প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
রাজধানীর নিউমার্কেট থানা এলাকার ব্যবসায়ী খন্দকার নঈম আহমেদ টিটন হত্যা মামলায় গ্রেপ্তার ‘শীর্ষ সন্ত্রাসী’ এস এম আসলাম, যিনি সুইডেন আসলাম নামেও পরিচিত, তাকে আবারও পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর নির্দেশ দিয়েছেন আদালত।
শনিবার (২৮ নভেম্বর) বিকেলে শুনানি শেষে ঢাকার মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট রিয়াদ হোসেন এই আদেশ প্রদান করেন। রাষ্ট্রপক্ষের আইনজীবী শামসুদ্দোহা সুমন এ তথ্য নিশ্চিত করেছেন।
পাঁচ দিনের রিমান্ড শেষে আসামিকে আদালতে হাজির করে পুলিশ। এরপর মামলাটির তদন্ত কর্মকর্তা ডিবির রমনা বিভাগের রমনা জোনাল টিমের উপপরিদর্শক (এসআই) মো. ইরফান খান পুনরায় জিজ্ঞাসাবাদের জন্য দশ দিনের রিমান্ড চেয়ে আবেদন করেন।
আবেদনে উল্লেখ করা হয়, আসামি সুইডেন আসলামকে ডিএমপি কার্যালয়ে এনে মামলার বিষয়ে নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হয়েছে। জিজ্ঞাসাবাদে তিনি মামলার মূল রহস্য এড়িয়ে কৌশলে বিভিন্ন সময়ে বিভিন্ন ধরনের জবাব দিয়ে তদন্তকারী কর্মকর্তাদের বিভ্রান্ত করার চেষ্টা করেন। মামলার সঙ্গে জড়িত প্রকৃত আসামিদের অবস্থান সম্পর্কে জিজ্ঞাসাবাদেও তিনি সন্তোষজনক কোনো তথ্য দিতে পারেননি।
আবেদনে আরো বলা হয়, স্থানীয় তদন্তে এস এম আসলাম ওরফে সুইডেন আসলাম এ হত্যাকাণ্ডের সঙ্গে সরাসরি জড়িত থাকার তথ্য পাওয়া গেছে। আসামি আলোচ্য হত্যা মামলা ছাড়াও একাধিক হত্যা মামলায় প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িত। তিনি একজন পেশাদার অপরাধী ও শীর্ষ সন্ত্রাসী। দীর্ঘদিন ধরে অপরাধজগতের সঙ্গে জড়িত থেকে বিস্তৃত নেটওয়ার্ক গড়ে তুলেছেন। আত্মগোপনে কিংবা দেশের বাইরে থেকেও অপরাধী সিন্ডিকেট নিয়ন্ত্রণ করেন। তার গড়ে তোলা গ্যাংয়ের সদস্যরা দেশের বিভিন্ন স্থানে তার নির্দেশে সহিংসতা ও অরাজকতা সৃষ্টি করে আসছে।
বছিলা গরুর হাটের ইজারা নিয়ে সৃষ্ট বিরোধেও সুইডেন আসলামের ইন্ধন রয়েছে বলে তদন্তে জানা গেছে। বিভিন্ন সময়ে দেশের সহিংস কর্মকাণ্ডে অস্ত্র ও গোলাবারুদ সরবরাহকারী হিসেবেও তিনি ভূমিকা পালন করেছেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর ২০২৪ সালের ৩ সেপ্টেম্বর দীর্ঘ ২৭ বছর কারাভোগ শেষে জামিনে মুক্তি পান তিনি। জামিনে মুক্তির পর রাজধানীর কারওয়ান বাজার, তেজগাঁও ও ফার্মগেট এলাকায় চাঁদাবাজি, মার্কেট দখলসহ বিভিন্ন অপরাধে জড়িয়ে পড়েন বলেও আবেদনে উল্লেখ করা হয়েছে।
তদন্ত কর্মকর্তার দাবি, ১৯৮৬ সালের শাকিল হত্যা, নব্বইয়ের দশকে কামরুল ও মিজান হত্যা এবং বিভিন্ন সময়ে ৯টি হত্যা মামলাসহ চাঁদাবাজি ও হত্যাচেষ্টার প্রায় ২২টি মামলার আসামি সুইডেন আসলাম। দীর্ঘ ২৭ বছর কারাগারে থাকার পরও তার অপরাধমূলক কর্মকাণ্ড বন্ধ হয়নি। সুইডেন আসলামের ভয়ে তার বিরুদ্ধে দায়ের করা মামলাগুলোর সাক্ষীরা আদালতে সাক্ষ্য দিতে অনীহা প্রকাশ করছেন। এতে মামলাগুলোর বিচারিক কার্যক্রম ব্যাহত হচ্ছে। জিজ্ঞাসাবাদে তিনি বিভিন্ন ব্যক্তির নাম ও ঠিকানা প্রকাশ করেছেন, যা যাচাই-বাছাই করা হচ্ছে।
আসামি জামিনে মুক্তি পেলে পলাতক হয়ে পুনরায় সন্ত্রাসী কর্মকাণ্ডে জড়িয়ে পড়ার আশঙ্কা রয়েছে। যদিও তিনি মামলার বিষয়ে কিছু গুরুত্বপূর্ণ তথ্য দিয়েছেন, তবে তদন্তের স্বার্থে সেসব তথ্য যাচাই করা প্রয়োজন। তাকে আরো নিবিড়ভাবে জিজ্ঞাসাবাদ করা হলে হত্যাকাণ্ডের বিষয়ে গুরুত্বপূর্ণ তথ্য পাওয়া সম্ভব হতে পারে।
এ অবস্থায় মামলার সুষ্ঠু তদন্ত, হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন, ঘটনায় জড়িত অন্য আসামিদের শনাক্ত ও গ্রেপ্তার এবং আসামির দেওয়া তথ্য যাচাইয়ের স্বার্থে সুইডেন আসলামকে পুনরায় ১০ দিনের পুলিশ রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা একান্ত প্রয়োজন।
এদিকে, আসামি পক্ষের আইনজীবী মাহবুব আলম রিমান্ড বাতিল চেয়ে জামিন শুনানি করেন। রাষ্ট্রপক্ষ থেকে এর বিরোধিতা করা হয়। উভয় পক্ষের শুনানি শেষে আদালত আসামির পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন বলে নিশ্চিত করেছেন প্রসিকিউশন বিভাগের উপপরিদর্শক মোক্তার হোসেন।
গত ২২ নভেম্বর থাইল্যান্ড যাওয়ার পথে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে তাকে গ্রেপ্তার করে ইমিগ্রেশন পুলিশ। পরদিন ২৩ নভেম্বর আসামির পাঁচ দিনের রিমান্ডে পাঠানোর আদেশ দেন আদালত।
অভিযোগে সূত্রে জানা গেছে, ‘২০২৫ সালের ১৩ আগস্ট আদালত থেকে টিটন জামিন পেয়ে কারামুক্ত হন। এরপর বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপনের সঙ্গে মোবাইলে বিভিন্ন অ্যাপসের মাধ্যমে কথা বলতেন। টিটন তাকে বলতেন, বড় ভাই আমি আপনার অনেক আর্থিক ক্ষতি করেছি, এখন চেষ্টা করছি আপনাদের আর কোনো বদনাম যেন না হয়। আমি যেন ভালোভাবে কাজ করে জীবন যাপন করতে পারি।’
ঘটনার কিছুদিন আগে রিপনকে শিডিউল কেনার কথা জানিয়ে টিটন জানিয়েছিলেন, ইনশাআল্লাহ মোটামুটি কাজের মাধ্যমে থাকতে পারবেন। পরবর্তীতে ২৬ এপ্রিল তাকে ফোন দিয়ে জানায়, তার সঙ্গে এনামুল হাসান হেলাল ওরফে পিচ্চি হেলাল, বাদল ওরফে কিলার বাদল ওরফে কাইলা বাদল, শাহজাহান, রনি ওরফে ভাঙ্গারী রনিদের বছিলা গরুর হাটের ইজারার শিডিউল নিয়ে ঝামেলা চলছে। পরদিন ২৭ এপ্রিল টিটন তাকে বলেন, তারা তাকে ডাকছে। উভয়ের সঙ্গে সমঝোতার মাধ্যমে কাজ করবে।
পরে ২৮ এপ্রিল রাত ১১ টার দিকে বিভিন্ন লোকের মাধ্যমে রিপন জানতে পারেন, ঢাকা নিউমার্কেট থানাধীন শাহনেওয়াজ হলের সামনে বটতলায় তার ছোট ভাই টিটনকে গুলি করা হয়। পরে তাকে উদ্ধার করে তাকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় ২৯ এপ্রিল টিটনের বড় ভাই খন্দকার সাঈদ আক্তার রিপন নিউমার্কেট থানায় অজ্ঞাতনামাদের আসামি করে হত্যা মামলা করেন।
উল্লেখ্য, ২০০১ সালে সরকারঘোষিত ২৩ শীর্ষ সন্ত্রাসীর তালিকায় সুইডেন আসলামের নাম ছিল। বিভিন্ন সময়ে তার বিরুদ্ধে ২২টি মামলা হয়, যার মধ্যে ৯ টি হত্যা মামলা।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন