০৬:৪৬ পি.এম
নানা জল্পনার পর অবশেষে পাকিস্তানের জলবায়ুবিষয়কমন্ত্রী মুসাদ্দিক মালিক তাজমহল পরিদর্শনের অনুমতি পেয়েছেন, যা ভারতের আগ্রায় অবস্থিত। তবে, দিল্লির নিজামুদ্দিন দরগায় যাওয়ার জন্য তার অনুরোধ ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় গ্রহণ করেনি।
এ তথ্যটি হিন্দুস্তান টাইমসের মাধ্যমে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের বরাতে জানা গেছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে যে, ২০২৫ সালে পেহেলগাম সন্ত্রাসী হামলার পর এই প্রথমবার পাকিস্তানের কোনো মন্ত্রী ভারত সফর করছেন।
পাকিস্তানের এই মন্ত্রী দিল্লিতে চলমান সাংহাই কোঅপারেশন অরগানাইজেশনের (এসসিও) প্রথম সভ্যতাবিষয়ক সংলাপ ফোরামে প্রতিনিধি দলের নেতৃত্ব দিতে গেছেন।
আরও পড়ুন: জলবায়ু পরিবর্তনজনিত ক্ষয়ক্ষতির হিসাব তুলে ধরে বাংলাদেশের ‘জাতীয় লস অ্যান্ড ড্যামেজ ফ্রেমওয়ার্ক’
এর আগে এনডিটিভি সরকারি সূত্রের বরাত দিয়ে জানায়, সফরের সময় আগ্রার ঐতিহাসিক মুঘল স্থাপত্য তাজমহল এবং দিল্লির হজরত নিজামুদ্দিন দরগাহ পরিদর্শনের অনুমতি চেয়েছিলেন তিনি। কিন্তু এসসিও সম্মেলনের বাইরে অন্য কোনো স্থানে যাওয়ার অনুমতি দিল্লি দেয়নি। তবে, নিজামুদ্দিন দরগায় যাওয়ার অনুমতি না পেলেও, শেষ পর্যন্ত তাজমহলে যাওয়ার অনুমতি মিলে গেছে পাকিস্তানি মন্ত্রীর।
সূত্রের বরাতে প্রতিবেদনে বলা হয়েছে, মুসাদ্দিক মালিকের নেতৃত্বাধীন পাকিস্তানি প্রতিনিধি দল দিল্লিতে আরো কিছু স্থান পরিদর্শন করতে পারবেন, যার মধ্যে রয়েছে হুমায়ুনের সমাধি এবং দিল্লি হাট। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয় নিরাপত্তা সংক্রান্ত ইস্যুর কারণে নিজামুদ্দিন দরগা পরিদর্শনের প্রস্তাবটি অনুমোদন করেনি।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন