০৯:৪০ এম
যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের হিউস্টন শহরে অভিবাসন ও শুল্ক প্রয়োগ সংস্থা (আইসিই) এর একজন কর্মকর্তার গাড়ির ধাক্কায় ৪৮ বছর বয়সী এক ব্যক্তি আহত হয়েছেন।
এটি ঘটেছিল শনিবার (১০ অক্টোবর) সকালে। ধারণা করা হচ্ছে, আহত ব্যক্তির পা ভেঙে গেছে। বর্তমানে তিনি হাসপাতালে আইসের হেফাজতে চিকিৎসাধীন রয়েছেন।
হ্যারিস কাউন্টি শেরিফের কার্যালয় জানায়, স্থানীয় সময় সকাল ৭টা ২০ মিনিটে তারা ঘটনাস্থলে খবর পায়। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, আইস কর্মকর্তাদের অভিযান চলাকালে এই দুর্ঘটনা ঘটে।
আরও পড়ুন: রাহুল গান্ধীর আহ্বানে সিজেপির সমর্থন, ইন্ডিয়া জোটের সমাবেশে অংশগ্রহণ
শেরিফের কার্যালয়ের বিশেষ তদন্ত বিভাগের কর্মকর্তা মেজর ম্যাককনেল সংবাদ সম্মেলনে জানান, আইস কর্মকর্তারা দক্ষিণ দিকে যাচ্ছিলেন এক সন্দেহভাজনকে ধরার জন্য। এ সময় ওই ব্যক্তি পূর্বমুখী পথে পশ্চিম দিকে গাড়ি চালাচ্ছিলেন। পরে তিনি গাড়ি থেকে নেমে পালানোর চেষ্টা করেন। গাড়িতে থাকা চালক ও আরেক যাত্রীও পালিয়ে যান। তাদের দুজনকে ধরার চেষ্টা করার সময় এক আইস কর্মকর্তা যাত্রীকে ধাওয়া করেন। সেই মুহূর্তে ওই ব্যক্তি কর্মকর্তার গাড়ির সামনে চলে এলে গাড়ির ধাক্কায় আহত হন।
আইসের দেওয়া বিবৃতিতে বলা হয়েছে, কর্মকর্তারা জোসে মেন্দোজা-সেরভান্তেস নামের এক মেক্সিকান নাগরিককে গ্রেপ্তারের উদ্দেশ্যে অভিযান চালাচ্ছিলেন। সংস্থাটির দাবি, তিনি যুক্তরাষ্ট্রে অনিয়মিতভাবে বসবাস করছিলেন। অভিযানের সময় তাকে ও মিগেল পারা-হার্নান্ডেজ নামের আরেক মেক্সিকান নাগরিককে একটি গাড়িতে উঠতে দেখে কর্মকর্তারা থামানোর চেষ্টা করেন। পরে দুজনই গাড়ি থেকে নেমে পালিয়ে যান।
আইসের দাবি, ধাওয়ার একপর্যায়ে পারা-হার্নান্ডেজ সংস্থাটির একটি গাড়ির সামনে চলে আসেন এবং ধাক্কা খেয়ে আহত হন। তাকে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়েছে। সংস্থাটি মনে করছে, তার আঘাত প্রাণঘাতী নয়।
অন্যদিকে, জোসে মেন্দোজা-সেরভান্তেস পালিয়ে গেছেন এবং এখনও তাকে আটক করা সম্ভব হয়নি বলে জানিয়েছে আইস।
আরও পড়ুন: সোনামসজিদ বন্দরে ভারতীয় ট্রাকচালকদের প্রতিবাদের কারণে পণ্য আমদানি বন্ধ
সংস্থাটির অভিযোগ, মেন্দোজা-সেরভান্তেসের বিরুদ্ধে মদ্যপ অবস্থায় গাড়ি চালানোর চারটি মামলা এবং অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অভিযোগে একটি গ্রেপ্তারের রেকর্ড রয়েছে। তবে এসব অভিযোগে তিনি দোষী সাব্যস্ত হয়েছিলেন কি না, তা নিশ্চিত করেনি আইস। সংস্থাটি আরও জানায়, একজন অভিবাসন বিচারক তাকে যুক্তরাষ্ট্র থেকে বহিষ্কারের চূড়ান্ত আদেশ দিয়েছিলেন এবং এর আগে তাকে দুইবার দেশটি থেকে বহিষ্কার করা হয়েছিল।
সূত্র: সিবিএস নিউজ
তালাশ বিডি/মিডিয়া লিঃ
সর্বশেষ খবর পেতে Google News ফিডটি অনুসরণ করুন