০৮:৪৬ পি.এম
সংযুক্ত আরব আমিরাতে কর্মসংস্থানের সুযোগকে আরও সহজ, দ্রুত ও আধুনিক করতে ওয়ার্ক পারমিট ব্যবস্থায় ব্যাপক সংস্কার করা হয়েছে মানবসম্পদ ও আমিরাতীকরণ মন্ত্রণালয়ের দ্বারা।
নতুন এই উদ্যোগের ফলে আবেদন প্রক্রিয়া অনেক সহজ হয়েছে, প্রশাসনিক জটিলতা কমেছে এবং বেড়েছে ডিজিটাল সেবার পরিধি। মন্ত্রণালয়ের মতে, এই সংস্কারের ফলে নিয়োগকর্তা ও কর্মী উভয়েই কম সময়ে ও খরচে প্রয়োজনীয় সেবা গ্রহণ করতে পারবেন।
সম্প্রতি মন্ত্রণালয় এক পরিপত্র জারি করেছে, যেখানে জানানো হয়েছে যে সংস্কার কার্যক্রমকে আরও কার্যকর ও জনবান্ধব করতে আগামী ৩০ জুলাই পর্যন্ত অনলাইন জনপরামর্শ কার্যক্রম চলবে। এই উদ্যোগের মাধ্যমে নাগরিক, নিয়োগকর্তা ও সেবাগ্রহীতারা বিদ্যমান ওয়ার্ক পারমিট ব্যবস্থার বিষয়ে মতামত ও সুপারিশ জানাতে পারবেন। বিশেষ করে পারমিট অনুমোদন প্রক্রিয়া সহজ করা এবং অপ্রয়োজনীয় শর্তাবলি কমানোর বিষয়ে মতামত আহ্বান করা হয়েছে।
আরও পড়ুন: ঋণ গ্রহণের ব্যয় বৃদ্ধিতে সীমিত পরিসরের বাজেটের পথে যুক্তরাজ্য
মন্ত্রণালয় জানিয়েছে, ‘জিরো গভর্নমেন্ট ব্যুরোক্রেসি প্রোগ্রাম’-এর আওতায় এ সংস্কার কার্যকর হচ্ছে। এর অংশ হিসেবে অনেক ক্ষেত্রে সহায়ক নথি জমা দেওয়ার বাধ্যবাধকতা তুলে দেওয়া হয়েছে। কিছু ওয়ার্ক পারমিটের জন্য প্রয়োজনীয় তথ্যের পরিমাণ ৭৫ থেকে ৯৭ শতাংশ পর্যন্ত কমানো হয়েছে। একই সঙ্গে আবেদন নিষ্পত্তির সময়ও উল্লেখযোগ্যভাবে হ্রাস পেয়েছে, ফলে সেবাগ্রহীতারা দ্রুত ফলাফল পাচ্ছেন।
বর্তমানে আমিরাতের শ্রম আইনের নির্বাহী বিধিমালা অনুযায়ী ১৩ ধরনের ওয়ার্ক পারমিট চালু রয়েছে। এর মধ্যে রয়েছে বিদেশ থেকে কর্মী নিয়োগের অনুমতি, চাকরি পরিবর্তনের জন্য ট্রান্সফার পারমিট, এবং পরিবারের স্পন্সরশিপে থাকা ব্যক্তির জন্য ওয়ার্ক পারমিট। এছাড়া অস্থায়ী ও এককালীন মিশনভিত্তিক কাজের পারমিট, পার্ট-টাইম কর্মসংস্থানের অনুমতি, অপ্রাপ্তবয়স্কদের জন্য বিশেষ ওয়ার্ক পারমিটও রয়েছে।
অন্যদিকে শিক্ষার্থী প্রশিক্ষণ ও কর্মসংস্থান পারমিট, আমিরাত ও জিসিসিভুক্ত দেশের নাগরিকদের জন্য বিশেষ পারমিট, গোল্ডেন ভিসাধারীদের জন্য ওয়ার্ক পারমিট, ন্যাশনাল ট্রেইনি পারমিট, ফ্রিল্যান্স পারমিট এবং গৃহকর্মীদের জন্য পৃথক ওয়ার্ক পারমিটও এই ব্যবস্থার অন্তর্ভুক্ত।
তথ্যসূত্র: গালফ নিউজ
আরও পড়ুন: স্পেনে দ্রুতগামী দুই ট্রেনের সংঘর্ষে ১০ জন নিহত
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন