০৩:৩২ এম
আশুরার অঙ্গীকার হিসেবে উদাসীনতার পিঠে চাবুক মেরে আত্মপরিচয় ফিরিয়ে আনার লড়াইকে নেওয়ার আহ্বান জানিয়েছেন আস-সুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান এবং ইসলামিক স্কলার শায়খ আহমাদুল্লাহ। বৃহস্পতিবার (২৫ জুন) তিনি নিজস্ব ভেরিফায়েড ফেসবুক পেজে একটি স্ট্যাটাসের মাধ্যমে এই আহ্বান জানান। বিকেল সাড়ে ৫টার দিকে শায়খ আহমাদুল্লাহ একটি স্ট্যাটাসে লিখেছেন, ‘ইসলামের স্বাতন্ত্র্যবোধ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লামের মধ্যে এতটাই প্রগাঢ় ছিল যে- ইবাদতেও যেন ইহুদিদের অনুকরণ না হয়। এজন্য নবীজি সাহাবিদেরকে আশুরার দুইটি রোজা রাখতে বলেছিলেন। অথচ তাঁকে অনুসরণকারী দাবি করেও আমরা আজ জাগতিক সাধারণ বিষয় তো বটেই; এমনকি জীবনবোধে, সংস্কৃতিতে, মূল্যবোধে এবং বহু পাপাচারেও তাদের অন্ধ অনুকরণ করছি। কখনো কখনো অন্ধ অনুকরণ করে গর্ববোধও করছি।’ স্ট্যাটাসের মধ্যে শায়খ আহমাদুল্লাহ আরও লিখেছেন, এটি রাসুলের (সা.) সতর্কবাণীরই প্রত্যক্ষ প্রতিচ্ছবি। তিনি উল্লেখ করেন, ‘তোমরা প্রতি বিঘতে ও প্রতি গজে পূর্ববর্তীদের অনুকরণ করবে। এমনকি তারা গুইসাপের গর্তে ঢুকলে তোমরাও ঢুকবে।’ সাহাবিরা জিজ্ঞেস করেছিলেন, তারা কি ইহুদি-খ্রিস্টান? নবীজি (সা.) জবাব দেন, তবে আর কারা? [বুখারি: ৩৪৫৬]’ শায়খ আহমাদুল্লাহ একটি ভিন্ন দৃষ্টিকোণ থেকে আরও বলেন, ‘খেয়াল করুন, এটি কোনো প্রশংসাসূচক হাদিস নয়। বরং এটি ভয়ংকর এক ভবিষ্যদ্বাণী। আসুন, আমরা যুগের স্রোতে বদলে না গিয়ে বরং যুগকে বদলানোর চেষ্টা করি, ঠিক যেমন মক্কার জাহিলিয়াতের বিরুদ্ধে আমাদের প্রিয় নবীজি (সা.) একাই বুক চিতিয়ে দাঁড়িয়েছিলেন। এবারের আশুরার অঙ্গীকার হোক উদাসীনতার পিঠে চাবুক মেরে আত্মপরিচয় ফিরিয়ে আনার এই লড়াই।’ পোস্টের মন্তব্যের ঘরে তিনি লিখেছেন, ‘এই আশুরা থেকেই উম্মাহর হারিয়ে যাওয়া গৌরব ও আত্মপরিচয় ফিরিয়ে আনার নতুন লড়াই শুরু হোক।’ ফেসবুকে শায়খ আহমাদুল্লাহর এই স্ট্যাটাসটি ইতোমধ্যে ভাইরাল হয়েছে। প্রায় ২০ হাজারের বেশি মানুষ স্ট্যাটাসটিতে বিভিন্ন ধরনের রিঅ্যাকশন দেয়ার পাশাপাশি এক হাজারেরও বেশি মানুষ স্ট্যাটাসটি শেয়ার করেছেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন