০১:০৫ পি.এম
কুমিল্লার সোহাগী জাহান তনু হত্যা মামলায় হাইকোর্টের দেয়া জামিন স্থগিত হওয়ার পর নির্ধারিত সময়ে আত্মসমর্পণ না করায় অবসরপ্রাপ্ত সেনা সদস্য হাফিজুর রহমানকে পুনরায় গ্রেফতার করেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)।
শনিবার (৮ আগস্ট) ঢাকার কেরানীগঞ্জের নিজ বাসা থেকে তাকে গ্রেফতার করা হয়। পিবিআই জানিয়েছে, আসামি যাতে পালিয়ে যেতে না পারেন, সেই উদ্দেশ্যে এবং আপিল বিভাগের চেম্বার আদালতের নির্দেশনা বাস্তবায়নে এই পদক্ষেপ নেয়া হয়েছে। বর্তমানে তাকে কুমিল্লা আদালতে পাঠানোর প্রক্রিয়া চলছে।
এর আগে, গত ২ আগস্ট হাইকোর্ট থেকে জামিন পাওয়ার পর ৪ আগস্ট কুমিল্লা কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান হাফিজুর রহমান। পরে রাষ্ট্রপক্ষ জামিনাদেশ স্থগিত চেয়ে লিভ টু আপিল করে। এর পরিপ্রেক্ষিতে, গত ৬ আগস্ট আপিল বিভাগের চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত হাইকোর্টের দেয়া জামিন ৯ আগস্ট পর্যন্ত স্থগিত করেন। একই সঙ্গে হাফিজুর রহমানকে ২৪ ঘণ্টার মধ্যে আত্মসমর্পণের নির্দেশ দেন এবং আইনশৃঙ্খলা বাহিনীকে তাকে গ্রেফতারের নির্দেশ দেন আদালত।
আরও পড়ুন: জামায়াতকে দেশ ও জাতির প্রত্যাশা পূরণে কাজ করতে হবে: জুবায়ের
তবে নির্ধারিত সময়, অর্থাৎ গতকাল শুক্রবার (৭ আগস্ট) সন্ধ্যা পর্যন্ত হাফিজুর রহমান আত্মসমর্পণ করেননি বলে জানান কুমিল্লা আদালত পুলিশের পরিদর্শক সাদেকুর রহমান এবং কুমিল্লা কেন্দ্রীয় কারাগারের সিনিয়র জেল সুপার শাহ আলম খান।
উল্লেখ্য, ২০১৬ সালের ২০ মার্চ কুমিল্লা সেনানিবাসের ভেতরে টিউশনি করতে গিয়ে নিখোঁজ হন কুমিল্লা ভিক্টোরিয়া সরকারি কলেজের ইতিহাস বিভাগের শিক্ষার্থী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু। ওই রাতেই সেনানিবাসের পাওয়ারহাউস সংলগ্ন ঝোপ থেকে তার ক্ষতবিক্ষত মরদেহ উদ্ধার করা হয়। পরদিন তনুর বাবা ইয়ার হোসেন অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে কোতোয়ালি মডেল থানায় হত্যা মামলা করেন। মামলাটির তদন্তের একপর্যায়ে গত ২১ এপ্রিল রাতেই ঢাকার কেরানীগঞ্জ থেকে প্রথমবার হাফিজুর রহমানকে গ্রেফতার করেছিল পিবিআই।
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন