বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:১৭ এম
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানার গর্ভবতী নারী শ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভে অংশ নেন কারখানার শ্রমিক ও স্থানীয়রা। তবে, ওই নারী শ্রমিকের মৃত্যু হয়নি এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
গুজব ও বিভ্রান্তি দূর করার জন্য ওই নারী শ্রমিক নিজেই গাছা থানায় উপস্থিত হয়ে কারখানার কর্মকর্তাদের সঙ্গে তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার এসএম শফিকুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
থানায় উপস্থিত হয়ে ওই নারী বলেন, ‘আমি দিলরুবা আক্তার মিলি, আমার কার্ড নম্বর ৭৩..। আমি মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যাহ্ন বিরতির পর অফিসে যাওয়ার পথে কিছু বহিরাগত লোকজন আমাকে হামলা করে। হামলা করার পর আমি তাদেরকে বলছি, আমি প্র্যাগন্যান্ট (গর্ভবতী) আমাকে ছেড়ে দেন। তারা আমাকে না ছেড়ে আমার কাছ থেকে অফিসের পরিচয়পত্র নিয়ে যায়। এখন অনেকে গুজব ছড়াচ্ছে আমি মারা গিয়েছি। কিন্তু, আল্লাহর রহমতে আমি মোটামুটি সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না।’
তিনি আরও বলেন, ‘ছোট ছোট পোলাপান আমার ওপরে হামলা করছে। তারা আমার গায়ে আঘাত করছে। আমার হাতে ধরে টান দিয়েছে। আমার আইডি কার্ড (পরিচয়পত্র) ছিনিয়ে নিয়েছে। আমি তাদেরকে বারবার বলেছি, আমি প্র্যাগন্যান্ট (গর্ভবতী), তাও তারা আমাকে ছাড়ে নাই।’
যখন ওই নারীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, তখন ২৫০-২৮০ জন শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে, ওই নারী নিজেই গাছা থানায় এসে তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টার দিকে মধ্যাহ্ন বিরতি শেষে ওই নারী শ্রমিক কারখানায় যাচ্ছিলেন। কারখানার সামনে বহিরাগত কয়েকজন লোক তাকেসহ অন্যান্য শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে বাধা দেন। তাদের বাধা অমান্য করে কারখানায় প্রবেশ করতে চাইলে বহিরাগত লোকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় গর্ভবতী ওই নারী শ্রমিক ব্যথা পেয়ে আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি সুস্থ এবং নিজ বাসায় অবস্থান করছেন।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দুপুরের এই ঘটনার পর গুজব ছড়িয়ে পড়ে যে, কারখানার একজন গর্ভবতী নারী শ্রমিক নিহত হয়েছেন। ওই গুজবের খবরে সন্ধ্যা ৬টার দিকে কারখানার সামনে প্রায় তিনশ লোক জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ গুজবের সত্যতা নিশ্চিত করার উদ্যোগ নেয়। গুজবের খবর পেয়ে নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি নিজেই কারখানা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে গাছা থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেন এবং দুপুরের ঘটনার বর্ণনা দেন।
গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাধারণ শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা এবং গুজবের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের বিভিন্ন দেশে দক্ষ নার্সের চাহিদা ক্রমাগত বৃদ্ধি পাচ্ছে। উন্নত দেশগুলোতে মানুষের গড় আয়ু বৃদ্ধি, বয়স্ক জনগণের সংখ্যা বৃদ্ধি এবং দীর্ঘমেয়াদি রোগীর চাপ সামলাতে স্বাস্থ্যসেবা খাতে বিপুলসংখ্যক নার্স প্রয়োজন হয়ে পড়ছে।
এই চাহিদা পূরণে অনেক দেশ বিদেশে প্রশিক্ষিত নার্সদের ওপর নির্ভর করছে। ইউরোপের দেশ আয়ারল্যান্ড এ ক্ষেত্রে একটি উল্লেখযোগ্য উদাহরণ হয়ে দাঁড়িয়েছে।
প্রায় ৫৪ লাখ মানুষের দেশ আয়ারল্যান্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় বিদেশে প্রশিক্ষিত নার্সদের অবদান বর্তমানে অত্যন্ত গুরুত্বপূর্ণ। দেশটির সরকারি স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠান Health Service Executive (HSE) এবং বেসরকারি হাসপাতাল, নার্সিং হোম ও কমিউনিটি স্বাস্থ্যসেবা—সব ক্ষেত্রেই বিদেশি নার্সরা কাজ করছেন।
তাদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নার্স ভারত, ফিলিপাইন ও যুক্তরাজ্য থেকে এসেছেন। বাংলাদেশ থেকেও নার্সদের জন্য এই শ্রমবাজারে প্রবেশের সুযোগ তৈরি হতে পারে। তবে এর জন্য প্রয়োজন সঠিক প্রস্তুতি, মানসম্মত প্রশিক্ষণ এবং একটি সুসংগঠিত উদ্যোগ।
আয়ারল্যান্ডের নার্সিং খাতে বিদেশিদের অবদান কতটা?
আয়ারল্যান্ডের স্বাস্থ্য বিভাগের প্রকাশিত তথ্য অনুযায়ী, ২০২৪ সালে দেশটিতে কর্মরত নার্সদের ৫৪ শতাংশের নার্সিং বিষয়ে প্রথম যোগ্যতা অর্জিত হয়েছিল আয়ারল্যান্ডের বাইরে। অর্থাৎ দেশটির নার্সিং কর্মশক্তির অর্ধেকেরও বেশি বিদেশে প্রশিক্ষিত।
২০২৫ সালের তথ্যেও একই প্রবণতা দেখা যায়। ওই বছর নার্স ও মিডওয়াইফ মিলিয়ে মোট কর্মীর সংখ্যা ছিল প্রায় ৭৭ হাজার ৯০। তাদের মধ্যে বিদেশে প্রশিক্ষিত ছিলেন ৪১ হাজার ৯৫১ জন, যা মোট সংখ্যার প্রায় ৫৪.৪ শতাংশ।
বিদেশে প্রশিক্ষিত নার্সদের মধ্যে সবচেয়ে বড় অংশ ভারতের। ২০২৫ সালের হিসাব অনুযায়ী, ভারতে নার্সিং শিক্ষা ও প্রশিক্ষণ নিয়েছেন এমন কর্মীর সংখ্যা ছিল ২০ হাজার ৫৬৮। যুক্তরাজ্য থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন ৯ হাজার ৪৮৬ জন এবং ফিলিপাইন থেকে প্রশিক্ষণপ্রাপ্ত ছিলেন ৬ হাজার ৯৪৬ জন।
এখানে একটি বিষয় পরিষ্কার করা প্রয়োজন। এই পরিসংখ্যান মূলত নার্সিং বিষয়ে প্রথম যোগ্যতা বা প্রশিক্ষণ কোন দেশে অর্জিত হয়েছে, তার ভিত্তিতে তৈরি। এটি সরাসরি তাদের জাতীয়তা বা নাগরিকত্বের হিসাব নয়। যেমন, ভারতে প্রশিক্ষিত একজন নার্স পরবর্তী সময়ে অন্য দেশের নাগরিকত্ব অর্জন করলেও এই পরিসংখ্যানে তার প্রশিক্ষণের দেশ ভারত হিসেবেই বিবেচিত হতে পারে।
বিদেশে প্রশিক্ষিত নার্সের সংখ্যা কয়েক বছর ধরেই বাড়ছে। ২০২১ সালে এ সংখ্যা ছিল ২৯ হাজার ৮৩৪। ২০২২ সালে তা বেড়ে ৩৩ হাজার ২৭০, ২০২৩ সালে ৩৭ হাজার ৬০৯ এবং ২০২৪ সালে ৪১ হাজার ৩৪১ জনে পৌঁছায়। ২০২৫ সালে সংখ্যাটি দাঁড়ায় ৪১ হাজার ৯৫১।
এই পরিসংখ্যানই বলে দেয়, আয়ারল্যান্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্সদের ভূমিকা কতটা গুরুত্বপূর্ণ।
এত বিদেশি নার্সের প্রয়োজন কেন?
প্রশ্ন উঠতে পারে, মাত্র ৫৪ লাখ মানুষের একটি দেশে এত নার্সের প্রয়োজন কেন?
এর উত্তর লুকিয়ে আছে দেশটির জনসংখ্যার বয়স কাঠামো এবং স্বাস্থ্যসেবার চাহিদার মধ্যে। আয়ারল্যান্ডে বয়স্ক মানুষের সংখ্যা বাড়ছে। মানুষের আয়ু বৃদ্ধি পাওয়ায় দীর্ঘমেয়াদি অসুস্থতা, ডিমেনশিয়া, স্ট্রোক, হৃদ্রোগ, ডায়াবেটিস এবং অন্যান্য জটিল রোগে আক্রান্ত রোগীর সংখ্যা বাড়ছে। ফলে হাসপাতালের পাশাপাশি নার্সিং হোম, পুনর্বাসন কেন্দ্র, বাড়িভিত্তিক চিকিৎসা এবং কমিউনিটি স্বাস্থ্যসেবায়ও নার্সের প্রয়োজন বাড়ছে।
অন্যদিকে, স্বাস্থ্যসেবা খাতে নার্সদের কাজের চাপ অনেক বেশি। হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড, জরুরি বিভাগ, মেডিকেল ও সার্জিক্যাল ইউনিট, নিবিড় পরিচর্যা কেন্দ্র, বয়স্ক রোগীদের সেবা এবং দীর্ঘমেয়াদি পরিচর্যা—প্রতিটি ক্ষেত্রেই প্রশিক্ষিত নার্স অপরিহার্য।
আয়ারল্যান্ড নিজস্ব নার্স তৈরির ব্যবস্থাও সম্প্রসারণ করেছে। দেশটির বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে নার্সিং বিষয়ে স্নাতক পর্যায়ের শিক্ষা দেওয়া হয়। University College Dublin, Trinity College Dublin, University College Cork, University of Galway, University of Limerick এবং Dublin City University-সহ বিভিন্ন প্রতিষ্ঠানে নার্সিং পড়ার সুযোগ রয়েছে।
সাধারণত নার্সিংয়ে স্নাতক ডিগ্রি চার বছরের। প্রতিবছর নতুন শিক্ষার্থী ভর্তি হচ্ছে এবং প্রশিক্ষিত নার্সও তৈরি হচ্ছে। কিন্তু স্বাস্থ্যসেবার ক্রমবর্ধমান চাহিদার তুলনায় শুধু দেশীয় শিক্ষাব্যবস্থা থেকে পর্যাপ্ত নার্স পাওয়া যাচ্ছে না। পাশাপাশি অবসর গ্রহণ, পেশা পরিবর্তন এবং কর্মক্ষেত্রের চাপের কারণে কিছু নার্স কর্মবাজার থেকে বেরিয়ে যাচ্ছেন। তাই বিদেশে প্রশিক্ষিত নার্স নিয়োগ আয়ারল্যান্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থার একটি গুরুত্বপূর্ণ অংশ হয়ে উঠেছে।
বাংলাদেশি নার্সদের জন্য সুযোগ কোথায়?
বাংলাদেশে নার্সিং শিক্ষার বিস্তার ঘটেছে। সরকারি ও বেসরকারি পর্যায়ে নার্সিং কলেজ ও ইনস্টিটিউট রয়েছে। চার বছর মেয়াদি Bachelor of Science in Nursing (BSc Nursing) কোর্সের মাধ্যমে শিক্ষার্থীরা পেশাগত শিক্ষা গ্রহণ করেন। এর সঙ্গে ছয় মাসের ইন্টার্নশিপ এবং বাংলাদেশ নার্সিং ও মিডওয়াইফারি কাউন্সিলের (BNMC) নির্ধারিত নিবন্ধনপ্রক্রিয়া সম্পন্ন করতে হয়।
তবে বাংলাদেশের কোনো নার্সের চার বছরের বিএসসি ডিগ্রি থাকলেই তিনি স্বয়ংক্রিয়ভাবে আয়ারল্যান্ডে কাজ করার যোগ্যতা অর্জন করবেন, বিষয়টি এমন নয়। আয়ারল্যান্ডে নার্স হিসেবে কাজ করতে হলে প্রথমে দেশটির নিয়ন্ত্রক সংস্থা Nursing and Midwifery Board of Ireland (NMBI)-এর মাধ্যমে নিজের শিক্ষাগত যোগ্যতা ও পেশাগত অভিজ্ঞতার মূল্যায়ন করাতে হয়।
এ ক্ষেত্রে শিক্ষাক্রম, তাত্ত্বিক পড়াশোনা, ক্লিনিক্যাল প্রশিক্ষণের সময় ও ধরন, পেশাগত নিবন্ধন এবং কাজের অভিজ্ঞতা গুরুত্বপূর্ণ। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা আয়ারল্যান্ডের নির্ধারিত মানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, সেটি NMBI পৃথকভাবে পর্যালোচনা করে।
অর্থাৎ শুধু ডিগ্রির নাম বা মেয়াদ নয়, নার্সিং শিক্ষার সামগ্রিক মান এবং বাস্তব প্রশিক্ষণের বিষয়টিও গুরুত্বপূর্ণ।
আয়ারল্যান্ডে নার্স হিসেবে নিবন্ধনের প্রক্রিয়া
আয়ারল্যান্ডে নার্স হিসেবে কাজ করার জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ ধাপ হলো NMBI-এর নিবন্ধন।
বর্তমানে আবেদনপ্রক্রিয়াটি মূলত দুটি পর্যায়ে সম্পন্ন হয়।
প্রথম পর্যায়ে আবেদনকারীকে NMBI-এর কাছে নিজের নার্সিং যোগ্যতার স্বীকৃতির জন্য আবেদন করতে হয়। এ সময় শিক্ষাগত সনদ, ট্রান্সক্রিপ্ট, নার্সিং কোর্সের বিস্তারিত বিবরণ, ক্লিনিক্যাল প্রশিক্ষণের তথ্য, পেশাগত নিবন্ধন এবং প্রয়োজনীয় অন্যান্য কাগজপত্র জমা দিতে হয়। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কাছ থেকে সরাসরি কিছু নথি পাঠানোর প্রয়োজনও হতে পারে।
NMBI প্রথমে আবেদন ও কাগজপত্রের পূর্ণতা যাচাই করে। এরপর আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা ও প্রশিক্ষণ মূল্যায়ন করা হয়। এই মূল্যায়নের ভিত্তিতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত জানায়।
কারও যোগ্যতা সরাসরি গ্রহণযোগ্য হতে পারে। আবার কারও ক্ষেত্রে অতিরিক্ত নথি চাওয়া হতে পারে। কোনো কোনো আবেদনকারীর ক্ষেত্রে ঘাটতি পূরণের জন্য নির্দিষ্ট প্রশিক্ষণ বা পরীক্ষা প্রয়োজন হতে পারে।
দ্বিতীয় পর্যায়ে আসে পেশাগত নিবন্ধনের আবেদন। এ পর্যায়ে ইংরেজি ভাষায় দক্ষতার প্রমাণসহ অন্যান্য প্রয়োজনীয় শর্ত পূরণ করতে হয়। NMBI-এর চূড়ান্ত সিদ্ধান্ত এবং নির্ধারিত শর্ত পূরণ না হওয়া পর্যন্ত কেউ আয়ারল্যান্ডে নিবন্ধিত নার্স হিসেবে কাজ শুরু করতে পারবেন না।
IELTS না OET—কোন পরীক্ষাটি প্রয়োজন?
আয়ারল্যান্ডে নার্স হিসেবে নিবন্ধনের জন্য ইংরেজি ভাষায় দক্ষতা প্রমাণ করা বাধ্যতামূলক। এ ক্ষেত্রে NMBI IELTS Academic অথবা Occupational English Test (OET) গ্রহণ করে।
IELTS Academic-এর ক্ষেত্রে প্রয়োজনীয় স্কোর হলো:
সামগ্রিক স্কোর কমপক্ষে ৭.০। চারটি অংশের মধ্যে তিনটিতে অন্তত ৭.০ এবং একটি অংশে অন্তত ৬.৫ থাকতে হবে।
OET-এর ক্ষেত্রে প্রয়োজন:
চারটি অংশের মধ্যে তিনটিতে কমপক্ষে B গ্রেড এবং একটি অংশে C+ গ্রেড।
OET-এর B গ্রেডের নম্বরসীমা ৩৫০ থেকে ৪৫০ এবং C+ গ্রেডের নম্বরসীমা ৩০০ থেকে ৩৪০।
পরীক্ষার ফলাফল নিবন্ধনের আবেদন করার সময় সাধারণত দুই বছরের বেশি পুরোনো হওয়া চলবে না। একাধিক পরীক্ষার ফলাফল মিলিয়ে প্রয়োজনীয় স্কোর তৈরি করার সুযোগ নেই। IELTS One Skill Retake এবং অনলাইন IELTS বা বাড়িতে দেওয়া OET পরীক্ষাও NMBI-এর নির্ধারিত শর্ত পূরণ করে না।
IELTS এবং OET—দুটিই গ্রহণযোগ্য। তবে OET স্বাস্থ্যসেবা পেশাজীবীদের জন্য বিশেষভাবে তৈরি হওয়ায় এর ভাষা, পরিস্থিতি ও প্রশ্নের ধরন নার্সদের পেশাগত কাজের সঙ্গে বেশি সম্পর্কিত। রোগীর সঙ্গে যোগাযোগ, চিকিৎসা-সংক্রান্ত নথি বোঝা এবং স্বাস্থ্যসেবার পরিবেশে ইংরেজি ব্যবহারের ওপর এখানে গুরুত্ব দেওয়া হয়। তাই নার্সদের জন্য OET একটি বিবেচনাযোগ্য বিকল্প হতে পারে।
RCSI পরীক্ষা: বিদেশি নার্সদের জন্য গুরুত্বপূর্ণ ধাপ
NMBI আবেদনকারীর যোগ্যতা মূল্যায়নের পর যদি সিদ্ধান্ত দেয় যে তার আরও কিছু পেশাগত দক্ষতা যাচাই করা প্রয়োজন, তাহলে নির্দিষ্ট ক্ষেত্রে Overseas Nursing Aptitude Test দিতে হতে পারে।
এই পরীক্ষার দায়িত্বে রয়েছে Royal College of Surgeons in Ireland (RCSI)। তবে মনে রাখতে হবে, প্রত্যেক বিদেশি নার্সকে এই পরীক্ষা দিতে হয় না। NMBI-এর মূল্যায়ন ও সিদ্ধান্তের ওপর নির্ভর করে কারও ক্ষেত্রে সরাসরি নিবন্ধনের সুযোগ তৈরি হতে পারে, কারও ক্ষেত্রে অতিরিক্ত প্রশিক্ষণ বা অভিযোজনমূলক কর্মসূচি প্রয়োজন হতে পারে, আবার কারও ক্ষেত্রে RCSI-এর পরীক্ষা বাধ্যতামূলক হতে পারে।
পরীক্ষাটির দুটি অংশ রয়েছে।
প্রথম অংশ হলো তাত্ত্বিক পরীক্ষা বা Multiple Choice Questions (MCQ)। এতে ১৫০টি প্রশ্নের উত্তর দিতে হয় এবং সময় থাকে তিন ঘণ্টা। পরীক্ষায় পাস করার জন্য কমপক্ষে ৫০ শতাংশ নম্বর প্রয়োজন।
দ্বিতীয় অংশ হলো Objective Structured Clinical Examination (OSCE)। এটি মূলত ব্যবহারিক দক্ষতা যাচাইয়ের পরীক্ষা। এখানে বিভিন্ন ক্লিনিক্যাল পরিস্থিতি তৈরি করে প্রার্থীর রোগী পরিচর্যা, নিরাপত্তা, যোগাযোগ, পেশাগত আচরণ এবং নার্সিং দক্ষতা মূল্যায়ন করা হয়। পরীক্ষায় মোট ১৪টি স্টেশন বা পরিস্থিতি থাকে।
এই পরীক্ষার মাধ্যমে শুধু বইয়ের জ্ঞান নয়, বাস্তবে একজন নার্স রোগীর সঙ্গে কীভাবে কাজ করেন, কীভাবে নিরাপদে চিকিৎসাসেবা দেন এবং পেশাগত দায়িত্ব পালন করেন, তা যাচাই করা হয়।
RCSI-এর নিয়ম অনুযায়ী, প্রতিটি অংশে সর্বোচ্চ দুটি সুযোগ থাকে—প্রথম পরীক্ষা এবং একটি পুনরায় পরীক্ষার সুযোগ। তাই প্রস্তুতি ছাড়া পরীক্ষায় অংশ নেওয়া ঝুঁকিপূর্ণ।
পরীক্ষা কোথায় হয় এবং কত খরচ?
RCSI-এর Overseas Nursing Aptitude Test আয়ারল্যান্ডে অনুষ্ঠিত হয়। এটি বাংলাদেশ, ভারত বা অন্য কোনো দেশের স্থানীয় পরীক্ষাকেন্দ্রে দেওয়া যায় না। তাই পরীক্ষার জন্য প্রার্থীদের আয়ারল্যান্ডে আসার প্রয়োজন হতে পারে। এ ক্ষেত্রে বৈধভাবে আয়ারল্যান্ডে প্রবেশ ও অবস্থানের অনুমতি থাকা জরুরি।
পরীক্ষার তারিখ ও আসনসংখ্যা নির্দিষ্ট সময় অনুযায়ী প্রকাশ করা হয়। পরীক্ষার সময়সূচি পরিবর্তিত হতে পারে। RCSI-এর প্রকাশিত তথ্য অনুযায়ী, পরবর্তী পরীক্ষার একটি নির্ধারিত তারিখ ১৩ মার্চ ২০২৭। তবে আবেদন করার আগে সর্বশেষ সময়সূচি ও আসনপ্রাপ্যতা সরাসরি RCSI-এর ওয়েবসাইট থেকে যাচাই করা প্রয়োজন।
RCSI পরীক্ষার সাধারণ ফি ২ হাজার ৮০০ ইউরো। নির্দিষ্ট শর্তে কোনো সম্ভাব্য নিয়োগকর্তা সরাসরি ফি পরিশোধ করলে তা ২ হাজার ৫০০ ইউরো হতে পারে।
এ ছাড়া NMBI-এর আবেদন, নিবন্ধন, কাগজপত্র প্রস্তুত, ইংরেজি পরীক্ষা, যাতায়াত, থাকা-খাওয়া এবং ভিসাসহ অন্যান্য খরচ রয়েছে। তাই পুরো প্রক্রিয়ায় আর্থিক প্রস্তুতি নেওয়া জরুরি।
আবেদনকারীর কাগজপত্র, NMBI-এর মূল্যায়ন, প্রয়োজনীয় পরীক্ষা এবং পরীক্ষার আসন পাওয়ার সময়ের ওপর পুরো প্রক্রিয়ার মেয়াদ নির্ভর করে। সবার জন্য একই সময় লাগে না। তাই নির্দিষ্ট কয়েক মাসের মধ্যে নিবন্ধন নিশ্চিত হবে—এমন প্রতিশ্রুতি বিশ্বাস করা উচিত নয়।
ভারতে, বিশেষ করে কেরালায় প্রস্তুতির ব্যবস্থা
আয়ারল্যান্ডে নার্সিংয়ের সুযোগকে কেন্দ্র করে ভারতে, বিশেষ করে কেরালায়, বেশ কিছু বেসরকারি প্রশিক্ষণ প্রতিষ্ঠান গড়ে উঠেছে। এসব প্রতিষ্ঠান বিদেশে প্রশিক্ষিত নার্সদের NMBI-এর প্রক্রিয়া বুঝতে, RCSI পরীক্ষার প্রস্তুতি নিতে এবং ক্লিনিক্যাল দক্ষতা অনুশীলন করতে সহায়তা করে।
উদাহরণ হিসেবে কেরালার কোচি শহরে Servisource-এর International Healthcare Recruitment (IHR) কার্যক্রমের সঙ্গে যুক্ত প্রশিক্ষণ উদ্যোগের কথা বলা যায়। প্রতিষ্ঠানটির নিজস্ব তথ্য অনুযায়ী, তারা RCSI পরীক্ষার প্রস্তুতির জন্য অনলাইন তাত্ত্বিক ও ব্যবহারিক প্রশিক্ষণ দিয়ে থাকে।
কেরালার চাঙ্গানাচেরিতে রয়েছে Celtic Academy for Nurses। প্রতিষ্ঠানটি আয়ারল্যান্ডের নার্সিং অ্যাপটিটিউড পরীক্ষার প্রস্তুতি এবং ব্যবহারিক প্রশিক্ষণ দেওয়ার কথা উল্লেখ করেছে।
এ ছাড়া Xfini Academy-ও কেরালা ও আয়ারল্যান্ডকেন্দ্রিক নার্সিং পরীক্ষার প্রস্তুতি এবং সংশ্লিষ্ট সহায়তা দেওয়ার কথা জানায়।
তবে একটি বিষয় বিশেষভাবে মনে রাখা দরকার: এসব প্রতিষ্ঠান বেসরকারি প্রশিক্ষণকেন্দ্র। RCSI বা NMBI এগুলোকে আনুষ্ঠানিকভাবে অনুমোদন দিয়েছে—এমন ধারণা করা ঠিক হবে না। RCSI নিজেই জানিয়েছে, তারা কোনো বেসরকারি প্রস্তুতিমূলক কোর্সকে অনুমোদন বা স্বীকৃতি দেয় না। তাই প্রশিক্ষণকেন্দ্র বাছাইয়ের আগে তাদের প্রশিক্ষণের মান, অভিজ্ঞতা, খরচ এবং বাস্তব সাফল্যের তথ্য যাচাই করা জরুরি।
বাংলাদেশ কীভাবে এই সুযোগ কাজে লাগাতে পারে?
বাংলাদেশের জন্য সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এই সম্ভাবনাকে বিচ্ছিন্নভাবে কয়েকজন নার্সের বিদেশে যাওয়ার সুযোগ হিসেবে না দেখে একটি পরিকল্পিত কর্মসংস্থান খাত হিসেবে বিবেচনা করা।
ভারতের কেরালার অভিজ্ঞতা থেকে বাংলাদেশ অনেক কিছু শিখতে পারে। সেখানে নার্সিং শিক্ষার পাশাপাশি বিদেশে কাজ করতে আগ্রহীদের জন্য ভাষা শিক্ষা, পেশাগত পরীক্ষা এবং ব্যবহারিক দক্ষতা উন্নয়নের ব্যবস্থা তৈরি হয়েছে। ফলে একজন নার্স শুধু ডিগ্রি অর্জন করেই থেমে থাকছেন না; আন্তর্জাতিক শ্রমবাজারে প্রবেশের জন্য প্রয়োজনীয় প্রস্তুতিও নিতে পারছেন।
বাংলাদেশেও সরকারি-বেসরকারি অংশীদারত্বে এ ধরনের উদ্যোগ নেওয়া যেতে পারে। নার্সিং কলেজ, বিশ্ববিদ্যালয়, প্রশিক্ষণ প্রতিষ্ঠান, জনশক্তি রপ্তানিকারক সংস্থা এবং সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষ একসঙ্গে কাজ করতে পারে।
প্রথমেই আয়ারল্যান্ডের NMBI-এর শিক্ষাগত ও পেশাগত মানদণ্ড সম্পর্কে পরিষ্কার ধারণা তৈরি করতে হবে। বাংলাদেশের নার্সিং শিক্ষাক্রম, ক্লিনিক্যাল প্রশিক্ষণ এবং পেশাগত নিবন্ধনব্যবস্থা আন্তর্জাতিক মানের সঙ্গে কতটা সামঞ্জস্যপূর্ণ, তা পর্যালোচনা করা প্রয়োজন।
এরপর নির্বাচিত নার্সদের জন্য IELTS ও OET প্রস্তুতির ব্যবস্থা করা যেতে পারে। একই সঙ্গে আয়ারল্যান্ডের স্বাস্থ্যসেবা ব্যবস্থায় ব্যবহৃত পেশাগত ইংরেজি, রোগীর সঙ্গে যোগাযোগ, নার্সিং নথিপত্র, সংক্রমণ নিয়ন্ত্রণ, ওষুধ প্রয়োগ, রোগীর নিরাপত্তা এবং ক্লিনিক্যাল সিদ্ধান্ত গ্রহণের বিষয়ে বিশেষ প্রশিক্ষণ দেওয়া যেতে পারে।
যাদের NMBI মূল্যায়নের পর RCSI পরীক্ষার প্রয়োজন হবে, তাদের জন্য MCQ ও OSCE-ভিত্তিক প্রস্তুতির ব্যবস্থা করা যেতে পারে। এ ক্ষেত্রে আয়ারল্যান্ডে কর্মরত অভিজ্ঞ বাংলাদেশি নার্স ও স্বাস্থ্য পেশাজীবীদের যুক্ত করা সম্ভব। তারা প্রশিক্ষণ, পরামর্শ এবং বাস্তব অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারেন।
এ ধরনের প্রশিক্ষণকেন্দ্র শুধু পরীক্ষার প্রস্তুতি দিলেই হবে না। আবেদনকারীর শিক্ষাগত যোগ্যতা যাচাই, প্রয়োজনীয় কাগজপত্র প্রস্তুত, NMBI আবেদনপ্রক্রিয়া বোঝানো এবং নির্ভরযোগ্য নিয়োগকর্তার সঙ্গে যোগাযোগ তৈরিতেও সহায়তা করতে হবে।
সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো, বিদেশে চাকরি দেওয়ার নামে প্রতারণা বন্ধ করা। কোনো প্রতিষ্ঠান যেন নিশ্চিত চাকরি, নিশ্চিত নিবন্ধন বা পরীক্ষায় পাসের অবাস্তব প্রতিশ্রুতি দিয়ে নার্সদের কাছ থেকে অতিরিক্ত অর্থ আদায় করতে না পারে। প্রশিক্ষণ ও নিয়োগের প্রতিটি ধাপে স্বচ্ছতা এবং জবাবদিহি নিশ্চিত করতে হবে।
শুধু আয়ারল্যান্ড নয়, সামনে আরও বড় বাজার
যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, কানাডা, যুক্তরাষ্ট্র, জার্মানি এবং মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও প্রশিক্ষিত নার্সের চাহিদা রয়েছে। তবে প্রতিটি দেশের নিবন্ধন, ভাষা, পরীক্ষা ও নিয়োগের নিয়ম আলাদা। আয়ারল্যান্ডকে কেন্দ্র করে একটি দক্ষ প্রশিক্ষণব্যবস্থা গড়ে তুলতে পারলে ভবিষ্যতে সেই অভিজ্ঞতা কাজে লাগিয়ে অন্যান্য দেশের শ্রমবাজারেও বাংলাদেশের নার্সদের প্রবেশের পথ তৈরি করা সম্ভব।
সম্ভাবনাকে বাস্তবে রূপ দেওয়ার সময় এখনই
বাংলাদেশে নার্সিং শিক্ষা ও প্রশিক্ষণের যে অবকাঠামো রয়েছে, তা সঠিকভাবে কাজে লাগানো গেলে আন্তর্জাতিক কর্মসংস্থানের ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হতে পারে। তবে এর জন্য শুধু বিদেশে লোক পাঠানোর চিন্তা যথেষ্ট নয়। প্রয়োজন দক্ষতা, ভাষা, পেশাগত মান এবং আন্তর্জাতিক নিবন্ধনপ্রক্রিয়া সম্পর্কে সুস্পষ্ট ধারণা।
একই সঙ্গে দেশের নিজস্ব স্বাস্থ্যসেবা ব্যবস্থার প্রয়োজনও বিবেচনায় রাখতে হবে। দক্ষ নার্সদের বিদেশে যাওয়ার সুযোগ তৈরি করার পাশাপাশি বাংলাদেশে নার্সদের কর্মপরিবেশ, বেতন, মর্যাদা ও পেশাগত উন্নয়নের সুযোগ বাড়ানো জরুরি। দেশের স্বাস্থ্যসেবায় প্রয়োজনীয় নার্সের ঘাটতি তৈরি করে বিদেশে কর্মী পাঠানো দীর্ঘমেয়াদে কোনো সমাধান হতে পারে না। বরং পর্যাপ্ত নার্স তৈরি, মানসম্মত কর্মসংস্থান এবং আন্তর্জাতিক সুযোগ—এই তিনটির মধ্যে ভারসাম্য রাখতে হবে।
আয়ারল্যান্ডের অভিজ্ঞতা আমাদের দেখাচ্ছে, একটি দেশের স্বাস্থ্যসেবা ব্যবস্থা আন্তর্জাতিকভাবে প্রশিক্ষিত নার্সদের ওপর কতটা নির্ভরশীল হয়ে উঠতে পারে। বাংলাদেশ চাইলে এই বাস্তবতাকে একটি নতুন কর্মসংস্থান ও দক্ষ জনশক্তি উন্নয়নের সুযোগে পরিণত করতে পারে।
প্রশ্ন হলো, আমাদের কি সেই পরিকল্পনা, উদ্যোগ ও দূরদর্শিতা আছে? বাংলাদেশের নার্সদের আন্তর্জাতিক মানের প্রশিক্ষণ দিয়ে বিশ্ববাজারে প্রতিষ্ঠিত করার জন্য আমরা কি এখনই একটি কার্যকর ব্যবস্থা গড়ে তুলতে পারব?
সঠিক পরিকল্পনা ও সমন্বিত উদ্যোগ থাকলে আয়ারল্যান্ডের মতো দেশে বাংলাদেশের নার্সদের জন্যও নতুন দরজা খুলতে পারে। সেই সুযোগ কাজে লাগানোর প্রস্তুতি শুরু হওয়া উচিত এখনই।
ডা. মুসাব্বির হোসাইন রুবেল: পরামর্শক চিকিৎসক, বয়স্কদের চিকিৎসা, স্ট্রোক ও জরুরি চিকিৎসা, আয়ারল্যান্ডের সরকারি স্বাস্থ্যসেবা বিভাগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
বিশ্বের শীর্ষ চিপ নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়ার সিইও জেনসেন হুয়াংয়ের স্বল্প বিরতির পর পুনরায় দায়িত্বে ফেরা ইসরাইলের প্রযুক্তি খাত ও অর্থনীতিতে একটি বড় স্বস্তি নিয়ে এসেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং ইসরাইলের প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুও তার প্রত্যাবর্তনকে স্বাগত জানিয়েছেন। মূলত, যুক্তরাষ্ট্রের বাইরে এনভিডিয়ার সবচেয়ে বড় গবেষণা ও উন্নয়ন কার্যক্রম ইসরাইলে পরিচালিত হয়।
প্রায় ৪ ট্রিলিয়ন ডলার বাজারমূল্যের এনভিডিয়া বৈশ্বিক জিপিইউ বাজারের ৯০ শতাংশ নিয়ন্ত্রণ করে। গত তিন বছরে ইসরাইলে প্রতিষ্ঠানটির কর্মীসংখ্যা দ্বিগুণ হয়ে প্রায় ছয় হাজারে পৌঁছেছে। দেশটির তেল আবিব ও জেরুজালেমসহ বিভিন্ন শহরে তাদের সাতটি গবেষণা কেন্দ্র রয়েছে এবং হাইফার কাছে আরও একটি বিশাল ক্যাম্পাস নির্মাণের পরিকল্পনা রয়েছে।
ইসরাইল ব্যাংকের হিসাব অনুযায়ী, ২০২৬ সালে দেশটির জিডিপি প্রবৃদ্ধিতে এনভিডিয়ার অবদান ২ দশমিক ২ শতাংশীয় পয়েন্ট এবং মোট সরকারি কর আয়ের প্রায় ৩ শতাংশ এই প্রতিষ্ঠান থেকে আসবে। পাশাপাশি, ২০২০ সালে ইসরাইলি প্রতিষ্ঠান ‘মেলানক্স’ অধিগ্রহণের মাধ্যমে এনভিডিয়ার নেটওয়ার্কিং ব্যবসায় বিপুল আয় হচ্ছে।
তবে গাজা যুদ্ধে ইসরাইলি সামরিক বাহিনী কর্তৃক এনভিডিয়ার এআই প্রযুক্তি ব্যবহারের অভিযোগ মানবাধিকার ও নৈতিকতার বিতর্ক নতুন করে সামনে এনেছে।
সূত্র: আল-জাজিরা
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চট্টগ্রাম-৭ (রাঙ্গুনিয়া) আসনের সংসদ সদস্য হুম্মাম কাদের চৌধুরী পাকিস্তানের সংসদ ভবনে গিয়ে নিজের দাদার ছবির সামনে দাঁড়িয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন। তার দাদা এ কে এম ফজলুল কাদের চৌধুরী এক সময় পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার হিসেবে দায়িত্ব পালন করেছিলেন।
বুধবার (২৫ নভেম্বর) পাকিস্তানের রাজধানী ইসলামাবাদের সংসদ ভবন পরিদর্শনের সময় তোলা একটি ছবি তিনি নিজের ফেসবুকে শেয়ার করেন। ছবিটি দিয়ে তিনি জানান, বাংলাদেশের একজন সংসদ সদস্য হিসেবে ঐতিহাসিক এই ভবনে দাঁড়িয়ে থাকা তার কাছে পরিবারের তিন প্রজন্মের রাজনীতির কাহিনী মনে করিয়ে দেয়।
ফেসবুকে নিজের অনুভূতি প্রকাশ করে তিনি লেখেন, "ইতিহাসের পাতা যখন নিজের জীবনের সঙ্গে জড়িয়ে যায়, তখন অনুভূতিটা অন্যরকম হয়।" দাদার ছবির নিচে দাঁড়ানোর সেই মুহূর্তটি তার জন্য ছিল অত্যন্ত আবেগময় এবং গর্বের।
হুম্মাম কাদের আরও উল্লেখ করেন, কয়েক প্রজন্ম পর বাংলাদেশের সংসদ সদস্য হিসেবে এই ভবনে এসে তার পরিবারের দীর্ঘ রাজনৈতিক ইতিহাসের কথা মনে পড়ছে। তার মতে, ইতিহাস কেবল অতীতের কথা মনে করায় না, বরং ভবিষ্যতের দায়িত্বের কথাও বুঝিয়ে দেয়। এই ছবি তার কাছে শুধুমাত্র একটি স্মৃতি নয়; বরং প্রজন্ম থেকে প্রজন্মের আত্মার সংযোগ, পারিবারিক রাজনীতির ধারাবাহিকতা এবং মানুষের সেবা করার দায়িত্ববোধের একটি বিশেষ চিহ্ন। ছবির স্থান হিসেবে তিনি পাকিস্তানের ইসলামাবাদের সংসদ ভবনকে উল্লেখ করেন।
এদিকে, বাংলাদেশের জাতীয় সংসদের স্পিকার হাফিজ উদ্দিন আহমদের (বীর বিক্রম) নেতৃত্বে একটি সংসদীয় দল বর্তমানে পাকিস্তান সফরে রয়েছে। এই সফরের অংশ হিসেবে বুধবার তারা পাকিস্তানের সংসদ ভবন পরিদর্শন করেন এবং জাতীয় পরিষদের মূল কক্ষ ঘুরে দেখেন। সে সময় পাকিস্তানের স্পিকার সরদার আয়াজ সাদিক বাংলাদেশি প্রতিনিধিদের কাছে ঐ কক্ষের ঐতিহাসিক গুরুত্ব এবং সেখানে আইন প্রণয়নের প্রক্রিয়া তুলে ধরেন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলায় মোটরসাইকেলের ধাক্কায় নিহত হয়েছেন তহুরুল ইসলাম (৫৬) নামে একজন ইউপি সদস্য।
স্থানীয় সূত্র ও পুলিশ জানায়, বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যা ৬টার দিকে সোনামসজিদ স্থলবন্দর মহাসড়কের ধোপপুকুর নামক স্থানে রাস্তা পারাপারের সময় একটি মোটরসাইকেলের ধাক্কায় ছিটকে পড়ে আহত হন শিবগঞ্জের শ্যামপুর ইউপির ২নং ওয়ার্ড সদস্য তহুরুল। তাকে উদ্ধার করে উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিক্যাল কলেজ হাসপাতালে পাঠানো হলে রাত ৯টার দিকে সেখানে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু ঘটে। ঘটনার পর মোটরসাইকেলটি পালিয়ে যায়।
তহুরুল শ্যামপুর ইউনিয়নের ২নং ওয়ার্ডের কয়লার দিয়াড় গ্রামের মৃত কফিল উদ্দিন বিশ্বাসের ছেলে।
শ্যামপুর ইউপি চেয়ারম্যান রবিউল ইসলাম বলেন, সড়কের একপাশে একটি অটোরিকশা থেকে নেমে বাড়ি যাওয়ার উদ্দেশ্যে সড়ক পার হওয়ার সময় মোটরসাইকেলটি তহুরুলকে ধাক্কা মেরে পালিয়ে যায়।
শিবগঞ্জ থানার পরিদর্শক (তদন্ত) আনিসুর রহমান জানান, পুলিশ মরদেহ উদ্ধার করেছে। এ ঘটনায় পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ