বৃহস্পতিবার, ২৬শে নভেম্বর, ২০২৬ ইং
০১:২১ এম
নাশকতার ছক কষার অভিযোগে পুরান ঢাকার চকবাজার থেকে এক যুবলীগ নেতাকে আটক করার পর পুলিশে সোপর্দ করেছেন ঢাকা মহানগর দক্ষিণ যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন।
বুধবার (২৫ নভেম্বর) সন্ধ্যায় চকবাজার এলাকায় এই ঘটনাটি ঘটে। আটক যুবলীগ নেতাকে পুলিশে দেওয়ার আগে পুরান ঢাকার প্রসিদ্ধ পনির ও ফল দিয়ে আপ্যায়ন করা হয়।
এই ঘটনার একটি ভিডিও নিজের ভেরিফায়েড ফেসবুক পেজে শেয়ার করে নয়ন জানান, ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সহসভাপতি রহমতুল্লাহ নাশকতার পরিকল্পনা করছেন—এমন তথ্য পেয়ে তারা দ্রুত গিয়ে তাকে হাতেনাতে ধরেন। এরপর তাকে ফল খাইয়ে নাশকতার চেষ্টার কারণ জানতে চান এবং যে নেতা চলে গেছেন, তার কথায় আর দেশে অরাজকতা না ছড়াতে বোঝান।
ফেসবুক পোস্টে কড়া হুঁশিয়ারি উচ্চারণ করে তিনি লেখেন, সমালোচক ও সুশীল সমাজের একটি অংশ অপপ্রচার ছড়াচ্ছে যে তিনি নাকি নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের সঙ্গে অসদাচরণ করেন। অথচ আওয়ামী লীগ ও তাদের অনুগত প্রশাসন যখন তার সঙ্গে নিষ্ঠুর আচরণ করেছিল, তখন এরা চুপ ছিল এবং নিষ্ঠুরতার পরিচয় দিয়েছিল; এখন তাদের বিবেক জেগে উঠেছে। তবে নাশকতার কোনো চেষ্টা করা হলে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের নেতাকর্মীদের কাউকেই ছাড় দেওয়া হবে না বলে সাফ জানিয়ে দেন তিনি।
উল্লেখ্য, এর ঠিক আগের দিন মঙ্গলবার (২৪ নভেম্বর) রাতেও পল্টন থেকে লালবাগ ২৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাধারণ সম্পাদক জাভেদ দিদারকে আটক করে সেদ্ধ ডিম ও কফি খাইয়ে পুলিশের হাতে তুলে দিয়েছিলেন নয়ন।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ভারতের মধ্যপ্রদেশের উজ্জয়িনীতে প্রশাসন একটি ৬৩৬ বছরের পুরোনো মসজিদ, ঐতিহাসিক সমাধিসৌধ এবং এক ডজনের বেশি মাজার বুলডোজার দিয়ে গুঁড়িয়ে দিয়েছে। ২০২৮ সালে অনুষ্ঠিত হতে যাওয়া সিমহস্থ মহাকুম্ভের প্রস্তুতির উদ্দেশ্যে এসব স্থাপনা উচ্ছেদ করা হয়েছে। অল ইন্ডিয়া মুসলিম পারসোনাল ল বোর্ড এই ঘটনার নিন্দা করে বলেছে, এটি বেআইনি, অন্যায় এবং সংবিধানের মৌলিক নীতির পরিপন্থী। সংগঠনটি ক্ষতিগ্রস্তদের আইনি ও নৈতিক সহায়তা দেওয়ার ঘোষণা দিয়েছে।
গত মঙ্গলবার নয়াদিল্লি থেকে পাঠানো এক বিবৃতিতে বোর্ডের মুখপাত্র ড. সৈয়দ কাসিম রাসুল ইলিয়াস এ বিষয়ে কথা বলেন। তিনি এই ঘটনাকে রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় স্বেচ্ছাচারিতা ও নিপীড়ন হিসেবে অভিহিত করেন। খবরটি মাকতুব মিডিয়ার মাধ্যমে প্রকাশিত হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, শনিবার ভোর ৫টার দিকে রেলওয়ে প্রশাসনের কর্মকর্তারা বিপুলসংখ্যক আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্য নিয়ে উজ্জয়িনীর মাধব নগর রেলওয়ে স্টেশন এলাকায় উপস্থিত হন। এ সময় আধাসামরিক বাহিনীর সদস্যরাও সেখানে ছিলেন। পরে বুলডোজার দিয়ে ঐতিহাসিক সমাধিসৌধ, মসজিদ এবং মাজারগুলো ভেঙে ফেলা হয়। একই অভিযানে মসজিদ কালান্দারি এবং মুতাওয়াল্লির (ওয়াক্ফ সম্পত্তির তত্ত্বাবধায়ক) বাসভবনও গুঁড়িয়ে দেওয়ার খবর পাওয়া গেছে।
ওয়াক্ফ কমিটির সভাপতি কাজী মাওলানা আরিফ নদভী জানান, জমিটি নিয়ে বিরোধের বিষয়টি বর্তমানে ভোপালের ওয়াক্ফ ট্রাইব্যুনালে বিচারাধীন রয়েছে। অভিযোগ রয়েছে, এক ব্যক্তিকে কাল্পনিক ভাড়াটিয়া হিসেবে দেখিয়ে ভোরে স্থাপনাটি ভেঙে ফেলা হয়েছে। বোর্ডের মতে, ট্রাইব্যুনালে বিচারাধীন থাকা অবস্থায় এ ধরনের জবরদস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা উচিত হয়নি। অভিযানে পুরোনো ঐতিহ্যবাহী স্থাপনাগুলোও ক্ষতিগ্রস্ত হয়েছে।
মসজিদ কমিটির দাবি, ১৩৯০ সালে নির্মিত মসজিদটির বয়স প্রায় ৬৩৬ বছর। মহাকুম্ভ আয়োজন এবং অবকাঠামো সম্প্রসারণের প্রয়োজন হলে বিকল্প ব্যবস্থা নেওয়ার সুযোগ ছিল। তবে ঐতিহাসিক ও ধর্মীয় স্থাপনা ধ্বংস করার অজুহাত গ্রহণযোগ্য নয়।
বোর্ডের মুখপাত্র জানান, কাজী মওলানা আরিফ নদভী ও স্থানীয় দায়িত্বশীলদের আদালতের শরণাপন্ন হওয়ার সিদ্ধান্তকে তারা সমর্থন করছেন। ক্ষতিগ্রস্ত কমিটিকে প্রয়োজনীয় আইনি ও নৈতিক সহায়তা দেওয়া হবে। বিষয়টি হাইকোর্টে চ্যালেঞ্জ করার উদ্যোগেও বোর্ড সমর্থন জানাচ্ছে। বিবৃতিতে বলা হয়েছে, এই অভিযানের মাধ্যমে ভারতের সংবিধানের ১৪, ২৫, ২৬ ও ৩০০-এ অনুচ্ছেদে স্বীকৃত আইনের দৃষ্টিতে সমতা, ধর্মীয় স্বাধীনতা এবং সম্পত্তির অধিকার ও সুরক্ষার নীতি লঙ্ঘিত হয়েছে।
ড. ইলিয়াস অভিযোগ করেছেন, বিজেপিশাসিত কয়েকটি রাজ্যে গত কয়েক বছরে বিভিন্ন অজুহাত ও প্রশাসনিক পদক্ষেপের আড়ালে ঐতিহাসিক মসজিদ, সমাধিসৌধ ও মাজারকে লক্ষ্যবস্তু করা হয়েছে।
এআরবি
তালাশ বিডি/মিডিয়া লিঃ
রংপুর সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষের পদত্যাগের ঘটনাকে কেন্দ্র করে ক্যাম্পাসে ছাত্রদল, ইসলামী ছাত্রশিবির এবং বহিরাগতদের মধ্যে সংঘর্ষের ফলে অন্তত ২৫ জন আহত হয়েছেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১১টার দিকে অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদ শিক্ষার্থীদের বিক্ষোভের চাপে পদত্যাগপত্রে স্বাক্ষর করতে বাধ্য হন। প্রায় ১৪ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর ডিবি পুলিশের প্রহরায় তিনি কক্ষ ত্যাগ করার সময় আন্দোলনকারীরা পুলিশের গাড়িতে হামলা চালায়।
এ সময় পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ ও লাঠিসোটা নিয়ে হামলা চালানো হলে পুরো এলাকা রণক্ষেত্রে পরিণত হয়।
খবর পেয়ে রংপুর মহানগর বিএনপির আহ্বায়ক ও নগর কর্তৃপক্ষের চেয়ারম্যান সামসুজ্জামান ঘটনাস্থলে গিয়ে বিক্ষুব্ধ শিক্ষার্থী ও বহিরাগতদের শান্ত করার চেষ্টা করেন। তবে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যাওয়ায় তার সেই চেষ্টা ব্যর্থ হয়। এ সময় তিনি পুলিশকে ধৈর্য ধরে পরিস্থিতি মোকাবিলার আহ্বান জানান।
ক্যাম্পাস ও পুলিশ সূত্রে জানা যায়, অধ্যক্ষ আবু হামেদ মো. জাকারিয়া শহীদের বিরুদ্ধে দলীয় পক্ষপাতিত্ব, নবীনবরণ অনুষ্ঠানের অনুমতি না দিয়ে বহিরাগতদের মাঠ ব্যবহারের সুযোগ দেওয়া, সামাজিক যোগাযোগমাধ্যমে বেনামে বিতর্কিত মন্তব্য করা, নারী শিক্ষার্থীদের সঙ্গে অশালীন আচরণ এবং সরকারি গাড়ি ব্যক্তিগত কাজে ব্যবহারের অভিযোগ তুলে শিক্ষার্থীরা দুই দিন ধরে আন্দোলন করছিলেন। মঙ্গলবার সকাল থেকে তারা অধ্যক্ষকে তার কক্ষে অবরুদ্ধ করে রাখেন। সন্ধ্যার পর আন্দোলনকারীরা মারমুখী হয়ে ওঠে এবং রাত ১১টার দিকে তাকে পদত্যাগপত্রে সই করতে বাধ্য করে।
সংঘর্ষের ঘটনায় পালটাপালটি অভিযোগ করেছে ছাত্রদল ও ইসলামী ছাত্রশিবির।
মহানগর ছাত্রদলের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শফিউল আলম সবুজ বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের ন্যায্য দাবির প্রতি আমাদের সমর্থন ছিল; কিন্তু শিবির সাধারণ শিক্ষার্থীদের ব্যানারে শিক্ষক-কর্মচারীদের জিম্মি করে তাণ্ডব চালিয়েছে। রাতে ডিবি পুলিশ অধ্যক্ষকে সরিয়ে নেওয়ার সময় শিবিরের কর্মীরা পুলিশের গাড়িতে হামলা চালিয়ে তাকে ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। এ সময় পুলিশ ও শিক্ষার্থীদের সহযোগিতা করতে গেলে আমাদের ও স্থানীয় সাতজন আহত হন।’
অন্যদিকে অভিযোগ অস্বীকার করে মহানগর ইসলামী ছাত্রশিবিরের সেক্রেটারি সাজ্জাদ হোসেন বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের যৌক্তিক আন্দোলনে শিবিরের নীতিগত সমর্থন ছিল; কিন্তু ক্যাম্পাসে যে সংঘর্ষ ও সন্ত্রাসী কর্মকাণ্ড ঘটেছে, তার সঙ্গে ছাত্রদলের সন্ত্রাসী ও বিএনপি-সমর্থিত বহিরাগতরা জড়িত। বহিরাগতরা সাধারণ শিক্ষার্থীদের ওপর হামলা চালালে শিক্ষার্থীরা তা প্রতিহত করে। এতে সাধারণ শিক্ষার্থীদের প্রায় ১৫ জন আহত হয়েছেন। শিবিরের কোনো নেতাকর্মী এর সঙ্গে জড়িত নন।’
মহানগর বিএনপির আহ্বায়ক সামসুজ্জামান বলেন, ‘সাধারণ শিক্ষার্থীদের আড়ালে দিনভর শিক্ষক ও কর্মচারীদের জিম্মি করে রাখা হয়। রাতে ক্যাম্পাসে কিছু অচেনা মুখ সশস্ত্র অবস্থান নিলে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পুলিশ অধ্যক্ষকে নিরাপদে সরিয়ে আনতে গেলে তাদের বাধা দেওয়া হয় এবং গাড়িতে হামলা চালিয়ে ভাঙচুর করা হয়। ক্যাম্পাসে আর কোনো ধরনের বিশৃঙ্খলা না ঘটানোর জন্য সবার প্রতি আহ্বান জানাচ্ছি।’
তালাশ বিডি/মিডিয়া লিঃ
যুক্তরাষ্ট্র ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমান ‘এফ/এ-এক্সএক্স’ সম্পূর্ণ প্রস্তুত হওয়ার জন্য অপেক্ষা না করে নির্ধারিত সময়ের আগেই চালকবিহীন ভয়ংকর যুদ্ধবিমান বা ড্রোন সামনে আনছে। মার্কিন নৌবাহিনীর বর্তমান চতুর্থ ও পঞ্চম প্রজন্মের যুদ্ধবিমানগুলোর সাথে এই অত্যাধুনিক ‘কোলাবোরেটিভ কমব্যাট এয়ারক্রাফট’ (সিসিএ) যুক্ত করার পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। মার্কিন সিনেটের একটি শুনানিতে নৌবাহিনীর ভারপ্রাপ্ত আন্ডার সেক্রেটারি উইলিয়াম টোটি এই পরিকল্পনার বিষয়টি প্রকাশ করেন।
এই চালকবিহীন যুদ্ধবিমানগুলো তুলনামূলকভাবে কম খরচে নির্মিত হবে এবং বিমানবাহী রণতরীর আক্রমণক্ষমতা ও পরিধি বহুগুণ বাড়িয়ে দেবে। এগুলো পাইলটচালিত বিমানের পাশাপাশি অত্যন্ত ঝুঁকিপূর্ণ লড়াইয়ে অংশগ্রহণ করবে। ২০২৫ সালে অ্যান্ডুরিল, বোয়িং, জেনারেল অ্যাটমিকস ও নর্থরপ গ্রুম্যানকে এই ড্রোনের নকশা তৈরিতে যুক্ত করা হয়েছিল। রণতরীর জন্য পূর্বে পরিকল্পিত ‘এমকিউ-২৫ স্টিংরে’ ড্রোনটি মূলত আকাশে জ্বালানি সরবরাহের জন্য তৈরি করা হয়েছিল, কিন্তু নতুন সিসিএ ড্রোনগুলো সরাসরি সম্মুখযুদ্ধে অংশ নেবে।
এছাড়া, মার্কিন নৌবাহিনী, বিমানবাহিনী ও মেরিন কর্পস একটি সমন্বিত নিয়ন্ত্রণ কাঠামো তৈরি করছে, যার মাধ্যমে এক বাহিনীর পাইলটরা প্রয়োজনে অন্য বাহিনীর ড্রোন পরিচালনা করতে সক্ষম হবেন।
২০২৪ সালের ডিসেম্বরে চীন যুক্তরাষ্ট্রের আগে তাদের ষষ্ঠ প্রজন্মের যুদ্ধবিমানের পরীক্ষামূলক উড্ডয়ন শুরু করলে ওয়াশিংটনে নতুন করে তোড়জোড় শুরু হয়। যুক্তরাষ্ট্রের ‘এফ/এ-এক্সএক্স’ বা বিমানবাহিনীর ‘এফ-৪৭’ এখনো পরীক্ষামূলক উড্ডয়নের পর্যায়ে পৌঁছাতে পারেনি, ফলে আকাশপথে নিজেদের আধিপত্য বজায় রাখতে দ্রুত এই চালকবিহীন যুদ্ধবিমান মোতায়েনের পথে হাঁটছে যুক্তরাষ্ট্র।
সূত্র: মিলিটারি ওয়াচ ম্যাগাজিন
তালাশ বিডি/মিডিয়া লিঃ
ঢাকা-৬ আসনের সংসদ সদস্য ইশরাক হোসেন মন্তব্য করেছেন যে, আলেম সমাজের ওপর বিগত ১৭ বছরে চালানো নির্যাতন-নিপীড়ন ও হত্যাকাণ্ডের কথা ভুলে যাওয়ার নয়।
তিনি উল্লেখ করেন, শাপলাচত্বরের ঘটনা এখনও মানুষের স্মৃতিতে জীবিত রয়েছে। ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আন্দোলনের সময় আলেম সমাজের ওপর বর্বর নির্যাতন ও গুলি চালানোর ঘটনাও ভুলে যাওয়ার মতো নয়।
বুধবার (২৫ নভেম্বর) রাজধানীর গেন্ডারিয়ার ধুপখোলা মাঠে জামিয়া আরাবিয়া ইমদাদুল উলূম ফরিদাবাদ মাদ্রাসার ২০ সালা দস্তারবন্দী মহাসম্মেলনে তিনি এসব কথা বলেন।
ইশরাক হোসেন বলেন, বিগত ১৭ বছরে বাংলাদেশে আলেম সমাজকে যেভাবে অপমান, অপদস্ত ও হেয়প্রতিপন্ন করা হয়েছে এবং হত্যা করা হয়েছে, তা অত্যন্ত দুঃখজনক। শাপলাচত্বরের ঘটনার কথা এখনও ভুলে যাওয়ার মতো নয়। ২০২২ সালে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির আগমনকে কেন্দ্র করে আন্দোলনে আলেম সমাজের ভূমিকা ছিল উল্লেখযোগ্য, এবং সে সময় তাঁদের ওপর বর্বর অত্যাচার ও গুলি চালানো হয়েছিল।
ধর্মকে রাজনৈতিক স্বার্থে ব্যবহারের সমালোচনা করে তিনি বলেন, ‘বিগত দিনে যারাই ধর্মকে নিয়ে, আপনাদেরকে নিয়ে রাজনীতি করেছে, এটা অত্যন্ত ঘৃণিত ও জঘন্যতম অপরাধ করেছে।’
আলেম-ওলামাদের পাশে থাকার প্রত্যয় ব্যক্ত করে ইশরাক বলেন, ‘আপনারা আমাকে নির্বাচন করে আপনাদের প্রতিনিধি হিসেবে পাঠিয়েছেন। ইনশাআল্লাহ কথা দিচ্ছি, একজন মুসলমানের সন্তান হিসেবে আমার যে দায়িত্ব রয়েছে, সেটা আমি সবসময় আলেম-ওলামা ও আমাদের মুরুব্বিদের পরামর্শ নিয়ে পালন করব।’
তিনি আরও বলেন, বাংলাদেশকে দক্ষিণ-পূর্ব এশিয়ায় একটি শক্তিশালী মুসলিম রাষ্ট্র হিসেবে গড়ে তুলতে হবে। যাতে প্রতিবেশী কোনো আধিপত্যবাদী শক্তি বাংলাদেশের ওপর অত্যাচার-নির্যাতন চালাতে কিংবা দেশকে দাস রাষ্ট্রে পরিণত করতে না পারে।
তালাশ বিডি/মিডিয়া লিঃ