ঢাকা মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৮ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
মঙ্গলবার, ০৩ই নভেম্বর, ২০২৬ইং ১৮ই কার্তিক, ১৪৩২বাং

সৈয়দপুরে চোরাই মোটরসাইকেল চক্রের ২ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি মোটরসাইকেল


সৈয়দপুরে চোরাই মোটরসাইকেল চক্রের ২ সদস্য গ্রেপ্তার, উদ্ধার ৩টি মোটরসাইকেল

নীলফামারীর সৈয়দপুরে আন্ত জেলা মোটরসাইকেল চোর চক্রের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে তিনটি চোরাই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) সকালে সৈয়দপুর উপকণ্ঠের চৌমুহনী বাজার ও কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ ফাইলেরিয়া হাসপাতাল এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়।

গ্রেপ্তার হওয়া দুইজন হলেন দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার হরিশ্চন্দ্রপুর এলাকার মতিয়ার রহমানের ছেলে সাব্বির হোসেন (২৬) এবং সৈয়দপুর উপজেলার কামারপুকুর ইউনিয়নের সরদারপাড়ার মৃত জহুরুল ইসলামের ছেলে শাহরিয়ার হোসেন ওরফে ফরহাদ (২৫)।

আরও পড়ুন: পিরোজপুর মাদকমুক্ত জেলা গড়তে জনপ্রতিনিধি-রাজনীতিক-সাংবাদিকদের ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান

পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মঙ্গলবার সকালে সৈয়দপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রেজাউল করিম রেজার নেতৃত্বে চৌমুহনী বাজার এলাকায় অভিযান পরিচালনা করা হয়। এ সময় চৌমুহনী বাজার সেতুর সামনে থেকে সাব্বির হোসেনকে গ্রেপ্তার করা হয়।

সাব্বিরের দেওয়া তথ্যের ভিত্তিতে কামারপুকুর ইউনিয়নের ধলাগাছ ফাইলেরিয়া হাসপাতালসংলগ্ন মতির মোড় এলাকায় শাহরিয়ার হোসেন ওরফে ফরহাদের বাড়িতে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। এরপর তাদের দেওয়া তথ্যের ভিত্তিতে বিভিন্ন এলাকা থেকে পালসার, ডিসকভার ও হর্নেট ব্র্যান্ডের তিনটি মোটরসাইকেল উদ্ধার করে পুলিশ।

এ বিষয়ে সৈয়দপুর থানার ওসি রেজাউল করিম রেজা জানান, জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুজনের মোটরসাইকেল চুরি ও চোরাই মোটরসাইকেল কেনাবেচার সঙ্গে সম্পৃক্ততার তথ্য পাওয়া গেছে। সাব্বিরের দেওয়া তথ্য অনুযায়ী, উদ্ধার হওয়া মোটরসাইকেলগুলো পার্বতীপুর, ফুলবাড়ী ও দিনাজপুর শহর থেকে চুরি করা হয়েছিল।

ওসি বলেন, এ চক্রের সঙ্গে আরো কেউ জড়িত রয়েছে কি না, তা খতিয়ে দেখা হচ্ছে। সৈয়দপুরে মোটরসাইকেল চুরি প্রতিরোধ ও চোরাই যানবাহন উদ্ধারে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে। অপরাধীদের শনাক্ত করে আইনের আওতায় আনা হবে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

আরও পড়ুন: তিন দিনের সফরে আগামীকাল রাজশাহী ও চাঁপাইনবাবগঞ্জ আসছেন কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির নাম টানায় জবাব চাইলেন বোরহান উদ্দিন ইশরাক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৪৯ পি.এম


সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা: বিএনপির নাম টানায় জবাব চাইলেন বোরহান উদ্দিন ইশরাক

রাজধানীর ইসিবি চত্বরে কনটেন্ট ক্রিয়েটর সালমান মুক্তাদিরের স্টুডিওতে হামলা ও ভাঙচুরের ঘটনায় বিএনপির নাম উল্লেখ করার বিষয়ে প্রশ্ন তুলেছেন ঢাকা কলেজ ছাত্রদলের সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক বোরহান উদ্দিন ইশরাক।
এক বিবৃতিতে তিনি দাবি করেন, স্টুডিও ভাঙচুরের ঘটনাটি মূলত জমি-সংক্রান্ত বিরোধকে কেন্দ্র করে হয়েছে এবং আইনশৃঙ্খলা বাহিনীর তদন্তে বিষয়টি স্পষ্ট হয়েছে। এ ঘটনায় জামায়াতে ইসলামীর কুষ্টিয়া-২ আসনের এমপি মো. আবদুল গফুরের জামাতা মিজানুর রহমানকে মামলার ৯ নম্বর আসামি হিসেবে গ্রেপ্তার করা হয়েছে বলেও দাবি করেন তিনি।
বোরহান ইশরাক বলেন, ঘটনার পর সালমান মুক্তাদির ফেসবুক লাইভে এসে বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ হিসেবে উল্লেখ করেন। তার প্রশ্ন, এ ঘটনায় বিএনপির কোনো নেতা-কর্মী কোথায় ছিলেন এবং বিএনপির কোনো নেতা বা কর্মীর বিরুদ্ধে হামলা কিংবা চাঁদা দাবির সুনির্দিষ্ট প্রমাণ রয়েছে কি না।
তিনি বলেন, “যেখানে ঘটনার তদন্তে জমি-বিরোধের বিষয় সামনে এসেছে, সেখানে বিএনপিকে ‘চাঁদাবাজ দল’ বলার ভিত্তি কী—সালমান মুক্তাদিরকে সেই প্রশ্নের জবাব দিতে হবে।”
বোরহান ইশরাক আরও বলেন, কারও স্টুডিওতে হামলা বা ভাঙচুর হলে অবশ্যই জড়িতদের আইনের আওতায় এনে বিচার করতে হবে। তবে কোনো রাজনৈতিক দলের বিরুদ্ধে সুনির্দিষ্ট প্রমাণ ছাড়া অভিযোগ তোলাও গ্রহণযোগ্য নয় বলে মন্তব্য করেন তিনি।
বিএনপির বিরুদ্ধে সালমান মুক্তাদিরের কাছে কোনো সুনির্দিষ্ট প্রমাণ থাকলে তা প্রকাশ করার আহ্বান জানিয়ে তিনি বলেন, কারা চাঁদা চেয়েছে, তাদের নাম ও প্রমাণ সামনে আনা উচিত।
একই সঙ্গে বিএনপিকে নিয়ে কোনো বক্তব্য দেওয়ার ক্ষেত্রে রাজনৈতিক যুক্তি ও তথ্য-প্রমাণের ভিত্তিতে কথা বলার আহ্বান জানান বোরহান উদ্দিন ইশরাক।
বিবৃতির শেষাংশে তিনি বলেন, “অপরাধীদের বিচার যেমন চাই, তেমনি বিএনপির বিরুদ্ধে মিথ্যা ও প্রমাণহীন অভিযোগের জন্যও জবাবদিহি চাই।”
এ ঘটনায় প্রয়োজনে মানহানি ও মিথ্যা অভিযোগের বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়ার কথাও উল্লেখ করেন তিনি।
বোরহান উদ্দিন ইশরাক
সদ্য সাবেক সাংগঠনিক সম্পাদক
ঢাকা কলেজ ছাত্রদল

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৬:৫৯ পি.এম


৬ গোলের রোমাঞ্চকর ম্যাচে অস্ট্রেলিয়ার বিপক্ষে জিতল ব্রাজিল

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে অস্ট্রেলিয়াকে ৪-২ গোলে পরাজিত করে ব্রাজিল নিজেদের দখলে রেখেছে দুই ম্যাচের সিরিজ। ব্রিসবেনের সানকর্প স্টেডিয়ামে ৫২ হাজার ৪২৩ জন সকারুস দর্শকের উল্লাস সেলেসাওদের জন্য বাধা হয়ে দাঁড়াতে পারেনি। প্রথমার্ধে ২-২ সমতা থাকার পর দ্বিতীয়ার্ধে নিজেদের আক্রমণাত্মক খেলার ধারায় ম্যাচটি নিজেদের করে নেয় রাফিনহারা।

এবিসি অস্ট্রেলিয়ার প্রতিবেদনে বলা হয়েছে, ম্যাচের শুরুতেই ব্রাজিল চমক দেখায়। মাত্র ৩ মিনিটের মাথায় একটি চমৎকার বিল্ড-আপ থেকে লক্ষ্যভেদ করে দলের জন্য এগিয়ে যান ডিফেন্ডার ভ্যান্ডারসন।

তবে শুরুতে এই ধাক্কা সামলে দুর্দান্তভাবে ম্যাচে ফিরে আসে টনি পোপোভিকের অস্ট্রেলিয়া। ম্যাচের ২৮ মিনিটে আলেসান্দ্রো সিরকাটি গোলে পুরো গ্যালারি উল্লাসে ফেটে পড়ে।

কনর মেটকালফের নিখুঁত ক্রস থেকে দারুণ ফ্লিকে অস্ট্রেলিয়াকে ১-১ সমতায় ফেরান আলেসান্দ্রো সার্কাটি। শুরুর দিকে অফসাইডের বাঁশি বাজালেও ভিএআর পরীক্ষার পর গোলটি বহাল থাকে।

সমতায় ফেরার মাত্র ৫ মিনিটের মধ্যে বক্সের বাইরে থেকে বাঁ-পায়ের এক দর্শনীয় দূরপাল্লার শটে সকারুজদের ২-১ ব্যবধানে লিড এনে দেন মিডফিল্ডার কনর মেটকালফে।

প্রথমার্ধের শেষ মিনিটে, বক্সের ভেতরে দানিলো ফাউলের শিকার হলে ভিএআরের সাহায্যে ব্রাজিল পেনাল্টি পায়। স্পট-কিক থেকে ঠাণ্ডা মাথায় গোল করে ম্যাচ ২-২ সমতায় নিয়ে আসেন রাফিনহা।

দ্বিতীয়ার্ধে কার্লো আনচেলত্তির দল আরো বেশি আক্রমণাত্মক ফুটবল খেলতে শুরু করে। ৬৯ মিনিটে বদলি খেলোয়াড় এন্ড্রিকের বাড়ানো পাস থেকে দারুণ এক মাইনাসে বল পেয়ে জালে জড়াতে ভুল করেননি ব্রাজিলিয়ান অধিনায়ক ব্রুনো গিমারায়েস। এতে ৩-২ ব্যবধানে লিড পুনরুদ্ধার করে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়নরা।

৮০ মিনিটে ভিনিসিয়াস জুনিয়রকে বক্সের ভেতর ফাউল করা হলে ম্যাচ রেফারি ব্রাজিলের পক্ষে দ্বিতীয় পেনাল্টির সিদ্ধান্ত দেন। নিজের আদায় করা পেনাল্টি থেকে গোল করেন তিনি। ফলে ৪-২ গোলে জয় নিশ্চিত করে আনচেলত্তির শিষ্যরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

‘বিচ্ছেদটা আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’ - উদিতি সিং

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


‘বিচ্ছেদটা আমার জীবনে আশীর্বাদ হয়ে এসেছিল’ - উদিতি সিং

‘বিগ বস্‌ ২০’-এর সাম্প্রতিক পর্বে উদিতি সিং তার পুরনো সম্পর্ক এবং বিচ্ছেদের অভিজ্ঞতা নিয়ে খোলামেলা আলোচনা করেছেন। তিনি জানান, সেই বিচ্ছেদটি তার ব্যক্তিগত এবং পেশাগত জীবনে উল্লেখযোগ্য পরিবর্তন নিয়ে এসেছে। উদিতি এই অভিজ্ঞতাকে ‘ছদ্মবেশে আশীর্বাদ’ বলেও উল্লেখ করেছেন।

উদিতির বক্তব্য অনুযায়ী, ‘আমার জীবনে বিচ্ছেদটা সত্যিই ছদ্মবেশে আশীর্বাদ হয়ে এসেছিল।’

তিনি প্রাক্তন প্রেমিকের সঙ্গে সম্পর্ক ভাঙার পেছনের কারণ নিয়েও কথা বলেন। উদিতি জানান, লকডাউনের সময়ে তারা গোল্ডেন রিট্রিভার প্রজাতির একটি কুকুর দত্তক নিয়েছিলেন। তাদের কুকুরের নাম ছিল নোয়া। কিন্তু পরে সেই পোষ্যের দেখভাল নিয়ে তাদের মধ্যে প্রায়ই মতবিরোধ দেখা দিত।

উদিতির ভাষায়, ‘পোষ্যকে নিয়ে প্রবল ঝগড়া হতো।’

শুধু পোষ্য নিয়েই নয়, পরিচ্ছন্নতা নিয়ে তাদের মধ্যে পার্থক্য ছিল বলেও জানান তিনি। উদিতি বলেন, ‘আমার পরিষ্কার-পরিচ্ছন্নতার পদ্ধতি আলাদা, ওর আলাদা।’ ঘরদোর পরিষ্কার রাখা থেকে শুরু করে দৈনন্দিন অভ্যাস—দুজনের প্রত্যাশা ও পদ্ধতিতে এই অমিল সম্পর্কের মধ্যে টানাপোড়েন সৃষ্টি করেছিল।

এছাড়া, বয়সের ব্যবধানও তাদের সম্পর্কের সমীকরণে প্রভাব ফেলেছিল বলে তিনি দাবি করেন। উদিতির অভিযোগ, তার প্রাক্তন সঙ্গী প্রায়ই তার ওপর কর্তৃত্ব ফলানোর চেষ্টা করতেন। তিনি বলেন, ‘তুমি এটা পারবে না, তুমি জানো না ওটা কী ভাবে করতে হয়।’

সেই অভিজ্ঞতার প্রসঙ্গে উদিতি বলেন, ‘সঙ্গীই যদি আপনাকে নিরুৎসাহিত করে…’

তবে শেষ পর্যন্ত উদিতির উপলব্ধি হলো, সব চেষ্টা করেও কিছু সম্পর্ক টিকিয়ে রাখা সম্ভব নয়। তিনি দু’জন মানুষের সম্পর্ককে তারার অবস্থানের সঙ্গে তুলনা করেন, যেখানে সময় এবং পরিস্থিতি অনুকূলে না থাকলে সম্পর্ক ভেঙে যেতে পারে। আবার সময়-পরিস্থিতি সহায়ক হলে একই সম্পর্ক সুন্দরভাবেই এগিয়ে যেতে পারে।

২০১৯ সালে উদিতি ও করণ ওয়াহীর সম্পর্কে জড়ানোর খবর প্রকাশ্যে আসে। যদিও সে সময় তারা নিজেদের সম্পর্কের কথা নিশ্চিত করেননি। ‘বিগ বস্‌ ২০’-এর এই পর্বে উদিতি জানান, লন্ডনের একটি রেস্তোরাঁ নিয়ে ইনস্টাগ্রামে করণকে বার্তা পাঠানোর পর তাদের যোগাযোগ শুরু হয়। করণ লন্ডনে গেলে তাদের দেখা হয়। এরপর প্রায় দু’মাস নিয়মিত কথা বলার পর তারা সম্পর্কে জড়ান বলে জানান উদিতি।

২০২০ সালের জানুয়ারিতে তাদের সম্পর্কের খবর প্রকাশ্যে আসে। সে সময় করণ সমাজমাধ্যমে উদিতির সঙ্গে একটি ছবি প্রকাশ করে তাদের সম্পর্কের কথা জানান।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোংলা বন্দরে রেকর্ড কার্গো-কনটেইনার হ্যান্ডলিং, ৯.৫ মিটার ড্রাফটের পথে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৯শে সেপ্টেম্বর, ২০২৬ ইং

০৭:০০ পি.এম


মোংলা বন্দরে রেকর্ড কার্গো-কনটেইনার হ্যান্ডলিং, ৯.৫ মিটার ড্রাফটের পথে

মোংলা বন্দর পণ্য ও কনটেইনার হ্যান্ডলিংয়ে লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে। ২০২৫-২৬ অর্থবছরে বন্দরটিতে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার টন কার্গো এবং ২৯ হাজার ৭২৪ টিইইউএস কনটেইনার হ্যান্ডলিং সম্পন্ন হয়েছে। একই সময়ে রাজস্ব আয় দাঁড়িয়েছে ৩৮৭ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা। বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য নাব্যতা উন্নয়ন, দুটি কনটেইনার টার্মিনাল নির্মাণ এবং আধুনিক যন্ত্রপাতি সংযোজনের পরিকল্পনা গ্রহণ করা হয়েছে।

মঙ্গলবার (২৯ সেপ্টেম্বর) খুলনার খালিশপুরের পোর্ট অডিটোরিয়ামে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় মোংলা বন্দর কর্তৃপক্ষের চেয়ারম্যান রিয়ার অ্যাডমিরাল আরিফ আহমেদ মোস্তফা এসব তথ্য তুলে ধরেন।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, ২০২৫-২৬ অর্থবছরে কার্গো হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা ছিল ৯১ লাখ ৫০ হাজার মেট্রিক টন। এর বিপরীতে হ্যান্ডলিং হয়েছে ১ কোটি ২২ লাখ ৫১ হাজার টন। আগের অর্থবছরের তুলনায় কার্গো হ্যান্ডলিংয়ে বৃদ্ধি ঘটেছে ১৮ লাখ ৩৯ হাজার টন বা ১৭ দশমিক ৬৬ শতাংশ।

কনটেইনার হ্যান্ডলিংয়ের লক্ষ্যমাত্রা ছিল ২৫ হাজার টিইইউএস। এর বিপরীতে হ্যান্ডলিং হয়েছে ২৯ হাজার ৭২৪ টিইইউএস। এক বছরে এই খাতে প্রবৃদ্ধি হয়েছে ৩৮ দশমিক ৪৯ শতাংশ।

রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রা ছিল ৩৪৭ কোটি ৮৭ লাখ টাকা। এর বিপরীতে আয় হয়েছে ৩৮৭ কোটি ৯৫ লাখ ১২ হাজার টাকা। আগের অর্থবছরের তুলনায় রাজস্ব বেড়েছে ৪০ কোটি ৮২ লাখ ৬৪ হাজার টাকা বা ১১ দশমিক ৭৬ শতাংশ।

বন্দর ব্যবহারের বৃদ্ধি পাওয়ার সাথে সাথে জাহাজ ও গাড়ি আমদানিতেও প্রবৃদ্ধি দেখা গেছে। গত অর্থবছরে মোংলা বন্দরে ৮১৫টি জাহাজ এসেছে। একই সময়ে আমদানি হয়েছে ১২ হাজার ৭৫টি রিকন্ডিশন্ড গাড়ি, যা আগের অর্থবছরের তুলনায় ৪৯৬টি বেশি।

মোংলা বন্দরের ভবিষ্যৎ সম্প্রসারণের জন্য নাব্যতা বৃদ্ধিকে কর্তৃপক্ষ গুরুত্বপূর্ণ হিসেবে বিবেচনা করছে। বর্তমানে জেটির সামনে ৭ দশমিক ৫ মিটার ড্রাফটের জাহাজ বার্থিং করতে সক্ষম। ড্রেজিংয়ের মাধ্যমে আগামী দুই থেকে তিন মাসের মধ্যে তা ৯ দশমিক ৫ মিটারে উন্নীত করার কাজ চলছে বলে জানান বন্দর চেয়ারম্যান।

তিনি উল্লেখ করেন, পশুর চ্যানেলের ইনার বারে ড্রেজিংয়ের উদ্যোগ নেওয়া হয়েছে। নিয়মিত রক্ষণাবেক্ষণ ড্রেজিং করা হলে জেটি পর্যন্ত ৯ দশমিক ৫ থেকে ১০ মিটার ড্রাফটের জাহাজ আনা সম্ভব হবে। এতে বন্দরের পণ্য পরিবহন সক্ষমতা আরও বৃদ্ধি পাবে।

বন্দরের সক্ষমতা বৃদ্ধির জন্য ‘আপগ্রেডেশন অব মোংলা পোর্ট’ প্রকল্প বাস্তবায়িত হচ্ছে। ভারতীয় এলওসি-৩-এর অর্থায়নে এই প্রকল্পের আওতায় দুটি কনটেইনার টার্মিনাল, কনটেইনার হ্যান্ডলিং ইয়ার্ড ও ডেলিভারি ইয়ার্ড নির্মাণ করা হবে। পাশাপাশি আধুনিক যন্ত্রপাতি সংযোজন করা হবে।

এছাড়া জাহাজ চলাচল ও জরুরি সেবা আরও শক্তিশালী করতে দুটি টাগবোট, একটি বয়া লেইং ভেসেল, একটি সার্চ অ্যান্ড রেসকিউ ভেসেল, একটি পাইলট মাদার ভেসেল এবং একটি সার্ভে অ্যান্ড রিসার্চ ভেসেল সংগ্রহ করা হচ্ছে। প্রকল্পটি ২০২৭ সালের জুনে শেষ হওয়ার কথা রয়েছে।

বন্দর চেয়ারম্যান জানান, ব্যবহারকারীদের সেবা সহজতর করতে ওয়ানস্টপ সার্ভিস চালু রয়েছে। পারমিশন, যন্ত্রপাতি বুকিং ও বিল পরিশোধসহ বিভিন্ন সেবা অনলাইনে প্রদান করা হচ্ছে। ই-পেপার সার্ভিসের কাজও সম্পন্ন হয়েছে। আগামী এক মাসের মধ্যে এটি উদ্বোধনের পরিকল্পনা রয়েছে।

বন্দর কর্তৃপক্ষের তথ্য অনুযায়ী, বর্তমানে কনটেইনারবাহী জাহাজের টার্নঅ্যারাউন্ড টাইম ১ দশমিক ৮০ দিন এবং অন্যান্য জাহাজের ক্ষেত্রে ৩ দশমিক ৪৪ দিন। ছয়টি কনটেইনার ইয়ার্ডে প্রায় ৬ হাজার টিইইউএস কনটেইনার এবং দুটি কার পার্কিং ইয়ার্ডে প্রায় ২ হাজার গাড়ি রাখার সুবিধা রয়েছে।

মতবিনিময় সভায় বন্দর কর্তৃপক্ষের সদস্য (হারবার ও মেরিন) কমডোর মো. শফিকুল ইসলাম সরকার, সদস্য (প্রকৌশল ও উন্নয়ন) প্রকৌশলী শেখ শওকত আলী, প্রধান নিরাপত্তা কর্মকর্তা কমান্ডার এস এম আফজালুল ইসলাম, পরিচালক (বোর্ড) কালাচাঁদ সিংহ, হারবার মাস্টার ক্যাপ্টেন মোহাম্মদ শফিকুল ইসলামসহ অন্যান্য বন্দর কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২২শে জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৮
জোহর ১১:৪৩
আসর ০৩:৪২
মাগরিব ০৫:১৮
ইশা ০৬:৩১
সূর্যোদয় : ০৬:০৫ সূর্যাস্ত : ০৫:১৮
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%