ঢাকা সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৩ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ০৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
সোমবার, ১৯ই অক্টোবর, ২০২৬ইং ০৩ই কার্তিক, ১৪৩৩বাং

পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ : শিক্ষামন্ত্রী


পরীক্ষাকেন্দ্রে সিসি ক্যামেরার মাধ্যমে নিশ্চিত করা হবে ‘ডিজিটাল ভিজিল্যান্স’ : শিক্ষামন্ত্রী

আজ চট্টগ্রাম কলেজে মিলনায়তনে একটি মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন এইচএসসি ও সমমান পরীক্ষা-২০২৬ উপলক্ষে বক্তব্য দেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন বলেন, “২০০৬ সালে আমরা ‘নকল’ শব্দটির কবর দিয়ে এসেছি। এটা নিয়ে আমি আরও কথা বলতে চাই না। এখন নকল ডিজিটাল রূপ নিয়েছে, সেটাকে সেভাবেই প্রতিহত করতে হবে। তাই পরীক্ষাকেন্দ্রে البته সিসি ক্যামেরা থাকতে হবে। যার মাধ্যমে নিশ্চিত করা হবে ডিজিটাল ভিজিল্যান্স।”

আজকের মতবিনিময় সভায় শিক্ষামন্ত্রী আরো বক্তব্য দেন। এই সভায় চট্টগ্রাম বোর্ড, চট্টগ্রাম অঞ্চলের কারিগরি শিক্ষা বোর্ড এবং মাদ্রাসা বোর্ডের কর্মকর্তা এবং পরীক্ষা কেন্দ্রের সচিবসহ অনেক ধরনের কর্মকর্তা অংশগ্রহণ করেন।

আরও পড়ুন: আমরা মাফিয়া ডন বানাব না: ডেপুটি স্পিকার কায়সার কামাল

চট্টগ্রাম শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর আবদুল্লাহ আল মামুন চৌধুরীর সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় বিশেষ অতিথি হিসেবে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দিন এবং চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন উপস্থিত ছিলেন।

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহসানুল হক মিলন আরও বলেন, দেশে প্রায় ৩০ হাজার মামলাজটের কারণে শত শত শিক্ষাপ্রতিষ্ঠানে শূন্য পদে শিক্ষক নিয়োগ দেওয়া যাচ্ছে না। তিনি জানান, “২০১৭ সালে একটি আইনি জটিলতায় প্রাথমিক বিদ্যালয়ের ৩২ হাজার ৫০০ জনকে প্রধান শিক্ষক হিসেবে নিয়োগ ও পদোন্নতির প্রক্রিয়া থমকে আছে।” তবে তিনি বলেন, আগামী ২ জুলাই আপিল বিভাগে এ মামলার রায় ঘোষণার দিন ধার্য রয়েছে। তিনি আশা প্রকাশ করেন যে, ওই দিন কাঙ্ক্ষিত রায় পাওয়ার মধ্য দিয়ে এই শূন্য পদগুলো পূরণের প্রবণতা সৃষ্টি হবে।

শিক্ষাব্যবস্থায় অসহযোগিতার অভিযোগ তুলে তিনি বলেন, “শিক্ষাব্যবস্থার বিভিন্ন জায়গায় একটি বিশেষ রাজনৈতিক দলের গুপ্ত অনুসারীরা রয়েছে, যারা আমাদের শিক্ষার উন্নয়নে সহযোগী হতে চাইছে না।” তিনি জুলাই আন্দোলনে সবার স্বতঃস্ফূর্ত অংশগ্রহণের কথাও স্মরণ করিয়ে দেন এবং স্পষ্ট হুঁশিয়ারি দেন যে প্রশাসনে কোনো ধরনের দুর্বলতা মেনে নেওয়া হবে না। বর্তমানে দেশে এমপিওভুক্তির বিশাল ব্যাকলগ পূরণের জন্য ৭৭ হাজার নতুন শিক্ষক প্রয়োজন।

শিক্ষা খাতের বাজেট প্রসঙ্গে শিক্ষামন্ত্রী মন্তব্য করে বলেন, বিগত সরকারের আমলে রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্র এবং আইসিটি মন্ত্রণালয়ের বাজেটকে শিক্ষা খাতে ঢুকিয়ে একটি ‘শুভঙ্করের ফাঁকি’ দেওয়া হয়েছিল। তবে তিনি জানান, “এবার বর্তমান সরকার শিক্ষায় ১ লাখ ৩৬ হাজার কোটি টাকার বিশাল ও বাস্তবসম্মত বাজেট দিয়েছে এবং এই অর্থের সঠিক ব্যবহার নিশ্চিত করা হবে।”

আরও পড়ুন: শাহজালাল বিমানবন্দরে ১৫ থেকে ২০ মিনিটে লাগেজ পাচ্ছেন যাত্রীরা: মন্ত্রী

শিক্ষামন্ত্রী বলেন, “বিগত বছরগুলোতে প্রশ্নফাঁস দেশের শিক্ষাব্যবস্থার জন্য একটি বৃহৎ চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছিল। এই চক্রকে ভাঙতে এবং পরীক্ষার শতভাগ স্বচ্ছতা বজায় রাখতে শিক্ষা মন্ত্রণালয় এবং আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী একযোগে কাজ করছে।” তিনি জানান, “প্রশ্নফাঁস ঠেকাতে আমি নিজে বিজি প্রেসে (বাংলাদেশ গভর্নমেন্ট প্রেস) গিয়ে পাহারা দিয়েছি এবং সার্বিক নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করেছি।”

মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) এবং সমমানের পরীক্ষার ফলাফল আগামী ২০ জুলাই প্রকাশিত হবে জানিয়ে তিনি বলেন, “সব বোর্ডের খাতা আমরা রেন্ডমলি চেক করে দেখবো, কেউ কম বা বেশি নাম্বার দিয়ে দিলো কিনা।”

বিশেষ অতিথির বক্তব্যে ভূমি প্রতিমন্ত্রী মীর হেলাল বলেন, “বাংলাদেশে একটি উন্নতর শিক্ষা ব্যবস্থা দিয়ে যেতে কাজ করছেন আমাদের প্রধানমন্ত্রী তারেক রহমান। এজন্য শিক্ষা মন্ত্রণালয় এবং সরকার নানা পলিসি সেট করছে। সরকারের পলিসি যারা মাঠ পর্যায়ে বাস্তবায়ন করেন তারা আমাদের অত্যন্ত সম্মাননীয় শিক্ষক মন্ডলী। আপনারা যদি আন্তরিকতা এবং নিষ্ঠার সাথে নিজ দায়িত্ব পালন করতে না পারেন তাহলে আপনারা শুধু নিজেদেরকে বঞ্চিত করছেন না, আগামীর প্রজন্ম যারা বাংলাদেশের নেতৃত্ব দেবে তাদেরকে একটি বন্ধ্যাত্বের দিকে নিয়ে যাওয়া হবে।”

তিনি উল্লেখ করেন, “একটি আত্মনির্ভর, সমৃদ্ধিশালী এবং প্রগতিশীল বাংলাদেশ যদি আমরা বিনির্মাণ করতে চাই, তাহলে অবশ্যই আমাদের আগামী প্রজন্মকে শুধু শিক্ষিত না তার পাশাপাশি আমাদেরকে আলোকিত মানুষ হিসেবে গড়ে তুলতে হবে। এই শিক্ষাটা শুরু হবে কিন্তু একদম প্রাইমারি লেভেল থেকে।” সেজন্য প্রাইমারি শিক্ষা ব্যবস্থাকে যারা দেখাশোনা করছেন তাদেরকে অত্যন্ত দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে।

আরও পড়ুন: সরকারি চাকরিজীবীদের ভাতা নির্ধারণ হবে ৩০ জুন ২০২৬ তারিখে

মতবিনিময় সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন চট্টগ্রাম-৮ আসনের সংসদ সদস্য আলহাজ এরশাদ উল্লাহ, চট্টগ্রাম-৯ আসনের সংসদ সদস্য আলহাজ আবু সুফিয়ান, চট্টগ্রাম-১০ আসনের সংসদ সদস্য সাঈদ আল নোমান, চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মোহাম্মদ জিয়াউদ্দীন, কারিগরি শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রকৌশলী মো. রুহুল আমিন, বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ডের চেয়ারম্যান প্রফেসর খোন্দকার মোহাম্মদ সাদেকুর রহমান, চট্টগ্রামের জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিঞা ও চট্টগ্রাম কলেজের অধ্যক্ষ মোজাহিদুল ইসলাম চৌধুরী প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

আওয়ামী লীগের বিচার না হলে সরকার ৫ বছরও টিকবে না: নাহিদ

আন্তর্জাতিক ডেস্ক

অনলাইন ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


আওয়ামী লীগের বিচার না হলে সরকার ৫ বছরও টিকবে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, বিএনপি সরকার পাঁচ বছরও টিকতে পারবে না, যদি না আওয়ামী লীগ আমলের সব অপরাধের বিচার করা হয়।

তিনি মঙ্গলবার (২৩ জুন) রাজধানীর বিজয়নগরে ১১ দলীয় ঐক্যের সমাবেশে এই মন্তব্য করেন। এ সমাবেশের আয়োজন করা হয় আওয়ামী লীগ আমলে সংগঠিত সকল গুম, খুন, গণহত্যা ও দুর্নীতির দ্রুত বিচার দাবিতে।

নাহিদ ইসলাম আরও বলেন, নতুন সরকার ক্ষমতায় আসার পর থেকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইবুনালের কাজে ধীরগতি লক্ষ্য করা যাচ্ছে। আওয়ামী লীগ গণহত্যার দায়ে এবং বিএনপি সংস্কার না করার দায়ে, দুই পক্ষই জনগণের কাঠগড়ায় দাঁড়িয়েছে।

তিনি আবারও উল্লেখ করেন, আওয়ামী লীগ আমলে হওয়া সকল গণহত্যার বিচার করা না হলে এই সরকার পাঁচ বছর ক্ষমতায় থাকতে পারবে না।

এদিকে, বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মামুনুল হক বক্তৃতায় বলেন, বিগত ১৭ বছর ধরে আওয়ামী লীগ দেশে অনেক গুম, খুন ও দুর্নীতি করেছে। তিনি জানান, বিএনপি যদি এসবের বিচার করতে ব্যর্থ হয়, তবে ১১ দলীয় ঐক্য নতুন সরকার গঠন করে আওয়ামী লীগ আমলে সংগঠিত সব অপরাধের বিচার করবে।

এসময় তিনি দেশের জনগণকে আশ্বস্ত করেন যে, প্রয়োজনে জীবন দিয়ে ফ্যাসিবাদের পুনরুত্থান ঠেকাবে।

জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারি জেনারেল হামিদুর রহমান আজাদ মন্তব্য করেন যে, বিচারহীনতার সংস্কৃতি বিলোপে আরেকটি বিপ্লব অনিবার্য হয়ে দাঁড়িয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:১৮ পি.এম


দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি

দেশে গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে আরও ১২১ জন হাসপাতালে ভর্তি হয়েছেন।

মঙ্গলবার স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ইমার্জেন্সি অপারেশন সেন্টার ও কন্ট্রোলরুম থেকে পাঠানো ডেঙ্গু বিষয়ক এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়েছে, গত ২৪ ঘণ্টায় ডেঙ্গু আক্রান্ত হয়ে হাসপাতালে ভর্তি রোগীদের মধ্যে বরিশাল বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ৪১ জন, চট্টগ্রাম বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১৭ জন, ঢাকা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১০ জন, ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে ১৭ জন, ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনে ১৬ জন, খুলনা বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) ১২ জন এবং রাজশাহী বিভাগে (সিটি কর্পোরেশনের বাইরে) আটজন রয়েছেন।

এই সময়ে ১০৮ জন ডেঙ্গু রোগী হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন। এ নিয়ে চলতি বছর এ পর্যন্ত হাসপাতাল থেকে ছাড়পত্র পেয়েছেন ৪ হাজার ৮০০ জন।

চলতি বছরে এ পর্যন্ত ডেঙ্গু আক্রান্ত হয়েছেন ৫ হাজার ১৬০ জন। এর মধ্যে ৬২ দশমিক ৫ শতাংশ পুরুষ ও ৩৭ দশমিক ৫ শতাংশ নারী রয়েছেন। ডেঙ্গুতে এই বছর ১০ জনের মৃত্যু হয়েছে।

২০২৫ সালের ১ জানুয়ারি থেকে ৩১ ডিসেম্বর পর্যন্ত মোট ডেঙ্গু আক্রান্ত হয়েছে ১ লাখ ২ হাজার ৮৬১ জন এবং ডেঙ্গুতে মোট ৪১৩ জনের মৃত্যু ঘটেছে। ২০২৪ সালে মোট ডেঙ্গু আক্রান্ত হয় ১ লাখ ১ হাজার ২১৪ জন এবং ডেঙ্গুতে মোট ৫৭৫ জনের মৃত্যু হয়েছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের সেবা রোগীবান্ধব, জবাবদিহিতা বৃদ্ধি ও মানসম্মত করার তাগিদ

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:২০ পি.এম


চট্টগ্রামে বেসরকারি হাসপাতালের সেবা রোগীবান্ধব, জবাবদিহিতা বৃদ্ধি ও মানসম্মত করার তাগিদ

‘চট্টগ্রামে বেসরকারি হাসপাতাল এবং ডায়াগনস্টিক সেন্টারসমূহের কার্যক্রম আরও গতিশীল করা প্রয়োজন। হাসপাতালের সেবা রোগীবান্ধব হতে হবে এবং মানসম্মত সেবা নিশ্চিত করতে হবে। স্বাস্থ্য খাতের বিদ্যমান সমস্যা নিরসন করা এবং সদস্যদের স্বার্থ সংরক্ষণ করা এখন সময়ের দাবি। একইসঙ্গে স্বাস্থ্যসেবার মানোন্নয়ন ও রোগীদের আস্থা অর্জনে বেসরকারি সেবাকেন্দ্রগুলোর মধ্যে সমন্বয়, জবাবদিহিতা এবং পারস্পরিক সহযোগিতা আরও জোরদার করতে হবে।’

মঙ্গলবার বিকেল চারটেয় চট্টগ্রাম প্রাইভেট হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিকস ওনার্স অ্যাসোসিয়েশনের সভায় বক্তারা এ তথ্য বলেন।

সভায় সংগঠনের সভাপতি ডা. একেএম ফজলুল হক সভাপতিত্ব করেন। সভায় আরও উপস্থিত ছিলেন সংগঠনের সহ-সভাপতি ডা. এটিএম রেজাউল করিম, অর্থ সম্পাদক ডা. মোহাম্মদ ইউসুফ, সহ-সভাপতি ইঞ্জিনিয়ার এস এম লোকমান কবির, সেভরণ ক্লিনিক্যাল ল্যাবের ম্যানেজার পুলক পারিয়াল, ন্যাশনাল হাসপাতালের পরিচালক ডা. আনোয়ার, সংগঠনের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সালাউদ্দিন আলী, সাজিনাজ হাসপাতালের পরিচালক হাসান মাহমুদ চৌধুরী, আল-আমিন হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. ইউসুফ চৌধুরী, সিএসসিআর হাসপাতালের পরিচালক মো. আজিজুর রহিম, সিএসটিসি হাসপাতালের রাজিব দে, রয়েল হাসপাতালের পরিচালক ডা. মো. জাহিদুল আলম, পিপলস হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর সুভাস কুমার সূত্রধর, সংগঠনের অফিস সম্পাদক শহিদুল্লাহ আনসারি, সার্জিকেয়ার হাসপাতাল লিমিটেডের ডা. কেএম হোসান কাউসার, পপুলার ডায়াগনস্টিক সেন্টারের ম্যানেজার বেলাল হোসেন, বেস্ট ফিজিওথেরাপি হাসপাতালের ম্যানেজিং ডিরেক্টর মো. আকতার হোসেন প্রমুখ।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মাদারীপুরে জাতীয় ফল মেলার উদ্বোধন

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

মঙ্গলবার, ২৩শে জুন, ২০২৬ ইং

০৭:২২ পি.এম


মাদারীপুরে জাতীয় ফল মেলার উদ্বোধন

“করব মোরা ফল চাষ, সংরক্ষণ করব বারো মাস” এই প্রতিপাদ্যকে সামনে রেখে মাদারীপুরে তিন দিনব্যাপী জাতীয় ফল মেলা-২০২৬ এর উদ্বোধন করা হয়।

মঙ্গলবার (২৩ জুন) বিকেল বেলা জেলা কৃষি সম্প্রসারণ অধিদফতরের আয়োজনে মাদারীপুরে সমন্বিত সরকারি অফিস ভবন প্রাঙ্গণে এই মেলার উদ্বোধন করা হয়।

মাদারীপুর কৃষি সম্প্রসারণ অধিদফতরের উপপরিচালক কৃষিবিদ ড. রহিমা খাতুন সভাপতিত্ব করেন উদ্বোধনী অনুষ্ঠানে, যেখানে প্রধান অতিথি ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মর্জিনা আক্তার।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) মোছা. জেসমিন আকতার বানু, মাদারীপুর হর্টিকালচার সেন্টারের উপপরিচালক কৃষিবিদ আশুতোষ কুমার বিশ্বাস এবং সদর উপজেলা কৃষি কর্মকর্তা দীপ্তি রানী সরকার। এছাড়াও, অনুষ্ঠানে বিভিন্ন সরকারি দফতরের কর্মকর্তা, কৃষি বিভাগের কর্মচারী, কৃষক এবং দর্শনার্থীরা অংশগ্রহণ করেন।

আলোচনা সভায় বক্তারা দেশীয় ফলের উৎপাদন বৃদ্ধি, আধুনিক সংরক্ষণ প্রযুক্তির ব্যবহার এবং পুষ্টি নিরাপত্তা নিশ্চিত করতে ফল চাষ সম্প্রসারণের ওপর গুরুত্বারোপ করেন। বক্তারা উল্লেখ করেন, ফল চাষ কৃষকের আয় বৃদ্ধি, কর্মসংস্থান সৃষ্টি এবং দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখছে।

উদ্বোধনের পূর্বে জেলা প্রশাসক মর্জিনা আক্তারসহ অন্যান্য অতিথিরা মেলার বিভিন্ন স্টল পরিদর্শন করেন। তারা দেশীয় ও মৌসুমি বিভিন্ন ফলের প্রদর্শনী ঘুরে দেখেন এবং অংশগ্রহণকারী কৃষক ও উদ্যোক্তাদের সঙ্গে মতবিনিময় করেন।

আয়োজকরা জানায়, জাতীয় ফল মেলা-২০২৬ ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চলবে। এই মেলায় সরকারি ও বেসরকারি প্রতিষ্ঠান, নার্সারি মালিক এবং কৃষকরা বিভিন্ন জাতের ফল ও ফলভিত্তিক পণ্য প্রদর্শন করছেন।

ফল উৎপাদনে কৃষকদের উৎসাহিত করা, পুষ্টি বিষয়ে জনসচেতনতা বৃদ্ধি এবং দেশীয় ফলের জনপ্রিয়তা বাড়ানোর লক্ষ্যেই এ মেলার আয়োজন করা হয়েছে বলে জানান সংশ্লিষ্টরা।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৮ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪২
জোহর ১১:৪৪
আসর ০৩:৫২
মাগরিব ০৫:২৯
ইশা ০৬:৪০
সূর্যোদয় : ০৫:৫৭ সূর্যাস্ত : ০৫:২৯
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%