০৫:৪২ পি.এম
মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করেছে স্থানীয়রা।শনিবার (৮ আগস্ট) সকাল ১১টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলার বাহাদুরপুর বাসস্ট্যান্ড এলাকায় এ অবরোধ কর্মসূচি পালন করা হয়।
এর আগে সকাল ১০টা থেকেই বিক্ষুব্ধ স্থানীয়রা মহাসড়কে জড়ো হয়। পরে তারা সড়কে অবস্থান নিয়ে অবৈধভাবে বালু উত্তোলন বন্ধ এবং বালু উত্তোলনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার দাবি জানান।
অবরোধের কারণে ঢাকা-সিলেট মহাসড়কের উভয় পাশে প্রায় সাত-আট কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দূরপাল্লার বাসসহ বিভিন্ন যানবাহনের যাত্রীরা চরম দুর্ভোগে পড়েন।
আরও পড়ুন: চাঁপাইনবাবগঞ্জে লালন সাঁইজির ১৩৬তম তিরোধান দিবসে সাধুসঙ্গ ও সাংস্কৃতিক অনুষ্ঠান
আন্দোলনকারীদের সঙ্গে কথা বলেন সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য নাদিয়া পাঠান পাপন, আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. জামাল হোসেনসহ সংশ্লিষ্টরা। অবৈধ বালু উত্তোলনের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলে আন্দোলনকারীরা মহাসড়ক থেকে সরে দাঁড়ান। পরে যান চলাচল স্বাভাবিক হয়।
স্থানীয় বাসিন্দারা জানান, মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের কারণে কয়েকটি গ্রাম ভাঙনের ঝুঁকিতে পড়েছে। নদীর একটি চরের বাসিন্দারাও আতঙ্কের মধ্যে আছেন। একই সঙ্গে সরকারি গুরুত্বপূর্ণ স্থাপনাও ঝুঁকির মুখে রয়েছে। অবৈধ বালু উত্তোলন বন্ধের দাবি জানিয়ে এর আগে বৃহস্পতিবার মানববন্ধন করেন স্থানীয়রা। তখন প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত হয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন।
তবে স্থানীয়দের অভিযোগ, বালু উত্তোলনকারীরা আন্দোলনকারীদের বিভিন্নভাবে হুমকি দিচ্ছেন এবং মামলা দেওয়ার ভয় দেখাচ্ছেন। এতে স্থানীয়দের মধ্যে ক্ষোভ আরো বেড়ে যায়। এরই ধারাবাহিকতায় শনিবার মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন তারা।
খাঁটিহাতা হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আবু তাহের বলেন, ‘মেঘনা নদী থেকে অবৈধভাবে বালু উত্তোলনের প্রতিবাদে স্থানীয়রা মহাসড়ক অবরোধ করেছিলেন। তারা হুমকি দেওয়া ব্যক্তিদের গ্রেপ্তারের দাবিও জানান। সংশ্লিষ্টরা আন্দোলনকারীদের সঙ্গে কথা বলে পরিস্থিতি স্বাভাবিক করার পর যান চলাচল শুরু হয়।’
আরও পড়ুন: চট্টগ্রামে বাবা-মেয়ের মৃত্যুর পর পুলিশের গাড়িতে হামলা ও বাসে আগুন
আশুগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জামাল হোসেন বলেন, বিক্ষোভকারীদের সঙ্গে আলোচনা করে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় এবং তারা অবরোধ তুলে নেন। অবৈধ বালু উত্তোলন বন্ধে ইতিমধ্যে অভিযান পরিচালনা করা হয়েছে বলেও জানান তিনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন