০৭:২৩ পি.এম
ময়মনসিংহ জেলা পরিষদের ২০২৬-২০২৭ অর্থবছরের জন্য ৩৯ কোটি ৮৩ লাখ টাকার বাজেট সর্বসম্মতিক্রমে অনুমোদিত হয়েছে। রবিবার (২৮ জুন) জেলা পরিষদের জয়নুল আবেদীন মিলনায়তনে অনুষ্ঠিত এক বিশেষ সাধারণ সভায় এ বাজেট অনুমোদন করা হয়।
জেলা পরিষদের প্রশাসক ও বিএনপির যুগ্ম মহাসচিব সৈয়দ এমরান সালেহ প্রিন্সের সভাপতিত্বে সভায় বাজেট উপস্থাপন ও এর ওপর বিস্তারিত আলোচনা করা হয়। অনুষ্ঠানটি পরিচালনা করেন জেলা পরিষদের প্রধান নির্বাহী কর্মকর্তা শাহ কামরুল হুদা।
সভায় সভাপতির বক্তব্যে সৈয়দ এমরান সালেহ প্রিন্স বলেন, '২০২৬-২০২৭ অর্থবছরের এই বাজেট শুধু আয়-ব্যয়ের হিসাব নয়; এটি ময়মনসিংহ জেলার সার্বিক উন্নয়ন, জনকল্যাণ এবং টেকসই অগ্রগতির একটি সুপরিকল্পিত রূপরেখা। প্রধানমন্ত্রী তারেক রহমানের নির্দেশনা অনুযায়ী জনগণের প্রত্যাশাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এ বাজেট প্রণয়ন করা হয়েছে।'
আরও পড়ুন: আলফাডাঙ্গায় প্রবাসী আকাশ মিয়ার বিরুদ্ধে বানোয়াট কুৎসা রটানোর প্রতিবাদ করায় একই পরিবারের তিনজনকে কুপিয়ে জখম
তিনি আরো বলেন, জনগণের অর্থের প্রতিটি টাকার সর্বোচ্চ সদ্ব্যবহার নিশ্চিত করাই মূল লক্ষ্য। স্বচ্ছতা, জবাবদিহিতা ও সুশাসন নিশ্চিত করে প্রতিটি উন্নয়ন প্রকল্প সময়মতো এবং মানসম্মতভাবে বাস্তবায়ন করা হবে। এই বাজেটের আওতায় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য, কৃষি, যোগাযোগ, ক্রীড়া, সংস্কৃতি, পরিবেশ সংরক্ষণ ও সামাজিক নিরাপত্তা খাতে অগ্রাধিকারভিত্তিক উন্নয়ন কার্যক্রম পরিচালিত হবে বলে তিনি উল্লেখ করেন।
বাজেট সভায় জেলার বিভিন্ন উপজেলার নির্বাহী কর্মকর্তা ও বিভাগীয় প্রতিনিধিরা অংশ নেন।
এর মধ্যে উপস্থিত ছিলেন জেলা পরিষদের নির্বাহী কর্মকর্তা স্নিগ্ধা দাস, সমাজসেবা অধিদপ্তরের উপপরিচালক রাজু আহমেদ, জেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. আবু ইউসুফ খান, জেলা মহিলা বিষয়ক অধিদপ্তরের উপপরিচালক নাজনীন সুলতানা এবং জেলা ত্রাণ ও পুনর্বাসন কর্মকর্তা মো. রেজাউল করিম।
এছাড়াও ময়মনসিংহ সদর, মুক্তাগাছা, ফুলবাড়ীয়া, ত্রিশাল, ভালুকা, গফরগাঁও, ঈশ্বরগঞ্জ, নান্দাইল, গৌরীপুর, তারাকান্দা, ফুলপুর, হালুয়াঘাট ও ধোবাউড়া উপজেলার নির্বাহী কর্মকর্তারা (ইউএনও) উপস্থিত থেকে বাজেটের বিভিন্ন দিক নিয়ে আলোচনায় অংশ নেন।
আরও পড়ুন: বাকেরগঞ্জে পল্টন হত্যাকাণ্ডের বিচারের দাবিতে জামায়াতের বি-ক্ষোভ মিছিল ও সমাবেশ
আলোচনা শেষে উপস্থিত সবার সর্বসম্মতিক্রমে ৩৯ কোটি ৮৩ লাখ টাকার এই বাজেট পাস হয়। কর্মকর্তারা আশা প্রকাশ করেন, এই বাজেটের সফল বাস্তবায়নের মাধ্যমে ময়মনসিংহ জেলার গ্রামীণ অবকাঠামোগত উন্নয়ন ও জনসেবার মান আরও উন্নত হবে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন
