সাব্বির হাসনাত, রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি
মঙ্গলবার, ১ই সেপ্টেম্বর, ২০২৬ ইং
০৯:৫৪ পি.এম
বর্তমান সরকারের অন্যতম অগ্রাধিকারমূলক উদ্যোগ বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি। আজ মঙ্গলবার (১ সেপ্টেম্বর) বেলা ১১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩-এর সামনে আয়োজিত এ কর্মসূচির উদ্বোধন করেন তিনি। এ সময় মাননীয় প্রতিমন্ত্রীর সঙ্গে বৃক্ষরোপণ কর্মসূচিতে অংশগ্রহণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য অধ্যাপক তাহ্মিনা আখতার এবং মাননীয় উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আবদুস সোবাহান।
কর্মসূচিতে আরও উপস্থিত ছিলেন শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা সাবরিনা শারমিন, শাহজাদপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ সাইফুল ইসলাম, শাহজাদপুর উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক আরিফুজ্জামান আরিফসহ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ। এছাড়াও স্থানীয় বিএনপি এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রদলের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।
বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনের পূর্বে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এর উদয়ন কনফারেন্স রুমে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। মতবিনিময় সভায় বক্তব্যের শুরুতে স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী প্রফেসর ড. এম এ মুহিত, এমপি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, উপ-উপাচার্য, উপজেলা নির্বাহী কর্মকর্তা, শাহজাদপুর উপজেলা প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দকে শুভেচ্ছা জানান।
তিনি বলেন, “আজ আপনাদের সঙ্গে যুক্ত হতে পেরে আমি অত্যন্ত আনন্দিত। পূর্বেও আমি এই বিশ্ববিদ্যালয়ে এসেছি এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান উপভোগ করেছি। ফলে এই বিশ্ববিদ্যালয়ের সঙ্গে আমার একটি বিশেষ আত্মিক সম্পর্ক রয়েছে।”
মাননীয় প্রতিমন্ত্রী বলেন, দীর্ঘ স্থবিরতা কাটিয়ে গত কয়েক মাসে বিশ্ববিদ্যালয়ে বেশ কিছু দৃশ্যমান ও ইতিবাচক পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে বলে তিনি উল্লেখ করেন। দীর্ঘদিন ধরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের একটি গুরুত্বপূর্ণ বিষয় ছিল স্থায়ী ক্যাম্পাস প্রতিষ্ঠা। এ বিষয়েও বর্তমানে অগ্রগতি হয়েছে এবং পরিবেশগত বিষয়ে ইতিবাচক পর্যালোচনা পাওয়া গেছে। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়কে একটি পূর্ণাঙ্গ, আধুনিক ও আন্তর্জাতিকমানের বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলার প্রত্যাশা ব্যক্ত করেন।
মাননীয় প্রতিমন্ত্রী মহোদয় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের পাঠক্রমে এই অঞ্চলের ঐতিহ্য ও বৈশিষ্ট্যকে গুরুত্ব দেওয়ার প্রতি গুরুত্বারোপ করেন। শাহজাদপুর তাঁতশিল্পের জন্য সুপরিচিত উল্লেখ করে তিনি বলেন, এখানে টেক্সটাইল বিষয়ে উচ্চশিক্ষার সুযোগ সৃষ্টি করা গেলে এ অঞ্চলের ঐতিহ্য ও শিল্পের সঙ্গে শিক্ষার একটি কার্যকর সংযোগ তৈরি হবে।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের উদ্দেশে মাননীয় প্রতিমন্ত্রী বলেন, বিশ্ববিদ্যালয়টি বর্তমানে আগের চেয়ে অনেক বেশি গতিশীল হয়ে উঠছে। বিশ্ববিদ্যালয়ের উন্নয়ন ও অগ্রগতিতে শিক্ষার্থীদেরও গুরুত্বপূর্ণ দায়িত্ব রয়েছে। তিনি শিক্ষার্থীদের ইতিবাচক ও ঐক্যবদ্ধভাবে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সহযোগিতা করার আহ্বান জানান।
তিনি বলেন, শিক্ষার পরিবেশ সুষ্ঠু রাখা, ক্যাম্পাসে সৌহার্দ্য ও সম্প্রীতি বজায় রাখা এবং এলাকার সামগ্রিক পরিবেশ সুন্দর রাখতে শিক্ষার্থীদের দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে। প্রশাসন ও শিক্ষার্থীদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই একটি ভালো বিশ্ববিদ্যালয়ের জন্য প্রয়োজনীয় পরিবেশ তৈরি করা সম্ভব। তিনি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে একটি সুন্দর, সুশৃঙ্খল, প্রাণবন্ত ও শিক্ষাবান্ধব পরিবেশ প্রতিষ্ঠার প্রত্যাশা ব্যক্ত করেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি, কুড়িগ্রাম ইউনিটের নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির প্রথম সাধারণ সভা ও শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়েছে।
সভাটি পরিচালনা করেন কুড়িগ্রাম জেলা পরিষদের প্রশাসক এবং কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের চেয়ারম্যান আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ।
সভায় উপস্থিত ছিলেন নবনির্বাচিত কার্যনির্বাহী কমিটির ভাইস চেয়ারম্যান মো. শামসুল ইসলাম মন্ডল, সেক্রেটারি মো. মোস্তাফিজার রহমান মোস্তফা, সদস্য মো. জহুরুল আলম, অধ্যাপক হাসিবুর রহমান হাসিব। কুড়িগ্রাম রেড ক্রিসেন্ট ইউনিটের মানবিক কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনকল্যাণমুখী করার উদ্দেশ্যে বিভিন্ন বিষয়ে আলোচনা অনুষ্ঠিত হয়।
বক্তারা সভায় মানবিক সেবায় রেড ক্রিসেন্টের কার্যক্রমকে আরও সম্প্রসারণ করার পাশাপাশি দুর্যোগ ও সংকটকালীন সময়ে অসহায় মানুষের পাশে দাঁড়াতে সমন্বিতভাবে কাজ করার গুরুত্ব তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি) ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে ঝিনাইদহে আয়োজিত একটি বর্ণাঢ্য র্যালির পর সংবাদমাধ্যমের সামনে এসে আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ), জামায়াত ও এনসিপির বর্তমান রাজনৈতিক ভূমিকা সম্পর্কে গুরুতর অভিযোগ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক সহকারী রাশেদ খাঁন।
মঙ্গলবার দুপুরে দলের কর্মসূচি শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি উল্লেখ করেন যে, পতিত আওয়ামী লীগকে আবার রাজনীতিতে ফিরিয়ে আনতে জামায়াত ও এনসিপি একত্রিত হয়ে চক্রান্তের রাজনীতি শুরু করেছে। তিনি বলেন, "আগামী ডিসেম্বরে শেখ হাসিনা ও আওয়ামী লীগের ফেরার ঘোষণা এবং একই সময়ে জামায়াত-এনসিপির লংমার্চের কর্মসূচি কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, এটি এক গভীর চক্রান্তের অংশ।"
১৯৯৬ সালের প্রেক্ষাপট স্মরণ করিয়ে দিয়ে রাশেদ খাঁন বলেন, "সে সময় যেভাবে জামায়াত আওয়ামী লীগকে সঙ্গে নিয়ে বিএনপির বিরুদ্ধে মাঠে নেমেছিল, ঠিক একইভাবে আজও তারা ফ্যাসিবাদের দোসরদের রাজপথে ফেরানোর অপচেষ্টায় লিপ্ত রয়েছে।"
মক্কা সামরিক চুক্তি প্রসঙ্গে তিনি জানান, এনসিপিপ্রধান নাহিদ ইসলাম ও জামায়াতসহ বেশ কয়েকটি রাজনৈতিক দল এই চুক্তির বিষয়ে ইতিবাচক দৃষ্টিভঙ্গি প্রকাশ করেছে এবং দেশের একটি বড় অংশও তা সমর্থন করছে। তবে তিনি সতর্ক করে বলেন, সরকার দেশের সার্বভৌমত্ব, কূটনৈতিক কৌশল ও সার্বিক নিরাপত্তার দিকটি পূর্ণাঙ্গ মূল্যায়ন করে তবেই চূড়ান্ত পদক্ষেপ নেবে।
ডাকসু নির্বাচনে দীর্ঘদিন পর নিজের প্রাপ্য জিএস পদ ফিরে পাওয়ার প্রসঙ্গে তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে ধন্যবাদ জানিয়ে বলেন, "এই সিদ্ধান্তের মাধ্যমে প্রশাসন সাধারণ শিক্ষার্থীদের ভোটাধিকারকে সম্মান জানিয়েছে।"
আসন্ন স্থানীয় নির্বাচনের আগে দলছুট ও বিদ্রোহী প্রার্থীদের দলে ফেরানোর বিষয়ে রাশেদ খাঁন স্পষ্ট করেন যে, জাতীয় নির্বাচনে যেসব নেতাকর্মী ভুল বুঝে দলের সিদ্ধান্তের বাইরে গিয়েছেন, তারা যদি অনুশোচনা প্রকাশ করেন, তাহলে দলীয় হাইকমান্ড তাদের বিষয়টি ভেবে দেখতে পারে। কিন্তু যারা সরাসরি দলীয় প্রার্থীর বিরুদ্ধে প্রার্থী হয়ে প্রতিদ্বন্দ্বিতা করেছেন, তাদের দলে ফেরানোর ব্যাপারে দলের পক্ষ থেকে এখনো কোনো ইতিবাচক সিদ্ধান্ত নেওয়া হয়নি।
এর আগে, জেলা বিএনপির অফিস প্রাঙ্গণ থেকে এক বিশাল র্যালিতে উপস্থিত ছিলেন জেলা বিএনপির সভাপতি এমএ মজিদ, সাধারণ সম্পাদক জাহিদুজ্জামান মনা, সহ-সভাপতি মুন্সি কামাল আজাদ পান্নু, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল মজিদ বিশ্বাস, যুবদলের সভাপতি আহসান হাবিব রনক, ইবি ছাত্রদলের সাবেক আহ্বায়ক সাহেদ আহম্মেদ, জেলা ছাত্রদলের সভাপতি ইমরান হোসেন ও সাধারণ সম্পাদক শাহরিয়ার রাসেলসহ বিএনপির অঙ্গসংগঠনের বিপুলসংখ্যক নেতাকর্মী।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
হরমুজ প্রণালিতে সৌদি আরব ও দক্ষিণ কোরিয়ার মালিকানাধীন দুটি সুপারট্যাংকার লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র হামলা চালানো হয়েছে। ব্লুমবার্গের তথ্য অনুযায়ী, আন্তর্জাতিক সামুদ্রিক নিরাপত্তা সংস্থা মেরিস্কের বরাত দিয়ে নিশ্চিত করা হয়েছে যে, গত গভীর রাতে পারস্য উপসাগর থেকে বেরিয়ে যাওয়ার সময় ট্যাংকার দুটি নিশানা হয়। হামলার পর বিশ্ববাজারে অপরিশোধিত জ্বালানি তেলের দাম ব্যাপক হারে বৃদ্ধি পেয়ে ব্যারেল প্রতি ৯২ ডলার ছাড়িয়ে গেছে।
কূটনৈতিক ও সামুদ্রিক নিরাপত্তা সূত্র জানিয়েছে, ক্ষতিগ্রস্ত জাহাজগুলোর মধ্যে একটি হলো সৌদি আরবের রাষ্ট্রায়ত্ত শিপিং কোম্পানি বাহরির নিয়ন্ত্রিত বিশাল আকৃতির ক্রুড বাহক সিদর। এটি ওমানের খাসাবের উত্তর-পূর্বাঞ্চলে আক্রান্ত হয়। একই সময়ে, দক্ষিণ কোরিয়ার সিনোকোর গ্রুপের নিয়ন্ত্রিত অন্য সুপারট্যাংকার 'সেনেগাল প্রসপারিটি' লক্ষ্য করে অন্তত তিনটি দিক থেকে হামলা চালানো হয়। উভয় জাহাজই ঝুঁকি নিয়ে ওই এলাকা অতিক্রম করছিল, তাদের নিজস্ব অবস্থান চিহ্নিতকারী এআইএস ট্রানসপন্ডার বন্ধ রেখে।
মধ্যপ্রাচ্যে চলমান অস্থিরতার কারণে কিছুদিন ধরেই প্রণালিটি দিয়ে স্বাভাবিক তেল পরিবহন ব্যাহত হচ্ছিল। তবে সাম্প্রতিক সময়ে আঞ্চলিক উত্তেজনার মাঝেও গোপন কিংবা সংক্ষিপ্ত রুটে তেল সরবরাহ চালু করার প্রচেষ্টা চলছিল, কিন্তু নতুন করে এই জোড়া হামলার ঘটনায় তা বড় ধরনের বিপর্যয়ের মুখে পড়েছে। এর ফলে মধ্যপ্রাচ্য থেকে বৈশ্বিক বাজারে জ্বালানি সরবরাহের প্রধান এই সামুদ্রিক করিডোরটিতে চরম আতঙ্ক ছড়িয়ে পড়েছে। আন্তর্জাতিক শিপিং সংস্থাগুলো তাদের জাহাজের সুরক্ষা নিয়ে নতুন করে উদ্বেগ প্রকাশ করছে।
এদিকে, ক্ষেপণাস্ত্র হামলার খবর ছড়িয়ে পড়ার পরপরই আন্তর্জাতিক বাজারে তেলের দাম হু হু করে বাড়তে থাকে। লন্ডনের আইসিই এক্সচেঞ্জে আগামী নভেম্বরে সরবরাহের জন্য ব্রেন্ট ক্রুড ফিউচার্সের দাম বাড়তে বাড়তে কয়েক সপ্তাহের মধ্যে সর্বোচ্চ স্থান স্পর্শ করে ৯২ ডলারের গণ্ডি পেরিয়ে গেছে। বাজার বিশ্লেষকরা আশঙ্কা করছেন, কৌশলগতভাবে গুরুত্বপূর্ণ এই প্রণালিতে হামলা ও পাল্টাহামলা থামানো না গেলে সামনের দিনগুলোতে বিশ্বজুড়ে জ্বালানি খাতের অস্থিরতা আরও ঘনীভূত হতে পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ