ঢাকা শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬খ্রিষ্টাব্দ ৩১শে আশ্বিন, ১৪৩২বঙ্গাব্দ ০৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
শুক্রবার, ১৬ই অক্টোবর, ২০২৬ইং ৩১শে আশ্বিন, ১৪৩২বাং

উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’


উপজেলা বিএনপির শীর্ষ দুই পদে প্রধান শিক্ষক বললেন, ‘আমরা সরকারি চাকরি ছেড়ে দেবো’

কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলা বিএনপির ২০ সদস্যের আহ্বায়ক কমিটিতে আহ্বায়ক ও সদস্যসচিব পদে রয়েছেন সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই প্রধান শিক্ষক। এ ছাড়া কমিটিতে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দুই সহকারী শিক্ষক, সরকারি কলেজের একজন শিক্ষক ও অগ্রণী ব্যাংকের একজন কর্মকর্তা রয়েছেন। সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে দলীয় পদে সরকারি কর্মচারীদের অন্তর্ভুক্ত করায় স্থানীয় বিএনপিতে সমালোচনার সৃষ্টি হয়েছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) কুড়িগ্রাম জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিব স্বাক্ষরিত দলীয় প্যাডে এ কমিটি ঘোষণা করা হয়।

খোঁজ নিয়ে জানা গেছে, কমিটির আহ্বায়ক হয়েছেন রোশন শিমুলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক শামসুজ্জামান হাসু এবং সদস্যসচিব হয়েছেন পূর্ব কুরুষা ফিরুষা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মুকুল। এ ছাড়া সদস্য হিসেবে রয়েছেন পশ্চিম কবির মামুদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক আবুল হোসেন, যতীন্দ্র নারায়ণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক মোস্তাফিজুর রহমান মুকুল, সরকারি সাইফুর রহমান কলেজের শরীরচর্চা শিক্ষক শাহিনুর রহমান এবং অগ্রণী ব্যাংকের ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার তহিদুল হক।

আরও পড়ুন: বিয়ের পিঁড়িতে বসা হলো না সৌমিকের, দুই বাড়িতে শোকের মাতম

সরকারি কর্মচারী (আচরণ) বিধিমালা, ১৯৭৯-এর ২৫(১) বিধি অনুযায়ী, সরকারি কর্মচারীরা রাজনৈতিক দলের সদস্য হতে বা রাজনৈতিক কর্মকাণ্ডে অংশ নিতে পারেন না। এর ব্যত্যয় অসদাচরণ হিসেবে গণ্য হতে পারে।

কমিটির যুগ্ম আহ্বায়ক আরিফুর রহমান বলেন, দুই বছর পর কমিটি দেওয়া হলেও দলীয় গঠনতন্ত্র ও সরকারি চাকরিবিধি লঙ্ঘন করে আহ্বায়ক ও সদস্যসচিবসহ ছয়জন সরকারি চাকরিজীবীকে রাখা হয়েছে। দুঃসময়ে রাজপথে তাঁদের ভূমিকা ছিল না বলেও অভিযোগ করেন তিনি। তাঁর দাবি, জেলা বিএনপির আহ্বায়ক ও সদস্যসচিবের আশীর্বাদপুষ্টদের কমিটিতে স্থান দেওয়া হয়েছে। এ কমিটি নেতাকর্মীরা প্রত্যাখ্যান করেছেন এবং বিষয়টি নিয়ে কেন্দ্রে অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

তবে সদ্যঘোষিত কমিটির আহ্বায়ক শামসুজ্জামান হাসু বলেন, ‘আমি ও আমার সদস্যসচিব চাকরি ছেড়ে দেবো। আপনারা চিন্তা করবেন না। আগামীকাল চাকরিতে ইস্তফা দেওয়ার কাগজ পেয়ে যাবেন।’

অন্যদিকে সদস্যসচিব আব্দুল মান্নান মুকুল তাৎক্ষণিক কোনো সিদ্ধান্ত জানাননি। বুধবার সন্ধ্যায় তিনি বলেন, ‘আমি বিষয়টি নিয়ে পরে কথা বলবো।’

আরও পড়ুন: পীরগঞ্জে শহীদ আবু সাঈদের কবর জিয়ারত শেষে ইনকিলাব মঞ্চের পথসভা

এ বিষয়ে উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আব্দুল লতিফ বলেন, বিষয়টি তিনি শুনেছেন, তবে এখনো কাগজপত্র পাননি। সরকারি শিক্ষকদের রাজনৈতিক দলে যুক্ত হওয়ার সুযোগ নেই। অভিযোগের সত্যতা পেলে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হবে।

কমিটিতে সদস্য পদ পাওয়া অগ্রণী ব্যাংকের ফুলবাড়ী শাখার সিনিয়র অফিসার তহিদুল হক দলীয় পদে থাকার বিষয়টি স্বীকার করলেও ব্যস্ততা দেখিয়ে ফোন রেখে দেন।

অগ্রণী ব্যাংকের কুড়িগ্রাম অঞ্চলের প্রধান আহসান হাবিব সরকার বলেন, প্রবিধান অনুযায়ী সরকারি কর্মচারীরা রাজনৈতিক দল কিংবা ব্যবসা-বাণিজ্যে যুক্ত থাকতে পারেন না। ওই কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগের সত্যতা পাওয়া গেলে বিধি অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

আরও পড়ুন: রংপুরে আইনশৃঙ্খলা ও মাদক নিয়ন্ত্রণে এমপি বেলালের গুরুত্বারোপ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ এম


শিক্ষাসহ ৩ সচিবকে সিনিয়র পদমর্যাদা দিল সরকার

সরকার তিনটি মন্ত্রণালয় ও বিভাগের তিন সচিবকে সিনিয়র সচিব পদমর্যাদা প্রদান করেছে। তারা সকলেই চুক্তিভিত্তিক সচিব হিসেবে কর্মরত আছেন।

বুধবার (১৪ অক্টোবর) জনপ্রশাসন মন্ত্রণালয় তিনটি আলাদা প্রজ্ঞাপন জারি করে এই আদেশের কথা জানিয়েছে।

সিনিয়র সচিব পদমর্যাদা প্রাপ্তদের মধ্যে রয়েছেন মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব আবদুল খালেক, জনপ্রশাসন মন্ত্রণালয়ের সচিব মো. কামরুজ্জামান চৌধুরী এবং স্থানীয় সরকার বিভাগের সচিব মোহাম্মদ শহীদুল হাসান।

জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে জারি করা প্রজ্ঞাপনগুলোতে স্বাক্ষর করেছেন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব আল-বশিরুল ইসলাম। প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে, জনস্বার্থে জারি করা এই আদেশ অবিলম্বে কার্যকর হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ল্যান্ডফোনের যুগে ফিরে গেছে রাশিয়া

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৩ এম


ল্যান্ডফোনের যুগে ফিরে গেছে রাশিয়া

রাশিয়ায় মোবাইল ইন্টারনেটের বন্ধের ঘটনা বাড়তে থাকায় সরকারি প্রতিষ্ঠান ও ব্যবসায়িক সংস্থাগুলো ল্যান্ডফোন ব্যবহারে আগ্রহী হয়ে উঠেছে। ২০২৬ সালের প্রথম আট মাসে, দেশটির সরকারি প্রতিষ্ঠানগুলো ল্যান্ডফোন কেনার জন্য উল্লেখযোগ্য পরিমাণ অর্থ ব্যয় করেছে। আগের বছরের একই সময়ের তুলনায় এই ব্যয় তিন গুণেরও বেশি হয়েছে।

রুশ সংবাদমাধ্যম ভেদোমস্তি এই তথ্য প্রকাশ করেছে। তাদের হিসাব অনুযায়ী, জানুয়ারি থেকে আগস্ট পর্যন্ত ল্যান্ডফোন কেনার জন্য খরচ হয়েছে ১১ কোটি ৮০ লাখ রুবল, যা প্রায় ১২ লাখ ৬০ হাজার ইউরোর সমান। এই সময়ে ল্যান্ডফোন কেনার দরপত্রের সংখ্যা ১২ দশমিক ৫ শতাংশ বেড়েছে।

২০২৫ সালের মে মাস থেকে রাশিয়ায় নিয়মিত মোবাইল ইন্টারনেট বন্ধ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। কর্তৃপক্ষের বক্তব্য, ইউক্রেনের ড্রোন হামলা প্রতিরোধের জন্য এই বিধিনিষেধ প্রয়োজন। তবে বিশেষজ্ঞরা এ বিষয়ে ভিন্নমত পোষণ করেছেন। তাদের মতে, ইন্টারনেট সংযোগ বন্ধ থাকলেও ড্রোন পূর্বনির্ধারিত পথে উড়তে সক্ষম।

ইন্টারনেট বন্ধের কারণে সাধারণ মানুষের জীবনযাত্রায় ভোগান্তি বেড়েছে। ব্যাংকিং সেবাগুলো ব্যাহত হচ্ছে এবং ট্যাক্সি ও খাবার সরবরাহের সেবাও সঠিকভাবে কাজ করছে না। পথ খুঁজে পেতেও সমস্যা হচ্ছে।

রাশিয়ার রাষ্ট্রায়ত্ত টেলিযোগাযোগ প্রতিষ্ঠান রোস্তেলেকমের প্রধান মিখাইল ওসেয়েভস্কি একটি পরামর্শ দিয়েছেন। তিনি উল্লেখ করেছেন, "অগ্নিনির্বাপক যন্ত্রের মতো প্রতিটি বাড়িতে একটি ল্যান্ডফোন থাকা উচিত।" ক্রেমলিনের মুখপাত্র দিমিত্রি পেসকভও জানিয়েছেন, প্রেসিডেন্টের কার্যালয়ে যোগাযোগের জন্য ল্যান্ডফোন ব্যবহৃত হয়।

বর্তমানে রাশিয়ায় প্রতি ১০০ জনে প্রায় ১২ দশমিক ২টি ল্যান্ডফোন বিদ্যমান। তবে দেশটির অর্থনৈতিক উন্নয়ন মন্ত্রণালয়ের পূর্বাভাস অনুযায়ী, ২০২৯ সালের মধ্যে এই সংখ্যা কমে ৮ দশমিক ২ থেকে ৮ দশমিক ৫-এ নেমে আসতে পারে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ভিনিসিয়ুসকে চুল টেনে নিষিদ্ধ, এল ক্লাসিকো মিস করবেন

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৪ এম


ভিনিসিয়ুসকে চুল টেনে নিষিদ্ধ, এল ক্লাসিকো মিস করবেন

ভিনিসিয়ুস জুনিয়রের এল ক্লাসিকোয় খেলার সম্ভাবনা এখন শেষ হয়ে গেছে। শনিবার রাতে ভিয়ারিয়ালের বিরুদ্ধে লাল কার্ড দেখানোর পর তাকে চার ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিষয়টি আনুষ্ঠানিকভাবে নিশ্চিত হয়েছে। সালিবার চুল টেনে ধরার কারণে এবং পরে সিদ্ধান্তের প্রতিবাদ করার জন্য এই শাস্তি প্রদান করা হয়েছে।

শৃঙ্খলা কমিটি জানিয়েছে, ঘটনার সময় বলের দখল নিয়ে কোনো লড়াই ছিল না। তাই চুল টেনে ধরার জন্য এক ম্যাচ নয়, দুই ম্যাচের নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। লাল কার্ড দেখানোর পর ভিনিসিয়ুসের আচরণকে কমিটি ‘আক্রমণাত্মক মনোভাব’ হিসেবে চিহ্নিত করেছে। এর জন্য আরও দুই ম্যাচ যোগ হওয়ায় মোট চার ম্যাচ নিষিদ্ধ হয়েছেন তিনি। নিষিদ্ধ ম্যাচগুলো হলো সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তানদের এবং ভ্যালেন্সিয়া।

আন্তর্জাতিক বিরতির পর লা লিগার ১৩তম রাউন্ডে সেল্তার বিরুদ্ধে খেলতে নামবেন ভিনিসিয়ুস। এই ম্যাচটি ২০ থেকে ২৩ নভেম্বরের মধ্যে অনুষ্ঠিত হবে। ফলে এক মাসেরও বেশি সময় তিনি লিগের মাঠের বাইরে থাকবেন। বর্তমানে তার মনোযোগ চ্যাম্পিয়নস লিগের দিকে। বড় ম্যাচটি, অর্থাৎ বার্সেলোনার বিপক্ষে লড়াই, তিনি হাতছাড়া করেছেন।

রিয়াল মাদ্রিদ মনে করছে, এই শাস্তি অনুপাতের তুলনায় অনেক বেশি। ক্লাবের মতে, রেফারিং থেকে শুরু করে শৃঙ্খলা কমিটি পর্যন্ত পুরো ব্যবস্থার অবস্থাই এতে ফুটে উঠেছে।

তবে দীর্ঘ নিষেধাজ্ঞার সম্ভাবনার জন্য ক্লাবটি কয়েক দিন ধরে প্রস্তুত ছিল। রিয়ালের আশা ছিল, শাস্তি তিন ম্যাচের কম হবে। দুই ম্যাচ হলেই তারা খুশি থাকত। চার ম্যাচের শাস্তি তারা ভাবেনি। প্রতিবাদের জন্য তারা বিশেষভাবে নমনীয়তার আশা করেছিল। কিন্তু রেফারির প্রতিবেদন ও ভিডিও ফুটেজ দেখার পর ঘটনাটি নিয়ে তর্কের সুযোগ খুব কম ছিল।

৭০তম মিনিটে ভিনিসিয়ুস নাথানিয়েল সালিবার চুল টেনে ধরেন। ঘটনাটি ঘটে এমন এক পাল্টা আক্রমণের শুরুতে, যা শেষ হয় গোলে। প্রথমে ঘটনাটি কারও নজরে আসেনি। কিন্তু ভিএআর হস্তক্ষেপ করে সবকিছু বদলে দেয়। রেফারি দিয়াজ দে মেরা এসকুদেরোস কয়েকবার রিপ্লে দেখার পর ব্রাজিলিয়ান তারকাকে সরাসরি লাল কার্ড দেখান। গোলটি বাতিল হয়ে যায়।

এরপর রেফারির প্রতিবেদনই প্রধান প্রমাণ হয়ে দাঁড়ায়। প্রতিবেদনের ভাষা ভিনিসিয়ুসের জন্য ক্ষতিকর ছিল। প্রথমত, প্রতিবেদনে স্পষ্ট লেখা ছিল, চুল টানার সময় ‘বল বিতর্কিত ছিল না’। ফুটবলে বল নিয়ে লড়াইয়ের সময় এবং বলের বাইরের ঘটনার মধ্যে শাস্তির বড় পার্থক্য রয়েছে। এ ক্ষেত্রে সর্বনিম্ন নিষেধাজ্ঞা বেড়ে দুই ম্যাচ হয়েছে। দ্বিতীয়ত, প্রতিবেদনে ভিনিসিয়ুসের প্রতিবাদকে ‘আক্রমণাত্মক মনোভাব, যাকে সতীর্থদের আটকাতে হয়েছে’ বলে বর্ণনা করা হয়েছে। এর জন্যই বাড়তি দুই ম্যাচ যোগ হয়েছে।

সিদ্ধান্তে ক্ষুব্ধ ভিনিসিয়ুস লা লিগার ম্যাচ ডিরেক্টরকে ধাক্কা দেন। তিনি তাকে ‘নোংরা লিগ’ বলেও গালি দেন। তখন তিনি মাথা পুরোপুরি ঠান্ডা রাখতে পারেননি।

রিয়াল জানত, আপিলে সুবিধা পাওয়ার সম্ভাবনা কম। তারা কার্যত অলীক আশাই করছিল। ভরসা ছিল, রেফারি প্রতিবেদনে কোনো গালিগালাজ বা এ ধরনের ভাষার কথা লেখেননি, যা শৃঙ্খলা কমিটি বিবেচনা করবে। রেফারি ভিনিসিয়ুসের আচরণ বর্ণনা করেছেন এমন ভাষায়, যাতে ব্যাখ্যার সুযোগ ছিল। শেষ পর্যন্ত কোনো ছাড় মেলেনি।

ভিনিসিয়ুস আজ রাতে রোমে খেলবেন। কিন্তু এরপর আন্তর্জাতিক বিরতির আগে তার একমাত্র প্রতিযোগিতামূলক খেলা হবে চ্যাম্পিয়নস লিগে। সেভিয়া, বার্সেলোনা, রেসিং সান্তানদের এবং ভ্যালেন্সিয়া, চারটি ম্যাচই তার হাতছাড়া হয়েছে। লা লিগায় তার ফেরার কথা ১৩তম রাউন্ডে, সেল্তার বিরুদ্ধে। রিয়ালের জন্য এটি বড় ধাক্কা। এই নিষেধাজ্ঞার ফলে তিনি এল ক্লাসিকোতেও থাকছেন না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর
মহাপরিচালকের ক্ষোভ প্রকাশ

জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সিএনজিচালক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

বৃহস্পতিবার, ১৫ই অক্টোবর, ২০২৬ ইং

১২:৪৪ এম


জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে ককটেল বিস্ফোরণ, আহত ১ সিএনজিচালক

রাজধানীর শেরেবাংলা নগর এলাকার জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে একটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই বিস্ফোরণে এক সিএনজিচালক আহত হয়েছেন।

বুধবার রাত পৌনে ১১টার দিকে ঘটে এই ককটেল বিস্ফোরণ। ডিএমপির তেজগাঁও বিভাগের উপকমিশনার (ডিসি) মো. ইবনে মিজান যুগান্তরকে জানান, দুটি ককটেল নিক্ষেপ করা হয়েছিল, যার মধ্যে একটি বিস্ফোরিত হয়। বিস্ফোরিত ককটেলটি সিএনজির উপর পড়ে, ফলে চালক আহত হন।

তিনি আরও বলেন, ঘটনাস্থলে সিসিটিভি ক্যামেরা নেই। আশপাশের ক্যামেরার ফুটেজ সংগ্রহের চেষ্টা চলছে। ডিসি জানান, দুষ্কৃতকারীদের গ্রেপ্তারের জন্য চেষ্টা চলছে।

রাত পৌনে ১১টার দিকে জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে একটি ককটেল বিস্ফোরণ ঘটে। এতে এক সিএনজিচালক আহত হন, তবে তার নাম ও পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি। ঘটনার পর তাকে চিকিৎসার জন্য হাসপাতালে নিয়ে যাওয়া হয়।

এদিকে, খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা ঘটনাস্থলে পৌঁছেছেন। তবে ককটেল বিস্ফোরণের পেছনে কে বা কারা রয়েছে, সে বিষয়ে তাৎক্ষণিকভাবে কিছু জানা যায়নি।

এ ঘটনার বিষয়ে ক্ষোভ প্রকাশ করেছেন জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের মহাপরিচালক এহসান মাহমুদ। তিনি যুগান্তরকে বলেন, ‘জুলাই গণঅভ্যুত্থান স্মৃতি জাদুঘরের সামনে একাধিক ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে। এই ঘটনায় এক সিএনজিচালিত অটোরিকশাচালক গুরুতর আহত হয়েছেন। যারা এই ধরনের নাশকতামূলক কর্মকাণ্ড ঘটাচ্ছেন, তারা মূলত জাদুঘরের কার্যক্রমকে ভয় পাচ্ছেন। ককটেল বিস্ফোরণ ঘটিয়ে জাদুঘরের কার্যক্রমকে বাধাগ্রস্ত করা যাবে না।’

তিনি আরও বলেন, ‘দেশের মানুষ সহজেই বুঝতে পারছে যে, জুলাই গণঅভ্যুত্থান জাদুঘরে কোনো গোষ্ঠী নাশকতা চালাতে পারে বা হামলা করতে পারে। গণঅভ্যুত্থানের পরাজিত শক্তি এ ধরনের কার্যক্রমের মধ্য দিয়ে আরও ঘৃণিত হবে। তবে আমরা বলতে চাই যে, জাদুঘরের বাইরে নিরাপত্তাব্যবস্থা আরও জোরদার করার বিষয়ে আমরা সচেষ্ট থাকব।’

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ৫ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪১
জোহর ১১:৪৫
আসর ০৩:৫৪
মাগরিব ০৫:৩২
ইশা ০৬:৪৩
সূর্যোদয় : ০৫:৫৬ সূর্যাস্ত : ০৫:৩২
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%