ঢাকা শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ইং ১৩ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

কুমিল্লায় সড়কবাতি কাগজে আলো, বাস্তবে অন্ধকার


কুমিল্লায় সড়কবাতি কাগজে আলো, বাস্তবে অন্ধকার

কুমিল্লা জেলা জুড়ে বিভিন্ন উপজেলার গ্রামীণ সড়কগুলোতে চুরি-ডাকাতি প্রতিরোধ এবং জননিরাপত্তা বৃদ্ধির উদ্দেশ্যে সরকারি অর্থায়নে সোলার সড়কবাতি স্থাপন করা হয়েছিল। তবে, এই উদ্যোগের সফলতার আগেই বাস্তবায়নে দেখা দিয়েছে চরম অন্ধকার।

সোলার বাতিগুলো স্থাপন হওয়ার পর খুব অল্প সময়ের মধ্যেই অনেক বাতির আলো মিটমিট করতে শুরু করে। বর্তমানে অধিকাংশ স্থানে বাতির খুটি বা পাইপগুলো নিঃশব্দে দাঁড়িয়ে থাকলেও রাতের বেলায় আলোর দেখা মেলে না। কেবল সংযোগের ত্রুটি বা অকেজো হওয়া নয়, বিভিন্ন স্থানে রাতের আঁধারে এসব সরকারি সম্পত্তি চুরির ঘটনাও ঘটেছে।

সম্প্রতি জেলার লালমাই, চৌদ্দগ্রাম, লাকসাম ও নাঙ্গলকোটের বিভিন্ন স্থানে আরও ভয়াবহ চিত্র দেখা গেছে। সেখানে দাঁড়িয়ে থাকা লোহার পাইপগুলো কেটে ও উপড়ে নিয়ে ভাঙ্গারি দোকানে বিক্রি করে চলেছে একটি অসাধু চক্র।

আরও পড়ুন: দিল্লি ও মোদিকে পেট্রোল বোমা হামলায় দায়ী করলেন এমপি মালিক, স্ত্রী ও ছেলে মানসিকভাবে ভেঙে পড়েছেন

সরকারি অর্থে জনগণের সুবিধার জন্য তৈরি এই প্রকল্প এভাবে বিনষ্ট হওয়ায় স্থানীয়দের মনে নানা প্রশ্ন জেগেছে—এই বাতিগুলোর নিয়মিত রক্ষণাবেক্ষণ ও দেখভালের দায়িত্ব আসলে কার? সরকারি মালামাল চুরির মাধ্যমে কেনা-বেচা করা ভাঙ্গারি দোকানগুলোর পেছনে কাদের আশ্রয়-প্রশ্রয় রয়েছে? এছাড়া আইন অমান্য করে পরিবেশের ছাড়পত্র ছাড়াই এসব উপজেলায় একাধিক অবৈধ প্রতিষ্ঠান কীভাবে দিনের পর দিন কার্যক্রম চালিয়ে যাচ্ছে? সর্বোপরি, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে উপজেলা প্রশাসনের ভূমিকা ও নজরদারি কতটুকু?

উল্লেখ্য, দণ্ডবিধি ১৮৬০ এর ৩৭৯ ধারা অনুযায়ী যেকোনো সরকারি বা বেসরকারি সম্পত্তি চুরি করা একটি শাস্তিযোগ্য অপরাধ, যার সর্বোচ্চ সাজা ৩ বছরের কারাদণ্ড বা জরিমানা। এছাড়া ৪১১ ধারা অনুযায়ী চোরাই মালামাল জেনেও তা ক্রয় বা কায়দা করে হেফাজতে রাখার অপরাধে অপরাধীদের ৩ বছর পর্যন্ত কারাদণ্ড বা অর্থদণ্ড অথবা উভয় দণ্ডে দণ্ডিত করার স্পষ্ট বিধান রয়েছে। পাশাপাশি বাংলাদেশ পরিবেশ সংরক্ষণ আইন, ১৯৯৫ (সংশোধিত ২০১০) অনুযায়ী পরিবেশগত ছাড়পত্র ব্যতীত কোনো প্রতিষ্ঠান বা কারখানা চালনা করা দণ্ডনীয় অপরাধ।

এ বিষয়ে লালমাই উপজেলা নির্বাহী অফিসার সুব্রত বিশ্বাস দাস মন্তব্য করেন, "বিষয়টি অত্যন্ত উদ্বেগজনক। সরকারি সম্পদ চুরি ও অকেজো সোলার বাতিগুলোর তালিকা তৈরি করে দ্রুত ব্যবস্থা নেওয়া হবে। এছাড়া অবৈধ ও ছাড়পত্রহীন ভাঙ্গারি দোকান বা অন্যান্য প্রতিষ্ঠানের বিরুদ্ধে আমরা খুব শিগগিরই অভিযান শুরু করব।"

কুমিল্লা জেলা পরিবেশ অধিদপ্তরের উপ-পরিচাল সালমান চৌধুরী শাওন বলেন, "নির্দিষ্ট করে অভিযোগ পেলে আমরা স্থানে গিয়ে দেখার পর ব্যবস্থা গ্রহণ করব। তাছাড়া, উপজেলা প্রশাসন আমাদের বল্লে আমরা অভিযানে যাবো"।

আরও পড়ুন: ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা ছাত্রদল নেতা শামীম হোসেনের’

কুমিল্লার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আলী রাজিব মাহবুব মিঠুন জানান, "আপনার মাধ্যমে বিষয়টি জানলাম। আমি প্রতিটি উপজেলায় খোঁজ নিয়ে দেখবো, সোলার লাইটগুলো কারা দেখবাল করছে। যেহেতু সোলার লাইটগুলো সরকারি সম্পদ সেহেতু বিষয়টি জেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।"

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা ছাত্রদল নেতা শামীম হোসেনের’

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৩ পি.এম


‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে পদত্যাগের ঘোষণা ছাত্রদল নেতা শামীম হোসেনের’

ঝিনাইদহের কালীগঞ্জে ফেসবুকে একটি ভিডিও বার্তা প্রকাশ করে রাজনীতি থেকে সরে যাওয়ার ঘোষণা দিয়েছেন শামীম হোসেন, যিনি ছাত্রদলের নেতা। তিনি রায়গ্রাম ইউনিয়ন ছাত্রদলের সাধারণ সম্পাদক পদে দায়িত্ব পালন করছিলেন। শুক্রবার (২৭ নভেম্বর) দুপুর ১২টার দিকে, নিজের ফেসবুক পেজে ৮ মিনিট ২০ সেকেন্ডের একটি ভিডিও পোস্ট করে তিনি এই ঘোষণা দেন।

ভিডিওর ক্যাপশনে শামীম উল্লেখ করেন, ‘দালালে ভরা হাইব্রিড বিএনপির রাজনীতি থেকে স্বেচ্ছায় পদত্যাগ করলাম, আল্লাহ হাফেজ।’

তথ্য অনুযায়ী, তরুণ উদ্যোক্তাদের জন্য সরকারের ঘোষিত স্বল্প সুদে ২০ লাখ টাকা ঋণ কর্মসূচিতে আবেদন করেছিলেন শামীম। তিনি প্রাথমিকভাবে নির্বাচিত হয়ে খুলনায় বাংলাদেশ ব্যাংকের শাখায় মৌখিক পরীক্ষায় অংশগ্রহণ করেন। তবে বৃহস্পতিবার (২৬ নভেম্বর) প্রকাশিত কালীগঞ্জ উপজেলার চূড়ান্ত ছয়জনের তালিকায় তার নাম না থাকায় তিনি হতাশ ও ক্ষুব্ধ হন। এই কারণেই ভিডিও বার্তায় রাজনীতি ছাড়ার ঘোষণা দেন।

ভিডিও বক্তব্যে শামীম অভিযোগ করেন, রাজনৈতিক আন্দোলন-সংগ্রামে সক্রিয় ভূমিকা পালন করার পরও তিনি দল ক্ষমতায় আসার পর অবহেলার শিকার হয়েছেন। ছাত্রদলের রাজনীতি করতে গিয়ে তাঁর বিরুদ্ধে চারটি মামলা হয়েছে, দুই বছর একাডেমিক জীবনের ক্ষতি হয়েছে এবং ৮৭ দিন কারাভোগ করতে হয়েছে বলেও তিনি দাবি করেন।

শামীম আরও জানান, তার পাখি ও কবুতরের খামারের পাশাপাশি গরুর খামার রয়েছে। ঋণটি পেলে খামার সম্প্রসারণের মাধ্যমে আরও ভালো কিছু করার পরিকল্পনা ছিল। কিন্তু চূড়ান্ত তালিকায় নিজের নাম না থাকায় তিনি হতাশ হয়েছেন। এই কারণে তিনি দলীয় পদ থেকে স্বেচ্ছায় পদত্যাগের পাশাপাশি ভবিষ্যতে ছাত্রদলের কোনো মিছিল, মিটিং বা কর্মসূচিতে অংশ না নেওয়ার ঘোষণা দেন।

এ বিষয়ে শামীম হোসেন জানান, তিনি কারও প্ররোচনায় বা কাউকে ছোট করার উদ্দেশ্যে ভিডিওটি প্রকাশ করেননি। দলের জন্য নিজের ক্যারিয়ারের অনেক ক্ষতি করেছেন, অথচ দল ক্ষমতায় আসার পর অবহেলা পেয়েছেন। সেই হতাশা থেকেই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন।

ঝিনাইদহ জেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেল এই বিষয়ে বলেন, শামীমের ভিডিও পোস্টটি তিনি দেখেছেন। ব্যস্ততার কারণে এখনো তার সঙ্গে যোগাযোগ করা সম্ভব হয়নি। তবে যোগাযোগের চেষ্টা করছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘শীর্ষ সন্ত্রাসী’ আসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠাল আদালত

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৪ পি.এম


‘শীর্ষ সন্ত্রাসী’ আসলামকে ৫ দিনের রিমান্ডে পাঠাল আদালত

রাজধানীর নিউমার্কেট থানা এলাকার ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ এস এম আসলাম, যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত, তাকে আবারও পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।

শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।

পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।

আবেদনে উল্লেখ করা হয়, আসামি সুইডেন আসলামকে ডিএমপি কার্যালয়ে এনে মামলার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জবাব দিয়ে তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। মামলার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদেও তিনি সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।

আবেদনে আরো বলা হয়, স্থানীয় তদন্তে এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আসামি আলোচ্য হত্যা মামলা ছাড়াও একাধিক হত্যা মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তিনি একজন পেশাদার অপরাধী ও শীর্ষ সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে জড়িত থেকে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছেন। আত্মগোপনে কিংবা দেশের বাইরে থেকেও অপরাধী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তার গড়ে তোলা গ্যাংয়ের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে তার নির্দেশে সহিংসতা ও অরাজকতা সৃষ্টি করে আসছে।

বছিলা গরুর হাটের ইজারা নিয়ে সৃষ্ট বিরোধেও সুইডেন আসলামের ইন্ধন রয়েছে বলে তদন্তে জানা গেছে। বিভিন্ন সময়ে দেশের সহিংস কর্মকাণ্ডে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারী হিসেবেও তিনি ভূমিকা পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দীর্ঘ ২৭ বছর কারাভোগ শেষে জামিনে মুক্তি পান তিনি। জামিনে মুক্তির পর রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, মার্কেট দখলসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।

তদন্ত কর্মকর্তার দাবি, ১৯৮৬ সালের শাকিল হত্যা, নব্বইয়ের দশকে কামরুল ও মিজান হত্যা এবং বিভিন্ন সময়ে ৯টি হত্যা মামলাসহ চাঁদাবাজি ও হত্যাচেষ্টার প্রায় ২২টি মামলার আসামি সুইডেন আসলাম। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পরও তার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়নি। সুইডেন আসলামের ভয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন। এতে মামলাগুলোর বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন ব্যক্তির নাম ও ঠিকানা প্রকাশ করেছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।

আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও তিনি মামলার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য যাচাই করা প্রয়োজন। তাকে আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হতে পারে।

এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আসামির দেওয়া তথ্য যাচাইয়ের স্বার্থে সুইডেন আসলামকে পুনরায় ১০ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।

এদিকে, আসামি পক্ষের আইনজীবী মাহবুব আলম রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন।

গত ২২ নভেম্বর থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরদিন ২৩ নভেম্বর আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।

অভিযোগে সূত্রে জানা গেছে, ‘২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে টিটন জামিন পেয়ে কারামুক্ত হন। এরপর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথা বলতেন। টিটন তাকে বলতেন, বড় ভাই আমি আপনার অনেক আর্থিক ক্ষতি করেছি, এখন চেষ্টা করছি আপনাদের আর কোনো বদনাম যেন না হয়। আমি যেন ভালোভাবে কাজ করে জীবন যাপন করতে পারি।’

ঘটনার কিছুদিন আগে রিপনকে শিডিউল কেনার কথা জানিয়ে টিটন জানিয়েছিলেন, ইনশাআল্লাহ মোটামুটি কাজের মাধ্যমে থাকতে পারবেন। পরবর্তীতে ২৬ এপ্রিল তাকে ফোন দিয়ে জানায়, তার সঙ্গে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান, রনি ওরফে ভাঙ্গারী রনিদের বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে ঝামেলা চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন তাকে বলেন, তারা তাকে ডাকছে। উভয়ের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করবে।

পরে ২৮ এপ্রিল রাত ১১ টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে রিপন জানতে পারেন, ঢাকা নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তার ছোট ভাই টিটনকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ২৯ এপ্রিল টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।

উল্লেখ্য, ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সুইডেন আসলামের নাম ছিল। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়, যার মধ্যে ৯ টি হত্যা মামলা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

পূর্বাচল নতুন শহর প্রকল্প ৩১ বছরেও পূর্ণতা পায়নি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


পূর্বাচল নতুন শহর প্রকল্প ৩১ বছরেও পূর্ণতা পায়নি

রাজধানীর আবাসন সংকট সমাধান এবং একটি পরিকল্পিত আধুনিক নগর গড়ে তোলার উদ্দেশ্যে ১৯৯৫ সালে পূর্বাচল নতুন শহর প্রকল্পের সূচনা হয়েছিল। তবে তিন দশকেরও বেশি সময় পেরিয়ে গেলেও পূর্বাচল এখনো একটি পূর্ণাঙ্গ আবাসিক শহর হিসেবে গড়ে ওঠেনি। পানি, বিদ্যুৎ, গ্যাস, নিরাপত্তা এবং অভ্যন্তরীণ সড়কসহ বিভিন্ন নাগরিক সুবিধার অভাবে প্লট বরাদ্দ পাওয়া অনেক মালিক এখনো বাড়ি নির্মাণে আগ্রহী হচ্ছেন না।

প্রকল্প-সংশ্লিষ্ট তথ্য অনুযায়ী, পূর্বাচল নতুন শহর প্রকল্পের জন্য ব্যয় ধরা হয়েছিল প্রায় ৮ হাজার কোটি টাকা। ৬ হাজার ১৫০ একর জমির ওপর বাস্তবায়নাধীন এই প্রকল্পে ২৬ হাজার ২১৩টি আবাসিক প্লট রয়েছে। এর মধ্যে প্রায় ২১ হাজার প্লট মালিককে বুঝিয়ে দেওয়া হয়েছে। কিন্তু বাস্তবে এসব প্লটের বিপরীতে মাত্র ৩০০টির কিছু বেশি প্লটে বাড়ি নির্মাণ শুরু হয়েছে। ফলে বিপুলসংখ্যক প্লট এখনও আবাসিক ব্যবহারের বাইরে রয়ে গেছে। প্রকল্পের নকশা পাঁচবার পরিবর্তন এবং মেয়াদ সাত দফা বাড়ানো সত্ত্বেও কাঙ্ক্ষিত নাগরিক সুবিধা নিশ্চিত করা সম্ভব হয়নি।

১৯৯৫ সালে শুরু হওয়া প্রকল্পটি ২০১৩ সালের মধ্যে শেষ হওয়ার কথা ছিল। কিন্তু নির্ধারিত সময়ের প্রায় ১৩ বছর পেরিয়ে গেলেও প্রকল্পের সব কার্যক্রম সম্পূর্ণ হয়নি। দীর্ঘ সময় ও বিপুল অর্থ ব্যয়ের পরও পূর্বাচলে বসবাসের উপযোগী পরিবেশ নিশ্চিত না হওয়ায় প্রকল্পের বাস্তবায়ন নিয়ে প্রশ্ন উঠছে।

স্থানীয় বাসিন্দা ও প্লট মালিকদের অভিযোগ, পূর্বাচলে এখনো পর্যাপ্ত নাগরিক সুবিধা নিশ্চিত হয়নি। কোথাও পানি ও গ্যাসের সংকট, কোথাও বিদ্যুৎ ও সড়ক যোগাযোগের সমস্যা রয়েছে। নিরাপত্তা ও অন্যান্য সেবার ঘাটতিও রয়েছে। ফলে অনেক প্লট মালিক বাড়ি নির্মাণের পরিবর্তে অপেক্ষার পথ বেছে নিয়েছেন।

স্থানীয়দের মতে, পূর্বাচলে প্লট কেনাবেচার ক্ষেত্রে একশ্রেণির বিনিয়োগকারীর আগ্রহ বেশি। জমি ও প্লটের দাম বাড়লে বিক্রি করে মুনাফা নেওয়ার প্রবণতা দেখা যাচ্ছে। নতুন ক্রেতারাও ভবিষ্যতে আরও বেশি দামে বিক্রির আশায় প্লট কিনছেন। ফলে আবাসিক শহর গড়ে তোলার পরিবর্তে অনেক ক্ষেত্রে প্লট বাণিজ্যই গুরুত্ব পাচ্ছে।

এদিকে পূর্বাচলের পরিকল্পনায় ১ হাজার ৩৩টি বাণিজ্যিক এবং ৪৭২টি প্রশাসনিক প্লট রয়েছে। পাশাপাশি দুই হাজারের বেশি শিক্ষাপ্রতিষ্ঠান ও আরবান ফ্যাসিলিটিজ প্লটও রয়েছে। আবাসিক জনবসতি গড়ে ওঠার আগেই বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক অবকাঠামোর বিস্তার নতুন করে নগর পরিকল্পনা নিয়ে প্রশ্ন তৈরি করেছে। বিশেষজ্ঞদের মতে, একটি পরিকল্পিত শহর গড়ে তুলতে হলে শুধু সড়ক ও ভবন নির্মাণ করলেই হবে না; বরং পানি, বিদ্যুৎ, গ্যাস, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা, শিক্ষাপ্রতিষ্ঠান এবং নিরাপত্তা নিশ্চিত করতে হবে।

বাংলাদেশ ইনস্টিটিউট অব প্ল্যানার্সের (বিআইপি) সভাপতি পরিকল্পনাবিদ ড. মুহাম্মদ আরিফুল ইসলাম সময় সংবাদকে বলেন, "একটি পরিকল্পিত শহর গড়ে তুলতে শুধু রাস্তা ও অবকাঠামো নির্মাণ করলেই হবে না, সেখানে মানুষের বসবাসের উপযোগী সব ধরনের নাগরিক সুবিধা নিশ্চিত করতে হবে।" পূর্বাচলের ক্ষেত্রে আবাসিক জনবসতি গড়ে ওঠার আগেই বিভিন্ন বাণিজ্যিক ও প্রাতিষ্ঠানিক স্থাপনার বিস্তার ঘটছে। অথচ মৌলিক সুবিধা যেমন পানি, বিদ্যুৎ, পয়োনিষ্কাশন, বর্জ্য ব্যবস্থাপনা, স্বাস্থ্যসেবা ও গণপরিবহন নিশ্চিত করা জরুরি। পরিকল্পনার ধারাবাহিকতা ও সঠিক বাস্তবায়ন না হলে বিপুল অর্থ ব্যয়ের পরও একটি শহর তার কাঙ্ক্ষিত লক্ষ্য অর্জন করতে পারে না। তাই পূর্বাচলের মূল পরিকল্পনা পর্যালোচনা করে নাগরিক সুবিধা নিশ্চিত করার পাশাপাশি আবাসিক শহর হিসেবে এর বিকাশে অগ্রাধিকার দিতে হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বপ্নসিঁড়ির নতুন সভাপতি তামিম, সাধারণ সম্পাদক সিয়াম

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ২৮শে নভেম্বর, ২০২৬ ইং

০৫:০৫ পি.এম


স্বপ্নসিঁড়ির নতুন সভাপতি তামিম, সাধারণ সম্পাদক সিয়াম

বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন ‘স্বপ্নসিঁড়ি’র নতুন কার্যনির্বাহী কমিটি গঠন করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস (এমআইএস) বিভাগের শিক্ষার্থী তামিম ইকবাল এবং সাধারণ সম্পাদক হয়েছেন মার্কেটিং বিভাগের শিক্ষার্থী আবু সাহাব সিয়াম।

শুক্রবার (২৭ নভেম্বর) দায়িত্ব হস্তান্তর ও চড়ুইভাতি অনুষ্ঠানের মাধ্যমে সংগঠনটির আগামী দিনের কার্যক্রম এগিয়ে নিতে এই নতুন কমিটি ঘোষণা করা হয়।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পেয়েছেন আইরিন সিনথিয়া, আবু তৈয়ব সিদ্দিক সোহাগ, জেসমিন তুই, সাদিয়া আক্তার, তিথি মনি চৌধুরী ও মো. ইয়াহিয়া। যুগ্ম সাধারণ সম্পাদক হয়েছেন মো. মেহেদী হাসান অনিক।

সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পেয়েছেন ইউনুচ রাতুল, নুসরাত জাহান হিয়া ও সুকুমার চন্দ্র মোহন্ত সাম্য। সহ-সাংগঠনিক সম্পাদক হয়েছেন রাজু ইসলাম, সাহানা আক্তার, জসিম মিয়া ও মাহিয়া ইসলাম মৌ।

এ ছাড়া কোষাধ্যক্ষ হিসেবে মো. শামীম হোসেন, সহ-কোষাধ্যক্ষ হিসেবে মুমতাজ ইবনাত ঐশী, প্রচার সম্পাদক হিসেবে তাসলিমা তামান্না তূর্ণা ও শাহিন আলম সোহাগ এবং দপ্তর সম্পাদক হিসেবে শেফালী আক্তার ও মো. জিহাদ হোসাইন দায়িত্ব পেয়েছেন।

শিক্ষা সম্পাদক হিসেবে সারিমিন আক্তার, মো. আব্দুল আওয়াল ও হালিমা আক্তার বর্ণি; লাইব্রেরি সম্পাদক হিসেবে মুসকান, রুমানা জাহান বর্ণী ও ইমাম উদ্দিন এবং তথ্য ও প্রযুক্তি সম্পাদক হিসেবে মো. আরিফুজ্জামান আনন্দ ও জিহাদ হোসেন রিয়াদ দায়িত্ব পেয়েছেন।

এ ছাড়া ১৮তম ব্যাচের সমন্বয়ক হিসেবে দায়িত্ব পেয়েছেন মেজমিয়া মোস্তারী ঐশী, নিলয় সরকার ও শামীম রানা।

নবনির্বাচিত সভাপতি তামিম ইকবাল বলেন, "স্বপ্নসিঁড়ির সভাপতি হিসেবে আমার প্রধান লক্ষ্য থাকবে সংগঠনের কার্যক্রমকে আরও গতিশীল, সুসংগঠিত ও বিস্তৃত করা। যারা আমার ওপর আস্থা রেখে এই দায়িত্ব অর্পণ করেছেন, তাদের প্রতি আন্তরিক কৃতজ্ঞতা জানাই।"

তিনি আরও বলেন, "বিশেষ করে সুবিধাবঞ্চিত শিশুদের শিক্ষা, স্বাস্থ্য সচেতনতা ও সৃজনশীল বিকাশে আমরা আরও কার্যকর ভূমিকা রাখতে চাই। স্বপ্নসিঁড়ি পাঠশালার কার্যক্রম সমৃদ্ধ করার পাশাপাশি নতুন শিশুদের শিক্ষার আওতায় নিয়ে আসাই হবে আমাদের অন্যতম লক্ষ্য।"

সকলের সম্মিলিত প্রচেষ্টা ও সহযোগিতার মাধ্যমে স্বপ্নসিঁড়িকে আরও মানবিক সংগঠন হিসেবে এগিয়ে নেওয়ার প্রত্যয় ব্যক্ত করে তিনি সবার দোয়া ও পরামর্শ কামনা করেন।

সাধারণ সম্পাদক আবু সাহাব সিয়াম বলেন, "অধিকারবঞ্চিত শিশুদের নৈতিক ও মানবিক কার্যক্রমের সাথে যুক্ত স্বপ্নসিঁড়ির সকল স্বেচ্ছাসেবক এবং শুভাকাঙ্ক্ষীদের আন্তরিক ধন্যবাদ। সবার সহযোগিতা ও পরিশ্রমে সমাজের ইতিবাচক পরিবর্তন এবং স্বেচ্ছাসেবকদের দক্ষতা বৃদ্ধিতে কাজ করবে স্বপ্নসিঁড়ি।"

উল্লেখ্য, ‘স্বপ্নসিঁড়ি’ একটি স্বেচ্ছাসেবী সামাজিক সংগঠন, যা রংপুরের বাবুপাড়া ও রেলওয়ে গেট এলাকার সুবিধাবঞ্চিত শিশুদের জন্য বিনামূল্যে পাঠদান কার্যক্রম পরিচালনা করছে। শিশুদের শিক্ষার সুযোগ নিশ্চিত করার পাশাপাশি তাদের সৃজনশীল বিকাশ, স্বাস্থ্য সচেতনতা ও মানবিক মূল্যবোধ গড়ে তুলতে কাজ করছে সংগঠনটি।

এ ছাড়া শীতবস্ত্র বিতরণ, বই সংগ্রহ ও বিতরণ, পাঠচক্র, ইফতার আয়োজন এবং পরিচ্ছন্নতা অভিযানের মতো নানা সামাজিক কর্মসূচির মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তনে ভূমিকা রাখছে সংগঠনটি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৭ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০২
জোহর ১১:৪৭
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%