ঢাকা রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ইং ১৪ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঈদের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল চালুর তাগিদ


ঈদের আগেই ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে ইলেকট্রনিক টোল চালুর তাগিদ

ঢাকা, ২৮ নভেম্বর, ২০২৬ : ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা আগামী ঈদুল ফিতরের পূর্বে চালুর লক্ষ্যে সংশ্লিষ্টদের কাজ করার নির্দেশনা প্রদান করেছেন সেতু বিভাগের সচিব ও বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের নির্বাহী পরিচালক মোহাম্মদ আবদুর রউফ।

আজ ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়েতে চলমান সাত দিনব্যাপী যানবাহন জরিপ (ট্রাফিক ভলিউম সার্ভে) এবং ইটিসি স্থাপন কার্যক্রম সরেজমিনে পরিদর্শনকালে তিনি এই নির্দেশনা দেন।

পরিদর্শনের সময় সেতু বিভাগের সচিব এক্সপ্রেসওয়ের তেজগাঁওসহ বিভিন্ন টোল প্লাজায় চলমান যানবাহন জরিপের পদ্ধতি পর্যবেক্ষণ করেন। এ সময় জরিপকাজে নিয়োজিত কর্মী ও তদারকির দায়িত্বে থাকা বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রতিনিধিদের সঙ্গে তিনি আলোচনা করেন। টোল প্লাজার সার্ভেইলেন্স ও টোল অপারেশন ব্যবস্থার কার্যক্রম সম্পর্কেও তিনি অবহিত হন।

আরও পড়ুন: এশীয় দেশগুলোর সঙ্গে বাণিজ্য ঘাটতি উদ্বেগজনক পর্যায়ে পৌঁছেছে

পরে তিনি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের সেন্ট্রাল কন্ট্রোল বিল্ডিংয়ে অবস্থিত কেন্দ্রীয় নিয়ন্ত্রণকক্ষ পরিদর্শন করেন। এই নিয়ন্ত্রণকক্ষ থেকে পুরো এক্সপ্রেসওয়ের যানবাহন চলাচল, টোল আদায় ও সার্বিক পরিচালন কার্যক্রম কেন্দ্রীয়ভাবে পর্যবেক্ষণ করা হয়। অপারেশনাল কার্যক্রম আরও সমন্বিত ও গতিশীল করার জন্য এ সময় সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় পরামর্শ দেন তিনি।

পরিদর্শনের একপর্যায়ে সেতু বিভাগের সচিব এক্সপ্রেসওয়ের বিভিন্ন টোল প্লাজায় আধুনিক ইলেকট্রনিক টোল কালেকশন (ইটিসি) ব্যবস্থা স্থাপনের অগ্রগতি পর্যালোচনা করেন। প্রধানমন্ত্রীর অভিপ্রায় অনুযায়ী সারাদেশে একক ও অভিন্ন পদ্ধতিতে জনবান্ধব আধুনিক ইটিসি ব্যবস্থা চালুর উদ্যোগের অংশ হিসেবে টোল লেনে লুপ কাটিংসহ প্রয়োজনীয় অবকাঠামোগত প্রস্তুতি পর্যবেক্ষণ করেন তিনি। পাশাপাশি বনানী ইএন-২ র‌্যাম্প এলাকায় ইটিসি স্থাপনের কাজের অগ্রগতি সম্পর্কে খোঁজখবরও নেন।

পরিদর্শন শেষে বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই, পরামর্শক প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ইঞ্জিনিয়ার, সেফটি কনসালটেন্ট এবং প্রকল্পসংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে সমন্বয় সভা করেন সেতু বিভাগের সচিব।

সভায় সোনারগাঁও ইএন-২ র‌্যাম্পটি যান চলাচলের জন্য উন্মুক্ত করতে প্রয়োজনীয় কাজ দ্রুত সম্পন্ন করার নির্দেশনা দেন তিনি। র‌্যাম্পটি চালুর পূর্বে টোল আদায় ও যানবাহন ব্যবস্থাপনার পূর্ণাঙ্গ প্রস্তুতি নিশ্চিত করার ওপরও গুরুত্বারোপ করেন তিনি।

আরও পড়ুন: সাবেক এসবিপ্রধান মনিরুলের স্ত্রী ও দুই শ্যালক গ্রেপ্তার

এছাড়া প্রকল্পের চলমান নির্মাণকাজে সর্বোচ্চ নিরাপত্তা ও গুণগত মান বজায় রাখার নির্দেশ দেন তিনি। নির্মাণ, টোল পরিচালনা ও ট্রাফিক ব্যবস্থাপনার সঙ্গে যুক্ত সব পক্ষকে নিবিড় সমন্বয়ের মাধ্যমে দায়িত্বশীলতার সঙ্গে কাজ করার আহ্বান জানান তিনি।

পরিদর্শনকালে বাংলাদেশ সেতু কর্তৃপক্ষের প্রধান প্রকৌশলী, ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে পিপিপি প্রকল্পের প্রকল্প পরিচালক, তত্ত্বাবধায়ক প্রকৌশলীসহ সংশ্লিষ্ট প্রকৌশলী ও কর্মকর্তারা উপস্থিত ছিলেন। এছাড়া বিনিয়োগকারী প্রতিষ্ঠান এফডিইই, পরামর্শক প্রতিষ্ঠান ইনডিপেনডেন্ট ইঞ্জিনিয়ার এবং সেফটি কনসালটেন্টের প্রতিনিধিরাও উপস্থিত ছিলেন।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

নিকো-ইনিয়াকি উইলিয়ামসকে লক্ষ্য করে বর্ণবাদী গালির অভিযোগ, শাস্তির মুখে অভিযুক্ত দর্শক

আন্তর্জাতিক ডেস্ক

স্পোর্টস ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৭ এম


নিকো-ইনিয়াকি উইলিয়ামসকে লক্ষ্য করে বর্ণবাদী গালির অভিযোগ, শাস্তির মুখে অভিযুক্ত দর্শক

স্পেনের ফুটবলে আবারও বর্ণবাদী আচরণের অভিযোগ উত্থাপিত হয়েছে। এবার অ্যাথলেটিক বিলবাওয়ের দুই ভাই নিকো উইলিয়ামস এবং ইনিয়াকি উইলিয়ামসের বিরুদ্ধে বর্ণবাদী গালির অভিযোগ এসেছে। শনিবার মালাগার বিপক্ষে অ্যাথলেটিক ক্লাবের ৪-৩ গোলের জয়ী ম্যাচে গ্যালারি থেকে তাঁদের উদ্দেশে এমন আচরণ করা হয়। লা লিগা এবং অ্যাথলেটিক ক্লাব ঘটনার নিন্দা জানিয়েছে।

লা লিগা জানিয়েছে, অভিযুক্ত একজন দর্শককে শনাক্ত করা হয়েছে। তাঁকে স্টেডিয়াম থেকে বের করে দেওয়া হয়েছে এবং তাঁর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া চলছে।

ম্যাচে নিকো ও ইনিয়াকি দারুণ পারফরম্যান্স দেখিয়েছেন। নিকো ওহিয়ান সানসেতের করা অ্যাথলেটিকের প্রথম গোলটিতে সহায়তা করেন। এরপর ৩৮ মিনিটে তিনি নিজেই গোল করেন, যেখানে সহায়তা ছিল তাঁর বড় ভাই ইনিয়াকির।

ঘটনার প্রতিক্রিয়ায় লা লিগা এক বিবৃতিতে জানায়, খেলাধুলায় বর্ণবাদী কিংবা বিদ্বেষমূলক আচরণের জন্য কোনো জায়গা নেই। মালাগার লা রোসালেদা স্টেডিয়ামে মালাগা ও অ্যাথলেটিক ক্লাবের ম্যাচে উইলিয়ামস ভ্রাতৃদ্বয়ের উদ্দেশে করা বর্ণবাদী গালির তীব্র নিন্দা জানিয়েছে সংস্থাটি।

অ্যাথলেটিক বিলবাওও নিজেদের বিবৃতিতে খেলোয়াড়দের লক্ষ্য করে গ্যালারি থেকে করা বর্ণবাদী আচরণের নিন্দা জানিয়েছে। ক্লাবটির ভাষায়, ফুটবল কিংবা তারা যে সমাজ গড়ে তুলতে চায়—সেখানে বর্ণবাদের কোনো স্থান নেই।

ম্যাচের প্রথমার্ধে আধিপত্য বিস্তার করে অ্যাথলেটিক বিলবাও। বিরতির আগে তারা ৪-১ গোলে এগিয়ে যায়। নিকো উইলিয়ামস ও ওহিয়ান সানসেতের পাশাপাশি গোল করেন আলেক্স বেরেঙ্গের এবং হুগো রিঙ্কন। তবে দ্বিতীয়ার্ধে মালাগা আদ্রিয়ান নিনোর জোড়া গোলে ঘুরে দাঁড়ানোর চেষ্টা করে। শেষ পর্যন্ত ৪-৩ ব্যবধানের জয় নিয়েই মাঠ ছাড়ে বিলবাও।

নিকো উইলিয়ামস এর আগেও বর্ণবাদী আচরণের শিকার হওয়ার কথা জানিয়েছেন। ২০২৪ সালে আতলেতিকো মাদ্রিদের বিপক্ষে ম্যাচেও এমন ঘটনার অভিযোগ তুলেছিলেন স্পেনের বিশ্বকাপজয়ী এই ফুটবলার।

স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ নিয়ে বিতর্ক নতুন নয়। চলতি মাসের শুরুতে স্পেনের কোচ লুইস দে লা ফুয়েন্তে দাবি করেছিলেন, ‘স্পেনে কোনো বর্ণবাদ নেই’। এর আগে ইংল্যান্ডের কোচ টমাস টুখেল মাদ্রিদে নেশন্স লিগের ম্যাচের আগে তাঁর খেলোয়াড়দের উয়েফার বর্ণবাদবিরোধী প্রোটোকল সম্পর্কে মনে করিয়ে দেওয়ার কথা বলেছিলেন।

রিয়াল মাদ্রিদের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়রও দীর্ঘদিন ধরে স্প্যানিশ ফুটবলে বর্ণবাদের বিরুদ্ধে সোচ্চার। বিভিন্ন ম্যাচে বর্ণবাদী স্লোগানের শিকার হওয়ার পর তিনি এ বিষয়ে নিয়মিত প্রতিবাদ জানিয়ে আসছেন। ২০২৪ সালে ভ্যালেন্সিয়ার তিন সমর্থককে তাঁর প্রতি বর্ণবাদী আচরণের দায়ে আট মাসের কারাদণ্ড দেওয়া হয়েছিল।

উইলিয়ামস ভ্রাতৃদ্বয়ের ঘটনাটি আবারও স্প্যানিশ ফুটবলে বর্ণবাদ মোকাবিলার প্রশ্ন সামনে নিয়ে এসেছে। লা লিগা ও অ্যাথলেটিক বিলবাওয়ের কঠোর অবস্থানের পর এখন অভিযুক্ত দর্শকের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া হয়, সেটিই দেখার বিষয়।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেয়ের জন্মসনদ পেতে মুসলিম বাবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার লড়াই

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৮ এম


মেয়ের জন্মসনদ পেতে মুসলিম বাবার ভোটার তালিকা থেকে নাম বাদ পড়ার লড়াই

ভারতের পশ্চিমবঙ্গের ভোটার তালিকার বিশেষ নিবিড় সংশোধন (এসআইআর) প্রক্রিয়ার ফলে নাম বাদ পড়ার কারণে, নিজের মেয়ের জন্মনিবন্ধন করাতে গিয়ে এক মুসলিম বাবার দীর্ঘদিনের ভোগান্তির সম্মুখীন হতে হয়েছে। কোচবিহার জেলার দিনহাটার ২৭ বছর বয়সী আবদুল হাবিব, কয়েক মাস ধরে সরকারি দপ্তরে ঘুরে অবশেষে আবাসিক সনদ অর্জন করেছেন। তার অভিযোগ, ভোটার তালিকায় নাম না থাকার কারণে মেয়ের জন্মনিবন্ধনের জন্য প্রয়োজনীয় কাগজপত্র সংগ্রহ করতে তিনি বাধার সম্মুখীন হয়েছেন।

ভারতীয় সংবাদমাধ্যমের প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, গত ৮ সেপ্টেম্বর দিনহাটা মহকুমা হাসপাতালে হাবিবের স্ত্রী আমিনা খাতুন একটি কন্যাসন্তানের জন্ম দেন। ১১ সেপ্টেম্বর, মেয়ের জন্মনিবন্ধন সনদের জন্য আবেদন করতে গেলে হাসপাতাল কর্তৃপক্ষ আবাসিক সনদ চায়। তবে, স্থানীয় চৌধুরীহাট গ্রাম পঞ্চায়েত থেকে তিনি সেই সনদ সংগ্রহ করতে পারেননি। পঞ্চায়েত প্রধান নিয়মিত অফিসে উপস্থিত না থাকার কারণে এবং তার পদত্যাগের খবর থাকায় সনদটি পাওয়া সম্ভব হয়নি। স্থানীয় বিধায়কের দপ্তরে গিয়েও তিনি সমাধান পাননি বলে অভিযোগ করেছেন।

অবশেষে, গত বৃহস্পতিবার দিনহাটা-২ ব্লকের ব্লক উন্নয়ন কর্মকর্তা (বিডিও) তাকে আবাসিক সনদ প্রদান করেন। এরপর তিনি মেয়ের জন্মনিবন্ধনের আবেদন জমা দেন। তবে, ২৮ নভেম্বরের এক প্রতিবেদনে দ্য হিন্দুস্তান গেজেট জানায়, শুক্রবার মেয়ের জন্মনিবন্ধন সনদের রসিদ তিনি পেয়েছেন। সংবাদমাধ্যমে বিষয়টি প্রকাশিত হওয়ার পর প্রশাসনের পক্ষ থেকে তার সঙ্গে যোগাযোগ করা হয় বলেও জানান তিনি।

হাবিবের দাবি, তার স্ত্রী ও বাবা-মায়ের নাম ভোটার তালিকায় রয়েছে, কিন্তু এসআইআরে তার নিজের নাম বাদ দেওয়া হয়েছে। তার এক বোনের নামও বাদ পড়েছিল। শুনানিতে হাজির হওয়ার পর ওই বোনের নাম পুনরায় তালিকায় অন্তর্ভুক্ত করা হলেও, তার এবং অন্য দুই ভাইবোনের নাম ফেরানো হয়নি। এ বিষয়ে তারা সংশ্লিষ্ট ট্রাইব্যুনালে আবেদন করেছেন।

মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে নাম বাদ পড়ার ঘটনা

পশ্চিমবঙ্গে এসআইআর প্রক্রিয়ায় মুসলিম ভোটারদের বাদ পড়ার বিষয়টি নিয়ে উদ্বেগ ও বিতর্ক রয়েছে। ২০ এপ্রিল প্রকাশিত স্ক্রলের এক প্রতিবেদনে বলা হয়, রাজ্যের মুসলিম অধ্যুষিত জেলাগুলোতে দ্বিতীয় পর্যায়ের সংশোধনে তুলনামূলকভাবে বেশি ভোটারের নাম বাদ পড়েছে। মালদহ ও মুর্শিদাবাদে সরেজমিন অনুসন্ধান করে সংবাদমাধ্যমটি জানায়, ভোটার তালিকা থেকে বাদ পড়াদের মধ্যে মুসলিমদের সংখ্যা উল্লেখযোগ্য।

ভারতীয় সংবাদমাধ্যম ইন্ডিয়ান এক্সপ্রেসের ২৩ এপ্রিলের প্রতিবেদনে বলা হয়েছে, এসআইআরের পর যাচাই-বাছাই শেষে ৭ এপ্রিল পর্যন্ত পশ্চিমবঙ্গে ২৭ লাখ ১০ হাজার ভোটারের নাম বাদ দেওয়া হয়েছিল। এর আগে প্রায় ৬০ লাখ ৬ হাজার ভোটারের নথিতে ‘যৌক্তিক অসংগতি’ চিহ্নিত করে তাদের বিষয়ে বিচারিক কর্মকর্তাদের মাধ্যমে সিদ্ধান্ত নেওয়া হয়।

নাম বাদ পড়া ব্যক্তিদের আবেদনে অভিযোগ করা হয়েছে, অনেককে যথাযথ নোটিশ দেওয়া হয়নি, শুনানির সুযোগ দেওয়া হয়নি কিংবা জমা দেওয়া নথি বিবেচনায় নেওয়া হয়নি। কারও কারও ক্ষেত্রে নামের বানান, বাবা-মায়ের নামের অমিল এবং পুরোনো ভোটার তালিকার তথ্যের সঙ্গে বর্তমান তথ্যের পার্থক্যকে অসংগতির কারণ হিসেবে দেখানো হয়েছে। এমনকি পাসপোর্ট ও অন্যান্য সরকারি নথি জমা দেওয়ার পরও কয়েকজনের নাম বাদ পড়েছে বলে প্রতিবেদনে উঠে এসেছে।

সূত্র: মুসলিম মিরর, টেলিগ্রাফ ইন্ডিয়া

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

স্পেনে নির্বাচনের লড়াই, সানচেজের সামনে উগ্র ডানপন্থিদের চ্যালেঞ্জ

আন্তর্জাতিক ডেস্ক

আন্তর্জাতিক ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৮:৫৯ এম


স্পেনে নির্বাচনের লড়াই, সানচেজের সামনে উগ্র ডানপন্থিদের চ্যালেঞ্জ

স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেজ তার আট বছরের শাসনকালে বামপন্থি ভোটারদের মধ্যে আন্তর্জাতিক খ্যাতি অর্জন করেছেন। অভিবাসীদের প্রতি উদার নীতি, নবায়নযোগ্য জ্বালানির প্রসার, বড় প্রযুক্তি কোম্পানি, ইসরাইলি সরকার ও মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সমালোচনার কারণে তিনি আন্তর্জাতিকভাবে বামপন্থিদের কাছে জনপ্রিয়তা লাভ করেছেন। একই সঙ্গে, দেশের অর্থনীতি শক্তিশালী হয়েছে।

তবে, এসব অর্জন আসন্ন জাতীয় নির্বাচনে তার জন্য খুব একটা কার্যকর নাও হতে পারে।

রোববারের নির্বাচন সানচেজের নেতৃত্বের ওপর গণভোট হিসেবে গণ্য হচ্ছে। জনমত জরিপগুলো ইঙ্গিত দিচ্ছে, মধ্যপন্থি রক্ষণশীল পিপলস পার্টি (পিপি) এবং উগ্র ডানপন্থি ভক্সের জোটের কাছে পরাজিত হয়ে তিনি ক্ষমতা ছাড়তে পারেন। যদি এমনটি ঘটে, তবে ১৯৭৫ সালে ফ্রান্সিসকো ফ্রাঙ্কোর স্বৈরশাসনের অবসানের পর প্রথমবারের মতো স্পেনের সরকারে উগ্র ডানপন্থি জাতীয়তাবাদীরা ফিরে আসবে।

আগামী বছর ফ্রান্স, ইতালি ও পোল্যান্ডের গুরুত্বপূর্ণ নির্বাচন সামনে রেখে ইউরোপের বিভিন্ন দেশে উগ্র ডানপন্থীদের শক্তি বৃদ্ধি পাচ্ছে। স্পেনের নির্বাচনও ইউরোপে দীর্ঘদিন প্রান্তিক অবস্থানে থাকা রাজনৈতিক শক্তিগুলোকে আবার ক্ষমতায় ফেরানোর বিষয়ে ভোটারদের মনোভাবের একটি গুরুত্বপূর্ণ পরীক্ষা হিসেবে দেখা হচ্ছে।

ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) বিভিন্ন দেশে জাতীয়তাবাদী নেতারা সম্প্রতি ক্ষমতা হারালেও ফ্রান্স, জার্মানি এবং স্পেনে উগ্র ডানপন্থীদের উত্থান ঘটছে। ফ্রান্সে মেরিন লে পেন তার প্রতিদ্বন্দ্বীদের চেয়ে এগিয়ে রয়েছেন। জার্মানিতে নাৎসিবাদের পর প্রথমবারের মতো একটি রাজ্য সরকারের নেতৃত্ব দিতে যাচ্ছে উগ্র ডানপন্থিরা।

মাদ্রিদের কার্লোস থ্রি বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞানী গিয়ের্মো ফার্নান্দেজ-ভাসকেজ মন্তব্য করেন, ‘ফ্যাসিবাদ-পরবর্তী রাজনৈতিক দলগুলো যখন নিজ নিজ দেশে প্রধান শক্তি হিসেবে আবির্ভূত হয় কিংবা সরকারে জায়গা করে নেয়, তখন তা যুদ্ধ-পরবর্তী ইউরোপীয় রাজনৈতিক দর্শনের জন্য বড় আঘাত।’

তিনি আরও বলেন, সানচেজের পরাজয়ের অর্থ হবে ইউরোপীয় ঐক্য ও সহযোগিতার প্রকল্পের সমর্থকরা ক্রমেই কমে আসছে।

ভক্সের অভিবাসনবিরোধী অবস্থান

ভক্স নির্বাচনি প্রচারে অবৈধ অভিবাসীদের বহিষ্কার, বৈধ অভিবাসীদের সুযোগ-সুবিধা কমানো এবং স্পেনের অভ্যন্তরীণ বিষয়ে ইউরোপীয় ইউনিয়নের হস্তক্ষেপ সীমিত করার প্রতিশ্রুতি দিয়েছে।

সানচেজ জয়ী হলে, তা ইউরোপের অন্যতম সফল রাজনৈতিক প্রত্যাবর্তনের আরেকটি নজির হবে। ২০১৮ সালে প্রতিকূল পরিস্থিতি মোকাবিলা করে তিনি ক্ষমতায় আসেন। এরপর তিনটি নির্বাচনের মধ্য দিয়ে ক্ষমতা ধরে রেখেছেন, যার মধ্যে ২০২৩ সালের নির্বাচনেও তার টিকে থাকা অনেকের কাছে অপ্রত্যাশিত ছিল।

নির্বাচনি প্রচারে সানচেজ বলেন, গত কয়েক বছরে নানা পরিস্থিতি মোকাবিলা করেও তিনি মনে করেন, সমাজ, দেশ ও ইউরোপে ইতিবাচক প্রভাব রাখতে পেরেছেন।

ইউরোপে ডানপন্থীদের উত্থান ঠেকানোর লক্ষ্য সামনে রেখে প্রচার চালিয়েছেন তিনি। বহুপক্ষীয় আন্তর্জাতিক সম্পর্ক, শক্তিশালী কল্যাণমূলক রাষ্ট্রব্যবস্থা, পেনশন বৃদ্ধি ও ন্যূনতম আয় কর্মসূচির মতো বামঘেঁষা নীতি অব্যাহত রাখার প্রতিশ্রুতি দিয়েছেন।

নির্বাচনের আগে শেষ কয়েক দিনে সরকারি কর্মীদের বেতন বৃদ্ধি, ন্যূনতম মজুরি বাড়ানো ও স্বজন হারানোর শোক পালনে ছুটির সময় বাড়ানোর মতো নানা প্রতিশ্রুতি দিয়েছেন তিনি।

এসব প্রতিশ্রুতি ও নির্বাচনি প্রচারে তার দক্ষতা ভোটের আগে সমর্থন বাড়াতে সাহায্য করেছে। স্পেনের ভোটাররা পার্লামেন্টের ৩৫০ সদস্য নির্বাচন করবেন। সরকার গঠনে সংসদ সদস্যদের সংখ্যাগরিষ্ঠ সমর্থন প্রয়োজন হওয়ায় ছোট দলগুলোর সমর্থনও গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

সানচেজের সোশ্যালিস্ট পার্টি দুর্বল হয়ে পড়া বামপন্থী দলগুলোর ভোট টেনে জনমত জরিপে এগিয়েছে। তবে এতে সরকার গঠনের জন্য প্রয়োজনীয় জোট তৈরি আরো কঠিন হতে পারে।

বামঘেঁষা অবস্থান নেওয়ার পর এখন মধ্যপন্থি ভোটারদের সমর্থন পেতে একজন মধ্যপন্থি অর্থনীতিবিদকে উপপ্রধানমন্ত্রী করেছেন সানচেজ। দীর্ঘদিন রক্ষণশীলদের প্রতীক হিসেবে পরিচিত স্পেনের জাতীয় পতাকাও গ্রহণ করেছেন তিনি। নির্বাচনি বিতর্কে তার আচরণও আগের তুলনায় সংযত ও মার্জিত হয়ে উঠেছে।

তবে ফ্রাঙ্কোর রাজনৈতিক উত্তরসূরি হিসেবে ডানপন্থিদের আখ্যায়িত করে সানচেজের বিভাজনমূলক বক্তব্যে কিছু মধ্যপন্থি ভোটার অসন্তুষ্ট। একই সঙ্গে উগ্র ডানপন্থীদের কঠোর ভাষা ও অভিবাসীবিরোধী মনোভাবও তাদের উদ্বিগ্ন করছে।

রাষ্ট্রবিজ্ঞানী ও ‘অ্যাগেইনস্ট ডিসকনটেন্ট’ বইয়ের লেখক ক্রিস্টিনা মঙ্গে বলেন, বাম দিকে সরে যাওয়ার কারণে হারানো ভোটারদের ফিরিয়ে আনার চেষ্টা করছেন সানচেজ। তবে তার মতে, এবারের নির্বাচনি প্রচার এতটাই আদর্শিক ও বিভাজনমূলক যে ভোটারদের মধ্যে দলীয় আনুগত্যও অনেক বেশি দেখা যাচ্ছে।

সূত্র: দ্য নিউ ইয়র্ক টাইমস

এমএমআর

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মেডিকেলে ভর্তি আবেদনে শিক্ষার্থীদের বড় ধরনের হয়রানি

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২৯শে নভেম্বর, ২০২৬ ইং

০৯:০০ এম


মেডিকেলে ভর্তি আবেদনে শিক্ষার্থীদের বড় ধরনের হয়রানি

চলতি বছর মেডিকেল কলেজে এমবিবিএস ও বিডিএস ভর্তি পরীক্ষার আবেদনের প্রক্রিয়ায় শিক্ষার্থীরা বড় ধরনের হয়রানির সম্মুখীন হচ্ছেন। বিশেষ করে আবেদনকারী শিক্ষার্থীদের ছবি সংযুক্ত করার ক্ষেত্রে গুরুতর সমস্যা দেখা দিচ্ছে।

আবেদন ফরমে ছবি সংযুক্ত করার পর সেটির বিষয়ে কোনো তথ্য প্রদান করা হচ্ছে না। কিন্তু যখন আবেদন সাবমিট করা হয়, তখন একটি সমস্যা দেখিয়ে পুরো আবেদন প্রক্রিয়া বাতিল করে দেওয়া হচ্ছে। আবেদন ফরমে পূরণ করা সব ঘর সম্পূর্ণ শূন্য হিসেবে দেখানো হচ্ছে। এর ফলে শিক্ষার্থীদের আবার নতুন করে সব ঘর পূরণ করতে হচ্ছে। এমনকি কিছু শিক্ষার্থী সারা দিন ধরে চার-পাঁচবার চেষ্টা করেও আবেদন করতে পারছেন না। প্রতিবারই ছবির সমস্যার কারণে আবেদন বাতিল হচ্ছে। অথচ যদি ছবি সংযুক্ত করার সময় সমস্যা জানানো হতো, তাহলে শিক্ষার্থীরা সেখানেই সমস্যার সমাধান করে আবেদনপত্র সাবমিট করতে পারতেন। অথবা আবেদন সাবমিট করার পর বাতিল হলেও যদি পূরণ করা ঘর শূন্য না দেখাত, তাহলে অনেক হয়রানি থেকে রক্ষা পাওয়া যেত।

মেডিকেলে আবেদন ফরম পূরণ করা একটি জটিল এবং সময়সাপেক্ষ প্রক্রিয়া। প্রতিবার আবেদন বাতিল হওয়ার পর নতুন করে ৪৯টি কলেজের নাম নির্বাচন করতে হয়। পোস্টকোডসহ শিক্ষার্থীর গ্রামের ঠিকানা ও বর্তমান ঠিকানাসহ অনেক তথ্য পুঙ্খানুপুঙ্খভাবে লিখতে হয়। এই অবস্থায় সব ঘর পূরণ করার পর যদি শুধুমাত্র ছবি ও সিগনেচারের সমস্যার কারণে পুরো আবেদন প্রক্রিয়া বাতিল করা হয়, তাহলে হয়রানির শেষ থাকে না। অনেকেই আবেদন করতে পারছেন না। এদিকে এ বছর আবেদনের সময়ও সীমিত; ২৫ নভেম্বর শুরু হয়েছে এবং ৩ ডিসেম্বর শেষ হবে। শিক্ষার্থীরা বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ভর্তির প্রস্তুতি নিয়ে ব্যস্ত। এই অবস্থায় একের পর এক বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রে তারা এ ধরনের হয়রানির শিকার হচ্ছেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ে আবেদনের ক্ষেত্রেও ছবি সংযুক্ত করা একটি জটিল কাজ ছিল। বিশেষ করে হিজাব পরিহিত ছবি সংযুক্ত করতে অনেক শিক্ষার্থীকে কষ্ট করতে হয়েছে। তবে সেখানে সুবিধা ছিল, ছবিতে সমস্যা হলে সঙ্গে সঙ্গেই সেটি জানানো হতো; ফলে পুরো আবেদন প্রক্রিয়া বাতিল হতো না। ফলে ছবির সমস্যা ঠিক করার সুযোগ পাওয়া যেত আবেদন সাবমিট করার আগে। কিন্তু মেডিকেলের ক্ষেত্রে এ ব্যবস্থা নেই। তাই অবিলম্বে এ সমস্যার প্রতিকার আশা করছেন শিক্ষার্থীরা।

লেখক: শিক্ষার্থী, বনশ্রী, খিলগাঁও, ঢাকা

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১৮ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৫:০৩
জোহর ১১:৪৮
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:২২ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%