ঢাকা রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৬ই কার্তিক, ১৪৩২বঙ্গাব্দ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিজরী
রবিবার, ০১ই নভেম্বর, ২০২৬ইং ১৬ই কার্তিক, ১৪৩২বাং

রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি


রাজশাহী শিক্ষা বোর্ডে জিপিএ-৫ প্রাপ্তিতে এগিয়ে মেয়েরা, ৩৯ কলেজে কেউ পাস করেনি

রাজশাহী মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডে উচ্চমাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) পরীক্ষায় পাসের হার কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে দাঁড়িয়েছে। এ বছর পরীক্ষায় অংশ নেওয়া শিক্ষার্থীদের অর্ধেকেরও বেশি অকৃতকার্য হয়েছে। করোনা মহামারির কারণে ২০২০ সালে অটোপাসের পর এটিই বোর্ডের সর্বনিম্ন পাসের হার। তবে সামগ্রিক ফলাফল খারাপ হলেও পাসের হার ও জিপিএ-৫ প্রাপ্তি, উভয় ক্ষেত্রেই ছেলেদের চেয়ে এগিয়ে রয়েছে মেয়েরা।
শনিবার (৩১ অক্টোবর) বেলা ১১টায় রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন আনুষ্ঠানিকভাবে এ বছরের এইচএসসি পরীক্ষার ফলাফল প্রকাশ করেন।
বোর্ডের প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর এইচএসসি পরীক্ষায় অংশগ্রহণের জন্য নিবন্ধন করেছিল ১ লাখ ৪১ হাজার ৯৩৬ জন শিক্ষার্থী। এর মধ্যে পরীক্ষায় অংশ নেয় ১ লাখ ৩৭ হাজার ৩৫৬ জন। পাস করেছে মাত্র ৬১ হাজার ৮৯৪ জন। সে হিসাবে অকৃতকার্য হয়েছে ৭৫ হাজার ৪৬২ জন শিক্ষার্থী।
রাজশাহী বিভাগের আট জেলার ৭৪৩টি কলেজের শিক্ষার্থীরা ২০৮টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়। ফলাফলে দেখা যায়, ছেলেদের পাসের হার ৩৭ দশমিক ৭১ শতাংশ। অন্যদিকে মেয়েদের পাসের হার ৫৩ দশমিক ০৩ শতাংশ।
এ বছর বোর্ডে মোট ৪ হাজার ৫২০ জন শিক্ষার্থী জিপিএ-৫ পেয়েছে। তাদের মধ্যে ছেলে ১ হাজার ৯৬৫ জন এবং মেয়ে ২ হাজার ৫৫৫ জন। অর্থাৎ জিপিএ-৫ প্রাপ্তিতেও ছেলেদের তুলনায় ৫৯০ জন এগিয়ে রয়েছে মেয়েরা।
পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন জানান, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বনের দায়ে ৩১ জন পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছিল। এ বছর বিভাগের আট জেলায় মাত্র ৯টি কলেজের সব পরীক্ষার্থী পাস করেছে। বিপরীতে ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থীই পাস করতে পারেনি।
বোর্ডের গত কয়েক বছরের ফলাফল পর্যালোচনায় দেখা যায়, ২০২০ সালে শতভাগ পাসের পর ২০২১ সালে পাসের হার ছিল ৯৭ দশমিক ২৯ শতাংশ। ২০২২ সালে তা কমে দাঁড়ায় ৮১ দশমিক ৬০ শতাংশে। ২০২৩ সালে পাসের হার ছিল ৭৮ দশমিক ৪৬ শতাংশ এবং ২০২৪ সালে ছিল ৮১ দশমিক ২৪ শতাংশ। গত বছর, অর্থাৎ ২০২৫ সালে পাসের হার আরও কমে দাঁড়ায় ৫৯ দশমিক ৪০ শতাংশে। এবার তা কমে ৪৫ দশমিক ০৬ শতাংশে নেমেছে।
ফলাফলের বিষয়ে পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক ইফফাত জেরীন বলেন, শিক্ষার্থীরা খাতায় যেমন লিখেছে, সেভাবেই নম্বর পেয়েছে। কাউকে বাড়তি নম্বর দেওয়া হয়নি। তাই সামগ্রিক ফলাফলে প্রভাব পড়েছে।
এদিকে পাসের হার উল্লেখযোগ্যভাবে কমে যাওয়ায় শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষাসংশ্লিষ্টদের মধ্যে উদ্বেগ তৈরি হয়েছে। বিশেষ করে ৩৯টি কলেজের কোনো শিক্ষার্থী পাস না করা এবং বিপুলসংখ্যক শিক্ষার্থীর অকৃতকার্য হওয়ার বিষয়টি শিক্ষার মান ও ফলাফল পর্যালোচনার প্রয়োজনীয়তাকে সামনে এনেছে।#

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

অন্ধত্ব জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেলেন মৌমি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


অন্ধত্ব জয় করে এইচএসসি পরীক্ষায় জিপিএ ৫ পেলেন মৌমি

দৃষ্টিপ্রতিবন্ধকতার কারণে তাহমিনা আক্তার মৌমিকে পড়াশোনার ক্ষেত্রে বিভিন্ন প্রতিবন্ধকতার সম্মুখীন হতে হয়েছে। তবে তার ইচ্ছাশক্তি কোনো প্রতিবন্ধকতাকেই দমাতে পারেনি। মনের দৃঢ়তা ও অদম্য অধ্যবসায়কে সাথে নিয়ে এবারের এইচএসসি পরীক্ষায় তিনি জিপিএ ৫ অর্জন করেছেন।

সিলেট সরকারি মদন মোহন কলেজের শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি মৌলভীবাজারের জুড়ী উপজেলার জায়ফরনগর গ্রামের আব্দুল আহাদের কন্যা।

বর্তমানে মৌমি সিলেটে দৃষ্টিপ্রতিবন্ধীদের কল্যাণে কাজ করা ‘গ্রীণ ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন’ (জিডিএফ)-এর আবাসিক শিক্ষার্থী হিসেবে লেখাপড়া চালিয়ে যাচ্ছেন।

মৌমির এই অসাধারণ অর্জনে জিডিএফর নির্বাহী পরিচালক বায়েজিদ আহমদ খান মন্তব্য করেন, মৌমি প্রথম শ্রেণি থেকেই তাদের আবাসিক শিক্ষার্থী। তার ধারাবাহিক সাফল্যে তারা অত্যন্ত আনন্দিত ও গর্বিত।

বায়েজিদ আহমদ খান বলেন, "শারীরিক সীমাবদ্ধতা যে মেধার বিকাশ ও অদম্য ইচ্ছাশক্তির কাছে হার মানতে বাধ্য, মৌমি তা আবারও প্রমাণ করেছেন।" তিনি আরও বলেন, অদম্য এই তরুণী শুধু নিজের ও পরিবারের মুখই উজ্জ্বল করেননি, বরং সমাজের সব বাধা পেরিয়ে সামনে এগিয়ে যাওয়ার এক অনন্য অনুপ্রেরণা হয়ে উঠেছেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্বামীকে পুনরায় বিয়ে করতে বলায় ১৮ তলা থেকে ঝাঁপ দিলেন নারী ও তার ছেলে

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩০ পি.এম


স্বামীকে পুনরায় বিয়ে করতে বলায় ১৮ তলা থেকে ঝাঁপ দিলেন নারী ও তার ছেলে

ভারতের মহারাষ্ট্রের পিম্পরি-চিঞ্চওয়াড়ে একটি আবাসিক ভবনের ১৮ তলা থেকে পড়ে ৩৩ বছর বয়সী এক নারী এবং তার ছয় বছর বয়সী ছেলের মৃত্যু ঘটেছে। পুলিশ ঘটনাস্থলে গিয়ে জানিয়েছে, ওই নারীর বাসা থেকে সাত থেকে আট পৃষ্ঠার একটি চিঠি উদ্ধার করা হয়েছে। চিঠিতে তার মৃত্যুর পর স্বামীকে নতুন করে জীবন শুরু করতে এবং বিয়ে করতে বলা হয়েছে।

ইন্ডিয়া টুডের খবরে উল্লেখ করা হয়েছে, ওই নারীর নাম একতা বানগাড় এবং তার ছেলে মাধব। তারা সিগনেচার পার্কের একটি আবাসিক এলাকায় একতার স্বামী মনোজ বানগাড়ের সঙ্গে বসবাস করতেন। মনোজ পুনের একটি তথ্যপ্রযুক্তি প্রতিষ্ঠানে প্রকৌশলী হিসেবে কর্মরত রয়েছেন।

পুলিশের প্রাথমিক তথ্য অনুযায়ী, শুক্রবার সন্ধ্যা সাড়ে ৬টার দিকে একতা তার ছেলেকে নিয়ে ভবনটির ১৮ তলায় যান। পরে সেখানকার করিডর থেকে একটি ডাক্টে ঝাঁপ দেওয়ার ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। ঘটনাস্থল থেকে মা ও ছেলের মরদেহ উদ্ধার করা হয়।

পুলিশ জানায়, একতা কয়েক বছর ধরে মেরুদণ্ডের সমস্যায় ভুগছিলেন। তার বাসা থেকে উদ্ধার করা সাত থেকে আট পৃষ্ঠার চিঠিতে স্বামীর প্রতি অনুভূতি প্রকাশের পাশাপাশি মৃত্যুর পর তাঁকে নতুন করে জীবন শুরু করতে এবং বিয়ে করার কথা বলা হয়েছে।

চিঠিতে ছেলের ভবিষ্যৎ নিয়ে উদ্বেগ প্রকাশ করেছেন একতা। মায়ের অনুপস্থিতি ছেলেকে কীভাবে প্রভাবিত করবে, সে বিষয়ে তিনি আশঙ্কা প্রকাশ করেছেন। ছেলেকে সঙ্গে নেওয়ার সিদ্ধান্তের পেছনে মাকে হারানোর পর তার বারবার মায়ের কথা জানতে চাওয়ার বিষয়টি উল্লেখ করা হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

চিঠির বক্তব্য এবং ঘটনার পারিপার্শ্বিক পরিস্থিতি খতিয়ে দেখছে পুলিশ। তবে তদন্ত শেষ হওয়ার আগে চিঠিতে উল্লেখ করা বিষয়গুলো নিশ্চিত তথ্য হিসেবে বিবেচনা করা হচ্ছে না।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

ইসরাইলজুড়ে ইহুদি-আরব যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভের প্রস্তুতি

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩১ পি.এম


ইসরাইলজুড়ে ইহুদি-আরব যৌথ সরকার গঠনের দাবিতে বিক্ষোভের প্রস্তুতি

সম্প্রতি অনুষ্ঠিত ইসরাইলি নির্বাচনের পর দেশটির রাজনৈতিক দৃশ্যপট নতুন এক মোড় নিয়েছে। নির্বাচন পরবর্তী অচলাবস্থা কাটানোর লক্ষ্যে এবং পরিবর্তনের পক্ষে ভোটদানকারী নাগরিকদের মূল্যায়ন করে একটি যৌথ ইহুদি-আরব সরকার গঠনের দাবিতে আজ শনিবার (৩১ অক্টোবর) দেশের বিভিন্ন প্রধান শহরে ব্যাপক বিক্ষোভ ও গণসমাবেশের আয়োজন করা হয়েছে।

‘স্ট্যান্ডিং টুগেদার’ (Standing Together) নামক আন্দোলনের উদ্যোক্তাদের তথ্য অনুযায়ী, তেল আবিবের হাবিমা স্কয়ার, জেরুজালেমের প্যারিস স্কয়ার, বেয়ারশেবা, হাইফা এবং তাইবের মতো শহরগুলোতে আজ সন্ধ্যা ৭:৩০ মিনিটে এই বিক্ষোভ কর্মসূচি অনুষ্ঠিত হবে।

সাম্প্রতিক সাধারণ নির্বাচনে বিরোধী ‘পরিবর্তন ব্লক’ ৫৩টি আসনের বিপরীতে মোট ৬৭টি আসন নিশ্চিত করেছে। তবে এই ৬৭টি আসনের মধ্যে জায়নবাদী দলগুলোর রয়েছে ৪৮টি এবং আরব অ-জায়নবাদী দলগুলোর রয়েছে ১৯টি আসন। পূর্বে ইহুদি বিরোধী দলীয় নেতারা আরব দলগুলোর সাথে সহযোগিতা না করার ঘোষণা দিলেও বর্তমান পরিস্থিতিতে আন্দোলনকারীরা তাদের এই অবস্থান পরিবর্তনের জন্য চাপ দিচ্ছেন।

বিক্ষোভের মূল আয়োজকদের মতে, নির্বাচনে পরিবর্তনের পক্ষে যে বিশাল জনমত তৈরি হয়েছে, তা আগামী সরকার গঠনে প্রতিফলিত হওয়া উচিত। তারা জোরালো দাবি জানিয়ে বলেন, "আরব ভোটারদের ভোটও ইহুদি ভোটারদের মতোই সমান মূল্যবান। দেশের ভবিষ্যৎ গঠনে আরব নাগরিকরা সমান অংশীদার।" বর্তমান রাজনৈতিক পরিস্থিতিতে অংশীদারিত্ব ত্যাগ না করে এটিকে একটি বাস্তবসম্মত রাজনৈতিক শক্তিতে রূপান্তর করার সময় এখনই বলে মন্তব্য করেছেন তারা।

বিশ্লেষকদের মতে, নির্বাচনের পর সৃষ্ট রাজনৈতিক জটিলতা এবং জোট গঠনের এই টানাপোড়েনের মধ্যে আজকের এই গণসমাবেশ ইসরাইলের ভবিষ্যত রাজনীতিতে নতুন কোনো সমীকরণ তৈরি করতে পারে কি না, সেটাই এখন দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

দেশের ১৪ কেন্দ্রে অনুষ্ঠিত হলো কেমিস্ট্রি অলিম্পিয়াড

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

শনিবার, ৩১শে অক্টোবর, ২০২৬ ইং

০৬:৩২ পি.এম


দেশের ১৪ কেন্দ্রে অনুষ্ঠিত হলো কেমিস্ট্রি অলিম্পিয়াড

বাংলাদেশের ১৪টি আঞ্চলিক কেন্দ্রে একযোগে অনুষ্ঠিত হলো ১৬তম বাংলাদেশ কেমিস্ট্রি অলিম্পিয়াড-২০২৭-এর প্রাথমিক পর্ব। জগন্নাথ বিশ্ববিদ্যালয়সহ (জবি) এই আয়োজন অনুষ্ঠিত হয়।

শনিবার (৩১ অক্টোবর) এইচএসসি ও এ-লেভেল পর্যায়ের শিক্ষার্থীদের অংশগ্রহণে প্রতিযোগিতাটি অনুষ্ঠিত হয়। এবারের অলিম্পিয়াডে সারা দেশ থেকে চার সহস্রাধিক শিক্ষার্থী নিবন্ধন করেছে।

ঢাকা অঞ্চলের প্রতিযোগিতার উদ্বোধন করা হয় বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে, যা জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ ও বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির যৌথ আয়োজনে অনুষ্ঠিত হয়।

সকালে জাতীয় পতাকা, বাংলাদেশ কেমিক্যাল সোসাইটির পতাকা ও অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে অনুষ্ঠানের উদ্বোধন করেন অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক ও বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. রইছ উদ্দীন। উদ্বোধনী বক্তব্যে উপাচার্য অংশগ্রহণকারী শিক্ষার্থীদের বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে স্বাগত জানান।

তিনি উল্লেখ করেন, "এ ধরনের আয়োজন বিশ্ববিদ্যালয়ের জন্য গর্ব ও অর্জনের বিষয়।" উপাচার্য আরও বলেন, "জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগ বিভিন্ন র‌্যাংকিংয়ে প্রথম ও দ্বিতীয় স্থান অর্জনের মাধ্যমে বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে।" তিনি বলেন, "এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের মেধা, সৃজনশীলতা ও বিজ্ঞানমনস্কতা বিকাশে সহায়ক হবে।"

ঢাকা অঞ্চলে বাংলা ও ইংরেজি ভার্সনের এইচএসসি এবং ইংলিশ মিডিয়ামের এ-লেভেল পর্যায়ের মোট ২৮৭ জন শিক্ষার্থী নিবন্ধন করে। এর মধ্যে ২৪০ জন প্রাথমিক পর্বে অংশ নেয়। এমসিকিউ পদ্ধতিতে অনুষ্ঠিত পরীক্ষার পর অংশগ্রহণকারী সবাইকে সনদ দেওয়া হয়। প্রথম ১০ জন বিজয়ীকে সনদ ও মেডেল প্রদান করা হয়।

উদ্বোধনী অনুষ্ঠান শেষে উপাচার্যের নেতৃত্বে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। পরে পুরস্কার বিতরণী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিজয়ীদের মধ্যে পুরস্কার বিতরণ করেন বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার অধ্যাপক ড. সাবিনা শরমীন। তিনি বলেন, "এ ধরনের আয়োজনের মাধ্যমে দেশের শিক্ষার্থীদের মধ্যে রসায়নবিষয়ক জ্ঞান ছড়িয়ে দেওয়ার সুযোগ তৈরি হয়।" তিনি আরও বলেন, "জ্ঞান ও উদ্ভাবনী শক্তির বিকাশে রসায়নের প্রয়োগ সম্পর্কে শিক্ষার্থীদের উৎসাহিত করতে এ অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।"

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ রসায়ন সমিতির সভাপতি অধ্যাপক ড. মো. এমরান কাইয়ুম, সাধারণ সম্পাদক অধ্যাপক ড. এ কে এম লুৎফর রহমান, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক ড. মোহাম্মদ সৈয়দ আলম এবং সমিতির সাবেক সভাপতি ও সরকারের সাবেক মুখ্য সচিব ড. মো. আব্দুল করীম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অলিম্পিয়াডের আহ্বায়ক ও বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের চেয়ারম্যান অধ্যাপক ড. মো. আমিনুল হক।

বক্তারা বলেন, "একুশ শতকের চ্যালেঞ্জ মোকাবিলায় রসায়ন শিক্ষার গুরুত্ব অপরিসীম।" বক্তারা আরও উল্লেখ করেন, "নতুন প্রজন্মকে বিজ্ঞানমনস্ক হিসেবে গড়ে তোলা এবং তাদের মধ্যে মুক্তবুদ্ধি ও সৃজনশীল চিন্তার বিকাশে কেমিস্ট্রি অলিম্পিয়াড গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করছে।" এ ধরনের আয়োজন শিক্ষার্থীদের রসায়নের প্রতি আগ্রহী করে তোলার পাশাপাশি বিজ্ঞান ও প্রযুক্তির বিভিন্ন ক্ষেত্রে অবদান রাখতে অনুপ্রাণিত করবে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. নাছির আহমাদ, জনসংযোগ, তথ্য ও প্রকাশনা দপ্তরের পরিচালক অধ্যাপক ড. মো. আনিসুর রহমান, ছাত্র-কল্যাণ পরিচালক অধ্যাপক মো. মাহাদি হাসান জুয়েলসহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের শিক্ষকরা উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানের আয়োজক সূত্রে জানা যায়, প্রাথমিক পর্বের ফলাফলের ভিত্তিতে প্রায় দুই শতাধিক শিক্ষার্থীকে চূড়ান্ত পর্বের জন্য বাছাই করা হবে। আগামী ২৮ নভেম্বর ২০২৬ জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগে অলিম্পিয়াডের চূড়ান্ত পর্ব অনুষ্ঠিত হবে। আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডের আদলে এ পর্বের পরীক্ষা নেওয়া হবে।

চূড়ান্ত পর্বের বিজয়ীদের মধ্য থেকে চারজন শিক্ষার্থীকে বাংলাদেশের প্রতিনিধি হিসেবে নির্বাচিত করা হবে। তারা আগামী ১৯ থেকে ২৮ জুলাই ২০২৭ তাইওয়ানের তাইপেতে অনুষ্ঠিতব্য আন্তর্জাতিক কেমিস্ট্রি অলিম্পিয়াডে অংশ নেবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ২০ই জমাদিউল আউয়াল, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৪৭
জোহর ১১:৪৩
আসর ০৩:৪৩
মাগরিব ০৫:২০
ইশা ০৬:৩২
সূর্যোদয় : ০৬:০৪ সূর্যাস্ত : ০৫:২০
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%