প্রধান কার্যালয়: ৫৮/১- পুরানা পল্টন (২য় তলা), ঢাকা-১০০০।
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক অনুমোদিত। রেজি:- নং-সি-১৯৬৯৯৯/২০২৪
ফোন: ০২২২-৪৪৫৮৫৪৭
ই-মেইল- [email protected]
গাজীপুরের ভোগড়া এলাকায় অবস্থিত একটি পোশাক কারখানার গর্ভবতী নারী শ্রমিকের মৃত্যুর গুজবে বিক্ষোভে অংশ নেন কারখানার শ্রমিক ও স্থানীয়রা। তবে, ওই নারী শ্রমিকের মৃত্যু হয়নি এবং তিনি সম্পূর্ণ সুস্থ আছেন।
গুজব ও বিভ্রান্তি দূর করার জন্য ওই নারী শ্রমিক নিজেই গাছা থানায় উপস্থিত হয়ে কারখানার কর্মকর্তাদের সঙ্গে তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
মঙ্গলবার (২৪ নভেম্বর) রাত ১০টায় গাজীপুর মেট্রোপলিটন পুলিশ (জিএমপির) অপরাধ (দক্ষিণ) বিভাগের উপ-কমিশনার এসএম শফিকুল ইসলামের স্বাক্ষরিত একটি প্রেস বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
থানায় উপস্থিত হয়ে ওই নারী বলেন, ‘আমি দিলরুবা আক্তার মিলি, আমার কার্ড নম্বর ৭৩..। আমি মঙ্গলবার (২৪ নভেম্বর) মধ্যাহ্ন বিরতির পর অফিসে যাওয়ার পথে কিছু বহিরাগত লোকজন আমাকে হামলা করে। হামলা করার পর আমি তাদেরকে বলছি, আমি প্র্যাগন্যান্ট (গর্ভবতী) আমাকে ছেড়ে দেন। তারা আমাকে না ছেড়ে আমার কাছ থেকে অফিসের পরিচয়পত্র নিয়ে যায়। এখন অনেকে গুজব ছড়াচ্ছে আমি মারা গিয়েছি। কিন্তু, আল্লাহর রহমতে আমি মোটামুটি সুস্থ আছি। কেউ গুজবে কান দেবেন না।’
তিনি আরও বলেন, ‘ছোট ছোট পোলাপান আমার ওপরে হামলা করছে। তারা আমার গায়ে আঘাত করছে। আমার হাতে ধরে টান দিয়েছে। আমার আইডি কার্ড (পরিচয়পত্র) ছিনিয়ে নিয়েছে। আমি তাদেরকে বারবার বলেছি, আমি প্র্যাগন্যান্ট (গর্ভবতী), তাও তারা আমাকে ছাড়ে নাই।’
যখন ওই নারীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে, তখন ২৫০-২৮০ জন শ্রমিক কারখানার সামনে বিক্ষোভ শুরু করেন। পরে, ওই নারী নিজেই গাছা থানায় এসে তার সুস্থতার বিষয়টি নিশ্চিত করেন।
পুলিশের প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, দুপুর ২টার দিকে মধ্যাহ্ন বিরতি শেষে ওই নারী শ্রমিক কারখানায় যাচ্ছিলেন। কারখানার সামনে বহিরাগত কয়েকজন লোক তাকেসহ অন্যান্য শ্রমিকদের কারখানায় প্রবেশ করতে বাধা দেন। তাদের বাধা অমান্য করে কারখানায় প্রবেশ করতে চাইলে বহিরাগত লোকদের সঙ্গে ধাক্কাধাক্কির ঘটনা ঘটে। এ সময় গর্ভবতী ওই নারী শ্রমিক ব্যথা পেয়ে আহত হন। পরে উপস্থিত লোকজন তাকে উদ্ধার করে প্রাথমিক চিকিৎসা দিয়ে বাসায় পাঠিয়ে দেয়। বর্তমানে তিনি সুস্থ এবং নিজ বাসায় অবস্থান করছেন।
পুলিশের বিজ্ঞপ্তিতে আরও উল্লেখ করা হয়, দুপুরের এই ঘটনার পর গুজব ছড়িয়ে পড়ে যে, কারখানার একজন গর্ভবতী নারী শ্রমিক নিহত হয়েছেন। ওই গুজবের খবরে সন্ধ্যা ৬টার দিকে কারখানার সামনে প্রায় তিনশ লোক জড়ো হয়ে বিক্ষোভ করতে থাকে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও কারখানা কর্তৃপক্ষ গুজবের সত্যতা নিশ্চিত করার উদ্যোগ নেয়। গুজবের খবর পেয়ে নারী শ্রমিক দিলরুবা আক্তার মিলি নিজেই কারখানা কর্তৃপক্ষকে সঙ্গে নিয়ে গাছা থানায় উপস্থিত হয়ে পুলিশের কাছে তিনি সুস্থ আছেন বলে নিশ্চিত করেন এবং দুপুরের ঘটনার বর্ণনা দেন।
গাছা থানার ওসি গোলাম রব্বানী জানান, এ ঘটনায় একটি সাধারণ ডায়েরি (জিডি) করা হয়েছে। সাধারণ শ্রমিকদের কারখানায় প্রবেশে বাধা এবং গুজবের বিষয়টি গুরুত্ব দিয়ে তদন্ত করছে পুলিশ।
নিউজের সত্যতা যাচাইয়ের জন্য স্ক্যান করুন