কোনো শারীরিক কারণ লুকিয়ে থাকতে পারে। তামান্না ভাটিয়ার অভিজ্ঞতা অন্তত তেমনই ইঙ্গিত করছে।

সম্প্রতি একটি সাক্ষাৎকারে নিজের কৈশোরের ত্বকের সমস্যার বিষয়ে কথা বলেছেন তামান্না ভাটিয়া। মাত্র ১৫ বছর বয়স থেকে তার মুখে ব্রণ উঠতে শুরু করে। মুখে স্পর্শ করলে ব্যথা অনুভব হতো। শুধু তাই নয়, কখনো নাক এবং কখনো চোয়ালের গড়ন পরিবর্তন হচ্ছে বলেও মনে হতো। প্রথমে তিনি ভেবেছিলেন, এটি বয়ঃসন্ধির হরমোনের পরিবর্তনের কারণে হচ্ছে।

প্রয়োজনীয় পরীক্ষা ও চিকিৎসা করানোর পরও সমস্যার সমাধান হচ্ছিল না। পরে তিনি জানতে পারেন, আসলে গ্লুটেন এবং দুগ্ধজাত খাবার তার শরীরের জন্য সহ্যযোগ্য নয়। এই খাবারগুলোর সঙ্গে তার ত্বকের সমস্যার সম্পর্ক থাকতে পারে বলেও তিনি বুঝতে পারেন। খাদ্যাভ্যাস পরিবর্তন করার পর তিনি নিজের শরীরের প্রতিক্রিয়া বুঝতে সক্ষম হন।

আরও পড়ুন: শাবনূর ছেলেকে নিয়ে লস অ্যাঞ্জেলেসের হলিউড ঘুরে দেখলেন

গ্লুটেন এবং দুধে সমস্যা কেন হয়? জানতে চাইলে অভিনেত্রী বলেন, গম, বার্লি এবং রাইয়ের মতো কিছু শস্যে প্রাকৃতিকভাবে গ্লুটেন নামক একটি প্রোটিন থাকে। রুটি, পাউরুটি, পাস্তা, বিস্কুট, কেকসহ বিভিন্ন খাবারে এই উপাদান বিদ্যমান। ময়দা বা আটার সঙ্গে পানি মেশালে যে আঠালো ভাব তৈরি হয়, তার পেছনেও গ্লুটেনের ভূমিকা রয়েছে। কিছু মানুষের শরীর গ্লুটেন সঠিকভাবে সহ্য করতে পারে না। এর লক্ষণগুলো হলো পেটব্যথা, পেটফাঁপা, ডায়ারিয়া, কোষ্ঠকাঠিন্য, মাথাব্যথা, ক্লান্তি এবং কিছু ক্ষেত্রে ত্বকে র্যাশ বা চুলকানি।

দুধে একটি প্রাকৃতিক শর্করা বা ল্যাকটোজ থাকে। ক্ষুদ্রান্ত্রে তৈরি হওয়া ল্যাকটোজ নামে উৎসেচক এই শর্করা ভাঙতে সাহায্য করে। শরীরে পর্যাপ্ত ল্যাকটোজ তৈরি না হলে ল্যাকটেজ সঠিকভাবে হজম হয় না। এই সমস্যাকে বলা হয় ‘ল্যাকটোজ ইনটলারেন্স’।

দুধ খাওয়ার ফলে কারো শরীরে ইনসুলিন-লাইক গ্রোথ ফ্যাক্টর-১ বা আইজিএফ-১ নামক হরমোনের কার্যকলাপ প্রভাবিত হতে পারে। এই উপাদান ত্বকের তেল উৎপাদন বাড়ানোর সঙ্গে যুক্ত। ত্বকে অতিরিক্ত তেল জমলে রোমকূপ বন্ধ হয়ে ব্রণ হওয়ার সম্ভাবনা বৃদ্ধি পায়।

তবে গ্লুটেন বা দুধ সহ্য না হলেই যে ত্বকে তার প্রভাব পড়বে, এমন কোনো কথা নেই। আবার ব্রণ হলে যে গ্লুটেন বা দুধ খাওয়ার সম্পর্ক রয়েছে, তাও নয়। ব্রণ হলে চর্মরোগ চিকিৎসকের পরামর্শ নিয়ে কারণ খুঁজে বের করে চিকিৎসা করাতে হবে।

আরও পড়ুন: পারিশ্রমিকের দৌড়ে শীর্ষে ৫ বলিউড নায়িকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জুমার খুতবার সময় নিষেধ বসার ভঙ্গি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


জুমার খুতবার সময় নিষেধ বসার ভঙ্গি

জুমার নামাজ মুসলমানদের জন্য সাপ্তাহিক একটি গুরুত্বপূর্ণ ইবাদত। এই দিনের নামাজের পূর্বে খুতবা শোনার বিশেষ গুরুত্ব রয়েছে। খুতবার মাধ্যমে ইমাম মুসল্লিদের কোরআন-হাদিসের শিক্ষা, ধর্মীয় নির্দেশনা ও বিভিন্ন বিষয়ে উপদেশ প্রদান করেন। তাই এই সময়ে নীরব থাকা এবং মনোযোগ দিয়ে খুতবা শোনা প্রত্যেক মুসল্লির দায়িত্ব। তবে খুতবা শোনার সময় বসার ক্ষেত্রে কিছু বিধিনিষেধ রয়েছে।

ইসলামি বিধান অনুসারে, খুতবা চলাকালে অপ্রয়োজনীয় কথাবার্তা ও এমন কাজ থেকে বিরত থাকতে হবে, যা নিজের কিংবা অন্য মুসল্লির মনোযোগে বিঘ্ন ঘটায়। একই সঙ্গে বসার ভঙ্গিতেও শালীনতা ও সতর্কতা বজায় রাখা জরুরি।

পবিত্র কোরআনে আল্লাহ তাআলা বলেন, ‘আর যখন কোরআন পাঠ করা হয়, তখন তা মনোযোগ দিয়ে শোনো এবং নিশ্চুপ থাকো, যাতে তোমাদের প্রতি দয়া করা হয়।’ (সুরা আরাফ, আয়াত ২০৪)

নামাজের মতো বসা উত্তম

ইসলামি ফিকহবিদদের মতে, জুমার খুতবা চলাকালে নামাজের তাশাহহুদের মতো বসা উত্তম। এতে বিনয় ও শালীনতা প্রকাশ পায় এবং খুতবা শোনার প্রতি মনোযোগ বজায় রাখা সহজ হয়।

ফাতাওয়া আল-হিন্দিয়্যাহতে উল্লেখ করা হয়েছে, খুতবার সময় নামাজের মতো করে বসা মুস্তাহাব। মিরাজুদ দিরায়াতেও এ বিষয়ে একই নির্দেশনার উল্লেখ রয়েছে।

যে ভঙ্গিতে বসতে নিষেধ করা হয়েছে

জুমার খুতবা চলাকালে বসার একটি বিশেষ পদ্ধতি থেকে বিরত থাকতে বলেছেন রাসুলুল্লাহ (সা.)। ইসলামি পরিভাষায় এ পদ্ধতিকে ‘ইহতিবা’ বা ‘হাবওয়াহ’ বলা হয়।

এভাবে বসার ক্ষেত্রে দুই হাঁটু বুকের কাছে তুলে হাত কিংবা কাপড় দিয়ে পেঁচিয়ে রাখা হয়। হাদিসে জুমার দিন ইমাম খুতবা দেওয়ার সময় এভাবে বসতে নিষেধ করা হয়েছে।

হজরত মুআজ ইবনে আনাস আল-জুহানি (রা.) থেকে বর্ণিত, রাসুলুল্লাহ (সা.) বলেছেন, জুমার দিন ইমাম খুতবা দেওয়ার সময় ইহতিবা করে বসা নিষিদ্ধ।

তিরমিজি ও আবু দাউদের হাদিসগ্রন্থে এ নিষেধাজ্ঞার বর্ণনা রয়েছে। (তিরমিজি: ৫১৪; আবু দাউদ: ১১১০)

কেন এভাবে বসতে নিষেধ করা হয়েছে?

ইসলামি ফিকহবিদেরা এভাবে বসার কয়েকটি সম্ভাব্য অসুবিধার কথা উল্লেখ করেছেন। তাঁদের মতে, হাঁটু বুকের কাছে তুলে কাপড় দিয়ে পেঁচিয়ে বসলে অনেক সময় শরীরে অলসতা ও তন্দ্রা আসতে পারে। ফলে খুতবার প্রতি মনোযোগ কমে যাওয়ার আশঙ্কা থাকে।

এ ছাড়া এভাবে বসার কারণে অসতর্ক অবস্থায় কারও সতর প্রকাশ পাওয়ার ঝুঁকি তৈরি হতে পারে। ঘুমের কারণে অজু নষ্ট হওয়ার আশঙ্কাও রয়েছে।

তাহলে খুতবা চলাকালে এমনভাবে বসা উচিত, যাতে শরীর ও মন সজাগ থাকে এবং ইমামের বক্তব্য মনোযোগ দিয়ে শোনা যায়।

খুতবা শোনার যেসব আদব মানতে হবে

জুমার খুতবা কেবল নামাজের আগে দেওয়া বক্তব্য নয়; বরং এটি মুসলমানদের জন্য ধর্মীয় শিক্ষা ও আত্মশুদ্ধির গুরুত্বপূর্ণ মাধ্যম। তাই খুতবা শুরু হওয়ার আগেই মসজিদে উপস্থিত হওয়া এবং মনোযোগ দিয়ে শোনার প্রস্তুতি নেওয়া প্রয়োজন।

খুতবা চলাকালে অপ্রয়োজনীয় কথাবার্তা, অন্যের সঙ্গে আলাপ কিংবা মনোযোগ নষ্ট হয় এমন কাজ থেকে বিরত থাকতে হবে। পাশাপাশি শালীনভাবে বসে ইমামের বক্তব্য শোনার চেষ্টা করতে হবে।

সুতরাং জুমার খুতবা চলাকালে নীরবতা, একাগ্রতা ও বিনয় বজায় রাখার পাশাপাশি হাদিসে নিষেধ করা ইহতিবা ভঙ্গিতে বসা থেকেও বিরত থাকা উচিত।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

এনডিএফের কেন্দ্রীয় কমিটির কঠোর পদক্ষেপ, ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত—১৪ দিনের মধ্যে জবাবের নির্দেশ

আন্তর্জাতিক ডেস্ক

মোঃ তুহিন,চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রতিনিধি

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২১ পি.এম


এনডিএফের কেন্দ্রীয় কমিটির কঠোর পদক্ষেপ, ডা. ইসমাইলের সদস্যপদ স্থগিত—১৪ দিনের মধ্যে জবাবের নির্দেশ

ন্যাশনাল ডক্টরস ফোরামের (এনডিএফ) চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সহ-সভাপতি ডা. মো. ইসমাইল হোসেনের সদস্যপদ স্থগিত করেছে সংগঠনটির কেন্দ্রীয় কমিটি। একই সঙ্গে তাকে সংগঠনের সব সাংগঠনিক দায়িত্ব থেকে সাময়িক অব্যাহতি দিয়ে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে। নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে উত্থাপিত অভিযোগের বিষয়ে লিখিত জবাব দিতে নির্দেশ দেওয়া হয়েছে।

গত ২৭ নভেম্বর ২০২৬ তারিখে স্মারক নম্বর ২০২৬/১২৮-এর মাধ্যমে এনডিএফ কেন্দ্রীয় কমিটির দপ্তর সম্পাদক ডা. মাহমুদুর রহমান মাজেদের স্বাক্ষরিত এক চিঠিতে এ সিদ্ধান্ত জানানো হয়।

কেন্দ্রীয় কমিটির চিঠিতে উল্লেখ করা হয়, এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার গত ১৩ আগস্ট ২০২৬ তারিখের একটি পত্রে ডা. ইসমাইল হোসেনের বিরুদ্ধে একাধিক সাংগঠনিক অভিযোগ উত্থাপন করা হয়। অভিযোগগুলোর মধ্যে রয়েছে—যথাযথ কারণ বা পূর্বানুমতি ছাড়া নিয়মিত সাংগঠনিক সভায় অনুপস্থিত থাকা, পৃথক গ্রুপ গঠনের মাধ্যমে সাংগঠনিক ঐক্য ক্ষুণ্ণ করা, সরকারি চাকরিবিধি লঙ্ঘন, সংগঠনের নিবেদিতপ্রাণ চিকিৎসক সদস্যদের বিরুদ্ধে অভিযোগ দাখিল এবং বিরোধ নিষ্পত্তির উদ্যোগ নেওয়ার পরও সাংগঠনিক সিদ্ধান্ত ও নির্দেশনা অনুসরণ না করা।

এর আগে গত ১২ নভেম্বর এনডিএফ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষরিত এক নোটিশে সাংগঠনিক শৃঙ্খলাভঙ্গ ও সংগঠনবিরোধী কর্মকাণ্ডের অভিযোগে ডা. ইসমাইল হোসেনকে সহ-সভাপতির পদসহ সংগঠন থেকে বহিষ্কারের সিদ্ধান্তের কথা জানানো হয়েছিল।

নতুন করে পাঠানো কেন্দ্রীয় কমিটির কারণ দর্শানোর নোটিশে বলা হয়েছে, তার বিরুদ্ধে উত্থাপিত অভিযোগের বিষয়ে কেন সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে না, তা নোটিশ পাওয়ার ১৪ দিনের মধ্যে লিখিতভাবে জানাতে হবে। একই সঙ্গে অভিযোগের সমর্থনে কিংবা আত্মপক্ষ সমর্থনে প্রাসঙ্গিক কাগজপত্র সংযুক্ত করে এনডিএফ কেন্দ্রীয় কমিটির সভাপতির বরাবর জবাব দাখিল করতে বলা হয়েছে।

কেন্দ্রীয় কমিটির সিদ্ধান্ত অনুযায়ী, পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত ডা. ইসমাইল হোসেন সংগঠনের কোনো সাংগঠনিক দায়িত্ব পালন করতে পারবেন না। এ সময় তার সদস্যপদ স্থগিত থাকবে। পাশাপাশি এনডিএফের পক্ষে প্রতিনিধিত্ব, সাংগঠনিক সিদ্ধান্ত গ্রহণ কিংবা সংগঠনের নামে কোনো কার্যক্রম পরিচালনা থেকেও তাকে বিরত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।

চিঠিতে আরও জানানো হয়, ডা. ইসমাইল হোসেনের লিখিত জবাব ও সংশ্লিষ্ট কাগজপত্র পর্যালোচনা শেষে সংগঠনের গঠনতন্ত্র ও প্রযোজ্য বিধি অনুযায়ী পরবর্তী সিদ্ধান্ত লিখিতভাবে জানাবে এনডিএফ কেন্দ্রীয় কমিটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রধানমন্ত্রীর উপদেষ্টা: আগের সরকারের অলিগার্কিক ব্যবস্থা জ্বালানি খাতকে ধ্বংস করেছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


প্রধানমন্ত্রীর উপদেষ্টা: আগের সরকারের অলিগার্কিক ব্যবস্থা জ্বালানি খাতকে ধ্বংস করেছে

প্রধানমন্ত্রীর অর্থ ও পরিকল্পনা বিষয়ক উপদেষ্টা রাশেদ আল মাহমুদ তিতুমীর মন্তব্য করেছেন যে, অতীতের সরকার অলিগার্কিক ব্যবস্থার মাধ্যমে বিদ্যুৎ ও জ্বালানি খাতকে ধ্বংস করেছে। তিনি উল্লেখ করেন, ‘প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অলিগার্কিক ব্যবস্থা থেকে এ খাতকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।’

আজ শনিবার সকালে তিন দিনব্যাপী বাংলাদেশ এনার্জি কনফারেন্সের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ মন্তব্য করেন। প্রধানমন্ত্রীর উপদেষ্টা আরও বলেন, ‘আমদানিনির্ভর ও জীবাশ্ম জ্বালানিকেন্দ্রিক ব্যবস্থা থেকে বেরিয়ে বহুমুখী, দক্ষ ও পরিবেশবান্ধব জ্বালানি ব্যবস্থা গড়ে তোলাই সরকারের লক্ষ্য।’

তিনি আরও বলেন, ‘প্রকৃত জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে অলিগার্কিক ব্যবস্থা থেকে এ খাতকে পুনরুদ্ধার ও সংস্কারের উদ্যোগ নিয়েছে সরকার।’

এ সময় তিনি নবায়নযোগ্য জ্বালানি তহবিল গঠনের পরিকল্পনা এবং জ্বালানি খাতকে শক্তিশালী ও টেকসই করার ওপর গুরুত্বারোপ করেন।

এছাড়া মাতারবাড়ীকে এনার্জি হাব হিসেবে গড়ে তোলার পরিকল্পনা এবং বাংলাদেশ পেট্রোলিয়াম এক্সপ্লোরেশন অ্যান্ড প্রোডাকশন কম্পানি লিমিটেডকে (বাপেক্স) আধুনিকায়নের পরিকল্পনাও তুলে ধরেন রাশেদ আল মাহমুদ তিতুমীর।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ল

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০১:২৩ পি.এম


প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ল

জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উপলক্ষে আয়োজিত প্রাণিসম্পদ প্রদর্শনী ও মেলার সময়সীমা এক দিন বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, পূর্বনির্ধারিত সময়ের পরিবর্তে প্রদর্শনী ও মেলা ২৯ নভেম্বর পর্যন্ত চলবে।

শনিবার (২৮ নভেম্বর) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে মন্ত্রণালয়ের পক্ষ থেকে।

বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে যে, প্রদর্শনী ও মেলায় দর্শনার্থীদের অংশগ্রহণের সুযোগ বৃদ্ধি, প্রাণিসম্পদ খাতের বিভিন্ন উদ্যোগ, উদ্ভাবন, প্রযুক্তি ও উৎপাদিত পণ্য সম্পর্কে জনসাধারণকে আরও বিস্তৃতভাবে জানানো এবং খাতসংশ্লিষ্ট উদ্যোক্তা, খামারি ও অংশীজনদের অংশগ্রহণের সুযোগ সম্প্রসারণের লক্ষ্যে এই সময়সীমা বাড়ানোর সিদ্ধান্ত নেয়া হয়েছে।

এ সিদ্ধান্তের ফলে আগ্রহী দর্শনার্থী, খামারি, উদ্যোক্তা ও সংশ্লিষ্ট অংশীজনেরা আরও এক দিন প্রদর্শনী ও মেলায় অংশ নেয়ার সুযোগ পাবেন।

‘রফতানিমুখী প্রাণিসম্পদে গড়বো দেশ, সবার আগে বাংলাদেশ’ এই প্রতিপাদ্যে ২৬ থেকে ২৯ নভেম্বর পর্যন্ত জাতীয় প্রাণিসম্পদ সপ্তাহ ২০২৬ উদযাপনের কর্মসূচি নির্ধারণ করা হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%