০২:২৫ পি.এম
ভারতের প্রখ্যাত চিত্রশিল্পী যোগেন চৌধুরী (৮৭) আর আমাদের মধ্যে নেই। রবিবার (২৫ অক্টোবর) সকালে কলকাতার একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি শেষনিঃশ্বাস ত্যাগ করেন।
দ্য ইন্ডিয়ান এক্সপ্রেসের তথ্য অনুযায়ী, এই শিল্পী এক বছরেরও বেশি সময় ধরে রক্তের ক্যান্সারে ভুগছিলেন। ১৪ মাসের মধ্যে তাকে একাধিকবার কেমোথেরাপি দেওয়া হয়েছিল। সম্প্রতি মূত্রনালির সংক্রমণের কারণে তার শারীরিক অবস্থার অবনতি ঘটে, এরপর থেকে তিনি হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। চিকিৎসক তুফান কান্তি দোলাইয়ের তত্ত্বাবধানে তার চিকিৎসা চলছিল।
যোগেন চৌধুরীর মৃত্যুতে ভারতের শিল্পাঙ্গনে শোকের ছায়া নেমে এসেছে। তিনি স্বতন্ত্র চিত্রশৈলী এবং রেখার অভিনব ব্যবহারের মাধ্যমে ভারতীয় আধুনিক চিত্রকলায় একটি গুরুত্বপূর্ণ অবস্থান তৈরি করেছিলেন।
আরও পড়ুন: কাতারের শান্তি প্রস্তাব নাকচ, মধ্যপ্রাচ্যে নতুন হামলার শঙ্কা
যোগেন চৌধুরী বিশেষভাবে পরিচিত ছিলেন ছবিতে অভিনব রেখার ব্যবহার এবং মানুষের শরীরের বিভিন্ন ভঙ্গি, আবেগ ও অনুভূতি ফুটিয়ে তোলার অসাধারণ দক্ষতার জন্য। তার চিত্রকর্মে রেখার টান এবং আড়াআড়ি দাগের মাধ্যমে মানুষের শরীরের গঠন এবং মনের নানা অনুভূতি প্রকাশ পেত। তার নিজস্ব শৈলীর কারণে ভারতীয় আধুনিক চিত্রকলায় তিনি স্বতন্ত্র পরিচিতি অর্জন করেন।
চিত্রকলার বাইরেও তিনি প্রশাসন ও শিক্ষাক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদান রেখেছেন। দিল্লির রাষ্ট্রপতি ভবনের সংগ্রহশালায় অবেক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। পরে শান্তিনিকেতনের বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ের কলাভবনে অধ্যাপক ও অধ্যক্ষ হিসেবে কাজ করেন।
শিল্পচর্চার পাশাপাশি লেখালেখিতেও তিনি সক্রিয় ছিলেন। শিল্পভাবনা, সমাজ, পরিবেশ, শিল্পকলা শিক্ষা ও সংস্কৃতি নিয়ে বিভিন্ন সময়ে প্রবন্ধ লিখেছেন তিনি। তার লেখা বিভিন্ন পত্রপত্রিকায় প্রকাশিত হয়েছে। এসব বিষয়ের ওপর তার একাধিক গ্রন্থও প্রকাশিত হয়েছে। এ ছাড়া সাহিত্যচর্চার অংশ হিসেবে কবিতাও লিখেছেন এই শিল্পী। তার মৃত্যুতে ভারতীয় আধুনিক চিত্রকলার জগতে এক স্বতন্ত্র শিল্পীর কর্মময় জীবনের অবসান ঘটল।
আরও পড়ুন: ক্ষমতা হারালেই কি গ্রেফতার হবেন নেতানিয়াহু?
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন