০৫:০৩ পি.এম
গাইবান্ধার পলাশবাড়ীতে পানহাটির আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে পলাশবাড়ী কৃষিপণ্য উৎপাদন সমিতি ও পানচাষি সমিতির মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ছাড়াও ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।
বৃহস্পতিবার (১১ জুন) সকালে সাড়ে ৭টার দিকে উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটিতে এ ঘটনার সূত্রপাত ঘটে। এই ঘটনার সময় হাটের একাধিক টিনের ঘর ভাঙচুরসহ গাছ কেটে ফেলা হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, উপজেলার পৌর শহরের ছোটশিমুলতলা পানহাটির দখলকে কেন্দ্র করে পলাশবাড়ী কৃষিপণ্য উৎপাদন সমিতি ও পলাশবাড়ী পান্তচাষি সমিতির মধ্যে বিরোধ চলতে থাকে। এর আগেও দুই পক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে ছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার সকালে উভয় পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এ সময় ঘটে যায় কয়েকটি ককটেল বিস্ফোরণ। ককটেল বিস্ফোরণের ফলে পথচারী ও স্থানীয়দের মাঝে আতঙ্ক সৃষ্টি হয়।
আরও পড়ুন: বরিশালে গ্রাম পুলিশকে শক্তিশালী করতে বিশেষ উদ্যোগ গ্রহণ
এদিকে ঘটনাটি ঘটার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ঘটনার কয়েকটি ভিডিও ভাইরাল হয়ে যায়। ভিডিওতে দেখা যায়, ছোটশিমুলতলা এলাকার পানহাটি সংলগ্ন পলাশবাড়ী-ঘোড়াঘাট আঞ্চলিক মহাসড়কে দুই দিক থেকে দুই পক্ষের লোকজন অবরোধ অবস্থায় ছিল এবং তারা ইট-পাটকেল নিক্ষেপ করছে, সেইসাথে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটছে।
ভিডিওতে দেখা যায়, হাতে দেশীয় অস্ত্র যেমন হাসুয়া, বাঁশের লাঠি নিয়ে নারায়ে তাকবির-আল্লাহু আকবার ধ্বনি উচ্চারণও শোনা যায়। একই পরিস্থিতে কয়েকটি ককটেল বিস্ফোরণ ঘটে এবং এর জেরে পথচারী ও স্থানীয়রা আতঙ্কিত হয়ে দিক-বিদিক ছুটতে থাকে।
এটা ছাড়াও পানহাটিতে দুইটি গাছ ও হাটের বেশ কয়েকটি পানের দোকান (ছাউনি) ভাঙার ঘটনা ঘটে।
পলাশবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ারে আলম খান বিষয়টি নিশ্চিত করে জানান, সকালে পানহাটিতে দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। কিন্তু ককটেল বিস্ফোরণের বিষয়টি এখনও নিশ্চিত করা সম্ভব হয়নি। বর্তমান পরিস্থিতি এখন শান্ত রয়েছে।
আরও পড়ুন: মহানগরীর বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন রাসিক প্রশাসক রিটন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন