০৮:০৮ পি.এম
জামালপুরে হত্যা মামলায় আদালত একজনকে মৃত্যুদণ্ড এবং দুইজনকে সাত বছরের কারাদণ্ড প্রদান করেছে। রোববার (১২ জুলাই) দুপুরে জামালপুরের অতিরিক্ত জেলা ও দায়রা জজ-১ এর বিচারক মো: নেজাম উদ্দীন এ রায় দেন।
মৃত্যুদণ্ড প্রাপ্ত আসামি হলেন জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার সুরুজ্জামানের ছেলে মো. আরিফুল ইসলাম (২৫)। অন্যদিকে, কারাদণ্ড প্রাপ্ত আসামিরা হলেন একই এলাকার গোলাম মোস্তাফা গোলাপের স্ত্রী লাভলী বেগম (৪০) এবং তার কন্যা আরফিন আক্তার তিশা (২০)।
মামলার সূত্রে জানা গেছে, জামালপুর সদর উপজেলার শাহবাজপুর এলাকার মঞ্জুরুল ইসলামের ছেলে নাজমুল ইসলাম তাকি (২২) এর সঙ্গে গোলাম মোস্তফা গোলাপের কন্যা আরফিন আক্তার তিশার প্রেমের সম্পর্ক ছিল। তাদের অনৈতিক সম্পর্কের বিষয়টি এলাকার গফুর কাজির ছেলে শিপন কাজি (২৩) দেখেন। শিপন কাজি বিষয়টি নাজমুল ইসলাম তাকি, আফরিন আক্তার তিশা এবং তাদের বাবা-মা এবং এলাকার লোকজনকে জানিয়ে দেয়।
আরও পড়ুন: মোহাম্মদপুরে ব্যবসায়ীকে আটকে রেখে ১০ লাখ টাকা চাঁদা দাবি ডিজিএফআই সদস্যসহ গ্রেপ্তার ৬
এরপর ঘটনার জেরে ২০২২ সালের ১২ সেপ্টেম্বর মধ্যরাতে শাহবাজপুর এলাকার সুরুজ্জামানের ছেলে আরিফুল ইসলাম (২৫), প্রেমিক নাজমুল ইসলাম তাকি, প্রেমিকা আরফিন আক্তার তিশা, তার ভাই মাহবুব হাসান তাকি এবং মা লাভলী বেগম ফোন করে শিপন কাজিকে বাড়ি থেকে ডেকে নিয়ে যান। কিন্তু শিপনের বাড়ির লোকজন অনেক খোঁজাখুঁজি করার পর তাকে না পেয়ে জামালপুর সদর থানায় সাধারণ ডায়েরি করেন। পরে পুলিশ ওই বছরের ১৭ সেপ্টেম্বর রাত ২টার দিকে আরিফুল ইসলামের বাড়ির পিছনের জঙ্গলে পরিত্যক্ত টয়লেটের টাংকির মধ্যে থেকে অর্ধগলিত অবস্থায় শিপনের মরদেহ উদ্ধার করে।
এই ঘটনায় নিহতের বাবা গফুর কাজি ঐ দিনই পাঁচজনের নাম উল্লেখ করে এবং অজ্ঞাত আরও চার থেকে পাঁচজনকে আসামি করে হত্যা মামলা দায়ের করেন। মামলার ১২ জন সাক্ষীর সাক্ষ্য গ্রহণ শেষে আদালত আজ দুপুরে আসামিদের উপস্থিতিতে রায় ঘোষণা করেন।
মামলার রাষ্ট্রপক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট দিদারুল ইসলাম দিদার এবং আসামি পক্ষের আইনজীবী হিসেবে ছিলেন অ্যাডভোকেট মোতাকব্বির হোসেন রুবেল।
আরও পড়ুন: আওমী লীগ নেতার বাড়িতে লক্ষ্মীপূজার দাওয়াতে এসে ৭ কর্মী আটক
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন