ঢাকা রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৯ই কার্তিক, ১৪৩৩বঙ্গাব্দ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ২৫শে অক্টোবর, ২০২৬ইং ০৯ই কার্তিক, ১৪৩৩বাং

সিরাজগঞ্জ মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২


সিরাজগঞ্জ মানসিক প্রতিবন্ধী শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামিকে গ্রেফতার করেছে র‍্যাব-১২

সিরাজগঞ্জে অভিযান চালিয়ে মানসিক প্রতিবন্ধি শিশুকে ধর্ষণ মামলার প্রধান আসামী মো: শান্ত (২৫) কে গ্রেপ্তার করেছে র‍্যাব-১২।
বুধবার (৩ জুন ) সকালে জেলার নলকা এলাকার সৈয়দ স্পিনিং মিল এর সামনে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামি জেলার রায়গঞ্জ থানার লক্ষিখোলা গ্রামের মো: বেলাল হোসেনের ছেলে।

এক প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করেছেন, র‍্যাব-১২ কোম্পানি কমান্ডার তাবরীজ তাজওয়ার শরীফ। তিনি জানান, গত ২৬ এপ্রিল সকাল ভিকটিম শিশুটি প্রতিদিনের ন্যায় বিদ্যালয়ে যাওয়ার পথে একই এলাকার আসামি মো. শান্ত ভিকটিমকে ফুসলিয়ে ও টাকার প্রলোভন দেখিয়ে আসামির নিজ বসতবাড়ীতে নিয়ে যায়। বসত বাড়িতে কেউ না থাকার সুযোগে ভিকটিম এর ইচ্ছার বিরুদ্ধে জোর পূর্বক ধর্ষণ করে।

এরই ধারাবাধিকতায় গত ০৩ মে ভিকটিমের পিতা মো. শান্তকে আসামি করে জেলার রায়গঞ্জ থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি ধর্ষণ মামলা দায়ের করেন। উক্ত ঘটনার পর থেকেই আসামি পলাতক থাকে। তথ্য প্রযুক্তির সহায়তায় আসামিকে গ্রেপ্তার করা হয়। গ্রেফতারকৃত আসামিকে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য রায়গঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে।

আরও পড়ুন: শেরপুরে লাভের প্রলোভন দিয়ে ২৫ কোটি টাকা আত্মসাৎ প্রতারক গ্রেপ্তার হয়েছে,

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কাফনের কাপড় ও চিরকুট, বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৩:৫৪ পি.এম


কাফনের কাপড় ও চিরকুট, বিএনপি নেতাকে প্রাণনাশের হুমকি

মেহেরপুর সদর উপজেলার পিরোজপুর ইউনিয়নের বলিয়ারপুর গ্রামে ইউনিয়ন বিএনপির সাবেক সাধারণ সম্পাদক লস্কর আলীর বাড়ি থেকে পুলিশ কাফনের কাপড়, আগরবাতি, গোলাপজলের বোতল এবং একটি চিরকুট উদ্ধার করেছে।

আজ বুধবার (৩ জুন) সকালে, বাড়ির প্রাচীরের উপরে এসব দেখতে পেয়ে লস্কর আলী মেহেরপুর থানা পুলিশকে খবর দেন।

লস্কর আলী জানান, সকালে বাড়ির প্রাচিরের ওপর একটি পলিথিন ব্যাগে কাফনের কাপড়, আগরবাতির প্যাকেট, গোলাপজলের বোতল এবং জীবননাশের হুমকি দিয়ে একটি চিরকুট রেখে যায় দুর্বৃত্তরা। পরে তিনি বলিয়ারপুর পুলিশ ক্যাম্পে খবর দিলে সেখানকার পুলিশ সদস্যরা এসে সেগুলো উদ্ধার করে নিয়ে যায়।

মেহেরপুর সদর থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হুমায়ুন কবির জানান, খবর পেয়ে বলিয়ারপুর ক্যাম্প পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে কাফনের কাপড়সহ অন্যান্য সামগ্রী উদ্ধার করেছে। ঘটনাটি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে এবং জড়িতদের শনাক্ত ও গ্রেফতারের চেষ্টা চলছে। ঘটনার প্রকৃত কারণ উদঘাটনে পুলিশ তদন্ত অব্যাহত রেখেছে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ডিসি, এসপি পরিচয়দানকারী বিশিষ্ট আঞ্চলিক প্রতারক মোট ০৪ টি মোবাইল ও ৩৮ টি সিম কার্ড সহ গ্রেফতার

আন্তর্জাতিক ডেস্ক

নওগাঁ জেলা প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৩:৫৬ পি.এম


ডিসি, এসপি পরিচয়দানকারী বিশিষ্ট আঞ্চলিক প্রতারক মোট ০৪ টি মোবাইল ও ৩৮ টি সিম কার্ড সহ গ্রেফতার

ইং ২৫/০৫/২০২৬ তারিখ অজ্ঞাতনামা ব্যক্তি নিজেকে সরকারী উর্ধ্বতন কর্মকর্তা পরিচয় দিয়ে একজন হোমিও ঔষধের ব্যবসায়ীর কাছে মোবাইল ও হোয়াটস অ্যাপের মাধ্যমে ফোন দিয়ে বলে যে, “আপনার ঔষধ সেবন করে একজন শিশু মারা গিয়েছে| ৫,০০,০০০/-(পাঁচ লক্ষ) টাকা না দিলে আপনার নামে এখন মামলা হবে”| উক্ত ঔষধের দোকানদার মামলা মোকদ্দমার ভয়ে অজ্ঞাতনামা ব্যক্তির নগদ নাম্বারে ২০,৩০০/-(বিশ হাজার তিন শত) টাকা প্রেরণ করে|

একই অজ্ঞাতনামা ব্যক্তি মোবাইল ফোন ও হোয়াটস অ্যাপ ব্যবহার করে ইং ৩০/০৫/২০২৬ তারিখ নিজেকে সিআইডির এসপি জাহিদ পরিচয় দিয়ে অপর একজন বিকাশ ও নগদ ব্যবসায়ীকে ফোন এবং মেসেজ দিয়ে বলে যে, “আপনার দোকান থেকে অনলাইন জুয়ার লেনদেন করা হয়”। অজ্ঞাতনামা ব্যক্তিকে ৪০,০০০/- টাকা দিতে হবে| টাকা না দিলে তার নামে মামলা হবে|

এই ধরনের প্রতারণার অভিযোগ পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম প্রাপ্তির পর তিনি জেলা গোয়েন্দা শাখা এবং পুলিশ সুপারের আইসিটি শাখা কে দ্রুত ব্যবস্থা গ্রহণের উদ্যোগ নেন। উক্ত অভিযোগের প্রেক্ষিতে তথ্যপ্রযুক্তি বিশ্লেষণ, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ব্যবহার করে জেলা গোয়েন্দা শাখা(ডিবি), নওগাঁর একটি চৌকস টীমকে দ্রুত গ্রেফতার অভিযানে প্রেরণ করা হয়।

অভিযানিক টীম অভিযান পরিচালনা করিয়া প্রতারক মোঃ নাইম হোসেন(২৮), পিতা- বাবু, সাং- নামা পোওতা, থানা- আদমদিঘী, জেলা- বগুড়াকে, গতকাল রাতে সান্তাহার থেকে গ্রেপ্তার করা হয়। উল্লেখ্য যে, গ্রেফতারকালে তার নিকট হইতে প্রতারনার কাজে ব্যবহৃত ০৪ টি মোবাইল ফোন ০৩ টি সিম কার্ড সহ বিভিন্ন কোম্পানির মোট ৩৮ টি সিম কার্ড জব্দ করা হয়|
প্রতারককে পুলিশ সুপারের কার্যালয়ে জিজ্ঞাসাবাদে জানা যায় যে সে বেশ কিছুদিন যাবৎ প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তার পরিচয় বিশেষ করে নিজেকে পুলিশ সুপার কখনো ওসি অথবা কখনো ডিসির পরিচয় দিয়ে অথবা কখনো বড় রাজনৈতিক নেতার পরিচয় দিয়ে সাধারণ মানুষের সাথে প্রতারণা করতো। সাংবাদিকসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ তার দ্বারা প্রতারণার শিকার হয়েছে। সে বেশ কিছুদিন যাবৎ প্রতারণার ব্যবসা চালিয়ে যাচ্ছে। উক্ত বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন|

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

কুবিতে পূর্ণাঙ্গ আবাসন সুবিধা না থাকায় ভোগান্তি বেশি নারী শিক্ষার্থীদের

আন্তর্জাতিক ডেস্ক

মো. মাহমুদুল হাছান রোহান, কুবি প্রতিনিধি

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৩:৫৮ পি.এম


কুবিতে পূর্ণাঙ্গ আবাসন সুবিধা না থাকায় ভোগান্তি বেশি নারী শিক্ষার্থীদের

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে দীর্ঘদিনের আবাসন সংকটের সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছেন নারী শিক্ষার্থীরা। পর্যাপ্ত হল সুবিধার অভাবে অনেক ছাত্রীকে ক্যাম্পাসের বাইরে বাসা বা মেসে থাকতে হচ্ছে, যেখানে নিরাপত্তা ঝুঁকি, অতিরিক্ত ব্যয় ও অনুকূল শিক্ষার পরিবেশের অভাব তাদের নিত্যসঙ্গী। প্রতিষ্ঠার দুই দশক পেরিয়ে গেলেও শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধির সঙ্গে তাল মিলিয়ে বাড়েনি আবাসিক সুবিধা। ফলে বিশ্ববিদ্যালয়ের প্রায় ৭৬ শতাংশ শিক্ষার্থী হলের বাইরে থেকে পড়াশোনা চালিয়ে যেতে বাধ্য হচ্ছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, বর্তমানে কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের ১৯টি বিভাগে মোট শিক্ষার্থীর সংখ্যা ৬ হাজার ৪৮৪ জন। বিপরীতে আবাসন সুবিধা রয়েছে মাত্র ১ হাজার ২৩৯টি সিটের, যা মোট শিক্ষার্থীর প্রায় ১৯ দশমিক ১১ শতাংশ। তবে অতিরিক্ত শিক্ষার্থী অবস্থানের কারণে বর্তমানে বিভিন্ন হলে থাকছেন প্রায় ১ হাজার ৫৫৪ জন শিক্ষার্থী, যা মোট শিক্ষার্থীর প্রায় ২৩ দশমিক ৯৭ শতাংশ।

হলভিত্তিক তথ্য অনুযায়ী, কাজী নজরুল ইসলাম হলে ১৮০টি সিটের বিপরীতে ২১০ জন, বিজয় ২৪ হলে ৪৬০টি সিটের বিপরীতে ৫২০ জন, শহীদ ধীরেন্দ্রনাথ দত্ত হলে ১৪৬টি সিটের বিপরীতে ১৭০ জন, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলে ১৯৭টি সিটের বিপরীতে ২৯৬ জন এবং সুনীতি-শান্তি হলে ২৫৬টি সিটের বিপরীতে ৩৬৬ জন শিক্ষার্থী অবস্থান করছেন। অতিরিক্ত শিক্ষার্থী থাকায় প্রায় সব হলেই ডাবলিংসহ নানা সংকটে থাকতে হচ্ছে শিক্ষার্থীদের।

জুলাই গণ-অভ্যুত্থানের পর বিশ্ববিদ্যালয় প্রশাসন গণরুম ব্যবস্থা বিলুপ্ত করলেও আবাসন সংকট পুরোপুরি কাটেনি। পর্যাপ্ত আবাসিক সুবিধার অভাবে অনেক শিক্ষার্থীকে এখনো একটি সিটে দুজন করে থাকতে হচ্ছে। ফলে হলে অবস্থানরত শিক্ষার্থীরা পড়াশোনা, বিশ্রাম এবং স্বাভাবিক জীবনযাপনে নানা ধরনের সমস্যার মুখোমুখি হচ্ছেন।

বিশ্ববিদ্যালয়ের দুই ছাত্রী হলের চিত্র আরও উদ্বেগজনক। তথ্য অনুযায়ী, নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হল ও সুনীতি-শান্তি হলে আসনসংখ্যার তুলনায় কয়েকশ শিক্ষার্থী বেশি অবস্থান করছেন। ফলে নারী শিক্ষার্থীদের একটি বড় অংশকে বাইরে বাসা বা মেসে থাকতে হচ্ছে।

সুনীতি-শান্তি হলের আবাসিক শিক্ষার্থী সুমাইয়া আক্তার বলেন, “হলে দুইজন শিক্ষার্থীর জন্য মাত্র একটি চেয়ার, একটি টেবিল ও একটি বেড বরাদ্দ রয়েছে। মূলত এসব সুবিধা একজন শিক্ষার্থীর জন্যই উপযুক্ত। একজন পড়তে বসলে অন্যজনের পড়াশোনায় সমস্যা হয়। এছাড়া সিনিয়র-জুনিয়র মিলে একটি বেড শেয়ার করে থাকতে হয়। একজন এক সপ্তাহ বেডে থাকলে অন্যজনকে পরের সপ্তাহে ফ্লোরে থাকতে হয়।”

তিনি আরও বলেন, “একজনের নির্ধারিত জায়গায় দুইজনের জিনিসপত্র রাখতে হয়। এমনকি একটি লকারও দুইজন মিলে ব্যবহার করতে হচ্ছে।”

অর্থনীতি বিভাগের ২০২৩-২৪ শিক্ষাবর্ষের শিক্ষার্থী সালমা আক্তার বলেন, “পাবলিক বিশ্ববিদ্যালয়ে বেশিরভাগ ক্ষেত্রে মধ্যবিত্ত পরিবারের সন্তানরাই পড়ালেখা করতে আসে। তারা যদি প্রথম বর্ষ থেকেই সিট পায় তাহলে বেশি সুবিধা হয়। পর্যাপ্ত আবাসন সুবিধা না থাকায় অনেক ছাত্রীকে বাইরে বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে। এতে খরচ যেমন বাড়ছে, তেমনি নিরাপত্তা ও পড়াশোনার পরিবেশ নিয়েও দুশ্চিন্তায় থাকতে হয়।”

তথ্য অনুযায়ী, মোট ৬ হাজার ৪৮৪ জন শিক্ষার্থীর মধ্যে আবাসিক হলে থাকার সুযোগ পাচ্ছেন মাত্র ১ হাজার ৫৫৪ জন। ফলে প্রায় ৪ হাজার ৯৩০ জন শিক্ষার্থী কোনো ধরনের আবাসন সুবিধার আওতায় নেই। অর্থাৎ প্রতি চারজন শিক্ষার্থীর মধ্যে প্রায় তিনজনকেই শহর কিংবা আশপাশের এলাকায় মেস বা বাসা ভাড়া নিয়ে থাকতে হচ্ছে।

আবাসন সংকটের কারণে শিক্ষার্থীদের বাড়তি ভোগান্তির পাশাপাশি বাড়ছে আর্থিক চাপও। বাইরে থাকা শিক্ষার্থীদের নিরাপত্তা, যাতায়াত এবং পড়াশোনার পরিবেশ নিয়েও রয়েছে উদ্বেগ।

বিজয় ২৪ হলের আবাসিক শিক্ষার্থী মো. রাকিব হাসান বলেন, “হলে থাকলেও স্বস্তিতে থাকার সুযোগ খুব কম। একটি রুমে নির্ধারিত সংখ্যার চেয়ে বেশি শিক্ষার্থী থাকায় পড়াশোনার পরিবেশ ব্যাহত হয়। ব্যক্তিগত জায়গাও পাওয়া যায় না। তারপরও ক্যাম্পাসের ভেতরে থাকতে পারছি বলেই কিছুটা সুবিধা হয়।”

কাজী নজরুল ইসলাম হলের আবাসিক শিক্ষার্থী মোহাম্মদ রাহিম বলেন, “আমরা হলে থাকার সুযোগ পেলেও বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষার্থী আবাসন সুবিধা থেকে বঞ্চিত হচ্ছেন। বিশ্ববিদ্যালয় যেহেতু সব শিক্ষার্থীকে হলে থাকার ব্যবস্থা করে দিতে পারছে না, তাই সরকার বা বিশ্ববিদ্যালয় প্রশাসন চাইলে আবাসিক ভাতা কিংবা কিছু ভর্তুকির ব্যবস্থা করতে পারে। এতে শিক্ষার্থীদের ভোগান্তি ও আর্থিক চাপ কিছুটা হলেও কমবে।”

এদিকে বিশ্ববিদ্যালয়ের নির্মাণাধীন ২০০ একরের নতুন ক্যাম্পাসে শিক্ষার্থীদের জন্য ১০ তলাবিশিষ্ট চারটি আবাসিক হল নির্মাণের কাজ চলমান রয়েছে। নতুন হলগুলোর কাজ সম্পন্ন হলে আরও ৪ হাজার ২০৬টি আসন বৃদ্ধি পাবে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয়ের প্রকৌশল দপ্তর। তবে প্রকল্পের কাজ সম্পন্ন করতে আরও ২৪১ কোটি টাকা প্রয়োজন বলে জানা গেছে। সংশ্লিষ্টদের অভিযোগ, অর্থ ছাড়ে জটিলতার কারণে নতুন ক্যাম্পাসের কাজ ধীরগতিতে এগোচ্ছে।

কাজী নজরুল ইসলাম হলের প্রভোস্ট ও ইংরেজি বিভাগের সহযোগী অধ্যাপক মো. হারুন বলেন, “বর্তমান আবাসন সংকট নতুন ক্যাম্পাস চালু হলে অনেকটাই কমে যাবে। সেখানে পর্যাপ্ত সিটের ব্যবস্থা থাকবে। আপাতত কিছুটা সংকট লাঘবের জন্য অতিরিক্ত শিক্ষার্থীকে হলে রাখার ব্যবস্থা করা হচ্ছে। দীর্ঘমেয়াদে বড় পরিসরে আবাসিক হল নির্মাণের বিকল্প নেই।”

নারী শিক্ষার্থীদের আবাসন সংকট প্রসঙ্গে নবাব ফয়জুন্নেসা চৌধুরানী হলের প্রভোস্ট ড. সুমাইয়া আফরিন সানি বলেন, “আমাদের হলে ১৮০টি সিট থাকলেও বর্তমানে প্রায় ২৯৬ জন শিক্ষার্থী অবস্থান করছেন। ফলে অনেক সিটে ডাবলিং করে থাকতে হচ্ছে। একজন শিক্ষক হিসেবে আমি চাই, শিক্ষার্থীদের জন্য শতভাগ আবাসন ব্যবস্থা নিশ্চিত করা হোক।”

এ বিষয়ে উপাচার্য অধ্যাপক ড. এম এম শরিফুল করিম বলেন, “আমাদের নতুন ক্যাম্পাসের কাজ প্রায় শেষের দিকে। আর এক বছর মতো সময় লাগতে পারে। নতুন ক্যাম্পাসের কাজ শেষ হলেই আবাসন সংকট অনেকাংশে দূর হবে।”

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মিত্র হিজবুল্লাহ'র লেবানন, গাজা'কে বিপদে রেখে শান্তি আলোচনায় ইরান?

আন্তর্জাতিক ডেস্ক

এম এ সাঈদ

বুধবার, ৩ই জুন, ২০২৬ ইং

০৪:০৪ পি.এম


মিত্র হিজবুল্লাহ

পশ্চিমা শক্তির গোলামী করতে গিয়ে মধ্যপ্রাচ্যের মুসলিম রাষ্ট্রগুলো তাদের নিজেদের মুসলিম নামের ঐতিহ্য হারিয়ে ফেলেছে এ কথা আজকে বলা খুব বেশি বলা হবে না। কারণ মার্কিন যুক্তরাষ্ট্রের সাথে ইসরাইলের যৌথ হামলায় ইরানের স্কুলের কোমলমতি শিশুরা যখন রক্তাক্ত হয়ে নিহত হয়, শত শত ইরানি যখন নিহত হয়, যখন ফিলিস্তিনে যুগের পর যুগ অসংখ্য নারী-পুরুষ শিশু ধ্বংসস্ত স্তুপের নিচে চাপা পড়ে মারা যায় বিশেষ করে বিগত কয়েক মাসে ৭০ হাজারের বেশি ফিলিস্তিনি নারী ও শিশু ধ্বংসস্তুপ এর নিচে চাপা পড়ে মারা যায়, কিংবা যখন ইরান ধ্বংসস্তূপে পরিণত হয় তখন মক্কা, মদিনার মত পবিত্র স্থানগুলোকে বুকে ধারণকারী এবং সংলগ্ন সৌভাগ্যবান আরবের মুসলিম রাষ্ট্রগুলো তার বিরুদ্ধে শুধু চুপ করেই থাকেনি বরং নির্যাতিত ফিলিস্তিনি, ইরানি কিংবা লেবানিজদের পক্ষে কথা বলা কিংবা ব্যবস্থা নেওয়া তো দূরের কথা বরং তারা এসব রাষ্ট্র ধ্বংসের জন্য মুসলিম বিশ্বের প্রকাশ্য দুশমন ইজরায়েল ও আমেরিকা সহ বিধর্মী পশ্চিমা শক্তিগুলোকে নিজেদের মাটিতে জায়গা দিয়ে সামরিক ঘাঁটি দিয়ে সাহায্য করছে যাতে তারা মুসলিম বিশ্বের উদীয়মান সাহসী শক্তিগুলোকে ধ্বংস করে দেয়। শুধু তাই নয়, ইরানকে ধ্বংস করার জন্য মার্কিন যুক্তরাষ্ট্র ও ইসরাইলের পাশাপাশি কিছু আরব দেশও ইরানের বিরুদ্ধে হামলায় অংশ নেয়।

এমন সময় গোটা মুসলিম বিশ্বের পক্ষে পতাকা হাতে নিয়ে একাই বুক চিতিয়ে খালিদ বিন ওয়ালিদ এর মত, সাহাবী হানজালার মত, হযরত ওমর(রাঃ) কিংবা হযরত আলী(রাঃ)'র মত সাহস ও শক্তি নিয়ে প্রতিরোধশক্তিতে জেগে ওঠা একটি মুসলিম রাষ্ট্রের নাম হল ইরান। যাকে এই মুহূর্তে পশ্চিমা সমগ্র সামরিক শক্তির বিরুদ্ধে ভয়ংকর প্রতিরোধশক্তি ও সক্ষমতার কারণে গোটা মুসলিম বিশ্ব এই ইরানকে মুসলিম বিশ্বের প্রতিরোধ শক্তির একটি বিস্ময়কর ও আল্লাহর সাহায্য প্রাপ্ত রাষ্ট্রের উদাহরণ হিসেবে দেখছে।

কিন্তু যুদ্ধের মাঝে ইরানের কঠোর প্রতিরোধের কারণে কঠিন বিপর্যয়ের মুখে থাকা পশ্চিমাদের  আহ্বানে যুদ্ধ বিরতির নামে থেমে গিয়ে ইরান কি সঠিক কাজ করলো? এমন প্রশ্ন আশা অস্বাভাবিক কিছু নয়। কারণ যে হিজবুল্লাহ ইরানের অক্ষশক্তি হিসেবে দীর্ঘদিনের পরীক্ষিত মিত্র, এবারও তাদের পাশে দাঁড়িয়েছে, সেই হিজবুল্লাহ কিংবা লেবানন ধ্বংসে মরিয়া হয়ে হামলা চালাচ্ছে ইসরায়েল। একের পর এক হিজবুল্লার ঘাটি ধ্বংস করে লেবানন দখলের চেষ্টা করছে, যেভাবে ইহুদিবাদী ইসরাইল ফিলিস্তিনকে ধ্বংস করে ক্রমাগত নিজেদের গ্রেটার ইসরায়েল রাষ্ট্রের স্বপ্ন পূরণে এগিয়ে যাচ্ছে। যুদ্ধের এমন অতি গুরুত্বপূর্ণ সময় যখন ইহুদীবাদী শক্তিকে ধ্বংস করে মুসলিম বিশ্বকে বাঁচানোর পথে একটি শক্ত প্রতিরোধের প্রতীক হিসেবে মাথা তুলে দাঁড়িয়েছে ইরান ঠিক সেই সময় পশ্চিমাদের যুদ্ধ বিরতির কৌশলের ফাঁদে পড়ে চুপ থাকার কারণে ইসরাইল অনবরত লেবানন ও ফিলিস্তিন দখলের মরিয়া চেষ্টা চালিয়ে যাচ্ছে। এই মুহূর্তে ইরানের কি করা উচিত তা ইরানি কর্তৃপক্ষই ভালো জানবে। তবে প্রশ্ন হল, তারা দীর্ঘদিন থেকে যে প্রতিরোধশক্তি হিসেবে পরিচিত মুসলিম মিত্রদের পাশে ছিল, যারা ইরানে ইসরায়েল-আমেরিকার হামলার পর নিজেদের জীবন বাজি রেখে ইরানের পক্ষে যুদ্ধে নামার কারণে আজ ধ্বংসের পথে। সেই হিজবুল্লাহর লেবানন কিংবা চিরকাল নির্যাতিত ফিলিস্তিন পুরোটাই দখলে নেওয়ার জন্য যখন চেষ্টা চালাচ্ছে ইসরাইল তখন যুদ্ধ বিরতি বা আলোচনার নামে কেন ইরান চুপ হয়ে গেল?

কেন ইসরাইলকে থামাতে সর্বশক্তি প্রয়োগ করছে না ইরান? পশ্চিমাদের যুদ্ধ বিরতির কৌশলকে কি তারা অনুমান করতে পারছে?
কারণ যখন যুদ্ধ বিরতি চলছে ঠিক তখনই ইরানের ওই মিত্র শক্তি হিজবুল্লাহ তথা লেবানন এবং নির্যাতিত মুসলিম বিশ্বের উদাহরণ ফিলিস্তিনের গাজা আরো ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে, মারা যাচ্ছে অসংখ্য মানুষ। তখন এই উদীয়মান শক্তির শক্তিমত্তা কেন হঠাৎ থেমে গেল?
যুদ্ধে জয়ের মূহুর্তে ইসরায়েল আমেরিকাকে পরাস্ত না করে বরং তাদের চাপিয়ে দেয়া যুদ্ধ বিরতির নামে চুপ করে থেকে নিজেদের অক্ষমিত্র লেবানন ও ফিলিস্তিনিদের কে রক্ষায় কি ইরান ভূমিকা রাখবে না নাকি তারাও কৌশল করছে মধ্যপ্রাচ্যের নামধারী মুসলিম রাষ্ট্র গুলোর মত? বিশ্বের নির্যাতিত মুসলিমদের মনে এমন প্রশ্ন আসা অস্বাভাবিক কি? যখন পশ্চিমাদের বিরুদ্ধে ইরান প্রতিরোধশক্তিতে সিংহের মতো দাঁড়িয়ে গেছে সেই সময় বিজয়ের পথে হঠাৎ থেমে যাওয়াটা কি বুদ্ধিমানের পরিচয় নাকি ফিলিস্তিন, লেবানন ধ্বংসের নীল নকশা-সমালোচকদের মনে এমন প্রশ্নের উদ্রেক হওয়াটা অস্বাভাবিক হবে কি?

মধ্যপ্রাচ্যের রাজনীতিতে গত দুই দশক ধরে একটি নাম বারবার উচ্চারিত হয়েছে—ইরান। ফিলিস্তিনি প্রতিরোধ সংগ্রাম, লেবাননের হিজবুল্লাহর মিত্র, পশ্চিমা আধিপত্যবিরোধী অবস্থান এবং ইসরাইলবিরোধী রাজনৈতিক বক্তব্যের কারণে তেহরান নিজেকে মুসলিম বিশ্বের প্রতিরোধের অন্যতম প্রধান কেন্দ্র হিসেবে প্রতিষ্ঠিত করার চেষ্টা করছে এবং অন্য মুসলিম রাষ্ট্রগুলো কিছু না করলেও ইরান সেই হিসেবে অনেক কিছু করে গেছে, এটা অস্বীকার করার কোন উপায় নেই। কিন্তু ইরানকে সহায়তাকারী হওয়ায় এই মুহূর্তে ইতিহাসের সবচেয়ে কঠিন পরীক্ষায় পড়া হিজবুল্লার লেবানন যখন আগ্রাসী শক্তির আক্রমণের শিকার এবং বিপদগ্রস্ত কিংবা ফিলিস্তিনের গাজা যখন ক্রমাগত ভূখণ্ড হারাচ্ছে তখন ইরানের মিত্রতার সেই বাস্তবতা এখন কি প্রশ্নের মুখে পড়েছে?

আজ সেই পরীক্ষার মুখোমুখি ইরান?

গাজা ধ্বংসস্তূপে পরিণত হচ্ছে। হাজার হাজার মানুষ বাস্তুচ্যুত। ফিলিস্তিনের স্বাধীনতাকামী জনগণ অসম শক্তির বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে। অন্যদিকে লেবানন ক্রমাগত সামরিক ও রাজনৈতিক চাপের মুখে। হিজবুল্লাহ, যাকে বহু বছর ধরে ইরানের সবচেয়ে ঘনিষ্ঠ আঞ্চলিক মিত্র হিসেবে দেখা হয়েছে, তার ভবিষ্যৎ নিয়েও নানা প্রশ্ন তৈরি হয়েছে।
কিন্তু এই পরিস্থিতিতে সবচেয়ে বেশি আলোচিত বিষয় হচ্ছে, ইসরাইলের বর্বরতা কিংবা মুসলিম বিশ্ব ধ্বংসের কর্মকাণ্ড নয়; বরং ইসরাইল কর্তৃক হিজবুল্লাহ কিংবা লেবানন ধ্বংসের, অন্যদিকে ফিলিস্তিনের ভূখণ্ড হারানোর মুহূর্তে ইরানের চুপ করে থাকা অবস্থান।

সাম্প্রতিক সংঘাতগুলোতে ইরান দেখিয়েছে যে তারা কোনো দুর্বল রাষ্ট্র নয়। কঠোর নিষেধাজ্ঞা, আন্তর্জাতিক চাপ এবং সামরিক হুমকির মধ্যেও তারা নিজেদের প্রতিরক্ষা সক্ষমতা ধরে রেখেছে। শুধু তাই নয়, দশকের পর দশক ধরে বিশ্ব শাসন করা পরাশক্তি শাসক গোষ্ঠীকে একক রাষ্ট্র হিসেবে ইরান যেভাবে প্রতিরোধ করার সক্ষমতা দেখিয়েছে তা অকল্পনীয়। এর মধ্য দিয়ে মুসলিম বিশ্বের একটি বড় অংশের মধ্যে ধারণা জন্মেছে যে, ইরান এখন মুসলিম বিশ্বের আঞ্চলিক শক্তির ভারসাম্যে রক্ষায় গুরুত্বপূর্ণ রাষ্ট্র হিসাবে ভূমিকা পালন করতে সক্ষম।
কিন্তু যদি সেই সক্ষমতা বাস্তব হয়, তাহলে প্রশ্নও বাস্তব-এখন কি সেই শক্তি হারিয়ে ফেলেছে?

যে হিজবুল্লাহ বহু বছর ধরে ইরানের কৌশলগত মিত্র হিসেবে পরিচিত, তাদের সবচেয়ে সংকটময় সময়ে তেহরানের দৃশ্যমান ভূমিকা কোথায়-ইরান তাদের রক্ষা করতে অগ্রসর হওয়ার পরিবর্তে পশ্চিমাদের আলোচনার টেবিলে কেন? যে ফিলিস্তিনের পক্ষে দাঁড়ানোর দাবিতে ইরানকে অসংখ্য বক্তব্য দিতে দেখা গেছে, সেই ফিলিস্তিন যখন অস্তিত্বের লড়াই করছে, তখন সেই সমর্থনে ইরানের কার্যকর রূপ কোথায়?

ইরানের সমর্থকেরা বলবেন, রাষ্ট্র পরিচালনা আবেগ দিয়ে নয়, হিসাব-নিকাশ দিয়ে চলে। তারা বলবেন, প্রত্যক্ষ যুদ্ধ মানেই সমাধান নয়। কিন্তু সমালোচকদের প্রশ্নও কম গুরুত্বপূর্ণ নয়।
যদি প্রতিরোধের নেতৃত্বের দাবি করা হয়, তবে প্রতিরোধের সবচেয়ে কঠিন মুহূর্তে নেতৃত্বের উপস্থিতিও দৃশ্যমান হতে হবে। যদি মিত্রতার কথা বলা হয়, তবে সেই মিত্রতার মূল্যও সংকটের সময় পরিশোধ করতে হয়।

আজ অনেকের মনেই প্রশ্ন জাগছে—কেন ইরান যুদ্ধ জয়ের এমন এক সময়ে পশ্চিমাদের পাতা ফাঁদ যুদ্ধ বিরতি কিংবা অপেক্ষার নীতি অনুসরণ করছে, যখন গাজা ও লেবাননের মানুষ ইরানের আরও দৃশ্যমান সমর্থন প্রত্যাশা করছে? কেন যুদ্ধক্ষেত্রে শক্তির প্রদর্শনের পরিবর্তে কূটনৈতিক মধ্যস্থতা ও সময়ক্ষেপণের পথকে অগ্রাধিকার দেওয়া হচ্ছে? কেন এমন একটি পরিস্থিতি তৈরি হলো, যেখানে ইসরাইলের বিরুদ্ধে দীর্ঘদিনের কঠোর বক্তব্য সত্ত্বেও গাজা ও লেবাননের বাস্তবতা পরিবর্তিত হচ্ছে না?
এই প্রশ্নগুলোর উত্তর হয়তো তেহরানের কাছে আছে। কিন্তু সমস্যাটি হলো, রাজনীতিতে অনেক সময় উত্তর নয়, দৃশ্যমান কর্মকাণ্ডই মানুষের বিশ্বাস নির্ধারণ করে।

গাজার ধ্বংসস্তূপের মধ্যে বসে থাকা কোনো ফিলিস্তিনি শিশু কিংবা সীমান্ত অঞ্চলের আতঙ্কে থাকা কোনো লেবানিজ পরিবারের কাছে বিগত ৪০ দিনের যুদ্ধ অনেক আশার আলো দেখিয়েছিল যে, এবার তারা সেই মধ্যপ্রাচ্যের সিংহের গর্জনের সহায়তায় স্বাধীনভাবে মাথা তুলে বাঁচতে পারবে। ভূ-রাজনৈতিক তত্ত্বের মূল্য খুব কম। তারা দেখতে চায়, যারা বছরের পর বছর তাদের সংগ্রামের পাশে থাকার অঙ্গীকার করেছে, তারা সংকটের সময় কতটা পাশে দাঁড়ায়।

ইতিহাসে মিত্রতা শুধু যৌথ শত্রুর বিরুদ্ধে বক্তব্য দেওয়ার মাধ্যমে টিকে থাকে না; মিত্রতা টিকে থাকে কঠিন সময়ে পারস্পরিক দায়িত্ব পালনের মাধ্যমে। আর সেই কারণেই আজকের মধ্যপ্রাচ্যে সবচেয়ে অস্বস্তিকর প্রশ্নটি হচ্ছে—প্রতিরোধের ভাষা কি বাস্তব শক্তিতে রূপ নেবে, নাকি তা কেবল রাজনৈতিক স্লোগান হিসেবেই থেকে যাবে?

তেহরান হয়তো এই নীরবতাকে কৌশল বলে ব্যাখ্যা করবে। কিন্তু ইতিহাসের আদালত সবসময় কৌশলের ভাষা বোঝে না; ইতিহাস ফলাফল দেখে। ইতিহাস দেখে কে কত বড় বক্তব্য দিয়েছে তা নয়, বরং সংকটের মুহূর্তে কে কী করেছে। সুতরাং আজকের প্রশ্নটি কেবল ইসরাইলকে নিয়ে নয়। প্রশ্নটি তেহরানকেও ঘিরে। কারণ গত ৪০ দিনের ভয়াবহ যুদ্ধে ইরান তার প্রতিরোধশক্তি প্রমাণ করার মাধ্যমে মুসলমানদের মনে আশার বীজ বপন করেছে।

যদি ইরান সত্যিই মুসলিম বিশ্বের প্রতিরোধের নেতৃত্ব দাবি করে, তাহলে গাজা ও লেবাননের বর্তমান সংকট সেই দাবির সবচেয়ে বড় পরীক্ষা। আর যদি সেই পরীক্ষায় দৃশ্যমান ভূমিকার পরিবর্তে শান্তি পশ্চিমা দের সাথে আলোচনার নামে দীর্ঘ নীরবতা, অপেক্ষা এবং অস্পষ্টতা দেখা যায়, তবে শুধু শত্রুরাই নয়, বন্ধুদের মাঝেও প্রশ্ন উঠবে—প্রতিরোধের পতাকা কি এখনও উঁচু আছে, নাকি তা কেবল বক্তৃতার মঞ্চেই উড়ছে সেটাই এখন দেখার বিষয়।
লেখকঃ সাংবাদিক, রাজনৈতিক বিশ্লেষক ও কলামিস্ট। 

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৪ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৪
জোহর ১১:৪৪
আসর ০৩:৪৮
মাগরিব ০৫:২৪
ইশা ০৬:৩৬
সূর্যোদয় : ০৬:০০ সূর্যাস্ত : ০৫:২৪
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%