বৃহস্পতিবার, ১৬ই জুলাই, ২০২৬ ইং
০৩:৫৬ এম
বগুড়ার শিবগঞ্জে এইচএসসির একটি পরীক্ষাকেন্দ্রে ভুলবশতঃ আগের বছরের প্রশ্নপত্র বিতরণ করা হয়েছে। এই কারণে বিপাকে পড়েছেন ৪২ জন পরীক্ষার্থী। তারা ২০২৬ সালের পরিবর্তে ২০২৫ সালের প্রশ্নপত্রের সৃজনশীল অংশের উত্তর লিখেছেন। বিষয়টি পরীক্ষা শেষ হওয়ার পরে ধরা পড়ার পর, উত্তরপত্র ডাকঘর থেকে ফিরিয়ে এনে প্রয়োজনীয় সিদ্ধান্তের জন্য রাজশাহী শিক্ষা বোর্ডে পাঠানো হয়েছে।
বুধবার (১৫ জুলাই) শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজ কেন্দ্রে যুক্তিবিদ্যা বিষয়ের পরীক্ষায় এই ঘটনা ঘটে।
কেন্দ্র সূত্রে জানা গেছে যে, ১০৭ নম্বর কক্ষে ৪৩ জন পরীক্ষার্থী পরীক্ষায় অংশ নেন। বহুনির্বাচনি অংশের প্রশ্নপত্র সঠিক থাকলেও, সৃজনশীল অংশের প্রশ্ন বিতরণ করার সময় ভুলক্রমে ৪২ জন পরীক্ষার্থীর কাছে ২০২৫ সালের প্রশ্নপত্র চলে যায়। একমাত্র একজন পরীক্ষার্থী সঠিক প্রশ্নপত্র পান।
ঘটনা জানাজানি হলে কেন্দ্র কর্তৃপক্ষ ডাকঘরে পাঠানো উত্তরপত্র ফিরিয়ে এনে সংশ্লিষ্ট ৪২ জন পরীক্ষার্থীর তালিকাসহ পুরো বিষয়টি রাজশাহী শিক্ষা বোর্ডকে অবহিত করে।
কেন্দ্র সচিব এবং শিবগঞ্জ সরকারি এম এইচ কলেজের অধ্যক্ষ অধ্যাপক আবুল কালাম আসাদ জানিয়েছেন, দায়িত্বপ্রাপ্ত দুই কক্ষ পরিদর্শককে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হয়েছে এবং তাদের পরীক্ষার দায়িত্ব থেকে অব্যাহতি দেওয়া হয়েছে। একই সঙ্গে ঘটনার কারণ অনুসন্ধানে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। রাজশাহী শিক্ষা বোর্ডের নির্দেশনার ভিত্তিতে পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বন্যার কারণে দুর্ভোগে আক্রান্ত মানুষের সহায়তায় প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিলে এক কোটি টাকা অনুদান প্রদান করেছে বাণিজ্য সংগঠন ‘দি চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি’ (সিসিসিআই)।
গতকাল বুধবার সন্ধ্যায় জাতীয় সংসদ ভবনে প্রধানমন্ত্রীর কার্যালয়ে প্রধানমন্ত্রী তারেক রহমানের হাতে অনুদানের চেক তুলে দেন চিটাগাং চেম্বার সভাপতি মোহাম্মদ আমিরুল হক। এই সময় অর্থ ও পরিকল্পনা মন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী উপস্থিত ছিলেন।
চিটাগাং চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কর্তৃক প্রদত্ত এই মানবিক সহায়তার জন্য প্রধানমন্ত্রী তারেক রহমান আন্তরিক ধন্যবাদ জানান। তিনি বলেন, দেশের সংকটের সময় ব্যবসায়ী সমাজের এভাবে এগিয়ে আসা সত্যিই প্রশংসনীয়।
এ সময় প্রধানমন্ত্রী ব্যবসায়ী সমাজকে আশ্বস্ত করে বলেন, বন্যায় ক্ষতিগ্রস্ত শিল্প ও ব্যবসা প্রতিষ্ঠানের ক্ষয়ক্ষতির বিষয়টি সরকার গুরুত্বের সাথে দেখছে। সরকার ক্ষতিগ্রস্ত অর্থনীতিকে আবারও সচল করতে এবং ব্যবসায়ীদের সহায়তায় সম্ভাব্য সব ধরনের সহযোগিতা দেয়ার জন্য প্রস্তুত রয়েছে।
চট্টগ্রাম চেম্বারের সভাপতি মোহাম্মদ আমিরুল হক বলেন, দেশের যেকোনো সংকটে চট্টগ্রাম চেম্বার সর্বদা প্রধানমন্ত্রীর পাশে থাকার প্রতিশ্রুতি নিয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
পরিস্থিতি বিবেচনায়, রাঙ্গামাটির ভ্রমণপিপাসুদের জন্য জেলার সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন স্পট খুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে রাঙ্গামাটি জেলা প্রশাসন।
বুধবার (১৫ জুলাই) রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী বিষয়টি নিশ্চিত করেছেন। এছাড়া, বুধবার সোয়া ৫টার দিকে রাঙ্গামাটি জেলা প্রশাসক নাজমা আশরাফী সাক্ষরিত একটি বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি জানানো হয়েছে।
বিজ্ঞপ্তি অনুযায়ী, বৃহস্পতিবার থেকে খুলতে যাচ্ছে দেশের অন্যতম সৌন্দর্যমণ্ডিত এই পর্যটন কেন্দ্রটি। তবে চলতি মৌসুমে এ জেলায় চলাচলের ক্ষেত্রে সতর্কতা অবলম্বন এবং প্রশাসনের জারি করা নির্দেশনা মেনে চলার অনুরোধ জানিয়েছে জেলা প্রশাসন।
রাঙ্গামাটির অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট নিশাত শারমিন জানিয়েছেন, বর্তমান রাঙ্গামাটি পরিস্থিতি বিবেচনায় আগামীকাল বৃহস্পতিবার (১৬ জুলাই) থেকে জেলার সব পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার পরিকল্পনা নেওয়া হয়েছে। নয় দিন বন্ধ থাকার পর বৃহস্পতিবার থেকে খুলে দেওয়া হচ্ছে।
রাঙ্গামাটি জেলা প্রশাসনের তথ্যমতে, টানা ভারি বর্ষণ, পাহাড় ধস ও ভারী বৃষ্টিপাতের কারণে এবং আবহাওয়া পরিস্থিতি বিষয়ক পূর্বাভাসের প্রেক্ষিতে গত ৭ জুলাই সন্ধ্যা থেকে পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত রাঙ্গামাটির সীমান্তবর্তী বাঘাইছড়ি উপজেলার সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র বন্ধ ঘোষণা করে জেলা প্রশাসন।
সম্ভাব্য ঝুঁকি বিবেচনায় পর্যটক ও জনসাধারণের জানমালের নিরাপত্তা নিশ্চিতে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জেলা প্রশাসনের এক জরুরি বিজ্ঞপ্তিতে জানানো হয়েছিলো। সর্বশেষ ৯ জুলাই থেকে সাজেক ভ্যালি পর্যটন কেন্দ্র খুলে দেওয়ার তথ্য জানায় প্রশাসন।
সাজেক রিসোর্ট ওনার্স অ্যাসোসিয়েশনের সভাপতি সুপর্ণ দেব বর্মন ও দপ্তর সম্পাদক এস এম জিয়াউল হক জানিয়েছেন, সাজেক পর্যটন স্পটগুলো খুলে দেওয়ার সিদ্ধান্তকে সাধুবাদ জানাই। এখানের ব্যবসা-বাণিজ্য পর্যটন নির্ভরশীল। সাম্প্রতিক ভারী বর্ষণ, পাহাড় ধস ও পাহাড়ি ঢলের কারণে বন্ধ থাকায় ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হয়েছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
আবহাওয়া অধিদপ্তর বৃহস্পতিবার সকালের মধ্যে দেশের ৮ জেলার ওপর দিয়ে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যাওয়ার পূর্বাভাস দিয়েছে। একই সঙ্গে এসব এলাকার নদীবন্দরগুলোকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকাল ৯টা পর্যন্ত দেশের অভ্যন্তরীণ নদীবন্দরসমূহের জন্য দেওয়া আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানানো হয়েছে।
পূর্বাভাসে বলা হয়েছে, খুলনা, বরিশাল, পটুয়াখালী, নোয়াখালী, কুমিল্লা, চট্টগ্রাম, কক্সবাজার ও সিলেট অঞ্চলসমূহের ওপর দিয়ে দক্ষিণ বা দক্ষিণ-পূর্ব দিক থেকে ঘণ্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে বৃষ্টি অথবা বজ্রসহ অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়া বয়ে যেতে পারে।
এসব এলাকার নদীবন্দরসমূহকে ১ নম্বর সতর্কসংকেত দেখাতে বলা হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
কুমিল্লায় শিশু ধর্ষণ মামলায় দোষী সাব্যস্ত হওয়া একজন হাজতি আসামিকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে তার উপর এক লাখ টাকা অর্থদণ্ডের আদেশও দেওয়া হয়েছে। ১৫ জুলাই ২০২৬ তারিখে কুমিল্লার শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনালে মামলার শুনানি শেষে বিজ্ঞ জেলা ও দায়রা জজ আব্দুল হান্নান এই রায় ঘোষনা করেন। দণ্ডপ্রাপ্ত আসামির নাম হলো কুমিল্লা বুড়িচং উপজেলার পূর্ণমতি গ্রামের হারুনুর রশীদের ছেলে বিল্লাল হোসেন। আদালত সূত্রে জানানো হয়েছে, ২০২৪ সালে বুড়িচং থানার মামলা নং-৫ এবং শিশু সহিংসতা দমন ট্রাইব্যুনাল মামলা নং-২৭১/২৬ অনুযায়ী নারী ও শিশু নির্যাতন দমন আইন, ২০০০ (সংশোধিত ২০০৩)-এর ৯ (২) ধারায় বিচার কার্যক্রম করা হয়। আসামি মোঃ বিল্লাল হোসেনের বিরুদ্ধে আনীত অভিযোগ প্রমাণিত হওয়ায় তাকে মৃত্যুদণ্ড প্রদান করা হয়। পাশাপাশি এক লাখ টাকা অর্থদণ্ডের নির্দেশনা দেওয়া হয়। রায় ঘোষণার সময় দণ্ডপ্রাপ্ত আসামি আদালতের হাজতে ছিলেন। রায় ঘোষণার পর আদালতের দেওয়া মৃত্যুদণ্ডের পরোয়ানা অনুযায়ী তাকে কুমিল্লা কেন্দ্রীয় কারাগারে পাঠানো হয়েছে। উল্লেখযোগ্য বিষয় হলো, বাংলাদেশের আইন অনুযায়ী, মৃত্যুদণ্ডের রায় কার্যকর হওয়ার আগে উচ্চ আদালতে অনুমোদনের (ডেথ রেফারেন্স) পাশাপাশি আপিল ও অন্যান্য আইনগত প্রতিকার গ্রহণের সুযোগ রয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ