০২:১১ পি.এম
যুক্তরাষ্ট্র সিরিয়াকে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকা থেকে বাদ দেওয়ার দুই দিন পর, ভিসা ও মাস্টারকার্ড দেশটিতে প্রথম আন্তর্জাতিক কার্ড লেনদেন শুরু করেছে। কাতারের কিউএনবি গ্রুপের সঙ্গে মাস্টারকার্ড এবং লেবাননের ফ্রানসাব্যাঙ্কের সঙ্গে ভিসা পরীক্ষামূলকভাবে এসব লেনদেন সম্পন্ন করেছে।
বৈশ্বিক অর্থব্যবস্থায় সিরিয়ার পুনঃপ্রবেশের ক্ষেত্রে এটি একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে বিবেচিত হচ্ছে। সিরিয়ার প্রেসিডেন্ট আহমেদ আল-শারা দামেস্কের একটি রেস্তোরাঁয় ভিসা কার্ড ব্যবহার করে পরীক্ষামূলক লেনদেনে অংশগ্রহণ করেন। এ সময় তার পাশে কেন্দ্রীয় ব্যাংকের গভর্নর মোহাম্মদ সাফওয়াত রাস্লান উপস্থিত ছিলেন।
আরও পড়ুন: আরব উপসাগরে তেলবাহী ট্যাংকারে ক্ষেপণাস্ত্র হামলায় এক নাবিক নিহত
১৯৭৯ সালে সন্ত্রাসবাদের পৃষ্ঠপোষক দেশের তালিকায় যুক্ত হওয়ার পর, সিরিয়া আন্তর্জাতিক ব্যাংক ও বিনিয়োগকারীদের কাছ থেকে অনেকটাই বিচ্ছিন্ন হয়ে পড়েছিল।
গত ডিসেম্বরে যুক্তরাষ্ট্র বেশিরভাগ নিষেধাজ্ঞা তুলে নিলেও, কিছু ব্যক্তি ও গোষ্ঠীর ওপর নিষেধাজ্ঞা এখনও বহাল রয়েছে।
সিরিয়ার সরকার আশা করছে, তালিকা থেকে বাদ পড়ার ফলে দেশটি বৈশ্বিক আর্থিক ব্যবস্থার সঙ্গে আরো সহজে সংযুক্ত হতে সক্ষম হবে এবং বিদেশি বিনিয়োগ বাড়াতে পারবে। ২০২৪ সালের ডিসেম্বরে বাশার আল-আসাদ ক্ষমতাচ্যুত হলে, প্রেসিডেন্ট আহমেদ আল-শারার সরকার অর্থনীতি পুনর্গঠন ও বিনিয়োগ আকর্ষণের ওপর গুরুত্ব দিচ্ছে।
ভিসা জানিয়েছে, ভবিষ্যতে সিরিয়ায় অবস্থানরত আন্তর্জাতিক পর্যটকরাও তাদের কার্ড ব্যবহার করতে পারবেন।
আরও পড়ুন: সাভার-আশুলিয়ার শিল্পাঞ্চলে ৮৮ কারখানা কর্মমুখর হয়ে উঠছে
অন্যদিকে, কিউএনবি জানিয়েছে, হোটেল, রেস্তোরাঁ ও সরকারি প্রতিষ্ঠানসহ বিভিন্ন ব্যবসা আন্তর্জাতিক মাস্টারকার্ড গ্রহণ করতে সক্ষম হবে। ধাপে ধাপে আরো ব্যবসাপ্রতিষ্ঠান এই ব্যবস্থায় যুক্ত হবে।
ভিসার পরীক্ষামূলক লেনদেনটি লেবাননের ফ্রানসাব্যাঙ্ক এবং সিরিয়ার পেমেন্ট প্রযুক্তি প্রতিষ্ঠান পেমেরার সহযোগিতায় সম্পন্ন হয়েছে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন