০৫:১৬ পি.এম
বরিশালে চাঁদার টাকা না পাওয়ার কারণে সড়ক নির্মাণকাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করে ঠিকাদারের মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগে বিএনপির তিন নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ।
রোববার মধ্যরাতে বরিশাল বিমানবন্দর থানার মাধবপাশা এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতদের মধ্যে রয়েছেন—মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা, বিএনপি কর্মী মুবিন মোল্লা ও সাকিব হাওলাদার। তাদের সকলের বাড়ি মাধবপাশা এলাকায় অবস্থিত। সোমবার দুপুরে তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
বরিশাল বিমানবন্দর থানা পুলিশ এবং ভুক্তভোগী সূত্র জানায়, বাইপাস-হাদিবাসকাঠি পর্যন্ত ২৬০০ মিটার সড়কের নির্মাণকাজের দায়িত্বে রয়েছেন রুস্তম হাওলাদার। তিনি সাব-ঠিকাদার হিসেবে কাজ করছেন। সাব-ঠিকাদার রুস্তম হাওলাদারের কাছে ৩ লাখ টাকা চাঁদা দাবি করেন মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা (৪৫) এবং তার সহযোগীরা। শনিবার রাতে চাঁদার টাকা না পেয়ে তারা নির্মাণকাজে বাধা দেন। বিএনপি নেতা হুমকি দেন যে এখানে কাজ করতে হলে ৩ লাখ টাকা দিতে হবে। চাঁদা দিতে অস্বীকৃতি জানালে ঠিকাদারকে মারধর করে তার ডিসকভার মোটরসাইকেল ছিনতাই করা হয়।
আরও পড়ুন: বীর মুক্তিযোদ্ধা নিরঞ্জন চন্দ্র সরকারের মরদেহ রাষ্ট্রীয় মর্যাদায় শেষকৃত্য অনুষ্ঠান অনুষ্ঠিত
এই ঘটনার পর ঠিকাদার মো. রুস্তম হাওলাদার রোববার রাতে বিএনপির নেতা মো. মাহবুব মোল্লা (৪৫), মো. সাকিব হাওলাদার (৩৫), মো. সজীব হাওলাদার (২৫) এবং মো. মুবিন মোল্লাকে (২২) অভিযুক্ত করে বিমানবন্দর থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন। থানায় অভিযোগ পাওয়ার পরপরই পুলিশ অভিযুক্তদের গ্রেপ্তারে অভিযান শুরু করে। পরে গোপন সংবাদের ভিত্তিতে রোববার গভীর রাতে মাধবপাশা এলাকায় অভিযান চালিয়ে প্রধান অভিযুক্ত মাধবপাশা ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক মো. মাহবুব মোল্লা, বিএনপি কর্মী মুবিন মোল্লা এবং সাকিব হাওলাদারকে গ্রেপ্তার করে পুলিশ।
এ বিষয়ে বিমানবন্দর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রফিকুল ইসলাম বলেন, চাঁদার টাকা না পেয়ে মোটরসাইকেল ছিনিয়ে নেওয়ার অভিযোগ পাওয়ার পরপরই অভিযুক্তদের ধরতে অভিযান শুরু করে পুলিশ। তিনজনকে গ্রেপ্তার করে জেলহাজতে পাঠানো হয়েছে। বাকিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে বলেও জানান তিনি।
এমই
আরও পড়ুন: হাতিয়ায় নির্বাচনে প্রার্থী হওয়ায় এনসিপি নেতার বাড়িতে হামলার অভিযোগ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন