ঢাকা রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬খ্রিষ্টাব্দ ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বঙ্গাব্দ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিজরী
রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ইং ০৭ই অগ্রহায়ণ, ১৪৩৩বাং

ঐক্যের আহ্বানের আড়ালে অনৈক্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত সরকার: বিডিপি


ঐক্যের আহ্বানের আড়ালে অনৈক্য সৃষ্টির ষড়যন্ত্রে লিপ্ত সরকার: বিডিপি

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) অভিযোগ করেছে যে, সরকার জাতীয় ঐক্যের কথা বললেও বিভিন্ন কর্মকাণ্ডের মাধ্যমে ১১ দলীয় রাজনৈতিক ঐক্যকে দুর্বল ও বিভক্ত করার চেষ্টা করছে। দলটির মতে, ঐক্যের আহ্বানের আড়ালে শরিক দলের মধ্যে বিভক্তি, অবিশ্বাস ও দূরত্ব তৈরির প্রচেষ্টা চলছে, যা দেশের রাজনৈতিক পরিস্থিতিকে আরও অস্থিতিশীল করে তুলছে।

রোববার এক প্রেস বিজ্ঞপ্তিতে বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি) এসব তথ্য জানায়। বিজ্ঞপ্তিতে বলা হয়, বর্তমান সরকারের রাজনৈতিক কর্মকাণ্ড এবং বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি আচরণ গভীর উদ্বেগের সৃষ্টি করেছে। সরকারের পক্ষ থেকে জাতীয় ঐক্যের কথা বলা হলেও, তাদের কর্মকাণ্ড ১১ দলীয় রাজনৈতিক ঐক্যকে দুর্বল করার অপচেষ্টা ক্রমেই স্পষ্ট হয়ে উঠছে। সরকারের দ্বিমুখী রাজনৈতিক অবস্থান জাতীয় ঐক্যের চেতনাকে প্রশ্নবিদ্ধ করছে।

বিডিপি জানায়, সুকৌশলে ১১ দলীয় ঐক্যের শরিক দলের মধ্যে বিভক্তি, অবিশ্বাস ও দূরত্ব তৈরির চেষ্টা চলছে। সম্প্রতি প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হকের মাধ্যমে ‘জামায়াত, এনসিপি এবং ৯ আদার্স’ শিরোনামে ‘সময় হলে হিসাব মেলানো হবে’—এ ধরনের বক্তব্য প্রচার করে রাজনৈতিক প্রতিপক্ষকে হুমকি প্রদানের পরিবেশ তৈরি করা হচ্ছে।

আরও পড়ুন: সাংবাদিকদের নিরাপত্তা ও অধিকার নিশ্চিতে ‘সাংবাদিক সুরক্ষা পরিষদ’-এর গভীর উদ্বেগ; সংসদে আলোচনার মাধ্যমে বিশেষ সুরক্ষা আইন প্রণয়নসহ ৭ দফা দাবি

এছাড়া, হেফাজতে ইসলামের মাধ্যমে ১১ দলীয় ঐক্যে থাকা ইসলামী দলগুলোকে ঐক্য থেকে বের করে নেওয়ার প্রচেষ্টা চলছে বলেও রাজনৈতিক অঙ্গনে আলোচনা রয়েছে। একইসঙ্গে ১১ দলীয় ঐক্যের নেতাদের পৃথকভাবে বিভিন্ন প্রলোভন দেখিয়ে ঐক্য বিনষ্টের অপচেষ্টা চালানো হচ্ছে বলেও অভিযোগ উঠেছে।

বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টির (বিডিপি) চেয়ারম্যান এ্যাড. এ কে এম আনোয়ারুল ইসলাম চান বলেন, জনগণের গণভোটের রায় বাস্তবায়নের প্রশ্নে প্রতারণা এবং জুলাইয়ের গণ-আকাঙ্ক্ষা ও সংস্কারের প্রতিশ্রুতি থেকে সরে আসার প্রবণতা বর্তমান রাজনৈতিক অস্থিরতা, সংঘাত ও অনিশ্চয়তার অন্যতম কারণ। জনগণের প্রত্যাশা ও গণতান্ত্রিক আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে টেকসই রাজনৈতিক স্থিতিশীলতা প্রতিষ্ঠা করা সম্ভব নয়।

বিজ্ঞপ্তিতে আরও বলা হয়, আধিপত্যবাদী শক্তির প্রভাব ও প্ররোচনাকে প্রশ্রয় দেওয়া এবং বিরোধী রাজনৈতিক শক্তিকে রাজনৈতিকভাবে হেয়প্রতিপন্ন করার উদ্দেশ্যে বিভিন্ন ব্যক্তিকে গুরুত্বপূর্ণ পদে পদায়নের মতো কর্মকাণ্ড জাতীয় ঐক্যের পরিবর্তে রাজনৈতিক বিভাজনকে আরও গভীর করছে।

বিডিপির মতে, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন, বিভক্তি সৃষ্টি কিংবা প্রলোভনের মাধ্যমে সাময়িকভাবে ক্ষমতার স্বার্থ রক্ষা করা গেলেও দীর্ঘমেয়াদে তা রাষ্ট্র ও সরকারের জন্য বিপজ্জনক হয়ে উঠতে পারে। চলমান রাজনৈতিক অস্থিতিশীলতা দেশের স্বাধীনতা ও সার্বভৌমত্ব, গণতান্ত্রিক ভবিষ্যৎ, সাধারণ মানুষের স্বস্তি এবং বিদেশি বিনিয়োগের পরিবেশকে মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত করছে। ফলে জাতি হিসেবে কাঙ্ক্ষিত উন্নয়ন ও অগ্রযাত্রা ক্রমেই বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা তৈরি হচ্ছে।

আরও পড়ুন: রুশ রাষ্ট্রদূতের সঙ্গে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমানের সাক্ষাৎ

বিডিপির চেয়ারম্যান সরকারকে উদ্দেশ করে বলেন, রাজনৈতিক প্রতিপক্ষকে দমন-পীড়ন, বিভক্তি কিংবা প্রলোভনের মাধ্যমে জাতীয় সংকটের সমাধান সম্ভব নয়। বরং জনগণের গণরায়কে যথাযথ সম্মান জানানো, জুলাইয়ের অঙ্গীকার বাস্তবায়ন এবং বিরোধী রাজনৈতিক শক্তির প্রতি গণতান্ত্রিক সহনশীলতা প্রদর্শনই এখন সময়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ দাবি।

তিনি আরও বলেন, জাতীয় স্বার্থে সরকারকে সংকীর্ণ দলীয় দৃষ্টিভঙ্গি পরিহার করে উদারচিত্তে, খোলা মনে ও আন্তরিকতার সঙ্গে এগিয়ে আসতে হবে। রাজনৈতিক সংকট উত্তরণে সংলাপ, পারস্পরিক শ্রদ্ধাবোধ, রাজনৈতিক সহনশীলতা ও জাতীয় ঐকমত্যের কোনো বিকল্প নেই। এই পথ অনুসরণ করা হলে শুধু দেশ ও জনগণের কল্যাণই নিশ্চিত হবে না, সরকারের রাজনৈতিক ভবিষ্যৎও অধিকতর নিরাপদ হবে।

বিজ্ঞপ্তিতে বলা হয়, রাষ্ট্র পরিচালনার মূলনীতি হওয়া উচিত—ক্ষমতা নয়, জনগণের আস্থা; বিভাজন নয়, জাতীয় ঐক্য; প্রতিহিংসা নয়, গণতান্ত্রিক সহাবস্থান।

সবশেষে দেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জনগণের অধিকার সমুন্নত রাখতে জাতীয় ঐক্য প্রতিষ্ঠায় সরকারসহ সব রাজনৈতিক শক্তিকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানায় বাংলাদেশ ডেভেলপমেন্ট পার্টি (বিডিপি)।

আরও পড়ুন: শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে বিচারের কাঠগড়ায় দাঁড় করানো হবে: সাইমুম পারভেজ

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

জেমস প্রতিষ্ঠা করছেন ফাউন্ডেশন, সংগীত সংরক্ষণ ও সমাজসেবার উদ্যোগ

আন্তর্জাতিক ডেস্ক

বিনোদন ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


জেমস প্রতিষ্ঠা করছেন ফাউন্ডেশন, সংগীত সংরক্ষণ ও সমাজসেবার উদ্যোগ

ভক্ত-শ্রোতাদের প্রতি ভালোবাসার দায়বদ্ধতা থেকে নিজের নামে একটি ফাউন্ডেশন প্রতিষ্ঠার উদ্যোগ নিয়েছেন নগর বাউলখ্যাত রক তারকা জেমস। ‘জেমস ফাউন্ডেশন’ নামক এই প্রতিষ্ঠানের মাধ্যমে তার সৃষ্টিশীল সংগীতকর্ম সংরক্ষণ করা হবে এবং বিভিন্ন জনকল্যাণমূলক সামাজিক কার্যক্রম পরিচালিত হবে। ইতোমধ্যে ফাউন্ডেশনটির নিবন্ধন প্রক্রিয়া শুরু হয়েছে এবং সবকিছু ঠিক থাকলে নতুন বছরের শুরুতেই আনুষ্ঠানিক ঘোষণা আসবে।

জেমসের মুখপাত্র ও ব্যবস্থাপক রুবাইয়াত ঠাকুর রবিন এই তথ্য নিশ্চিত করে জানান, বেশ কিছুদিন ধরে ফাউন্ডেশনটি প্রতিষ্ঠার পরিকল্পনা চলছিল। বর্তমানে এর প্রাথমিক বাস্তবায়ন কাজ এগিয়ে নেওয়া হচ্ছে।

ফাউন্ডেশনটির উদ্দেশ্য সম্পর্কে রবিন ঠাকুর বলেন, “দেশের মানুষ নগর বাউল জেমসকে যে ভালোবাসা দিয়েছেন, সেই ভালোবাসার প্রতি দায়বদ্ধতা থেকেই এ উদ্যোগ। জেমসের গান ও সৃষ্টিশীল কাজ যেন যথাযথভাবে সংরক্ষিত থাকে এবং প্রজন্ম থেকে প্রজন্মে ছড়িয়ে পড়ে, সে লক্ষ্যেই কাজ করবে ফাউন্ডেশন। পাশাপাশি দেশের মানুষের কল্যাণে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনার পরিকল্পনাও রয়েছে। তবে সবকিছু এখনো প্রাথমিক পর্যায়ে রয়েছে। কর্মপরিকল্পনা নিয়ে আলোচনা চলছে এবং নিবন্ধন প্রক্রিয়া শেষ হলে আনুষ্ঠানিকভাবে বিস্তারিত জানানো হবে।”

আশির দশকের শুরুতে চট্টগ্রামে ‘ফিলিংস’ ব্যান্ডের গিটারিস্ট ও ভোকাল হিসেবে সংগীতজগতে যাত্রা শুরু করেন জেমস। ১৯৮৭ সালে ব্যান্ডটির প্রথম অ্যালবাম ‘স্টেশন রোড’ প্রকাশের পর তিনি নিজস্ব গায়কী, সুর ও অনবদ্য পরিবেশনায় দেশের রক সংগীতের অন্যতম শীর্ষ তারকায় পরিণত হন। দেশের সীমানা পেরিয়ে আন্তর্জাতিক অঙ্গনেও তার অগণিত ভক্ত রয়েছে। চার দশকের বেশি সময় ধরে মঞ্চে সমান দাপটের সঙ্গে গান গেয়ে চলেছেন এই সংগীতশিল্পী।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

মোহাম্মদপুরে বিদেশি রিভলভার, গুলি ও মাদকসহ ৪ জন আটক

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১১ পি.এম


মোহাম্মদপুরে বিদেশি রিভলভার, গুলি ও মাদকসহ ৪ জন আটক

রাজধানীর মোহাম্মদপুরে পাবনা হাউজ গলির মুল্লুক চান সড়কে অভিযান চালিয়ে ১টি বিদেশি রিভলভার ও ০৬ রাউন্ড তাজা গুলি সহ মো. হাবিবুল ইসলাম রানা (৩২) নামের একজনকে আটক করেছে এসআরবি-২। এছাড়া, মাদকদ্রব্যসহ আরও ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

রোববার (২২ নভেম্বর) এসআরবি-২ এর কোম্পানি কমান্ডার হাসান মুহাম্মদ মুহতারিমের নেতৃত্বে মাদক ও কিশোর গ্যাং বিরোধী বিশেষ অভিযান পরিচালিত হয়।

আজ ভোর সাড়ে ৫টার দিকে ডিএমপির মোহাম্মদপুর থানাধীন পাবনা হাউজ গলি, মুল্লুক চান সড়কের জনৈক মোজাম্মেল হকের বসতবাড়ির সামনে অভিযান পরিচালনা করে ০১টি বিদেশি রিভলভার ও ০৬ রাউন্ড তাজা গুলিসহ মো. হাবিবুল ইসলাম রানাকে (৩২) গ্রেফতার করা হয়। একই অভিযানে অপর ০৩ জনের কাছ থেকে ৮০ গ্রাম হেরোইন, ২৮০ গ্রাম হেরোইন (২০৭৫ পুরিয়া) এবং ৭৫০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।

গ্রেফতারকৃতদের মধ্যে রয়েছেন মো. হাবিবুল ইসলাম রানা, মো. নাইম কাজি (৩২), মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০) ও মো. তানজীন খান জিসান (৩২)।

এসআরবি-২ জানায়, মো. হাবিবুল ইসলাম রানার কাছ থেকে ০১টি বিদেশি রিভলভার ও ০৬ রাউন্ড তাজা গুলি উদ্ধার করা হয়। এছাড়াও, মো. নাইম কাজি, মো. সাইদুল ইসলাম রাব্বি (৩০), মো. তানজীন খান জিসানের কাছ থেকে হেরোইন ও ইয়াবা উদ্ধার করা হয়।

উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র, গুলি ও মাদকদ্রব্যসহ তাদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানায় এসআরবি।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

রাজশাহীতে শুরু হলো মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


রাজশাহীতে শুরু হলো মাসব্যাপী বস্ত্র ও কুটির শিল্প মেলা

রাজশাহী, ২২ নভেম্বর, ২০২৬ : রাজশাহী মহানগরীতে শুরু হয়েছে মাসব্যাপী ‘বস্ত্র ও কুটির শিল্প মেলা ২০২৬’, যা স্থানীয় বস্ত্র ও কুটির শিল্পের পণ্য প্রদর্শন এবং নারী উদ্যোক্তাদের প্রচার ও প্রসারের উদ্দেশ্যে আয়োজন করা হয়েছে।

আজ রোববার দুপুরে রাজশাহী নজরুল ভিলেজ মাঠ প্রাঙ্গণে জেলা প্রশাসক কাজী শহিদুল ইসলাম প্রধান অতিথি হিসেবে মেলার উদ্বোধন করেন।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উইমেন এন্টারপ্রিনিয়ার্স এসোসিয়েশন অব বাংলাদেশের (ওয়েব) সভাপতি মোসা. আঞ্জুমান আরা পারভীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী জেলা বিসিক কার্যালয়ের উপ-মহাব্যবস্থাপক রফিকুল ইসলাম, রাজশাহী চেম্বারের সহ-সভাপতি জিয়াউদ্দিন আহমেদ এবং বাংলাদেশ রেশম শিল্প মালিক সমিতির সভাপতি মো. লিয়াকত আলী।

মেলায় মোট ৪৫টি স্টল অংশগ্রহণ করছে। প্রতিদিন সকাল ১০টা থেকে রাত ৯টা পর্যন্ত মেলা খোলা থাকবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

পরবর্তী খবর

বেতন নিয়ে অনিয়ম ঠেকাতে কুয়েতে নিয়োগকর্তাদের নজরদারি বাড়ছে

আন্তর্জাতিক ডেস্ক

তালাশ বিডি ডেস্ক

রবিবার, ২২শে নভেম্বর, ২০২৬ ইং

০৬:১২ পি.এম


বেতন নিয়ে অনিয়ম ঠেকাতে কুয়েতে নিয়োগকর্তাদের নজরদারি বাড়ছে

কুয়েতে নিয়োগকর্তা ও বিভিন্ন প্রতিষ্ঠানের ওপর নজরদারি জোরদার করা হচ্ছে যাতে কর্মীদের বেতন পরিশোধে স্বচ্ছতা নিশ্চিত করা যায়। দেশটির জনশক্তি কর্তৃপক্ষ সতর্কতা দিয়েছে যে, শ্রমিকদের প্রাপ্য বেতন যদি নির্ধারিত পদ্ধতিতে তাদের নিজস্ব ব্যাংক হিসাবে জমা না হয়, তাহলে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।

এখন কর্তৃপক্ষের এই অবস্থানের ফলে বেতন পরিশোধে অনিয়মের সাথে যুক্ত প্রতিষ্ঠানগুলো নতুন চাপের সম্মুখীন হতে পারে। বিশেষ করে, যেসব প্রতিষ্ঠান কর্মীদের বেতন আটকে রাখে, বিলম্বে প্রদান করে অথবা ব্যাংকিং ব্যবস্থার বাইরে পরিশোধের প্রবণতা দেখায়, তাদের জন্য এটি একটি গুরুত্বপূর্ণ সতর্কবার্তা।

কুয়েতের জনশক্তি কর্তৃপক্ষ (পিএএম) জানিয়েছে যে, শ্রমিকদের বেতন তাদের ব্যক্তিগত ব্যাংক হিসাবে স্থানান্তর নিশ্চিত করা নিয়োগকর্তাদের দায়িত্ব। এই ব্যবস্থার মাধ্যমে কর্মীদের আর্থিক লেনদেনের স্বচ্ছতা বজায় রাখা সম্ভব হবে এবং বেতনসংক্রান্ত বিরোধ ও অনিয়ম শনাক্ত করাও সহজ হবে।

কর্তৃপক্ষের মতে, শ্রমিকের বেতন শুধুমাত্র একটি আর্থিক লেনদেন নয়; এটি তার আইনগত অধিকার। তাই এ ক্ষেত্রে কোনো ধরনের গাফিলতি বা নিয়ম লঙ্ঘন বরদাশত করা হবে না। নিয়ম অমান্যকারী প্রতিষ্ঠানের বিরুদ্ধে প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হতে পারে।

কুয়েতে কর্মরত বিপুলসংখ্যক বাংলাদেশিসহ বিভিন্ন দেশের প্রবাসী শ্রমিকের জন্য বিষয়টি বিশেষভাবে গুরুত্বপূর্ণ। কারণ, নিয়মিত ও নির্ধারিত সময়ে বেতন পাওয়া তাদের জীবনযাত্রা, পরিবারে অর্থ পাঠানো এবং আর্থিক নিরাপত্তার সঙ্গে সরাসরি জড়িত।

সংশ্লিষ্টদের মতে, বেতন পরিশোধের নিয়ম কার্যকরভাবে বাস্তবায়িত হলে কর্মীদের পাওনা আদায়ে স্বচ্ছতা বাড়বে এবং নিয়োগকর্তাদের জবাবদিহিও নিশ্চিত হবে।

তালাশ বিডি/মিডিয়া লিঃ

আর্কাইভ

Please select a date!

নামাজের সময়সূচী

তারিখঃ ১১ই জমাদিউস সানি, ১৪৪৮হিঃ
ফজর ০৪:৫৯
জোহর ১১:৪৫
আসর ০৩:৩৫
মাগরিব ০৫:১১
ইশা ০৬:২৬
সূর্যোদয় : ০৬:১৮ সূর্যাস্ত : ০৫:১১
অনলাইন জরিপ
ফলাফল
থার্টি-ফার্স্ট নাইটে তরুণদের জন্য প্রকাশ্যে পানি-টানি খাওয়ার বিরুদ্ধে আহ্বান। আপনার মন্তব্য দিন
হ্যা
100%
না
0%
মন্তব্য নেই
0%